মেসির 'কলঙ্কমোচন', নাজ্জারের মৃত্যু ও আর্জেন্টিনার বোধোদয়

নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা গত শুক্রবারও গাজা সীমান্তে বিক্ষোভে সমবেত হয়েছিলেন। ওই বিক্ষোভে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তায় উপস্থিত ছিলেন ২১ বছরের স্বাস্থ্যকর্মী রাজান আল-নাজ্জার। সাদা পোশাকে নাজ্জার দুই হাত ওপরে তুলে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু নৃশংস ইসরায়েলি স্নাইপারের বুলেট নাজ্জারের বুক এফোঁড়-ওফোঁড় করে দেয়। মানবতার সেবা করতে গিয়ে নাজ্জার নিজেই শহীদ হয়ে গেলেন। মায়ের কাছে মেয়েটি ছিল একটি প্রজাপতির মতো। আল-নাজ্জারকে সমাহিত করার কয়েক ঘণ্টা পরেই গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল পরিষ্কারভাবেই জেনেভা কনভেনশনের লঙ্ঘন করেছে। জেনেভা কনভেনশন অনুসারে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল।
জাতিসংঘও আল-নাজ্জার হত্যার নিন্দা জানিয়েছে। নাজ্জার হত্যার পরপরই চরম সমালোচনা ও নিন্দার মুখে আর্জেন্টিনা যুদ্ধাপরাধী ইসরায়েলের সঙ্গে পূর্বনির্ধারিত ফুটবল ম্যাচটি বাতিল করেছে। দুই দেশেরই ফুটবল ফেডারেশন বুধ বা বৃহস্পতিবার এ বিষয়ে বিবৃতি দিতে পারে। যদিও সমালোচনা সত্ত্বেও ইসরায়েলে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এবং তাদের জাতীয় তারকা খেলোয়াড় মেসি অটল ছিলেন। এ সফরকে মেসি বরং পেশাগত উৎকর্ষের সুযোগ হিসেবে দেখছিলেন। মেসি বলেছিলেন, পবিত্র ভূমিতে সফরের মধ্য দিয়ে আধ্যাত্মিক ও মনোজগতের উন্নতি হবে। আসন্ন বিশ্বকাপে এই সফর ইতিবাচক ফল বয়ে আনবে। ২০১৩ সালেও মেসি বার্সেলোনা ফুটবল দলের সঙ্গে ইসরায়েল সফরে গিয়েছিলেন।
আল-নাজ্জারের তাজা রক্তকে পায়ে দলেই মেসিদের জেরুজালেমের টেডি কোলেক স্টেডিয়ামে আগামী শনিবার খেলতে নামার কথা ছিল। টেডি কোলেক স্টেডিয়াম গুপ্তহত্যার জন্য কুখ্যাত। ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলি স্নাইপাররা এই মাঠ ব্যবহার করে থাকে। টেডি কোলেকের মাঠ হাজারো মুক্তিকামী ফিলিস্তিনির রক্তে স্নাত। এই মাঠের প্রতিটি ঘাসে মিশে আছে নিরস্ত্র ফিলিস্তিনিদের আর্তনাদ। ইসরায়েলি স্নাইপারদের গুলিতে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে ১২৩ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার। এ ছাড়া ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৩২ জন ফিলিস্তিনি খেলোয়াড়কে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপাররা।
আর্জেন্টিনা দলের ইসরায়েল সফর বাতিলের সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বড় ধরনের এক কূটনৈতিক পরাজয়। নিকট অতীতে ইসরায়েলের এ ধরনের কূটনৈতিক পরাজয়ের অভিজ্ঞতা নেই। জায়নবাদী নীতি দিয়ে সারা বিশ্বকে আতঙ্কিত করে রাখা ইসরায়েল এটা আশা করেনি। অ্যান্টিসেমেটিক (ইহুদিবিদ্বেষী) হওয়ার ভয়ে পশ্চিমারা সব সময় ইসরায়েলের অপকর্মকে সমর্থন দেয় বা নীরব থাকে। কিন্তু আর্জেন্টিনা এবার আপস করল না। খেলা বাতিলের খবর শুনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরোসিও মাকরিকে ফোন করেন বিষয়টি পুনর্বিবেচনার জন্য। মাকরি নেতানিয়াহুতে পরিষ্কার জানিয়ে দেন, ফুটবল দলের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। আর্জেন্টাইন দলের অধিকাংশ খেলোয়াড়ের সিদ্ধান্তেই এই খেলা বাতিল করা হয়েছে। দলটির স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন বলেছেন, দেরিতে হলেও সঠিক কাজটি করা হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসী ও বিডিএসের প্রচারণার বিভ্রান্ত হয়ে আর্জেন্টিনা খেলাটি বাতিল করেছে। এই ম্যাচকে সামনে রেখে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বর্জন-পরিত্যাগ-নিষেধাজ্ঞা আন্দোলন (বিডিএস) মাঠে নামে। বিডিএস সামাজিক যোগযোগমাধ্যমে জনমত ব্যাপক আকারে গড়ে তোলার চেষ্টা শুরু করে। ফেসবুকে হ্যাশট্যাগ আন্দোলন ‘আর্জেন্টিনা নো ভয়াস’ শুরু হয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে আর্জেন্টিনার নাগরিকদের এই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিল বিডিএস। বিডিএসের সঙ্গে প্রচারণায় অনেক মানবাধিকার সংগঠনও যোগ দেয়। সংগঠনগুলোর দাবি, বর্ণবাদী দখলদারের সঙ্গে কোনো প্রীতি ফুটবল নয়। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুবও মেসির জার্সি ও ছবি পোড়ানোর হুমকি দেন। জেরুজালেমে খেলতে যাওয়া মানে ইসরায়েলের আগ্রাসনকে স্বীকৃতি দেওয়া। ইসরায়েলের বর্ণবাদ, গণহত্যা ও নিপীড়নকে সমর্থন করা।
ইসরায়েল এরপরও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে—আর্জেন্টিনা যেন ইসরায়েলে খেলতে আসে। প্রথমে খেলাটি হওয়ার কথা ছিল হাইফায়। পরে পশ্চিম জেরুজালেমে সরিয়ে নেয় ইসরায়েল। জেরুজালেমে কেন? ইসরায়েল জেরুজালেমে অবৈধ দখলদারির স্বীকৃতি চায়। জেরুজালেম দখলে ইসরায়েল সামরিক ও কূটনৈতিক (হার্ড পাওয়ার ও সফট পাওয়ার) দুটোরই প্রয়োগ করছে। ইসরায়েলের সফট পাওয়ার প্রয়োগের অন্যতম কৌশল হচ্ছে বিভিন্ন ব্যক্তি, দল বা দেশকে জেরুজালেমে ইসরায়েলের নানা অনুষ্ঠানে উপস্থিত করানো। আপসে অথবা চাপ দিয়ে। জেরুজালেমে ইসরায়েলের পক্ষ হয়ে উপস্থিত হওয়া মানে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নকে সমর্থন জোগানো। দূতাবাস সরিয়ে নিয়ে প্রথমে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলের সহগামী হয়েছিল আর্জেন্টিনা। ফুটবলে ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার সখ্য অবশ্য অনেক পুরোনো। ১৯৮৬ সালের বিশ্বকাপের আগেও আর্জেন্টিনা ইসরায়েলে প্রীতি ফুটবল খেলতে গিয়েছিল। এরপর ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালেও ইহুদিবাদী দেশটির সঙ্গে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার আগেও অনেক সেলিব্রেটিই কিন্তু ইসরায়েল সফর বাতিল করেছেন। নিউজিল্যান্ডের গায়িকা ও গীতিকার লর্ডি ৫ জুন তেল আবিবে কনসার্ট বাতিল করেন। অভিনেত্রী নাটালি পোর্টম্যান পুরস্কার গ্রহণের জন্য ইসরায়েল সফর করতে অস্বীকৃতি জানান। ক্রিস্টিয়ানো রোনালদোও নিন্দা জানিয়েছেন। এ ছাড়া অনেক শিল্পী ও সংগীত দল বিভিন্ন সময় ইসরায়েল সফর বাতিল করে। ধীরগতিতে এবং বিলম্বে হলেও ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিরা জনমত সংগঠিত করতে পারছে।
ফুটবলশৈলী দিয়ে মেসি সারা বিশ্বেই কোটি ভক্তের নায়ক। রক্ত-উপত্যকায় মেসির খেলার সিদ্ধান্তে তাঁরাও কষ্ট পেয়েছিলেন নিশ্চয়ই। মেসির সুযোগ ছিল শুরুতেই আরও মানবিক হয়ে নায়কোচিত ভূমিকায় আবির্ভূত হওয়ার। মেসি জেরুজালেমে রক্তের সাগরে খেলার সিদ্ধান্ত শুরুতেই বাতিল করতে পারতেন। অনেকেই বলে থাকেন, খেলার সঙ্গে রাজনীতির কোনো সংশ্লেষ নেই। ভুল ধারণা। জাতীয়তাবাদ প্রচারে সফট পাওয়ারের অন্যতম কৌশল হচ্ছে সংস্কৃতির প্রয়োগ। আর খেলা এই সংস্কৃতিরই অংশ। জেরুজালেমে খেলার আয়োজন করে ইসরায়েল তাদের আগ্রাসী জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে। মেসির মতো কোটি ভক্তের প্রিয় মানুষদের খেলতে যাওয়ার নামে সেই আগ্রাসী নীতিকে সমর্থন করা দুঃখজনক।
সময় বিভিন্ন বিকল্প নিয়ে উপস্থিত হয়। সেখানে নায়ক হওয়ার সুযোগ থাকে। খলনায়কও হয় কেউ কেই। আবার আপসকামিতাও দেখা যায়। ব্রাজিল ফুটবলের অন্যতম কিংবদন্তি সক্রেটিস। খেলোয়াড় হিসেবে হয়তো পেলে, ম্যারাডোনা বা মেসির পর্যায়ে নন। কিন্তু মানবিক বোধসম্পন্ন মানুষ হিসেবে তিনি অনেক ওপরেই থাকবেন। গত শতকের আশির দশকে ব্রাজিলে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শ্রমিকের বেতন বৃদ্ধির জন্য গণমানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন চিকিৎসাবিদ্যায় স্নাতক করা সক্রেটিস। এর জন্য তিনি একবার জেলও খেটেছেন; সম্ভবত। সারা বিশ্ব সক্রেটিসকে শুধু ফুটবলের মাঠেরই নয়, রাজনীতির মাঠেরও এক গণতন্ত্রকামী লড়াকু যোদ্ধা হিসেবেও মনে ধারণ করে। সফল ক্রীড়াবিদেরা সমাজের অনুসরণীয় ব্যক্তি। ইতিবাচক পরিবর্তন আনতে তাঁদেরও কিছু সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব থাকে।
বিলম্বে হলেও আপাতত খেলা বাতিল করে আর্জেন্টিনা বিশাল এক কলঙ্কের হাত থেকে বেঁচে গেল। কলঙ্কিত হওয়া থেকে বাঁচলেন মেসিও। এ জন্য অবশ্যই আর্জেন্টিনার সাধুবাদ প্রাপ্য। আর্জেন্টিনা এই সিদ্ধান্ত অন্যদেরও ইসরায়েলের ফাঁদ এড়াতে উৎসাহিত করবে। এবং হয়তো
ড. মারুফ মল্লিক, রিসার্চ ফেলো, সেন্টার ফর কনটেমপোরারি কনসার্নস, জার্মানি