মোদির জাত্যভিমানের সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী থারুর
শশী থারুর

নতুন বছরের শুরুতে এটা ক্রমেই পরিষ্কার হচ্ছে, ভারতীয় সরকার নিজের কারণেই উভয়সংকটে পড়েছে, যে সমস্যায় তার আগের সরকারকে পড়তে হয়নি।
গত বছরের মে মাসে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সারা দুনিয়ায় হইচই পড়ে যায়। দুনিয়ার সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশে ব্যবসাবান্ধব সরকার ক্ষমতায় এসেছে। মোদির বাজারমুখী কথাবার্তা শুনে বিনিয়োগকারীরা তাঁকে উন্নয়নের নতুন ত্রাতা হিসেবে আখ্যা দেন। মোদি ঘোষণা দেন, তিনি ‘লালফিতার জায়গায় লালগালিচা বিছিয়ে দেবেন’, ব্যবসা-বাণিজ্য নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই, আর তিনি ‘ভারতে বানাও’ স্লোগানও দেন। ফলে বিনিয়োগকারীরা তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মোদির ভারতীয় জনতা পার্টি ২৫ বছরের মধ্যে এবারই প্রথম সংসদের নিম্নকক্ষের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে জোট সরকারকে যে যন্ত্রণা সইতে হয়, তাঁকে সেটা সইতে হয়নি। মোদির বিদেশ সফরে নতুন ব্যবসার অঙ্গীকার পাওয়া যায়, নতুন বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যায়। যৌথ উদ্যোগের কথাও শোনা যায়। তিনি বিশ্বব্যাংকের বৈশ্বিক ‘ডুয়িং বিজনেস’ সারণিতে ভারতের বর্তমান শোচনীয় অবস্থান ১৪২ থেকে উন্নীত করে তাকে অন্তত ৫০-এর মধ্যে নিয়ে আসার সংকল্প ব্যক্ত করেন।
কিন্তু বিজেপির মূল লক্ষ্য থেকে এসব ক্রমেই হারিয়ে যাচ্ছে বলে মনে হয়। বস্তুত, মোদি ক্ষমতায় এসেছেন একদল ডানপন্থী গোষ্ঠীর কর্তা হিসেবে। তারা মোদির অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে মোটেও চিন্তিত নয়। বরং তারা ‘সাংস্কৃতিক জাতীয়তাবাদে’ আচ্ছন্ন হয়ে আছে; যেটা আসলে ‘হিন্দু জাতীয়তাবাদের’ পুনঃপ্যাকেজ ভিন্ন অন্য কিছু নয়।
মোদির ঘোষিত অর্থনৈতিক সংস্কার ও সাংস্কৃতিক অন্তর্মুখিনতার মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা উন্নয়নের পথে বড় এক বাধা। এই সাংস্কৃতিক অন্তর্মুখিনতাই তার ভোটব্যাংক তৈরিতে বড় ভূমিকা রেখেছে। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও যেসব মানুষের জাত্যভিমান তাঁকে কমজোর করে দিচ্ছে, তাঁদের সাংগঠনিক শক্তির ওপর তাঁর অর্থনৈতিক কর্মসূচির সফলতা নির্ভর করছে।
মোদির প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে সংখ্যালঘুদের ওপর বেশ কিছু হামলা হয়েছে, বিশেষ করে মুসলমানদের ওপর। শিবসেনার এক সাংসদ গত রোজার সময় ক্যাফেটেরিয়ার এক মুসলিম কর্মীকে জোর করে রুটি খেতে বাধ্য করেছিলেন। আর পুনের এক মুসলিম তরুণ আরও করুণ ভাগ্য করণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মানহানিকর পোস্টের ‘বদলা’ নেওয়ার জন্য তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদিও সেই পোস্টের সঙ্গে তাঁর কোনো সম্পর্কই ছিল না বলে জানা গেছে।
এরপর দেশব্যাপী ‘ভালোবাসা জিহাদের’ ভীতি ছড়িয়ে পড়ে। অভিযোগ করা হয়, এটা এক মুসলিম চক্রান্ত, যার মাধ্যমে মুসলিম তরুণেরা হিন্দু তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে তাঁদের শেষমেশ মুসলিম ধর্মে রূপান্তরিত করবে। স্ফুলিঙ্গ সৃষ্টির ক্ষমতাসম্পন্ন এ কথা ছড়ানোর আগেই বিজেপি-সমর্থিত এই গণস্নায়ুবৈকল্য সব মহলেই পরিত্যাজ্য হয়। ভারতের জনসংখ্যার ১৩ শতাংশ মুসলিম, আর এরূপ বিয়েও হয়েছে হাতে গোনা কয়েকটি।
একজন বিশিষ্ট মোদি-সমর্থক বলেছেন, সব ভারতীয়কেই এটা মানতে হবে যে তাঁরা সাংস্কৃতিকভাবে হিন্দু। মন্ত্রিসভার এক নারী সদস্য ভারতকে দুই ভাগে বিভক্ত করেছেন: রামজাদা (যারা হিন্দু দেবতা রামের বিশ্বাসী) ও হারামজাদা (বেজন্মা)। তার পরও তাঁকে পদ হারাতে হয়নি। বিজেপির আরেক সাংসদ মহাত্মা গান্ধীর হিন্দু জাতীয়তাবাদী খুনিকে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন। আর মোদির দলের একটি উপদল এক প্রচারণায় ঘোষণা দিয়েছে, দেশজুড়ে সেই খুনির আবক্ষ মূর্তি স্থাপনের দাবি জানানো হবে।
এই দ্রুত ধাবমান জাত্যভিমানের কোনো সীমা-পরিসীমা নেই। মোদি এক নতুন হাসপাতালে বক্তৃতা দিতে গিয়ে বলেন, হিন্দু দেবতা গণেশের শরীরে যে হাতির মাথা রয়েছে, তাতে বোঝা যায়, প্রাচীন হিন্দুদের প্লাস্টিক সার্জারির জ্ঞানও ছিল।
শিক্ষামন্ত্রী হঠাৎ করেই ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে জার্মান শেখার সুযোগ প্রত্যাহার করে তার জায়গায় সংস্কৃত ভাষা শেখার বিধান জারি করেছেন। আর আরএসএস ওদিকে ‘ঘরে ফেরা’ কর্মসূচি ঘোষণা করেছে। অর্থাৎ, যে নিম্নবর্ণের হিন্দুদের পূর্বপুরুষেরা সুদূর অতীতে ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন, তাঁদের আবার হিন্দুধর্মে ফিরিয়ে আনবে তারা। এই সংগঠন ১৯২০-এর দশকের ফ্যাসিস্ট গ্রুপগুলোর আদলে গড়ে উঠেছে। এর সদস্যরা খাকি হাফপ্যান্ট পরে।
এর ফলে যে বিতর্ক সৃষ্টি হয়, তা ভারতকে কাঁপিয়ে দেয়। রাজনৈতিক আলোচনায় এটাই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়, আর মোদির অর্থনৈতিক নীতিও মূল আলোচনার বাইরে চলে যায়। এর বদলে বিরোধীদের প্রতিবাদের মুখে সংসদ অচল হয়ে যায়। সেখানে কোনো বিল পাস করা তো দূরের কথা, উত্থাপন করাও কঠিন হয়ে পড়ে। ঝুলে থাকা অর্থনৈতিক সংস্কার কর্মসূচিগুলো আরও ঝুলে যায়। এর মধ্যে রয়েছে বিমা খাতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশে উন্নীত করার প্রস্তাব।
তার পরও মোদি তাঁর সমর্থক ও সমালোচকদের প্রশমিত করতে কিছু বলেননি। এতে বিনিয়োগকারীদের মধ্যে তাঁর নিজের ঘর সামলানোর সক্ষমতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষত, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এ উদ্বেগ লক্ষণীয়। যেমন জার্মান-মার্কিন ফার্ম তরাস ইনভেস্টমেন্ট হোল্ডিংয়ের লরেঞ্জ রেইবলিংয়ের বড় বিনিয়োগে যাওয়ার আগে কিছু প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক খ্রিষ্টান ও মুসলিমবিরোধী তিরস্কারপূর্ণ বক্তৃতা নিয়ে তাঁর উদ্বেগ দিয়েই এ প্রশ্ন শুরু হয়েছে।
লরেঞ্জ রেইবলিং বলেন, ‘জার্মানিতে এই ধর্মান্তরকরণ ও কোনো নৃতাত্ত্বিক বা ধর্মীয় গোষ্ঠীকে উজাড় করে দেওয়ার ব্যাপারটি ভালো চোখে দেখা হয় না। শতভাগ হিন্দু—ভারতের এই অদ্ভুত স্বপ্নের পেছনে বিদেশি সমর্থন খুব কমই থাকবে বা একদম থাকবেই না। এটা ভারতের প্রাপ্য নয়।’ তাঁর পর্যবেক্ষণ হচ্ছে, খ্রিষ্টানরা যদি ‘উল্টো ইনকুইজিশনের’ শিকার হয়, তাহলে তারা বিনিয়োগের পরিমাণ ব্যাপকহারে কমাবে। একইভাবে, মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা ভারতকে তাদের পোর্টফোলিও থেকে ছাঁটাই করে মুসলিমবিরোধী নীতির জবাব দেবে বলে তিনি আরও মনে করেন।
এই দলে রেইবলিং একা নন; বস্তুত তিনি তাঁর মতো বিনিয়োগকারীরা বিভিন্ন স্থানে যা ভাবছেন, সে কথারই প্রতিধ্বনি করেছেন মাত্র। সতর্কসংকেত ইতিমধ্যে বেজে গেছে।
নিজের সমর্থকদের মধ্যেই মোদি এক ঈর্ষার অযোগ্য স্থানে নিজেকে আবিষ্কার করেছেন: তিনি তাঁদের নিয়ে থাকতে পারবেন না, আবার তাঁদের ছাড়াও থাকতে পারবেন না। এই রাজনৈতিক উভয়সংকট কাটিয়ে উঠতে না পারলে আশা করি, যে দ্রুততায় ভারতীয় অর্থনীতিতে ‘অলৌকিক মোদি-কাণ্ড’ ঘটেছিল, সেই একই দ্রুততায় তাতে ভাটার টান অনুভূত হবে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
শশী থারুর: ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।