মৈত্রী এক্সপ্রেস ও দর্শনা-গেদের বাগড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ–ভারত মৈত্রী এক্সপ্রেস
বাংলাদেশ–ভারত মৈত্রী এক্সপ্রেস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভৌগোলিক সীমানা থেকে একক গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি মানুষ কোন শহরে যায়? এ-জাতীয় পরিসংখ্যান পাওয়া দুষ্কর। তবে একক গন্তব্য হিসেবে কলকাতামুখী যাত্রীর সংখ্যাই সম্ভবত বেশি। দুনিয়ার আর কোনো দ্বিতীয় শহরের উদ্দেশে কি এর চেয়ে বেশি যাত্রী ঘর ছাড়ে? অন্তত ঢাকার সঙ্গে কলকাতার বিমান, সড়ক আর রেল অর্থাৎ তিন পন্থায়ই যে যোগাযোগ আছে, দ্বিতীয় কোনো বড় শহরের সঙ্গে তা তো নেই। এবং চিন্তাকে একটু বাড়িয়ে কেউ যদি বলেন, নদীপথেও ঢাকা থেকে কলকাতা যাওয়া সম্ভব, সে যুক্তিও অবশ্য মান্য।
রেলই যে সবচেয়ে সস্তায় সাধারণ মানুষের জন্য ভ্রমণ নিশ্চিত করে, তার প্রমাণ মেলে ‘মৈত্রী এক্সপ্রেসে’র ভিড় আর নিয়মিত যাত্রা থেকে। অতি সম্প্রতি কলকাতা ভ্রমণের সময়ে বিমানের টিকিট না কেটে আমার স্ত্রীর পরামর্শে ট্রেনের টিকিট কাটি। আমাদের ভ্রমণসঙ্গী ছিলেন আমার মা ও স্ত্রীর বড় বোন।
মৈত্রী এক্সপ্রেস ঢাকার সেনানিবাস স্টেশন থেকে ভোরে যাত্রা করতেই মন উৎসাহে ভরে ওঠে। ভ্রমণের পথটি ভৌগোলিকভাবে অপূর্ব: চিরায়ত বাংলার মধ্যাঞ্চলের হৃদয় চিরে ঢাকা থেকে পথটা প্রথমে সরাসরি উত্তরে। এই মূলত লালমাটির অঞ্চলকে ভূগোলের ছাত্রেরা ‘প্লেইস্টোসিন’ ভূমি হিসেবেই জানেন। চারপাশের নদীবাহিত পলি অঞ্চলের মধ্যভাগে এমন জিওলজিক্যাল গড়ন নদীবাহিত, বন্যাপীড়িত এলাকার লোকের চোখে তৃপ্তি আনে বটে। আসলে সেনানিবাস এলাকা থেকে শুরু করে টঙ্গী পার হয়ে গাজীপুর পর্যন্ত এই প্লেইস্টোসিন যুগের এলাকাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জরিপকারী মেজর জেমস রেনেল তাঁর ১৭৭৬ সালে প্রকাশিত মানচিত্রে টঙ্গী সমভূমি (‘প্লেন অব টুঙ্গী’) নাম দিয়েছিলেন। এটাও পলির গড়া; তবে তা অনেক পুরোনো; আর তা ঢাকার বুড়িগঙ্গার উত্তর পাড় পর্যন্তই বিস্তৃত। নগরায়ণের হৃদয়হীন তোড়ে কোথায় সে নাম তলিয়ে গেছে।
প্লেইস্টোসিন ভূমি শেষ হওয়ার আগেই যমুনা নদীর বঙ্গবন্ধু সেতুর পথ ধরে রেললাইন; এই পথ পশ্চিমমুখী। একসময় টাঙ্গাইলের লোকদের মনে দুঃখ ছিল তাদের জেলায় রেললাইন নেই। যমুনা নদীতে সেতু তৈরির প্রক্রিয়ায় তারা তা পেয়েছে। সেতুর ওপারে ডানে-বাঁয়ে আশপাশে শাহজাদপুর, মুলাডুলী, চাটমোহর, ভাঙ্গুড়া হয়ে ঈশ্বরদী, এরপর পাকশী; পদ্মা পেরিয়ে ওপারে ভেড়ামারা, পোড়াদহ; একটু বাঁয়েই অল্প দূরে কুষ্টিয়া-শিলাইদহ। ডানে-বাঁয়ে যে নদী-নালা, বিল-ঝিল রবীন্দ্রনাথ তো সোয়া শ বছর আগে তাতে তাঁর বোটে চলতেন; রবীন্দ্র-ভক্তদের হয়তো মনে হবে রবীন্দ্রনাথের গায়ের গন্ধ এখনো এখানকার আকাশে-বাতাসে মাখানো।
প্রাক ১৯৪৭ পর্বে রেল যোগাযোগে এক গুরুত্বপূর্ণ অবস্থানে থাকত পাকশী। অনেকটা বিরতির পর মৈত্রী এক্সপ্রেস সে গুরুত্ব আবার বাড়িয়েছে। পাকশী পেরিয়ে পদ্মার ওপর রেলসেতু; প্রায় সমান্তরালে কিছুটা দূরে অনেক পরে তৈরি সড়কসেতু; ওপারে ভেড়ামারা, এবং এসব পেরিয়ে দর্শনা।
এত মজার যে পথ, দর্শনায় পৌঁছেই তা ক্রমেই তিক্ত হয়ে এল। মৈত্রী এক্সপ্রেসের মৈত্রী যেন মিলিয়ে গেল। রেলের কর্তারা বক্স-ফেন্সিং নামে এক অপূর্ব জিনিস আবিষ্কার করেছেন। ট্রেন থেকে সবাইকে নামিয়ে এক বড় আকারের খাঁচার মধ্যে ঢোকানো হলো; সেখানেই পাসপোর্টে সিল পড়ে। এই প্রক্রিয়াটির রাষ্ট্রীয় আচারিক নাম ইমিগ্রেশন কন্ট্রোল। দেড়-দুই ঘণ্টার লাইনে দাঁড়িয়ে অবশেষে মুক্তি।
দর্শনা আর ওপারের গেদের মধ্যে নো ম্যান্স ল্যান্ড দেখলে মনে হবে দুটি মৈত্রীহীন যুদ্ধাবস্থার দেশের মধ্য দিয়ে যেন পার হচ্ছি: গাছগাছড়ার আড়ালে সম্ভবত কবির ভাষায় ‘ব্যোমযান, কামান, পদাতি’। র্যাডক্লিফ লাইনকে রক্ষার কত রকম সুবিস্তৃত যজ্ঞ! মধ্যে চোখে পড়ল নিখুঁত হাতের কাঁটাতারের বেড়া। এই নৃশংস জিনিসটি কুড়ি বছর আগে প্রথম দেখেছিলাম জামালপুর জেলার উত্তরে ডাংধরা ইউনিয়নে ত্রাণকাজে গিয়ে: আমাদের নৌকা স্বচ্ছ জিঞ্জিরাম নদীর বুক চিরে চলছে; পাশেই মেঘালয়ের পাহাড়ের ঢাল। ঢালের মাঝ-বরাবর পিচঢালা রাস্তা; রাস্তা ও জিঞ্জিরামের পাড়—এ দুয়ের মাঝ দিয়ে কুশ্রী কাঁটাতারের বেড়া সমস্ত সৌন্দর্যকেই পরিহাস করছে।
ওই নো ম্যান্স ল্যান্ডের অন্য প্রান্তে গেদে: এই ভ্রমণের সবচেয়ে দুর্ভাগ্যজনক ভিলেন-প্রতিম রেলস্টেশন। গেদেতে সব মালপত্র নিয়েই ট্রেন থেকে নামতে হয় এবং এখানেও আরেক খাঁচাসদৃশ ইমিগ্রেশন কন্ট্রোল। সময় লাগল ঘণ্টা দুয়েক। গেদের আচারকর্মের অত্যাচারের পর কলকাতা পর্যন্ত যেতে ট্রেনের গতি যেমন বাড়ল, তেমনি প্রতিটি মিনিটেই কলকাতা মূর্ত হতে থাকল: পশ্চিম বাংলার এই অংশের পুরোটাই বুঝি-বা কলকাতার সম্প্রসারণ—ভিন্ন ভিন্ন উপশহরের নাম নিয়ে।
কিন্তু দর্শনা ও গেদের চার ঘণ্টার গঞ্জনার পরে যাত্রার পরের অংশ বিস্বাদ লাগে। এবং মৈত্রী এক্সপ্রেসকে মনে হয় মৈত্রী-বর্ধনে অক্ষম এক নিরুত্তাপ প্রাণহীন যন্ত্রযান। বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ সচিব আলী কবীর এই বলে একবার আমার কাছে তুষ্টি প্রকাশ করেছিলেন যে মৈত্রী এক্সপ্রেসের ট্রিপ-সংখ্যা বাড়ানোর কর্মযজ্ঞে তিনি অংশীদার ছিলেন। তাঁর চেয়ারে থাকলে আমিও সম্ভবত ওই একই তৃপ্তি প্রকাশ করতাম। কিন্তু এই ভ্রমণের পরে এখন আর এ নিশ্চয়তা দিতে পারি না। শুনেছি, কলকাতা থেকে খুলনা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস-২ চালু হবে। খুবই প্রশংসনীয় উদ্যোগ; কিন্তু কর্তারা যেন মোট ভ্রমণের সময়ের সঙ্গে ইমিগ্রেশন কন্ট্রোল নামের খাঁচাবদ্ধকরণের সময়টার একটা যুক্তিসংগত সহনীয় অনুপাত উদ্ভাবন করেন। ঢাকা-কলকাতার ক্ষেত্রে তা তো মগের মুলুকের মতো এক-তৃতীয়াংশ।
আমার মস্কো-কিয়েভ বা মস্কো-রিগা বা ঘরের কাছে কুয়ালালামপুর-সিঙ্গাপুরের মধ্যে একাধিকবার ট্রেনে ভ্রমণের সুযোগ হয়েছে। ইউরোপে সব ধরনের ইমিগ্রেশন কাজ ট্রেনেই হয়। কুয়ালালামপুর-সিঙ্গাপুরের ইমিগ্রেশন হয় সিঙ্গাপুর রেলস্টেশনে ট্রেন থেকে ওঠানামার সময়। আমি আমাদের রেলের বর্তমান দু-এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জেনেছি, মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুরো শীতাতপনিয়ন্ত্রিত
হয়ে পূর্ণবদ্ধ না হওয়া পর্যন্ত নাকি এটা সম্ভব হবে না। তখন ঢাকার সেনানিবাস স্টেশনে ওঠার আগে আর চিতপুর
স্টেশনে নামার পরে ইমিগ্রেশন কাজটি হবে। তা যখন হবে, হোক। না হওয়া পর্যন্ত ইমিগ্রেশন কর্তারা যদি যাঁর যাঁর দেশের অংশে ট্রেনযাত্রী হয়েই দেশ রক্ষাকারী মহান সিল মারার কাজগুলো চলমান ট্রেনেই সমাপ্ত করতেন, যেমনটা টিটিইরা করেন, মৈত্রী এক্সপ্রেসকে সুখবহ মনে হতো। যতক্ষণ তা না হচ্ছে, বেরসিক লোকদের জন্য মৈত্রী এক্সপ্রেস ততটা মিত্রতার প্রতীকবহ হবে না।
এক ইতিহাস-প্রাজ্ঞ সজ্জনকে এই বিরক্তির আখ্যান জানালে তিনি সান্ত্বনা দিলেন এই বলে যে নামটা ‘মৈত্রী এক্সপ্রেস’ বলেই মাত্র চার ঘণ্টায় দর্শনা-গেদের বাগড়া শেষ হয়েছে; নইলে আট ঘণ্টা লাগত। দুঃখ-বিড়ম্বনার মুখে আজকাল এ ধরনের নিরাসক্ত মহানুভবতা বিরল; এবং চিন্তার এই ঔদার্যে ও বৈরাগ্যে যাত্রীরা না হোক, দু–দেশের রেল ও ইমিগ্রেশন কর্তারা যে সুখী হবেন, তাতে সন্দেহ নেই। কিন্তু যাত্রীদের সুখ কোথায় থাকে?
আখতার হোসেন খান: সাবেক সচিব।