মেয়র নাছির, আমলা ও পাজেরো কাহিনি
বাংলাদেশে এখন যে কজন মেয়র আছেন, দু-একজন বাদে তাঁরা সব আওয়ামী লীগের। বিরোধী দলের মেয়রদের কেউ পালিয়ে আছেন, কেউ জেলে। আবার কেউ বা ক্ষমতাসীনদের তুষ্ট করে কোনোমতে গদি টিকিয়ে রাখছেন। তবে ব্যতিক্রমও আছেন। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের হয়েও স্থানীয় আওয়ামী লীগারদের সহযোগিতা পান না। সিটি করপোরেশন নির্মিত পার্ক তাঁকে উদ্বোধন করতে দেওয়া হয় না।
মেয়রদের মধ্যে ইতিমধ্যে দাপুটে মেয়র হিসেবে পরিচিতি পেয়েছেন চট্টগ্রামের আ জ ম নাছির। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে টেক্কা দিয়ে তিনি দলে নিজের শক্ত বলয়ও তৈরি করে ফেলেছেন। মেয়রের অভিযোগ, চট্টগ্রামের উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বিপরীতে তাঁর কাছে শতকরা ৫ শতাংশ হারে ঘুষ দাবি করেছেন ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু ঘুষ দিতে রাজি না হওয়ায় তাঁর সিটি করপোরেশনের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি সরকার মেয়রদের পদমর্যাদা ঘোষণা করেছে। ঢাকার দুই মেয়র পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে কোনো মর্যাদা দেওয়া হয়নি। প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে রংপুরের মেয়রকে আর নারায়ণগঞ্জের মেয়রকে দেওয়া হয়েছে উপমন্ত্রীর পদমর্যাদা। কিন্তু মন্ত্রীর মর্যাদা না পেলেই কোনো আমলা তাঁর বরাদ্দ কমিয়ে দিতে পারেন না।
গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির এই বক্তব্যই দেশবাসীকে জানিয়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি।...আমাকে বলা হলো, করপোরেশনের জন্য যত টাকা চাই দেওয়া হবে থোক বরাদ্দ হিসেবে, তবে তার জন্য ৫ শতাংশ করে দিতে হবে। আমি বললাম, এই টাকা কোথায় পাব? বললেন, ঠিকাদারের কাছ থেকে ম্যানেজ করেন। তখন আমি বললাম, এটা পত্রিকায় নিউজ হবে না? ঠিকাদারও তো আমাকে চোর ভাববে? আমি কীভাবে নেব? কেন নেব? আমি কি এটা লিখে দিতে পারব যে মন্ত্রণালয়ে দিতে হবে এই জন্য ৫ শতাংশ করে টাকা কাটব? তখন বলে, না, এটা বলা যাবে না। আপনি ম্যানেজ করেন। আমি বললাম, না, এটা পারব না। বলল, তাহলে হবে না। এ কারণে আমি শুধু ৮০ কোটি টাকা বরাদ্দ পেলাম। যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’
এখানেই শেষ নয়। মেয়র এরপর যে বক্তব্য দিলেন, তাতে আক্কেলগুড়ুম। কয়েক দিন আগে একজন যুগ্ম সচিব নাকি মেয়রের সব কাজে সহযোগিতা করার আশ্বাস দেওয়ার বিনিময়ে তাঁর কাছে একটি পাজেরো গাড়ি চেয়েছেন। মেয়রের বক্তব্য গণমাধ্যমে আসার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, তাঁর মন্ত্রণালয়ের কেউ এভাবে উৎকোচ দাবি করতে পারেন না। মেয়রের কাছে তিনি ব্যাখ্যা চাওয়ার কথাও বলেছেন।
আমরাও চাই, এই বাদানুবাদের মধ্য দিয়ে সত্য বেরিয়ে আসুক। কিছু গড়বড় তো আছেই। আওয়ামী লীগের তৃতীয় সারির কোনো নেতা এ ধরনের অভিযোগ আনলে ভাবতাম, কাজ না পেয়েই তিনি এ রকমটি করেছেন। কিন্তু অভিযোগটি এসেছে এমন একজন মানুষের কাছ থেকে, যিনি ৫৫ লাখ মানুষের প্রতিনিধিত্ব করেন। তাঁর কাছে যদি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পাজেরো গাড়ি এবং কিছু আমলা উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ৫ শতাংশ ঘুষ চাইতে পারেন, তা হলে সাধারণ মানুষকে তাঁরা কতটা নাকাল ও নাজেহাল করতে পারেন, তা অনুমান করা কঠিন নয়। বিএনপি আমলের জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন নাইকোর কাছ থেকে উপঢৌকন হিসেবে দামি গাড়ি নিয়েছিলেন। মন্ত্রী নিতে পারলে আমলারা নয় কেন?
আসলে অনেক ক্ষেত্রেই দেশটা আওয়ামী লীগ বা বিএনপি চালায় না। চালান আমলারা। আ জ ম নাছিরের অভিযোগ এবং সচিব মহোদয়ের পাল্টা বক্তব্য—দুটিই পরখ করে আসল রহস্য বের করা উচিত। দুদকও বিষয়টি তদন্ত করে দেখতে পারে। মেয়রের দাবি, তিনি ঘুষ দিতে রাজি হননি বলেই প্রার্থিত উন্নয়ন বরাদ্দ পাননি। আ জ ম নাছির যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশনের মেয়র, সেহেতু তাঁর কথাটি অগ্রাহ্য করা ঠিক হবে না। মেয়র বলেই তিনি প্রকাশ্যেই অভিযোগটি করতে পেরেছেন। সাধারণ নাগরিক, এমনকি ঠিকাদার, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাদের পক্ষে তা সম্ভব হয় না। ফলে আমলাদের অনেক অন্যায় আবদার মেনেই কাজ করতে হয়।
আ জ ম নাছির যেদিন চট্টগ্রামে সেমিনারে আমলাদের ঘুষ তৎপরতা নিয়ে তাঁর ক্ষোভের কথা বললেন, সেদিনই মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন। তিনি বলেন, ‘যেকোনো কাজ আমরা হাতে নিই না কেন, তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের ওপরই অনেকাংশে বর্তায়।’
অনেকাংশে নয়, প্রায় পুরোটাই যে বর্তায়, তা সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা চট্টগ্রামের মেয়রকে বুঝিয়ে দিয়েছেন। মেয়রের জবাব দিয়েছেন সচিব। এখন সচিবের জবাবের জবাব দেওয়া মেয়রের নৈতিক দায়িত্ব বলে মনে করি।