২৯ আগস্ট সকালে পত্রিকা হাতে নিয়ে মনটা আনন্দে ভরে উঠল। দৈনিক ‘প্রথম আলো’এর মলাট জুড়ে মেট্রোরেলের ছবি। গত দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের ভিডিও দেখেছি। ঢাকাবাসীর সঙ্গে দেশবাসী তার আরও একটি স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
জানি না এই ছবি দেখার জন্য কি না, কিন্তু প্রথম আলো অনলাইনে ঢুকতেই মেট্রোরেলের চাকরির একটা খবর আমার সামনে ভেসে এল (মেট্রোরেলে চাকরি, পদ ১৩০, আবেদন ফি ৫০০, প্রথম আলো অনলাইন, ২৯ আগস্ট, ২০২১)। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে মেট্রোরেল কোম্পানি তাদের ১৩০টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগেই। আমি আজ দেখলাম।
করোনাকালে চাকরির যে কোনো বিজ্ঞপ্তি আমাদের তরুণদের জন্য আশা জাগানিয়া খবর। তার মধ্যে এটি একটি সম্পূর্ণ নতুন ক্ষেত্র। কাজে দ্রুত আমি মেট্রোরেলের ওয়েবসাইটে ঢুকে বিজ্ঞপ্তিটি দেখেছি ও পড়েছি। এবং সেটি পড়ে আমি খুবই অবাক হয়েছি। আমার মনে হচ্ছে আমি এক যুগ আগে ফিরে গেছি!
মেট্রোরেলের এই বিজ্ঞপ্তিতে ৭টি গ্রুপে ৪৩টি পদে ১৩০টি আধা-দক্ষ (সেমি স্কিল) কারিগরি পদে নিয়োগ দেওয়া হবে। এগুলোর ন্যূনতম যোগ্যতা হলো এইচএসসি (ভকেশনাল)। এই পদে আবেদনের নিয়মকানুন গুলো যদি আমরা একটু দেখি। বলা হয়েছে আগ্রহী ব্যক্তিকে মেট্রোরেলের ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নমুনা সংগ্রহ করে সেই নমুনা অনুসারে আবেদনপত্র তৈরি করতে হবে। এই আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তার জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি ও সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।
সঙ্গে স্থায়ী ঠিকানা ও চারিত্রিক সনদের মূল কপি যুক্ত করতে হবে। তারপর যে কোনো সোনালী ব্যাংক থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার করে সেটি ডাকযোগে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে ডাকযোগে পাঠাতে হবে। শুধু তাই নয় প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯/৪ ইঞ্চি সাইজের খামের ওপর লিখে বা টাইপ করে তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
এটি কিন্তু ২০২১ সালের চাকরির বিজ্ঞপ্তি, ২০০০ সালের নয়। ২০০৯ সাল থেকে শুরু হওয়া ডিজিটাল বাংলাদেশের নানা কর্মকাণ্ড এই করোনাকালে আমাদের নানাভাবে এগিয়ে নিয়েছে। ২০১১ সাল থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু হয়েছে এবং করোনার টিকার জন্য নিবন্ধনও হচ্ছে অনলাইনে। তাহলে কেন এই আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে? যে প্রার্থী অনলাইন থেকে নমুনা আবেদনপত্র সংগ্রহ করতে পারেন তিনি কি অনলাইনে এই আবেদন ফরম পূরণ করতে পারবেন না? তাকে কেন কাগজে আবেদন করতে হবে? তিনি তো সকল কাঙ্ক্ষিত তথ্যই অনলাইনে দিতে পারবেন।
করোনার টিকার জন্য আবেদন করার সময় কাউকে কিন্তু তার জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি দিতে হচ্ছে না। শুধু নম্বরটি দিলেই হচ্ছে। কাজে এখানেও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়েই আবেদন করতে পারতেন। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস থেকে সেটা যাচাই করা সম্ভব। এখন কিন্তু সারা দেশ থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরকারি নানা ফি পরিশোধ করা যায়। তাহলে কেন একজন গ্রামের আবেদনকারীকে শুধু একটি পে-অর্ডার করার জন্য উপজেলা সদরে যেতে হবে। এবং কেনইবা তাকে শুধু সোনালী ব্যাংকেরই পে-অর্ডার করতে হবে যেখানে তিনি তার বাড়ি থেকেই এই ফি পরিশোধ করতে পারেন।
আমাদের দেশের ডাক বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা অনেক কমে গেছে। এখন একজন আবেদনকারী তার পে-অর্ডারসহ যে আবেদন পত্র ডাকযোগে পাঠাবেন, আল্লাহ না করুক, সেটা যদি সময় মতো এই করোনাকালে মেট্রোরেলে অফিসে না পৌঁছে তার দায়িত্ব কে নেবেন?
বিজ্ঞপ্তি দেখে বোঝা যাচ্ছে, কর্তৃপক্ষ তাদের কাছে প্রবেশপত্র ডাকযোগেই পাঠাবেন। সেটি সময়মতো প্রার্থীর কাছে পৌঁছাবে কিনা কে জানে। এবং এটির ওপর ডাকটিকিট আবেদনকারীকেই লাগিয়ে দিতে হবে। অথচ এখন সকল ক্ষেত্রেই অনলাইনে এই ব্যবস্থা করা যায়। প্রার্থীরা যদি সেটি নিজেই প্রিন্ট করে নেয়। অন্যান্য নিয়োগ পরীক্ষার বেলায় সেটাই করা হচ্ছে। এখানে কেন ডাকযোগে প্রবেশপত্র পাঠাতে হবে?
আবার এই পদগুলো সবই কোম্পানির ১৬ নম্বর বেতন গ্রেডের। এই পদের একটি শূন্যপদে নিয়োগের জন্য কেন ৫০০ টাকা ফি নিতে হবে? একজন আবেদনকারীকে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসতে হবে। এতে তার কত টাকা খরচ হবে সেটা কি কর্তৃপক্ষ ভেবে দেখেছেন? নিয়োগ কার্যক্রমের সব খরচই আবেদনকারীর কাছ থেকেই বা কেন নিতে হবে?
যে কোনো নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের কষ্ট ও আর্থিক অবস্থা যেন আমরা ভুলে না যাই।
মুনির হাসান প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক।