
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আগামী মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন, ক্ষমতালাভের পর তাঁর সরকারের বয়স তখন ১০০ দিন পূর্ণ হবে। যে দেশ তাঁকে গোটা একটা যুগ ব্রাত্য করে রেখেছিল, সেই দেশই যখন তাঁর পায়ের নিচে লাল কার্পেট পেতে অভ্যর্থনা জানাবে, নরেন্দ্র মোদির কাছে নিশ্চিতই সেটা হবে শ্লাঘার বিষয়। এখনই যে তা হচ্ছে না তাও নয়। তাঁর মানভঞ্জন ও মন পাওয়ার জন্য আমেরিকার চেষ্টার ত্রুটি নেই। একের পর এক শীর্ষ নেতারা ভারতে আসছেন, তাঁর সঙ্গে দেখা করছেন এবং চমৎকার এক ভবিষ্যৎ সম্পর্কের ছবি আঁকার চেষ্টা করছেন।
এই যে একটু অন্য ধাঁচের নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় রাজনীতির ধারকাছ দিয়েও কোনো দিন না হেঁটে গুজরাট থেকে উড়ে এসে দিল্লিতে জুড়ে বসলেন, কেমন সামলাচ্ছেন তিনি রাজ্যপাট? আমি হলফ করে বলতে পারি, ১০০ দিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে তা নিয়ে চর্চা শুরু হবে। তাঁর পররাষ্ট্রনীতি নিয়ে ইতিমধ্যেই পিঠ চাপড়ানি শুরু হয়েছে। কিন্তু শুধুই পররাষ্ট্রনীতি তো নয়, আর্থিক নীতি রয়েছে, সামাজিক নীতি রয়েছে, আর আছে অসংখ্য বলা না-বলা নীতিমালা। সব মিলিয়েই একটা সরকারের ভালো-মন্দ। রাজ্যপাটের ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই এ নিয়ে চর্চা করাটা তাই নিশ্চিতই বাড়াবাড়ির পর্যায়ে পড়বে না।
মোদির সবচেয়ে বেশি পিঠ চাপড়ানি চলছে পররাষ্ট্রনীতি নিয়ে। হওয়ারই কথা। ২৬ মে রাষ্ট্রপতি ভবনের লাল মোরাম বিছানো আঙিনায় যেদিন শপথ নিলেন, তার আগেই তিনি বুঝিয়ে দেন, প্রতিবেশীদের প্রতি তিনি বিশেষ নজর দেবেন। সে জন্যই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশীদের আমন্ত্রণ জানালেন। সব দেশের শীর্ষ নেতারা এলেন। স্বাধীন ভারতে কোনো দিন যা ঘটেনি, তা ঘটিয়ে প্রথম দিনেই হইহই ফেলে দিলেন মোদি। এরপর প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে বেছে নিলেন ভুটানকে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে প্রথম একাকী সফরে পাঠালেন বাংলাদেশে, যে দেশটি পাঁচ বছর ধরে ভারতের প্রকৃত নির্ভরযোগ্য বন্ধুতার পরিচয় দিয়ে এসেছে। দ্বিতীয় দ্বিপক্ষীয় সফর তাঁর নেপাল, যে দেশে শেষ ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন ১৭ বছর আগে। এর মাঝে তিনি ব্রাজিল গেছেন ‘ব্রিক’ শীর্ষ সম্মেলনে অংশ নিতে।
সন্দেহ নেই, পররাষ্ট্রনীতিতে মোদি এই কদিনের মধ্যেই একটা অন্য ধরনের ছাপ রাখতে পেরেছেন। প্রধানমন্ত্রী হওয়ার সময় থেকেই তিনি প্রতিবেশীদের প্রতি বেশি মনোযোগী হওয়ার কথা প্রতিদিন শুনিয়ে এসেছেন। ভুটান ও বাংলাদেশের পর নেপাল তার সর্বশেষ বড় উদাহরণ। তিনি নেপালে গেলেন, প্রধানমন্ত্রী সুশীল কৈরালা প্রথা ভেঙে বিমানবন্দরে চলে গেলেন তাঁকে স্বাগত জানাতে। কাঠমান্ডুতে রাস্তার দুদিকে স্বতঃস্ফূর্ত মানুষের ভিড় জমে গেল মোদিকে দেখতে। বহুবিভক্ত নেপালের রাজনৈতিক নেতারা উচ্চকিত প্রশংসায় মেতে উঠলেন। প্রায় দুই দশক ধরে বিপুল অভিমান ও বেশ কিছুটা অবিশ্বাসের যে ঘেরাটোপ দ্বিপক্ষীয় সম্পর্ককে অন্য রকম করে তুলেছিল, এই এক সফরে তা যেন উবে গেল কর্পূরের মতো।
কী করলেন মোদি? ভারত নিয়ে যে সন্দেহটা এত দিন নেপালের মনে দানা বেঁধেছিল, সেটা তিনি দূর করে দিলেন। সে দেশে গিয়ে তিনি বললেন, নেপালকে ভারতের প্রয়োজন, নেপালই পারে তার বিদ্যুৎ দিয়ে ভারতের আঁধার কাটাতে। নেপালের ভবিষ্যৎ নির্ধারণে ভারতের যে বিন্দুমাত্র আগ্রহ নেই, দাদাগিরির ইচ্ছা নেই, বড় মুখ করে বলে দিলেন সে কথাও। জলবিদ্যুৎ প্রকল্পের বাণিজ্য অথবা ১৯৫০ সালের মৈত্রী চুক্তির বয়ানের পর্যালোচনা, পরিমার্জন অথবা বর্জন—সব দায়িত্ব নেপালকেই সঁপে তিনি জানালেন, ‘আপনারাই ঠিক করুন, কীভাবে আপনারা সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী। আমি শুধু চাই আমার পাঁচ বছরের রাজত্বেই এসব চূড়ান্ত হোক।’
হিংসা ত্যাগ করে মাওবাদীদের সংসদীয় গণতন্ত্রে প্রবেশকে তিনি স্বাগত জানালেন এবং বললেন, ভারত তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলবে। পশুপতিনাথ দর্শনে তিনি গেলেন প্রকৃত হিন্দু সেজে। গেরুয়া পাঞ্জাবির ওপরে গেরুয়া চাদর, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরের প্রলেপ। আড়াই হাজার কেজি লাল চন্দনকাঠ উপহার দিলেন মন্দিরে। খুশি করলেন নেপালের ঐতিহ্যপ্রেমী হিন্দু মানসিকতাকে। ভারত সীমান্তবর্তী ভারতঘনিষ্ঠ মদেশিয়দের বললেন ঐক্যবদ্ধ নেপালের প্রগতির জন্য কাজ করতে এবং জানালেন, সংবিধান নেপালের জনগণই তৈরি করুন। ভারত শুধু চায়, নেপালের সংবিধান হোক যুক্তরাষ্ট্রীয়, গণতন্ত্রী ও প্রজাতান্ত্রিক। পাশাপাশি ঘোষণা করলেন এক বিলিয়ন ডলারের ঋণ, যা নেপালের অবকাঠামো নির্মাণে খরচ হবে। দীর্ঘ দুই দশকের ভারতীয় অবহেলায় (দ্বিপক্ষীয় সম্পর্কটা আমলাশাহির ওপরেই ছেড়ে দিয়েছিল ভারতীয় শীর্ষ নেতৃত্ব) পুঞ্জীভূত নেপালি অভিমান ও অবিশ্বাসের সুযোগ নিয়ে চীন যেভাবে নেপালে তার উপস্থিতি ও প্রভাব বাড়িয়েছে, মোদির এই একটা সফর তা ঠেকানোর পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
পররাষ্ট্রনীতির বাইরে থাকছে অর্থনীতি ও সমাজনীতি। ১০ বছরের কংগ্রেসি আর্থিক নীতির
ধারাবাহিকতা থেকে তেমন কোনো বিচ্যুতি তো ঘটানইনি, বরং মনমোহনের অসমাপ্ত সংস্কারপর্বকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা তাগিদ মোদির মধ্যে দেখা যাচ্ছে। যেমন বিদেশি বিনিয়োগ (এফডিআই)। রেলওয়ে ও প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের হার ২৬ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করা হয়েছে। বিমা ক্ষেত্রে তা বলবৎ করতে রাজ্যসভায় বিলের সংশোধনী আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আবার এফডিআইয়ের সঙ্গে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকেও (এফআইআই) সুযোগ করে দেওয়া হচ্ছে। শ্রম আইন সংস্কার বিল লোকসভায় পেশ হয়েছে। মজার বিষয়, কংগ্রেস আমলে এসবের বিরোধিতা খুব করেছিল বিজেপি। এখন বিজেপির ট্রেড ইউনিয়ন ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ উঠেপড়ে লেগেছে এই সংস্কার রুখতে। তারা অন্য ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মঘটও করেছে। কিন্তু মোদির মুখে ডোন্ট কেয়ার ভাব। পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করে এলেও মোদি সেই কংগ্রেসের রাস্তাতেই হাঁটছেন। ১০০ দিনের প্রকল্প তুলে দেওয়া নিয়ে ভোটের আগে অনেক নাটক করেও মোদি সরকার সেই প্রকল্পের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে এখন ব্যস্ত। এককথায়, অর্থনীতিতে মনমোহন-মোদিতে কোনো ফারাকও অনুভূত হতে দিচ্ছেন না।
তবে আশঙ্কা জাগাচ্ছে মোদি জামানার সমাজনীতি। ভোটে জেতার পর বলেছিলেন, তিনি সারা দেশের, সব মানুষের প্রধানমন্ত্রী। কথাটা যে শুধু কথারই কথা, এই ক মাসে তা বেশ বোঝা যাচ্ছে। তাঁর ক্ষমতালাভের আগেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে ঘা লেগেছিল। বিশেষ করে গো বলয়ে। উত্তর প্রদেশে মুজাফফরনগরের দাঙ্গার আগুন এখনো নেভেনি। সেই জেলার বিস্তীর্ণ অঞ্চলে হিন্দু-মুসলমানের সংঘর্ষ এখনো নৈমিত্তিক ঘটনা। পাশের জেলা মিরাট এখন জ্বলছে। উত্তর প্রদেশের এমন কোনো জেলা নেই, সাম্প্রদায়িক সংঘাত যেখানে ঘটছে না। সোশ্যাল নেটওয়ার্কে সমালোচনা হয়ে দাঁড়িয়েছে সহ্যের অতীত। মহারাষ্ট্রে এ জন্য একজনকে খুন পর্যন্ত করা হয়েছে। মোদিকে নিয়ে কার্টুন আঁকলে অথবা কোনো অপছন্দের মানুষের সঙ্গে তুলনা টানলে গ্রেপ্তার করা হচ্ছে। একটা দুটো নয়, বহু রাজ্যে এমন একাধিক ঘটনা ঘটছে প্রায় নিয়মিত। মোদি নির্বিকার। অনুপ্রবেশের নামে বাংলাভাষীদের আশঙ্কায় রাখা হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোয় তৈরি হচ্ছে সংশয় ও অবিশ্বাসের বাতাবরণ। গো বলয়ে কট্টর হিন্দুবাদী সংগঠন
গড়ে উঠছে। বিভিন্ন ঘটনায় প্রতিবাদের নামে তারা হিন্দুত্ব জাগরণে উসকানি দিচ্ছে। রমজান মাসে জবরদস্তি রোজা ভাঙানোর মতো অবাঞ্ছিত ঘটনা যেমন ঘটেছে, তেমনই ঘটেছে মাদ্রাসাশিক্ষিকাকে ধর্ষণ করে জবরদস্তি ধর্মান্তঃকরণের নিন্দিত ঘটনা। মোদি কিন্তু একবারের জন্যও এসব প্রবণতার বিরুদ্ধে একটি কথাও বলেননি। তিনি যেন অন্ধ ধৃতরাষ্ট্র! তাঁর সক্রিয় সহযোগিতা ও আশীর্বাদ মাথায় নিয়ে সংগঠনের রাশ টেনে ধরেছেন তাঁরই স্নেহধন্য অমিত শাহ। মোদি-শাহ যুগলবন্দী বহুত্ববাদী ভারতের সমাজকে কোন রাস্তায় নিয়ে যায়, ভবিষ্যৎ তার জবাব দেবে।
নরেন্দ্র মোদির বোঝা উচিত, পররাষ্ট্রনীতির সাফল্য ও অর্থনৈতিক বিকাশের পথে দেশের উন্নয়ন ঘটাতে হলে প্রথম প্রয়োজন সামাজিক শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সার্বিক সুস্থিতি বজায় রাখা। অশান্ত পরিবেশ ও সংশয়ী মন কোনো দেশকে অগ্রণী করতে পারেনি। তাঁর কোনটা ভালো আর কোনটা মন্দ, নরেন্দ্র মোদির চেয়ে বেশি ভালো তা আর কেউ বুঝবেন না।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।