মেহেরপুরকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
মেহেরপুর জেলা প্রশাসন জেলাটিকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছে। শনিবার মেহেরপুর জেলা স্টেডিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫ হাজার মানুষের উপস্থিতিতে এ ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। নিশ্চয়ই এটি সফলতার আরেকটি মাইলফলক। দেশে প্রথম লালমনিরহাট জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। এরপর গত বছরের ১৬ ডিসেম্বর বাল্যবিবাহমুক্ত ঘোষিত হয় মুন্সিগঞ্জ জেলা।
আমাদের দেশের মেয়েদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ বাল্যবিবাহ। ২০১৫ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল ও যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কোরাম ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘বাল্যবিবাহের অন্তর্নিহিত কারণ ও প্রভাব’ সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের গ্রামাঞ্চলে মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার বেশ উদ্বেগজনক। ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে বাংলাদেশের ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়, ১২ থেকে ১৪ বছর বয়সেই ২৭ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। আর ছেলেদের ক্ষেত্রে এই হার ৩ দশমিক ৭ শতাংশ।
দেশে বাল্যবিবাহ প্রতিরোধে আইন আছে। সরকার ও এনজিওগুলো নানা কর্মসূচিও চালাচ্ছে। কিন্তু তারপরও বাল্যবিবাহের ঘটনা ঘটছে। বাল্যবিবাহ দেওয়ার অপরাধে অভিভাবক বা অন্যদের আইনের আওতায় শাস্তি পাওয়ার ঘটনাও খুবই কম। আর শাস্তি দেওয়া হলেও তা এতই সামান্য যে কেউ আর এতে ভয় পাচ্ছে না। এই যখন অবস্থা, তখন মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা সুসংবাদই বটে।
এ জন্য জেলা প্রশাসন গত ছয় মাসে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসনের হস্তক্ষেপে ২০০টির বেশি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। পাশাপাশি ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫৮ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৮টি ইউনিয়ন ও ১৬২টি ওয়ার্ডে সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানের ব্যক্তিদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথ করানো হয়েছে। এর অনুকরণে অন্য জেলায়ও উদ্যোগ নেওয়া হোক।
তবে উদ্যোগ নেওয়াই শেষ নয়। সফলতা ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য সচেতনতা, সামাজিক নজরদারি ও শিক্ষার প্রসারের পাশাপাশি বেশি দরকার দারিদ্র্য বিমোচন।