মোদির কিসের ভয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংসদের ৫৪৩ জন সদস্যের মধ্যে যে দলের ২৮২ জন সদস্য আছে, তাদের পা হঠাৎ করে দুলে ওঠার কল্পনাসাধ্য কারণ নেই। তা সত্ত্বেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিন হঠাৎ করে বললেন, তাঁর সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, যাতে অনেকেই অংশীদার হয়েছেন। মোদি বিভিন্ন মহলের দিকেই আঙুল তাক করেছেন, যাঁরা তাঁকে ‘শেষ করার’ ও তাঁর ‘মানহানি’ করার চেষ্টা করছেন। মোদি অভিযোগ করেছেন, নিম্নবর্ণের মানুষ হওয়ায় নানা মহল তাঁর ওপর আক্রমণ চালাচ্ছে। এমনকি ভারতের শক্তিশালী করপোরেট মহলও এর মধ্যে আছে বলে তিনি ইঙ্গিত করেছেন।
মোদি আরও অভিযোগ করেছেন, তিনি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রাপ্ত অর্থের জবাবদিহি চাওয়ায় অনেকের আঁতে ঘা লেগেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনি সবকিছুতেই বিপদের গন্ধ পাচ্ছেন। এবার প্রধানমন্ত্রীর কিছু উক্তি উদ্ধৃত করা যাক:
* কিছু লোকের কাজ হচ্ছে, সকাল-সন্ধ্যা আমার সরকারের সমালোচনা করা। তারা আসলে এ সত্য হজম করতে পারছে না যে চা–বিক্রেতা আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
* এ ছাড়া আমার কিছু কাজের কারণে অনেকের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। দুর্নীতিবাজেরা জালিয়াতি করতে পারছে না...যে মানুষেরা কালোবাজারে ইউরিয়া সার বিক্রি করত, তারা কি আমার ওপর রুষ্ট হবে না?
* আগে এনজিওগুলো বিদেশি টাকা পেত...তো আমরা কি জানতে চাইব না, এই টাকা কোথা থেকে আসে, আর কোন কাজেই বা তা খরচ হয়? আমি যখন থেকে তাদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছি, তখন থেকেই তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, মোদিকে শেষ করে দেওয়া, তাঁর সরকারকে অস্থিতিশীল করা ও তাঁর গায়ে কাদা লাগানো।
মোদির মুখে এসব কথা মানায় না, কারণ তিনি সব সময় নিজের এমন এক ভাবমূর্তি নির্মাণের চেষ্টা করেছেন যে তিনি ভারতীয় রাজনীতির সেবক, যিনি সর্বত্র বিরাজমান, অজেয় ও অনাক্রম্য এক নেতা। ফলে তাঁর মতো মানুষ যখন বলেন, উচ্চবর্ণের হিন্দু, করপোরেট খাত ও বিদেশিরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন বুঝতে হয়, তাঁর নিরাপত্তাহীনতার বোধ খুবই তীব্র। ভারতীয় রাজনীতির জগৎ কলুষিত, ফলে তিনি যদি সামান্যতম দুর্বলতাও দেখান, তাহলে শকুনের দল তাঁর ওপর হামলে পড়বে। কিন্তু মোদির দলের ভেতর থেকে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ হওয়ার আশঙ্কাই নেই, আবার বিরোধীরা এতটা আশাহীনভাবে দ্বিধাবিভক্ত যে মোদির দুর্গে আঘাত হানার মতো শক্তি তাদের নেই।
তবে যে উচ্চবর্ণ প্রভাবিত ভারতীয় জাতীয়তাবাদীরা মোদির ভাবমূর্তি তৈরি করেছে, তারা মোদির পায়ের নিচ থেকে গালিচাটা সরিয়ে নিতে পারে। কিন্তু কথা হচ্ছে, তারাই বা কেন আত্মহত্যা করতে যাবে? মোদি সরকার তো ব্রাহ্মণ্যবাদী আরএসএসের স্বার্থ সংরক্ষণ করছে, তাদের ‘হিন্দুত্ববাদী’ এজেন্ডা বাস্তবায়ন করার দেদার সুযোগ দিচ্ছে। ফলে স্পষ্টতই মোদির অভিযোগের ভিত্তি নেই। আর একজন নিছক চা–বিক্রেতা হয়েও মোদি ভারতীয় করপোরেট খাতের প্রিয়পাত্র হয়েছেন।
একইভাবে সিআইএর পক্ষেও মোদিকে উৎখাত করার আশঙ্কা নেই বললেই চলে, কারণ তিনি ভারতের সবচেয়ে ‘মার্কিনপন্থী’ প্রধানমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও মোদির অভিযোগ করার বাতিকের পেছনে একটা ধরন আছে বলে দেখা যায়, বিষয়টা হচ্ছে, মোদির নিরাপত্তাহীনতা বোধ করার কারণ আছে। বিষয়টা হচ্ছে, সম্প্রতি মোদি সরকারের হালচাল ভালো যাচ্ছে না। ২০১৪ সালের নির্বাচনের
আগে মোদি বড় বড় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বিদেশি ব্যাংকে গচ্ছিত ভারতীয়দের কালোটাকা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন, অর্থনীতি পুনরুদ্ধার করে জাদুর কাঠি দিয়ে কর্মসংস্থান ও সবার জন্য ‘সুশাসন’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি এসব করতে ব্যর্থ হয়েছেন।
সরকার দাবি করছে, ভারতের অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে, তারা বলছে, ভারতই এখন দুনিয়ার সবচেয়ে ‘দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি’। কিন্তু কাছ থেকে দেখলে এই অর্থনীতির বিষণ্ন চেহারাটি চোখে না পড়ার মতো নয়। অর্থনীতির পরিসংখ্যান প্রণয়নের এক বিতর্কিত পদ্ধতি আবারও এস্তেমাল করা হচ্ছে, যার কারণে অর্থনীতিকে প্রকৃত আকারের চেয়েও বড় দেখায়।

>দেশপ্রেম নাকি বদমাশদের শেষ আশ্রয়। আর আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি সরকারের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ দেশপ্রেমের ধুয়া তোলার চেষ্টা করছে

অন্যদিকে তেলের দাম কমার ব্যাপারটাও অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। জিডিপির অনুপাতে ভারতের তেল আমদানির পরিমাণ ২০১১-১২ সালে ছিল ৯ শতাংশ, যেটা বর্তমানে ৫ শতাংশে নেমে এসেছে। ভারতের প্রবৃদ্ধির এমন বাড়বাড়ন্ত হওয়ার পেছনে এটাও অন্যতম এক কারণ। কিন্তু আপনি যদি খাতওয়ারি বিবেচনা করেন তাহলে দেখবেন, চিত্রটা খুবই নির্মম। উৎপাদন খাত তো বাড়ছেই না, আবার জিডিপি-বিনিয়োগের অনুপাতের হারও নাটকীয়ভাবে কমছে।
পরপর দুবার বৃষ্টিপাত কম হওয়ায় কৃষি উৎপাদন বাড়ছে না, ফলে গ্রামীণ অঞ্চলের চাহিদাও পড়ে যাচ্ছে। কৃষি মজুরি বৃদ্ধির হার পাঁচ বছর আগে ছিল ২৩ শতাংশ, যেটা আজ ২ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। গ্রামীণ অঞ্চলের ভোগও কমে গেছে, তা সে ট্রাক্টর কেনা হোক বা সাবান ও ডাল হোক। আগের বছরের তুলনায় রপ্তানির প্রবৃদ্ধির হার নেতিবাচক হয়ে গেছে।
ফলে এ কথা বলা যায় যে অর্থনীতি একরকম সেবা খাতের ওপর দাঁড়িয়ে আছে, যার রসদ জোগাচ্ছে তেলের কম দাম। এটা কারও কাছ থেকে লুকিয়ে রাখা যাবে না যে ভারতের আর্থিক ব্যবস্থার ভেতরটা একদম পচে গেছে। সেখানকার রাষ্ট্রীয় ব্যাংকগুলো এমন সব ‘সন্দেহজনক প্রকল্পে বিনিয়োগ করেছে, যার সম্ভাবনা খুবই কম, আর সেটা তারা করেছে কর্তাদের পূর্ণ সম্মতি নিয়েই...’ একজন ভাষ্যকার বলেছেন, ‘এখন নিয়ন্ত্রণটা রয়েছে করদাতাদের হাতে।’ ব্যাংকগুলো ব্যাপক হারে বেইলআউট প্রত্যাশা করছে। ওদিকে ব্যবসা-বাণিজ্যের অবস্থাও খারাপ। বড় বড় কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে। ২০১৮-১৯ সালের আগে পরিস্থিতির উত্তরণ হওয়ার সুযোগ নেই।
এদিকে রোববার থেকে লোকসভার বার্ষিক বাজেট অধিবেশন শুরু হয়েছে, কিন্তু নিজের রেকর্ড বজায় রাখার ক্ষেত্রে সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সরকার নীতিগত পক্ষাঘাতের কবলে পড়ল বলে। একই সঙ্গে দেশে নানা রকম সামাজিক অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। দিল্লির আশপাশে সরকারকে কারফিউ জারি করতে হয়েছে, আবার একটি নির্দিষ্ট বর্ণের মানুষেরা চাকরিতে কোটার দাবিতে আন্দোলনে নামলে সরকার সেনাবাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেয়। তিনটি বড় বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বড় বড় আন্দোলন হয়েছে। সরকারি দলের ছাত্রসংগঠন ক্যাম্পাসে এসব ‘জাতিবিরোধী’ শক্তিগুলোর সঙ্গে লড়ছে।
দেশপ্রেম নাকি বদমাশদের শেষ আশ্রয়। আর আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি সরকারের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ দেশপ্রেমের ধুয়া তোলার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে, সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একযোগে জাতীয় পতাকা তুলতে হবে। ফলে নিশ্চিতভাবেই বলা যায়, মোদি জনমত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। কিন্তু তাতে কাজ হবে না। তাঁর নেতৃত্ব যে মাঝারি গোছের, সেটা বেশ বোঝা গেছে।
এশিয়া টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
এম কে ভদ্রকুমার: সাবেক ভারতীয় কূটনীতিক।