চিকিৎসকের ব্যবস্থাপত্রে মেয়েটির বয়স ২৩ বছর। ‘টু হুম ইট মে কনসার্ন’ লিখে চিকিৎসক যে সনদ দিয়েছেন, তার সহজ অর্থ হচ্ছে মেয়েটির দুটো কিডনি নষ্ট। তাঁকে সপ্তাহে দুবার ডায়ালাইসিস করতে হবে। মেয়েটির কিডনি প্রতিস্থাপন দরকার।
মেয়েটি প্রথম আলোর বার্তা সম্পাদক বরাবর একটি আবেদন করে বলেছেন, তাঁর আর্থিক সহায়তা দরকার—এমন একটি খবর বা লেখা যেন প্রথম আলোয় ছাপা হয়। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার কাগজ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও সনদ যুক্ত করে দিয়েছেন। সঙ্গে মুঠোফোন ও ব্যাংকের হিসাব নম্বর।
মেয়েটি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের বিবিএ (ফাইন্যান্স) শেষ বর্ষের ছাত্রী। দেশে কিডনি প্রতিস্থাপনের আইনগত নিষেধাজ্ঞার ফলে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তিনি সেই অবস্থার শিকার। নির্মম জটিলতায় ছাত্রীটি এখন দিশাহীন।
কিডনি নষ্ট হয়ে গেলে বেঁচে থাকার দুটো উপায়: নিয়মিত ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন। ডায়ালাইসিস ব্যয়সাপেক্ষ, এবং এটা কোনো চূড়ান্ত সমাধান নয়। রোগীকে নিয়মিতভাবে ডায়ালাইসিস করতে হয় অবশিষ্ট জীবনভর। ডায়ালাইসিসের জন্য কোনো না কোনো প্রতিষ্ঠানের ওপরে নির্ভর করতে হয়। অন্যদিকে জীবনভর ডায়ালাইসিসের মোট ব্যয়ের তুলনায় কিডনি প্রতিস্থাপনের ব্যয় কম। এবং প্রতিস্থাপন সফল হলে কিডনি রোগের চূড়ান্ত চিকিৎসা সম্পন্ন হয়। তবে প্রতিস্থাপনের অবাধ পরিবেশে কিডনি বেচাকেনার ঝুঁকি আছে। আইনগত নিষেধাজ্ঞা যখন ছিল না, তখন এ দেশে কিডনি কেনাবেচার খবর চাঞ্চল্য সৃষ্টি করেছিল। উদাহরণ হিসেবে জয়পুরহাট জেলার কালাইয়ের মানুষের নিয়মিত কিডনি বিক্রির তথ্য উল্লেখ করা যায়।
>রক্ত ও চোখ দান করায় সমস্যা না হলে কিডনিতে সমস্যা হবে কেন? কিডনি বেচাকেনা বন্ধ করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি হওয়া মোটেও বাঞ্ছিত নয়
তবে আগে দেশের দু-একটা হাসপাতালে কালাইয়ের মানুষের কিডনি প্রতিস্থাপন হতো। নজরদারির কারণে বিক্রির খবর কম শোনা যায়। কিন্তু দেশের বাইরে গিয়ে তারা এখনো সেটা করছে—এমন খবর পাওয়া যায়।
২০১১ সালের দিকের ঘটনা। একটি ফাইভ স্টার হাসপাতালের কিডনি রোগবিষয়ক সার্জনের মুখে শোনা কাহিনি। এক লন্ডনপ্রবাসীর কিডনি নষ্ট। তিনি দেশে এসে দ্বিতীয় বিয়ে করেন। নতুন স্ত্রী নিয়ে ভারতে যান। স্ত্রী তাঁকে একটা কিডনি দেন। প্রতিস্থাপনের পর দুজনই দেশে ফেরেন। পরে লন্ডন চলে যান স্বামী, স্ত্রী থেকে যান গ্রামে। এমনই বিয়ের শর্ত ছিল। কিডনি বিক্রির এমন বহু কাহিনি আছে।
বাংলাদেশের আইনে কিডনি বা শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ বেচা বা কেনা নিষেধ। কিডনি দান করা যায়। তবে সবাই চাইলেই কিডনি দান করতে পারে না। পারে নিকটজনে। নিকটজনের মধ্যে আছে ১২ জন: মা, বাবা, ছেলে, মেয়ে, মামা, চাচা, খালা, ফুফু, ভাই, বোন, স্বামী, স্ত্রী।
ওপরে যে ছাত্রীর কথা বললাম, তাঁর বাবা নেই, মায়ের অনেক বয়স। নিকটজনের মধ্যে কিডনি দেওয়ার মতো কেউ নেই। নিয়মিত ডায়ালাইসিস করার মতো আর্থিক সামর্থ্যও তাঁর নেই। তবে এক খালাতো বোন কিডনি দিতে চেয়েছেন। দেশের আইন খালাতো বোনের কিডনি নিতে দিচ্ছে না। ছাত্রীর ভাষ্য অনুযায়ী, একাধিক চিকিৎসক তাঁকে বলেছেন, খালাতো বোনের কিডনি প্রতিস্থাপন করলে আইনের লঙ্ঘন হবে। এখন তিনি খালাতো বোনকে নিয়ে ভারত যেতে চান। সেখানে আইনের বাধ্যবাধকতা নেই। তবে প্রতিস্থাপন-সংশ্লিষ্ট অস্ত্রোপচারের ব্যয় অনেক বেশি। ব্যয় নির্বাহের সামর্থ্য তাঁর বা তাঁর মায়ের নেই। প্রথম আলোতে আবেদনের এটাই ছিল মর্ম কথা।
সমস্যাটি পুরোনো। কিন্তু তা সমাধানের জন্য কোনো সক্রিয় উদ্যোগ নেই। উল্লিখিত ১২ জন নিকটাত্মীয় ছাড়া অন্য কারও কিডনি নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা থেমে আছে। আইন সংশোধন করে তার খসড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এক বছরেরও বেশি আগে। ফাইল নড়ছে না।
পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্যা বিভিন্নভাবে সমাধানের চেষ্টা হয়েছে। কিছু দেশের আইনে বলা আছে, মৃত ব্যক্তির শরীরের মালিক রাষ্ট্র। মৃত্যুর পর রাষ্ট্র চাইলে অঙ্গপ্রত্যঙ্গ অন্যের শরীরে প্রতিস্থাপন করতে পারে, করেও। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মুমূর্ষু রোগী থাকেন। অনেকে মৃত্যুর আগে বলে যান, মৃত্যুর পর তাঁর শরীর অন্যের চিকিৎসায় ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠান ও চিকিৎসকদের প্রস্তুতি থাকে। ওই সব দেশে কিডনি বা অন্য অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন থেমে নেই।
কয়েক বছর আগে এ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি অংশ ‘ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের’ প্রস্তাব করেছেন। তাঁরা বলছেন, অনেক রোগী হাসপাতালে আইসিইউতে থাকেন, তাঁদের হৃৎপিণ্ড সক্রিয় থাকলেও মস্তিষ্ক নিষ্ক্রিয় (ব্রেন ডেথ) হয়ে যায়।
তাঁদের সুস্থ জীবনে ফিরে আসার আর কোনো সম্ভাবনা থাকে না। এসব রোগীর কিডনি, হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, যকৃৎ নিয়ে অন্যের শরীরে প্রতিস্থাপন করা যায়। সংশোধিত আইনের খসড়ায় এটি আছে। এ ক্ষেত্রে একটি মেডিকেল বোর্ড গঠনের কথাও তাতে আছে। ব্রেন ডেথের সিদ্ধান্ত দেবে ওই বিশেষজ্ঞ বোর্ড।
রক্ত শরীরের গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত দেওয়া-নেওয়ায় সামাজিক সমস্যা নেই। রক্ত দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়। মানুষ চোখও দান করে। একসময় মরণোত্তর চোখ দান করার পক্ষে রীতিমতো আন্দোলন ছিল। রক্ত ও চোখ দান করায় সমস্যা না হলে কিডনিতে সমস্যা হবে কেন? কিডনি বেচাকেনা বন্ধ করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি হওয়া মোটেও বাঞ্ছিত নয়, যার শিকার হয়েছেন উল্লিখিত ছাত্রীটি, যার শিকার হতে পারেন আরও অনেকেই।
শিশির মোড়ল: সাংবাদিক।