
মরার আগে একজন মানুষকে আপনারা কতবার মারতে চান? না, বিশ্বাসীদের আমির, ওসামা বিন লাদেনের বন্ধু ও রক্ষক, তালেবানের স্রষ্টা ও বুদ্ধমূর্তি ধ্বংসকারী মোল্লা মোহাম্মদ ওমর এই প্রথমবার মারা গেলেন না।
বস্তুত, তিনি এর আগে তিনবার মারা গেছেন। তাঁর এই তিন মৃত্যুর মধ্যে সবচেয়ে বর্ণিল মৃত্যুটি ঘটেছিল ২০১১ সালে পাকিস্তানের সবচেয়ে বিষাক্ত—এবং কুখ্যাত রকম বিশৃঙ্খল— গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স এজেন্সির (আইএসআই) হাতে। অবশ্যই সেবারকার ঘটনাটা বানানো ছিল। ওদিকে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের আততায়ীদের হাতে ওসামা বিন লাদেনের মৃত্যুর আগে অন্তত দুবার
তাঁর মৃত্যু হয়েছিল। এমনকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও ২০০২ সালে তাঁর অস্তিত্ব নাকচ করে দিয়েছিলেন। এরপর শোনা গেল, তিনি ক্যানসারে মরতে বসেছেন। তারপর তিনি নাকি মরলেন কিডনি বিকল হয়ে। মগডালের মানুষেরা কাগজে-কলমে এভাবে ক্যানসারে বুড়ো খোকা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুও ঘটিয়ে দিয়েছিলেন।
এসব খবর যদি সত্যই হয়, তাহলে এইসব মানুষেরা জগদ্বিখ্যাত যিশুর পুনরুত্থানকেও হার মানিয়ে দিতেন। এমন ঘটনার আবিষ্কার গোয়েন্দা কর্মকর্তার আরাধ্য স্বপ্ন হলেও সাংবাদিকের জন্য তা রীতিমতো দুঃস্বপ্নের।
অনেক দিন আগের কথা। তখন কেবল ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রথম খবর ছড়াচ্ছে। সে সময় ওসামার খুব ঘনিষ্ঠ একজন পাকিস্তানি দুর্বৃত্ত আমাকে বলেছিলেন, তিনি জানেন, কেন এসব লোকেরা মরতেই থাকে। তিনি বলেছিলেন, সিআইএ, এমআইসিক্স, রাশিয়ার এফএসবি ও পাকিস্তানের আইএসআই শত্রুপক্ষের মৃত্যুর খবর রটিয়ে দিয়ে তাদের গর্ত থেকে বের হওয়ার জন্য উসকে দেয়,
যাতে তাদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়। তখন বাস্তবেই এরা তাদের চিরতরে নিকেশ করে দেয়। যদি ঘাগু সর্দার সত্যিই মরে গিয়ে থাকে, তা জানতে আর বেচারা সাংবাদিকদের ‘তথ্যদাতা’ হাতড়াতে হয়; নিষ্ঠুরভাবে হতবুদ্ধিকর শোকবার্তা লিখতে হয়।
তাই এই পরিচিত ও বিভীষিকাময় ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের গল্পটা এ রকম: মোল্লা ওমর, সম্ভবত ওসামা বিন লাদেনের জামাতা, তবে আলবাৎ এক চোখ কানা, ১৯৯৬ সালে নিজেকে বিশ্বাসীদের আমির বলে ঘোষণা করেছিলেন। এমনকি তিনি কান্দাহারে নবীর আলখাল্লা (জানি না সত্যিই সেটা তেমন কি না) পরে ঘুরেও বেড়াতেন। যে যোদ্ধা মুজাহিদেরা রুশদের সেখান থেকে হটিয়ে দিয়েছিল, সেই মুজাহিদদের বিরুদ্ধে মোল্লা ওমরের তালেবান বাহিনী বিজয়ী হয়েছিল, আর তিনি ছিলেন সেই যুদ্ধের সিপাহসালার। তাঁর বিজয়ের পর আফগানিস্তান দ্রুতই ইসলামিক আমিরাত অব আফগানিস্তানে পরিণত হয়। তিনি পাঁচ বছর সেই রাষ্ট্রের প্রধান ছিলেন। এরপর ৯/১১-এর পর তিনি ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে রাজনৈতিক আশ্রয় দেন। মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষিত হওয়ায় তিনি পালিয়ে যান। এভাবেই তাঁর পতন ঘটে।
মোল্লা ওমর খুনি ও ব্যভিচারীদের হত্যার অনুমতি দিয়েছিলেন, তিনি বুদ্ধের মূর্তি ধ্বংসেরও অনুমতি দিয়েছিলেন। যে তরুণেরা টেলিভিশন সেট ও খোদাই করা ছবির প্রতি ঘেন্নায় সেগুলোকে গাছে ঝোলানোর চিন্তাও করেনি, তাদের মনেও তাঁর প্রতি ভয়মিশ্রিত সমীহ জাগত।
কিছু গতানুগতিক সূত্র অনুসারে, তাঁর সর্বশেষ মৃত্যুটি দু-তিন বছর আগে হয়ে থাকতে পারে। তাঁর মৃত্যুর ঘটনাটা ঘটে থাকতে পারে, আইসিস তাঁর এলাকায় ঢোকার সুযোগ তৈরি করবার আগেই। সুতরাং এখনো যদি তাঁকে জীবিত দেখা যায়, তাহলে তিনি এখনো জীবন্মৃতদের আমির। মার্কিনদের ১০ মিলিয়ন ডলারের টোপের ভাষা সামান্য সংশোধন করে এমন কাউকে ধরবার জন্য হয়তো বরাদ্দ করা যেতে পারে যে আসলে ‘মৃত ও জীবিত’। এমন শর্ত নিশ্চয়ই আরও লোভনীয় হবে!
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।