মেটাল ডিটেক্টর নিরাপত্তার জন্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন হাজার হাজার ফিলিস্তিনি সবচেয়ে সহজ ও শান্তিপূর্ণ কাজ, অর্থাৎ নামাজ পড়তে এসেছিলেন। মুসলমান ও খ্রিষ্টান এবং তরুণ ও বৃদ্ধ ফিলিস্তিনিরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন। কারণ, আল-আকসা মসজিদের সামনে ইসরায়েলিরা নতুন মেটাল ডিটেক্টর ও ব্যারিকেড বসিয়েছে, যেটা পার হয়ে তাঁরা মসজিদ চত্বরে ঢুকতে রাজি হননি। ইসরায়েলি সেনারা অস্ত্র, স্টান গ্রেনেড, সাউন্ড বোম্ব, পানি কামান, টিয়ার গ্যাস প্রভৃতি অস্ত্রে সজ্জিত হয়ে খুন করার প্রস্তুতি নিয়ে এসেছিল। তারা সেটাই করেছে, সেদিন ইসরায়েলি সেনা ও সশস্ত্র আবাস স্থাপনকারীরা তিন তরুণ ফিলিস্তিনিকে হত্যা করে। আহত হয় ৪৫০ জনের বেশি মানুষ, তাদের মধ্যে অনেকের আঘাতই মারাত্মক। এমনকি ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের হাসপাতালে হানা দিয়ে আহত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা করেছে।

ইসরায়েল দাবি করেছে, ‘নিরাপত্তার’ জন্য এই মেটাল ডিটেক্টর বসানো দরকার। কারণ, গত সপ্তাহে দুজন সশস্ত্র ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু এই মেটাল ডিটেক্টর নিরাপত্তার জন্য নয়। বরং ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের এই মসজিদে ঢুকতে না দেওয়ার জন্যই এটা করা হয়েছে। এর বিপরীত ঘটনার উদাহরণ হিসেবে টেম্পল মাউন্ট ফেইথফুলের প্রতি ইসরায়েলের মনোভঙ্গির প্রসঙ্গ উল্লেখ করা যায়। এই সংগঠনটি সম্প্রতি প্রকাশ্যে আল-আকসা মসজিদ ধ্বংস করে তার জায়গায় ইহুদিদের সিনাগগ নির্মাণের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সরকার একদিকে ‘ধর্মীয় স্বাধীনতার’ নামে এই গোষ্ঠীকে অস্ত্র নিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে, অন্যদিকে তারা মুসলমানদের পবিত্র স্থান ধ্বংস ও ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পক্ষে সমর্থন দিচ্ছে। এই গোষ্ঠীটি ১৯৯০ সালে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সিনাগগ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে যে প্রতিবাদ বিক্ষোভ হয়, তাতে ২০ জন ফিলিস্তিনি মারা যায়।

ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতার দাবি বেশ অনায়াসে অগ্রাহ্য করা হয়েছে। ফিলিস্তিনিরা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ ছাড়া নামাজ পড়ার অধিকার চেয়েছিল। এই মেটাল ডিটেক্টর বসানোর ব্যাপারটা যথাযথ পরিপ্রেক্ষিতে দেখতে হবে, সেটা হলো এর মধ্য দিয়ে ইসরায়েলিরা ঔপনিবেশিক কায়দায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি, ধর্মীয় স্থান, সংস্কৃতি নিশ্চিহ্ন করে তাদের জায়গায় বসতি স্থাপনকারীদের বসাতে চায়।

ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে সহিংসতা সৃষ্টি হতে দেখলে খুশিই হন। সাবমেরিন কেনা নিয়ে তাঁর দুর্নীতির তদন্ত হচ্ছে, তাই এই চুক্তি থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে তিনি সহিংসতার ওপর নজর দিচ্ছেন। বিষয়টা হচ্ছে ইসরায়েলে এই ‘নিরাপত্তা’ ব্যাপারটা ভালোই চলে। এতে যেমন ভোট পাওয়া যায়, তেমনি দুর্নীতির অভিযোগ দূরে সরিয়ে রাখা যায়। এটা পরিষ্কার যে কোনো ফিলিস্তিনি নাগরিকই চান না, তাঁদের পবিত্র স্থানগুলো সশস্ত্র দ্বন্দ্বের ক্ষেত্রভূমি হোক। কিন্তু এই ‘নিরাপত্তার’ ছদ্মবেশে ইসরায়েল এটা নিশ্চিত করেছে যে ফিলিস্তিনিরা যেন নিজ ভূমে বন্দী হয়ে থাকে।

‘নিরাপত্তার’ অজুহাতে ইসরায়েল ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে। এই ‘নিরাপত্তার’ নামে ইসরায়েল ফিলিস্তিনের কাছ থেকে চুরি করা ভূমিতে শুধু ইসরায়েলিদের বসতি স্থাপন করার সুযোগ দেয়। ‘নিরাপত্তার’ নামে ইসরায়েল ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্কুল জ্বালিয়ে দিয়েছে। আবার এই ‘নিরাপত্তার’ নামে ফিলিস্তিনিরা গাজায় অবরুদ্ধ হয়ে আছে, যেখানে তারা বিদ্যুৎ, পর্যাপ্ত চিকিৎসাসেবা ও পানির অভাবে দিনাতিপাত করছে। এমনকি তাদের সমুদ্রেও যেতে দেওয়া হয় না। ফিলিস্তিনিরা যখন ১৯৯০ সালে হেবরনে বারুচ গোল্ডস্টেইনের বন্দুকধারীদের গুলিতে মারা পড়েছে, তখনো তাদের নিরাপত্তা-বাড়াবাড়ির মধ্যে থাকতে হয়েছে। সংক্ষেপে বলা যায়, ইসরায়েল জেরুজালেমকে হেবরন বানাতে চায়, যেখানে ফিলিস্তিনিদের ঢোকার অধিকার থাকবে না, যাতে ইসরায়েলি নাগরিকেরা ফিলিস্তিনিদের চেয়ে বেশি অধিকার পায়। ইসরায়েল ফিলিস্তিনিদের মারতে থাকলে তাদের নিরাপত্তা দেবে কে?

অনির্বাচিত মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের এই অধিকার দিতে পারবেন না। ফিলিস্তিনিদের যখন আল-আকসা মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, তখন তিনি চীনে চার দিনের সফরে ছিলেন। আবার আন্তর্জাতিক সম্প্রদায়ও তাঁকে এই নিরাপত্তা দিতে পারবে না, যারা পারে শুধু হাত মোচড়াতে ও মৃদু স্বরে ইসরায়েলকে ভর্ৎসনা করতে।

অন্যদিকে ফিলিস্তিনিরা সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করতে এবং অবস্থান ধরে রাখতে পারবে। যারা শুধু আল্লাহর কাছে মাথা নত করে, ইসরায়েলি নির্দেশনার কাছে নয়।

অনুবাদ: প্রতীক বর্ধন, আল-জাজিরা থেকে নেওয়া।

ডায়ানা বুতু: ফিলিস্তিনি আইনজীবী।