
ভূমিকম্পে পার্বত্য শহর মেক্সিকো সিটি কেঁপে উঠলে আমার বাড়ির কোনায় পাঁচতলাবিশিষ্ট এক দপ্তর ও অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে। সেদিন ওখানে কম্পিউটার প্রোগ্রামার, বিক্রেতাসহ সাচিবিক পদে চাকরি করা অনেকেই চাপা পড়েন। সঙ্গে সঙ্গে জনা কয়েক প্রতিবেশী ধ্বংসস্তূপ সরাতে সরাতে জিজ্ঞাসা করছিলেন, ভেতরে কেউ জীবিত আছে কি না। ঘণ্টাখানেকের মধ্যে এই দলের লোকের সংখ্যা শ খানেক ছাড়িয়ে গেল। তাঁরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কেউ হেঁটে এসেছেন, কেউবা ট্রাকে বা বাইসাইকেলে চেপে এসেছেন।
এই স্বেচ্ছাসেবীরা বেলচা দিয়ে জড়ো হওয়া মানুষের সামনে থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন। প্রথমে অগ্নিনির্বাপক, বেসামরিক প্রতিরক্ষা ও পরবর্তী সময়ে সেনারা এই উদ্ধারকাজে যোগ দেন। কিছুক্ষণ পরপর তাঁরা মানুষকে নীরব থাকতে বলছিলেন, আর ভেতরে জীবিত কারও সন্ধান পেলে তাঁরা মুষ্টি ওঠাচ্ছিলেন। এরপর আরও শখানেক স্বেচ্ছাসেবী সেখানে জড়ো হয়ে উদ্ধারকারী ব্যক্তিদের পানি, খাবার ও নানা সরঞ্জাম সরবরাহ করেন। তাঁরা সারা রাত উদ্ধার কার্যক্রম চালিয়ে যান।
এই সাধারণ নর-নারীর কোদাল নিয়ে ঘর্মাক্ত শরীরে কাজ করা, হুইলব্যারো নিয়ে ছোটাছুটি করা, মাথার ওপর দিয়ে স্ট্রেচার পার করে দেওয়া—এসবই ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের দীর্ঘমেয়াদি চিত্রকল্প হিসেবে থেকে যাবে। এর দুই সপ্তাহ আগে ৮ দশমিক ১ মাত্রার আরও একটি ভূমিকম্প দেশটিতে আঘাত হেনেছিল, যদিও এর উৎপত্তিস্থল ছিল আরও দূরে। এটা যেমন দুঃখজনক, তেমনি সেটা একই সঙ্গে সংহতি ও আশাবাদের গল্প।
৩১ বছর বয়সী সংগীত প্রযোজক সার্জিও ফ্রাগোসো লোকের কাছ থেকে ধার করা মোটরসাইকেলে চেপে সেখানে যান এবং টানা ১৬ ঘণ্টা কাজ করেন। সেদিন তাঁর মনোবল ক্লান্তিকে জয় করে। তিনি বলেন, ‘ভাবছিলাম, আমি ওখানে আটকা পড়লে কেমন লাগত। আমি চাইতাম যে মানুষ সাহায্য করতে আসুক।’
আরও যেসব ভবন ধসে পড়েছিল, সেখানেও একই দৃশ্য দেখা গেছে। হাজার হাজার স্বেচ্ছাসেবী বিপর্যস্ত শহরে কাজে নেমে গিয়েছিলেন। তাঁদের প্রচেষ্টার ফল মিলেছে। কারণ, মেয়রের ভাষ্যমতে, বুধবারের মধ্যে ৫০ জন মানুষকে উদ্ধার করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে কর্মীরা আমার বাড়ির পাশের ওই ধ্বংসস্তূপের শেষ কংক্রিট ব্লক ভাঙতে জ্যাকহ্যামার ব্যবহার করেন। পুরো ধ্বংসস্তূপটি দুই দিনের মধ্যে সরিয়ে ফেলা হয়, যা শারীরিক শ্রমের এক অবিশ্বাস্য কীর্তি।
ধ্বংসযজ্ঞের মাত্রা বিবেচনায় এই প্রচেষ্টা আরও মহান হয়ে উঠেছে। শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ ও টেলিফোন লাইন বিকল হয়ে পড়ে। সড়কগুলো ভাঙা কাচ ও ধ্বংসস্তূপে বন্ধ হয়ে যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল কঠিন। মানুষ প্রিয়জনদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে ব্যগ্র হয়ে উঠেছিল। আমি রাস্তা দিয়ে এক লোককে এক অজ্ঞান মেয়েকে কোলে করে দৌড়াতে দেখেছি। আরেকজনকে দেখলাম, মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে অ্যাম্বুলেন্সের ভেতরে টলে পড়লেন। যাঁদের বাড়িতে ফাটল দেখা গিয়েছিল, তাঁদের অনেকেই বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, পাছে বাড়ি ধসে পড়ে। মানুষের নিজের সমস্যা থাকলেও তাঁরা অপরিচিত ব্যক্তিদের সাহায্য করতে প্রস্তুত ছিলেন।
ঠিক ৩২ বছর আগে মেক্সিকো সিটিতে এ রকম ভূমিকম্প হয়েছিল, যে ঘটনায় হাজারখানেক মানুষ মারা যায়। মানুষের শক্তির উৎস সেখানেই নিহিত, সেবার বেসামরিক বাহিনী গঠিত হয়েছিল। যদিও তাদের সংগঠিত হতে বেশি সময় লেগেছিল এবং তারা সেনাদের সঙ্গে কাজ করেনি। তখন একদলীয় শাসন চলছিল বলে সরকার ধ্বংসের মাত্রা লুকাতে চেয়েছিল। তাদের মনে ভয় ছিল, বেসামরিক মানুষ সাহায্য করতে রাস্তায় নামলে তা রাজনৈতিক প্রতিবাদে রূপ নিতে পারে। ১৯৮৫ সালের সেদিনের স্বেচ্ছাসেবকদের কথা মেক্সিকো সিটি শহরের মানুষের সামষ্টিক স্মৃতিতে আছে। ফলে দুঃস্বপ্নের ঘোর যখন কেটে গেল, তখন নতুন প্রজন্ম সেই স্মৃতিতে বলীয়ান হয়ে কাজে নেমে গেল।
লরেঞ্জো মেয়ার নামের এক লেখক ও অধ্যাপক ১৯৮৫ সালের সেই স্বেচ্ছাসেবকদের দলে ছিলেন। এবার তাঁর সন্তানেরা মাঠে নেমেছিলেন—এতে তিনি গর্বিত। এই দুই অভিজ্ঞতার মধ্যে যে ব্যাপক পার্থক্য রয়েছে, সেটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘ওই সময় ভবনের কাছে যেতে আমাদের প্রায় দুই দিন লেগে গিয়েছে। কী ঘটছে, সেটা জানা তখন খুব কঠিন ব্যাপার ছিল। এবার তো সামাজিক মাধ্যম ও খুদে বার্তা দিয়ে মানুষকে খবরাখবর জানানো হচ্ছে। এবার সামাজিক শক্তি এত প্রবল যে খবর চাপা দেওয়া কঠিন।’
মেয়ার বলেন, ১৯৮৫ সালের সেই ব্রিগেডের রাজনৈতিক প্রভাব ছিল। সরকার মানুষকে সেবা দেয়নি—এই ক্রোধে অগ্নিশর্মা হয়ে স্বেচ্ছাসেবকেরা পরিবর্তন চেয়েছেন। ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রভাব হ্রাসে অনেকেই রাজনৈতিক কর্মীতে পরিণত হন। ফলে রাজধানী তখন বিরোধীদের ঘাঁটিতে পরিণত হয়। ১৯৯৭ সালে পিআরআই রাজনৈতিক নিয়ন্ত্রণ হারায় এবং ২০০০ সালে এসে তাদের প্রেসিডেন্টও ক্ষমতাচ্যুত হন। তবে এর আগে এরা ৭০ বছর শাসন করে।
মানুষের ক্ষমতার এই উচ্চকিত সচেতনতায় প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডর আশায় বুক বাঁধতে পারেন; যিনি বামপন্থী শিবির থেকে জনতুষ্টিবাদী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেক্সিকো সিটির সাবেক মেয়র এই ব্যক্তি ২০১৮ সালের নির্বাচনের মতামত জরিপে এগিয়ে আছেন। তিনি ক্ষমতার মাফিয়া চক্রকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন। তবে মানুষের এই জাগরণের সুবিধাটা স্বাধীন প্রার্থীরাও পেয়ে যেতে পারেন। এই স্বেচ্ছাসেবী ব্রিগেডের তরুণদের কাছে তাঁদের আবেদন সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে একজন টিভি উপস্থাপক, একাডেমিক ও মানবাধিকার রক্ষক নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
মেয়ার বলেছেন, এতে আক্রমণাত্মক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও মেক্সিকোর অবস্থান শক্তিশালী হতে পারে। ধ্বংসস্তূপে স্বেচ্ছাসেবীরা জড়ো হয়ে মুষ্টি উঁচিয়ে একযোগে স্লোগান দিয়েছেন, ‘ভিভা মেক্সিকো’ বা মেক্সিকো দীর্ঘজীবী হোক। তিনি বলেন, মানুষ যখন এই স্লোগান দেয়, তখন ধরে নিতে হবে, ওয়াশিংটনের বৈরী রাজনীতির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে। সম্প্রতি মেক্সিকোকে যত অপমান ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এর পরিপ্রেক্ষিতে এটি তার গৌরব পুনর্জাগ্রত করার তরিকা।
দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
লোয়ান গ্রিলো: দ্য নিউইয়র্ক টাইমসের কলামিস্ট।