মোদি ও শরিফই এখন ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়ল। পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ পরিষ্কারভাবে বলেছেন, তাঁরা জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সময় দ্বিপক্ষীয় সংলাপের প্রস্তাব দেবেন না। মূল প্রশ্ন তাই এখন এই যে, উভয় পক্ষ কীভাবে আবার আলোচনা শুরু করবে?
উপদেষ্টা পর্যায়ের এই বৈঠক বিষয়ে সরকারি মনোভাব বিষয়ে ভারতের নিরাপত্তা-বিশারদ মহল মোটামুটি দুভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে তারা একমত, ভারত-পাকিস্তানের যুগপৎ পথ চলা অনেক ভারাক্রান্ত হয়ে পড়েছে এবং এ জটিলতা কাটাতে পারেন মাত্র দুজন ব্যক্তি—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সরকারের কঠোর অবস্থান বিষয়ে দুটি পরিষ্কার মনোভাব রয়েছে: পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা হুরিয়ত নেতাদের সঙ্গে দেখা করতে পারেন না, আর সন্ত্রাসের বিষয় ছাড়া এই বৈঠকে আর কিছু টেনে আনা যাবে না।
একটি মনোভাব এমন যে, পাকিস্তানের হাইকমিশনার গত বছর হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠক করার জেরে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বাতিল করে ভারত নিজেকে আরও কোণঠাসা করে ফেলেছিল। এই দৃষ্টিভঙ্গি থেকে মনে করা হয়, এর দরকার ছিল না। এতে করে ওই বিভেদকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এ বছরের বৈঠক বাতিলের পুনরাবৃত্তি আসলে গতবারের সিদ্ধান্তের সাফাই গাওয়ার জন্যই।
এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, ‘এটা নিয়ে এত হইচইয়ের কী হলো? আমার মনে আছে, আগ্রা সম্মেলনের আগে হুরিয়ত নেতারা জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে দেখা করে এসে সেই আলোচনার প্রতিটি খুঁটিনাটি পর্যন্ত আমাদের বলেছিলেন। অভ্যর্থনাকক্ষে এক কাপ চা পান করলে কোনো কিছু বদলে যায় না।’
অন্য দৃষ্টিকোণটি এ রকম: সরকারের এই শক্ত অবস্থান নেওয়া খুব জরুরি ছিল। সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে হুরিয়তের মতো গণতান্ত্রিক কাঠামোর বাইরের কোনো সংগঠনের তেমন প্রাসঙ্গিকতা নেই; ভারত অনেক দিন ধরে খুবই ‘নরম’ অবস্থানে ছিল।
পাকিস্তান বলছে, কাশ্মীরিদের আকাঙ্ক্ষা নির্বাচনের চাইতে ভিন্ন কিছু। ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে পাকিস্তানের এই ভাষ্য নাজুক হয়ে যাবে। ফলে বিষয়টা এখন হুরিয়ত নয়, দেশ দুটির দ্বিপক্ষীয় আলোচনার সূচি থেকে কাশ্মীরকে ভারত দীর্ঘদিনের জন্য দূরে রাখতে পারে কি না, সেটাই হচ্ছে বিষয়।
১৯৯৭ সালে মালেতে নওয়াজ শরিফ তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী আই কে গুজরালকে বলেছিলেন, ‘আমরা আপনাদের কাছ থেকে কাশ্মীর নিয়ে নিতে পারি না, আর আপনারা চাইলেও তা আমাদের দিতে পারেন না। তাহলে এ বিষয়ে কথা বললে ক্ষতি কী?’ এই মতের মানুষেরা বলেন, পাকিস্তানের বেসামরিক নেতৃত্বের করবার তেমন কিছু নেই। আর সেখানকার গণতান্ত্রিক নেতাদের দেখাতে হয় যে সামরিক নেতাদের চেয়ে কাশ্মীরের ব্যাপারে তাঁরা বেশি সোচ্চার।
দ্বিতীয় দৃষ্টিভঙ্গি এ রকম, রাশিয়ার উফা শহরে সম্পন্ন হওয়া চুক্তি মেনে চলা ভারতের জন্য খুবই ঠিক আছে আর পাকিস্তানকেও বুঝিয়ে বলা দরকার যে, সন্ত্রাসবাদ ছাড়া অন্য বিষয়ে আলোচনা হবে না। আর সন্ত্রাসের ব্যাপারে মতৈক্য সৃষ্টি হলেই কেবল অন্য বিষয়ে আলোচনা হতে পারে, তার সমাধান করা যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও সেটাই বলেছেন।

>প্রধান নেতাদের বৈঠকের ব্যাপারে আগ্রহী হতে হবে। প্রশ্ন হচ্ছে, মোদি ও শরিফের সেই সদিচ্ছা, সুযোগ, সামর্থ্য ও নমনীয়তা আছে কি না

কিন্তু অনেকেই বিশ্বাস করে কূটনীতির কাজ হচ্ছে বিভাজিত মতামতের মধ্য থেকে একটি পথ বের করে আনা। এ অঞ্চল সম্পর্কে ওয়াকিবহাল একজন সাবেক রাষ্ট্রদূত বলেছেন, ‘এমন শর্তারোপ ভারতের জন্য খুব ঠিকই ছিল, সমস্যাটা হলো তার কৌশলে। পুরো ব্যাপারটা খুবই অদক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। ভারতের উচিত হয়নি শর্তারোপের ব্যাপারটা এমন খোলাখুলি ও কঠিনভাবে বলা। দৃশ্যত মনে হয়েছে, অন্য দেশের বিবেচনায় নয়, অভ্যন্তরীণ বিবেচনা মাথায় রেখেই এটি করা হয়েছে।’ তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যদি একটু কম উচ্চকিত হতেন, এই সংলাপের ইতিবাচক দিকগুলো যদি তুলে ধরতেন, তাহলে হয়তো পাকিস্তানও নড়াচড়া করার কিছুটা পরিসর পেত।
বৈঠকের সূচিতে ভারত সন্ত্রাসবাদ রাখতে পারত আর পাকিস্তানকে এসে কথা বলার সুযোগ দিতে পারত। আজিজ যদি আনুষ্ঠানিকভাবে কাশ্মীরের প্রসঙ্গ তুলতেনও, তাহলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলতে পারতেন, বিষয়টি মূল সূচিতে না থাকায় এ ব্যাপারে কিছু বলার নেই।
আমাদের মনে আছে, গত বছর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত মনে হয়েছে, সম্পর্কের পুনরুজ্জীবন অনেক কঠিন ব্যাপার হবে। কারণ, প্রশ্নটি ছিল, কে উদ্যোগ নেবে? পাকিস্তান জোর দিয়ে বলেছে, ভারতকেই উদ্যোগ নিতে হবে। আর ভারত উফা শহরে বৈঠকের আহ্বান জানানোর পরই এ নিয়ে তৎপরতা শুরু হয়।
‘তাঁদের আশপাশের মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, দুজনের মধ্যকার আন্তরিকতা ও উষ্ণতাও বেশ গভীর। এখন মূল মানুষদের উদ্যোগ নিতে হবে, এই প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে হবে’, সেই সাবেক রাষ্ট্রদূত এমনটাই মনে করেন। তিনি আরও বলেন, ‘উফার শিক্ষা হচ্ছে, যৌথ বিবৃতি ও বৈঠকের পর সরকারি ইশতেহার দেওয়ার তরিকা বন্ধ করতে হবে। কারণ দেখা যায়, এরপর সেই বিবৃতি ব্যাখ্যা করার প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান ও বর্তমানে বিজেপির সদস্য সঞ্জীব ত্রিপাঠি বলেছেন, ‘নানা প্রতিবন্ধকতার কারণে এ মুহূর্তে উন্মুক্ত বৈঠক সম্ভব নয়। ফলে গোপন বৈঠক, নীরব কূটনীতি ও আত্মবিশ্বাস সৃষ্টি করাই শ্রেয়। আর যখনই দৃষ্টিগ্রাহ্য কিছু ব্যাপার ঘটবে, তখনই উন্মুক্ত আলোচনার দিকে যাওয়া যাবে।’
কিন্তু এই পেছনের দরজা বানানোর অপরিহার্য বিষয়টি হচ্ছে, প্রধান নেতাদের বৈঠকের ব্যাপারে আগ্রহী হতে হবে। প্রশ্ন হচ্ছে, মোদি ও শরিফের সেই সদিচ্ছা, সুযোগ, সামর্থ্য ও নমনীয়তা আছে কি না।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন, হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া
প্রশান্ত ঝা: ভারতীয় সাংবাদিক।