মেয়েসন্তানকে বাঁচতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিনটি সন্তান মেয়ে। আশা ছিল চতুর্থ সন্তানটি ছেলে হবে। কিন্তু আশা পূরণ হলো না। তাই মুখে বিষ ঢেলে ছোট্ট মেয়েটিকে হত্যা করলেন বাবা। খুব বেশি দিন আগের ঘটনা নয়। ১ মার্চ যশোরের অভয়নগর উপজেলায় ঘটেছে এ হৃদয়বিদারক ঘটনা।
স্ত্রীর গর্ভে যে সন্তানটি বেড়ে উঠছে সে ছেলে নয়, মেয়ে। আলট্রাসনোগ্রাফি করার পর ডাক্তার এমন তথ্য দেন। আর তাতে স্বামী তাঁর করণীয় ঠিক করে ফেলেন। হত্যা করেন স্ত্রীকে। এ ঘটনাও এ মাসেই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাষিরী গ্রামে ঘটেছে।
কী নির্মম এ পৃথিবী! শুধু মেয়ে হিসেবে জন্ম নেওয়ায় একটি মানবশিশুর বাঁচার অধিকার রইল না! আর মেয়েসন্তান গর্ভধারণ করার অপরাধে মাকে জীবন দিতে হলো! এ কেমন কথা?
সন্তান মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়েছেন অনেক স্বামী। অনেক স্ত্রী হয়েছেন নির্যাতনের শিকার। বহু সংসার ভেঙে গেছে এই একটি কারণে। এমনও দেখা গেছে, একটি ছেলেসন্তানের আশায় পরপর সাতটি মেয়ের জন্ম দিয়েছেন এক দম্পতি। আট নম্বর সন্তানটি ছেলে হওয়ার পরই তবে সন্তান জন্মদানে ক্ষান্ত দেন তাঁরা।
কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কেন মেয়েরা অবাঞ্ছিত? কেন ছেলেসন্তানের জন্য বাবা-মায়ের এই উদগ্র আকাঙ্ক্ষা। ছেলেরা বংশ রক্ষা করে এই জন্য নাকি বুড়ো হলে ছেলে বাপ-মাকে খাওয়াবে? কারণ মেয়ের তো বিয়ে হয়ে যাবে। অন্যের ঘরে যাবে। তাই বাপ-মাকে দেখবে না। আজকের যুগে এমনটি ভাবার কি সুযোগ আছে?
মেয়েরা আজকাল পড়ালেখা করে মানুষ হচ্ছে। অনেক মেয়ে তাঁর পরিবারে আর্থিক সচ্ছলতা আনছেন। বৃদ্ধ বাবা-মাকে দেখছেন। এমন উদাহরণ তো সমাজে অনেক রয়েছে। তারপরও কেন মেয়েদের অবাঞ্ছিত ভাবা?
একটা সময় ছিল মেয়েদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তারা ঘরেই থাকত। তখন মেয়েদের পেছনে কোনো বিনিয়োগ করা হতো না। তাদের লেখাপড়া করানো হতো না। বাবা-মায়েরা মনে করতেন মেয়েদের পড়ালেখা করানোর অর্থ হচ্ছে টাকার অপচয়।
দিন পাল্টেছে। মেয়েরা চিকিৎসক হচ্ছেন, প্রকৌশলী হচ্ছেন, পাইলট হচ্ছেন, প্রধানমন্ত্রীও হচ্ছেন। সমাজে ও পরিবারে তাঁদের ভূমিকা অনেক। যাঁরা মেয়েদের শুধু মেয়ে হওয়ার অপরাধে হত্যা করছেন, তাঁদের চোখে কি এসব কিছুই পড়ে না?
আর সব ছেলেই কি তাঁদের বুড়ো বাপ-মাকে দেখছে? এমনও তো উদাহরণ আছে যেখানে ছেলে বাবা-মাকে ফেলে গেছেন আর মেয়েটিই বাবা-মায়ের দেখাশোনা করছেন। ছেলে আয়োজন করে বাবা বা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন—এমন ঘটনা তো আমাদের দেশে হরহামেশাই ঘটছে।
একটি কথা সবার জানা প্রয়োজন। সন্তান ছেলে না মেয়ে হবে, তার জন্য কখনোই মায়েরা দায়ী নয়। বাবারাও দায়ী নয়। আমরা জানি প্রতিটি মানুষের শরীরে ৪৬টি ক্রোমোজম থাকে। সেগুলো দুই প্রকারের। বিজ্ঞানের পরিভাষায় এগুলোকে x ও y নামে অভিহিত করা হয়। নারীর দেহে থাকে ৪৬টি x ক্রোমোজম। আর পুরুষের শরীরে থাকে ২৩টি x ও ২৩টি y, পুরুষ ও নারীর শারীরিক সম্পর্কের সময় স্বামীর থেকে ২৩টি x এবং স্ত্রীর থেকে ২৩টি x এসে যে সন্তান হয় তা হয় মেয়ে। আর যদি স্বামীর থেকে ২৩টি y আসে তাহলে সন্তান হয় ছেলে।
তাহলে আমরা দেখতে পাই যে এটা পুরোপুরি স্বামীর অবস্থার ওপর নির্ভর করে। তবে x ক্রোমোজোম আসবে নাকি y ক্রোমোজোম আসবে, তা স্বামীও বলতে পারেন না। অতএব ছেলে বা মেয়ে হওয়ার জন্য কাউকে দায়ী করা যাবে না। আর এই বিষয়টি সবাইকে ভালোভাবে বোঝাতে হবে। মানবশিশুর জন্ম নিয়ে এ রকম ভুল ধারণার অবসান ঘটাতে হবে।
বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, ঘরে-বাইরে নারীদের বিচরণ এখন চোখে পড়ার মতো। পোশাকশিল্পে শ্রমিকদের ৮০ শতাংশ হচ্ছেন নারী। সমাজের অন্যান্য ক্ষেত্রেও রয়েছে তাঁদের দৃপ্ত পদচারণ। ক্ষমতায়নের ক্ষেত্রেও দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে নারীরা আসীন হচ্ছেন।
তারপরও অনেকের কাছেই মেয়েরা অবাঞ্ছিত। অনেক পুরুষের মনোভাব হচ্ছে মেয়েদের সঙ্গে প্রেম করব, তাঁদের বিয়ে করব, তাঁদের দিয়ে ঘরের কাজ করাব কিন্তু ঘরে কোনো মেয়েসন্তান জন্ম নেবে না। আজকের আন্তর্জাতিক নারী দিবসে বলতে চাই, মেয়েসন্তানকে বাঁচতে দিন। তাদের যত্ন নিন। ভালোবাসুন। একদিন এই মেয়েসন্তানই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ।
রোকেয়া রহমান: সাংবাদিক।