মেধাবী বনাম নকলবাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিফ নজরুল। অক্টোবর ০৭, ২০১৫

মতামত: আমরা কি তাহলে আমাদের সন্তানদের এই বার্তাই দিচ্ছি যে পড়াশোনা করে কোনো লাভ নেই, নিজের ভাগ্য গড়তে হলে জালিয়াতি করা শিখতে হবে? যারা জালিয়াতি করতে পারবে, তারাই ভালো জায়গায় পড়বে, ভালো চাকরি পাবে?

মাহতাব হোসেন
নানা কায়দায় একটা রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রের রূপ লাভ করতে পারে। অন্য সব কটির প্রতিকার যদিও সম্ভব; তবে প্রশ্নপত্র ফাঁস বা ঘুষের বিনিময়ে চাকরি ইত্যাদির মাধ্যমে প্রকৃত মেধাবীদের হটিয়ে মেধাহীনদের দ্বারা যদি কোনো রাষ্ট্র দীর্ঘ মেয়াদে চালিত হতে থাকে, তাহলে দিনে দিনে রাষ্ট্র যে রূপ লাভ করে, তা–ও এক অকার্যকর রাষ্ট্র ছাড়া আর কিছুই নয়। এবং এর প্রতিকার সাধন মূলত অসম্ভব হয়ে দাঁড়ায়।

আনোয়ার হোসাইন
বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথার যে আগ্রাসী প্রভাব, তা সম্ভবত পৃথিবীর আর কোনো দেশে নেই। কোটা পদ্ধতিতে যে জনবল জনপ্রশাসনে নিয়োগ দেওয়া হয়, তাদের অধিকাংশ মেধাবী নয় এবং সংগত কারণে কাজে-কর্মেও তারা অদক্ষ। বর্তমান সরকারের আমলে চাকরির ক্ষেত্রে বিশেষ পরীক্ষা নেওয়ার রেওয়াজ তৈরি হয়েছে। আগে কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা প্রমাণ করতে হতো। বর্তমানে বিশেষ পরীক্ষা নেওয়ার কারণে সেই সুযোগই আর থাকল না। কোটা নিয়ে ৩৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল, তা থেকে শিক্ষা নিয়ে সরকার এখন আরও কৌশলে কৌটাধারীদের চাকরি দেওয়ার ব্যবস্থা করছে বলে মনে হয়। আর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সরকার কোনো সময় গুরুত্বের সঙ্গে নেয়নি, ভবিষ্যতেও নেবে বলে মনে হয় না। র্যা বের হেফাজতে মৃত্যুবরণকারী ইউজিসি কর্মকর্তা বেঁচে থাকলে হয়তো কিছু তথ্য পাওয়া যেত।

আজাদি হাসনাত
প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে সরকার সরাসরি স্বনামধন্য ব্যক্তিদের নিয়োগ করুক। তাহলে ফাঁস হওয়ার সম্ভাবনা থাকবে না বলেই ধরা যায়। যতগুলো ধাপ আছে, সব কটি তাদের হাত দিয়ে সম্পন্ন করলে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা থাকবে না বলে আমি মনে করি।

মো. আবদুর রশীদ
লাখ লাখ টাকা দিয়ে যারা ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনে ডাক্তারি পরীক্ষায় পাস করেছে, তাদের পরীক্ষা বাতিল করলে একদিকে যেমন তাদের টাকা হারানোর শাস্তি হতো, অন্যদিকে তেমনি ভবিষ্যতে টাকা দিয়া ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য দৌড়াদৌড়ি করত না।