মোদির দ্বিতীয় সার্জারি, রোগী বাঁচলে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোট বাতিল নিয়ে এমন হইহুল্লোড় আগে কখনো হয়নি
নোট বাতিল নিয়ে এমন হইহুল্লোড় আগে কখনো হয়নি

দিন কয়েকের জন্য ঢাকা যেতে হয়েছিল। গিয়েছিলাম সেই সময়, কালো ও জাল টাকার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। রাতারাতি তিনি পাঁচ শ ও এক হাজার টাকার নোট বাতিল ঘোষণা করে দিলেন। জানালেন, নতুন পাঁচ শ ও দুই হাজার টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। বলা হলো, যাঁদের কাছে পুরোনো পাঁচ শ ও এক হাজার টাকার নোট আছে, চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত তাঁরা তা ব্যাংকে নিজের খাতায় জমা দিতে পারবেন। সংসার চালাতে কিছু এক শ টাকার নোট ব্যাংক ও এটিএম থেকে তোলা যাবে। আরও অনেক ধরনের ফিরিস্তি সরকার দিয়েছে, যেগুলো সংবাদমাধ্যমের দৌলতে বাংলাদেশের মানুষজনেরও আজ জানা। কাজেই নতুন করে সেসব ‘ডুজ ও ডোন্টস’-এর কথা এখানে লিখছি না।
ঢাকায় যতজনের সঙ্গে এই কদিনে দেখা হলো, সবারই প্রথম প্রশ্ন, মোদি এটা কেন করলেন? দ্বিতীয় প্রশ্ন, এতে কালো ও জাল টাকার রমরমা কমবে কি না। তৃতীয় প্রশ্ন, সিদ্ধান্তটা কতখানি অর্থনৈতিক, কতটাই-বা রাজনৈতিক। এবং অবধারিত চতুর্থ প্রশ্ন, আমার কাছে না কিছু পাঁচ শ ও এক হাজার রুপির নোট রয়েছে। কী করা যায় বলুন তো?
চতুর্থ প্রশ্নের উত্তরটা আমার অজানা। কাজেই সে বিষয়ে আমি কিছু আলোকপাত করতে পারিনি। আমি শুধু জানি, ব্যাংকের খাতায় পুরোনো নোট জমা দেওয়ার কোনো লিমিট সরকার রাখেনি। যাঁর ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকের কাছে তাঁর ‘প্যান’ নম্বরও আছে। কাজেই কে এক নম্বর আর কে-ই বা দুনম্বরি কালোটাকা জমা দিচ্ছেন, সরকারের তা অজানা থাকবে না। তবু সরকার জানিয়ে দেয়, আড়াই লাখ টাকা পর্যন্ত বাতিল নোট জমা দিলে আয়কর বিভাগ তা নিয়ে তদন্ত-টদন্ত করবে না। ভারতে চলে আসার সময় শুনলাম, কেউ কেউ ঢাকার মানি চেঞ্জারদের কাছে বাতিল নোট জমা দিচ্ছেন। এক হাজার টাকার নোটের বদলে নাকি পাওয়া যাচ্ছে নয় শ রুপি। সত্যি না মিথ্যা তা অবশ্য হলফ করে বলতে পারব না।
বাংলাদেশ ও ভারতের মানুষজনের মধ্যে যোগাযোগ নিবিড়। এই মানুষজনের কেউ যান চিকিৎসার জন্য, কেউ বেড়াতে, কেউ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে, কেউ ব্যবসা-বাণিজ্যের কারণে, কেউবা অকারণেই। সরকারের এই ফরমানের ফলে এঁরা বিভিন্ন স্থানে বিপদে পড়েছেন, এমন খবর প্রথম আলোয় ছাপাও হয়েছে। বিদেশ-বিভুঁইয়ে গিয়ে আচমকা বিপত্তিতে পড়লে মাথা খারাপ হওয়ারই কথা। কীভাবে এই হাজার হাজার মানুষ বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন জানি না। শুধু জানি, সব সমস্যারই কোনো না কোনোভাবে সমাধানসূত্র মিলে যায়।
মোদি এটা কেন করলেন, সেই প্রশ্নের উত্তর রয়েছে দ্বিতীয় প্রশ্নটির মধ্যে। অর্থাৎ কালো ও জাল টাকার হাত থেকে মুক্ত হতেই তাঁর এই সিদ্ধান্ত। ভারতে কালোটাকার মোট পরিমাণ কত তার ঠিকঠাক উত্তর কার কাছে আছে জানা নেই। অধিকাংশ অভিমতই খানিকটা অনুমানের ভিত্তিতে তৈরি। তবে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক অধ্যাপক, নাম অরুণ কুমার, দীর্ঘদিন ধরে কালোটাকার ওপর কাজ করছেন। তাঁর অনুমান, ভারতের মোট জাতীয় আয়ের অর্ধেকটাই কালোটাকা। তার পরিমাণ কত? অরুণ কুমারের ধারণায়, পরিমাণ ৬০ লাখ কোটি টাকার বেশি এবং এই টাকার বেশিটাই, প্রায় ৮০ শতাংশ, ভারতেই নানারূপে রয়েছে। জমিতে রয়েছে, বাড়িতে রয়েছে, সোনার গয়না বা সোনার ‘বার-বিস্কুটে’ রয়েছে, হাওয়ালায় খাটছে কিংবা বিদেশি ব্যাংকে জমা রয়েছে। পাঁচ শ বা এক হাজার টাকার কালো নোট বাড়ি অথবা অন্য কোথায় কতটা বাক্সবন্দী হয়ে রয়েছে, সেই হিসাব অরুণ কুমার বা অন্য কেউ দিতে পারেননি। কেউ মনে করেন, পরিমাণটা দুই লাখ কোটির ধারেকাছে, কেউবা বলেন ছয়-সাত লাখ কোটি। খুবই খুঁতখুঁতে যাঁরা, তাঁদের হিসাবের অবশ্য কোনো আগাপাছতলা নেই। তাঁরা আকাশকুসুম কল্পনা করতে ভালোবাসেন।
ভারতের রিজার্ভ ব্যাংক এই বছরের ২৮ অক্টোবর একটা হিসাব দাখিল করেছে। সেই অনুযায়ী দেশের মানুষের হাতে (ব্যাংকের খাতায় নয়) নগদের পরিমাণ ১৭ লাখ কোটি টাকার মতো। এই টাকার বাইরে রয়েছে জাল নোটের পরিমাণ। এটা প্রধানত পাকিস্তানের বদান্যতা। সন্ত্রাসী মদদের জন্য কোটি কোটি জাল নোট ছাপিয়ে নেপাল ও বাংলাদেশের সীমান্ত দিয়ে তা ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জাল নোটের পরিমাণের আন্দাজও কারও নেই। তবে এটা ঠিক, জাল নোট প্রায় পুরোটাই পাঁচ শ ও এক হাজারের। মানুষের হাতে জমা নগদের ৮৫ শতাংশই পাঁচ শ ও এক হাজারের নোট। তার মানে প্রায় ১৫ লাখ কোটি টাকার পাঁচ শ ও এক হাজারের নোট মানুষের হাতে রয়েছে। এর সঙ্গে জাল নোট জুড়লে পরিমাণটা প্রায় ২০ লাখ কোটিতে পৌঁছায়। ১৫ লাখ কোটির ৬০ শতাংশ টাকা কালো ধরলে কী দাঁড়ায়? ৯ লাখ কোটি কালো টাকা। তার সঙ্গে আরও ৫ লাখ কোটি জাল নোট। অর্থাৎ, মোদির লড়াই ওই ১৪-১৫ লাখ কোটি কালো ও জাল টাকাকে সিস্টেম থেকে বের করে দেওয়ার।
কিন্তু পৃথিবীর সব দেশেই চাওয়া ও পাওয়ার মধ্যে কিছুটা ফারাক থেকে যায়। এই উপমহাদেশে ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ বলে একটা বাক্যও খুবই চালু। ওই বাক্য খনার বচনের মতো অখণ্ডনীয় ধরলে ওই ১৪-১৫ লাখ কোটি কালো ও জাল টাকার কিছুটা পাইপলাইনে থেকে যাবে। আবার, সরকারের সিদ্ধান্তও যে ‘ওয়াটার টাইট’, তা মনে করারও বিশেষ কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর মনে যা রয়েছে, তা বলবৎ করতে যে মুহূর্তে তিনি মন্ত্রিসভার অন্য কারও সঙ্গে কথা বলবেন, রিজার্ভ ব্যাংকের কর্তাদের সঙ্গে পরামর্শ করবেন, তখন সরকারের খুবই ঘনিষ্ঠ কিছু ক্ষমতাবান মানুষ তার আঁচ একেবারেই পাবেন না, তেমন মনে করার কোনো যুক্তিসংগত কারণ আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। রাজস্থানের বিজেপির এক এমএলএও সেই আশঙ্কা ফাঁস করে দিয়েছেন। সরকারের অতি ঘনিষ্ঠ দুই শিল্পপতির নাম করে তিনি বলেছেন, ওঁরা আগাম খবর পেয়ে তাঁদের ড্যামেজ যতটা কন্ট্রোল করা যায় তা করেছেন। এ নিয়ে বিরোধীরা হইচই করলেও সরকার তা আমল দিতে রাজি নয়।
হিসাবের মধ্যে এসব ফ্যাক্টর ধরা হলেও নরেন্দ্র মোদির এই দ্বিতীয় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কমবেশি প্রায় ১০ লাখ কোটি কালো ও জাল নোট স্রেফ বাজে কাগজের টুকরোয় পরিণত করতে পারে। ভারতের মতো দেশে তা নিঃসন্দেহে একটা বড় কাজ।
কাজটা ভালো হলে দেশজুড়ে কেন এত গেল গেল রব উঠেছে? কেনই-বা বিরোধীরা নরেন্দ্র মোদিকে শূলে চড়াতে পারলে বাঁচে? কেনই-বা মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালেরা তিন দিনের মধ্যে সিদ্ধান্ত ‘রোল ব্যাক’ করানোর হুমকি দিলেন? কেন তাহলে সংসদের শীতকালীন অধিবেশন মুলতবির পর মুলতবি হয়ে যাচ্ছে?
এর দায় প্রধানত সরকারের। সিদ্ধান্ত রূপায়ণের জন্য যতটা আগাম প্রস্তুতির প্রয়োজন ছিল, সরকার সেদিকে মোটেই নজর দেয়নি। এত বড় একটা দেশে এই ধরনের বিরাট একটা সিদ্ধান্ত ‘ওঠ ছুঁড়ি তোর বিয়ে’র মতো রাতারাতি নেওয়া যায় না। এ জন্য সরকার ছয় মাস ধরে প্রস্তুত হয়েছে। কিন্তু ১২৫ কোটি দেশের মানুষকে নির্ভরতা দেওয়ার প্রস্তুতি সরকার নেয়নি। সারা দেশে এটিএম রয়েছে দুই কোটির কিছু বেশি। এগুলো এক শ, পাঁচ শ ও এক হাজার টাকার নোট দেওয়ার জন্য ‘ক্যালিব্রেট’ করা ছিল। নতুন পাঁচ শ ও দুই হাজারের নোটের জন্য এটিএমগুলোকে আগে থেকে ‘রিক্যালিব্রেট’ করা হয়নি। নতুন নোটও পর্যাপ্ত ছাপিয়ে রাখা হয়নি বা হইহই করে ছাপানোর আগাম বন্দোবস্ত করা হয়নি। ফলে এটিএম থেকে যা পাওয়া যাচ্ছে তা শুধুই এক শ টাকার নোট। ব্যাংক দিচ্ছে দুই হাজারের নোট। ফলে হাহাকার। এক শ টাকার নোট নিতে সকাল থেকে এটিএমে লাইন পড়ছে। এক ঘণ্টার মধ্যেই এটিএম সাফ। হবেই তো। বড় নোট তারা দিতে পারছে না। অথচ দশটা দিন কেটে গেল।
সরকারের দ্বিতীয় ভুল আগে পাঁচ শ টাকার নোট বাজারে না এনে দুই হাজারের নোট আনা। সারাটা দিন ব্যাংকে হত্যে দিয়ে পড়ে থেকে যিনি পাঁচটা দুই হাজারের নোট নিয়ে বীরের হাসি হেসে বেরিয়ে এলেন, বাজারে গিয়েই তাঁর মুখের হাসি মিলিয়ে গেল। পাঁচ শ টাকা বাজার করলেও তিনি দেড় হাজার ফেরত পাচ্ছেন না। এক হাজারের নতুন নোট নেই, পাঁচ শ টাকার নোট বাজারে আসছে শম্বুকগতিতে। ফলে এখনো দুই হাজারের নোট স্রেফ ‘শো পিস’।
সিদ্ধান্ত কতটা অর্থনৈতিক ও কতটা রাজনৈতিক, এই উত্তর দেওয়াও কঠিন। রাজনৈতিক বলতে মানুষ এখন উত্তর প্রদেশের বিধানসভার ভোটকেই ইঙ্গিত করছে। এই উপমহাদেশের সব ধরনের ভোটেই দেদার কালোটাকা সবাই খরচ করে। কাজেই ‘ক’ দলের অসুবিধা হলে ‘খ’ দলকেও অসুবিধায় পড়তে হবে। বিরোধীদের দাবি অবশ্য বিজেপি আগেভাগে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। সত্য-মিথ্যা বলতে পারব না।
সরকারের উচিত পরিস্থিতির মোকাবিলায় বিরোধীদের সঙ্গে নেওয়া। কিন্তু বিরোধীরা চলছে যে যার নিজের মতো। সমন্বয়হীন।
ইন্দিরা গান্ধীকে হটিয়ে ক্ষমতায় এসে মোরারজি দেশাই ১৯৭৮ সালে এক হাজার, পাঁচ হাজার ও দশ হাজার টাকার নোট বাতিল করেছিলেন। ৩৮ বছর আগের সেই সিদ্ধান্তে আজকের মতো এমন গেল গেল রব ওঠেনি। কারণ, সেই সময় হাজার টাকার নোটগুলো অনেক দামিই শুধু ছিল না, তা ছিল সাধারণ মানুষের নাগালের বহু বাইরে। দেশের মোট নগদের মাত্রই পাঁচ শতাংশ। আজ হুট বলতেই মুঠো মুঠো পাঁচ শ ও হাজারের নোট উঠে আসে। দেশের মোট নগদের ৮৫ শতাংশ। নরেন্দ্র মোদি তাই একটা বিরাট ঝুঁকি নিয়েছেন।
ইন্দিরা গান্ধীকে মানুষ অন্তত তিনটি কারণে মনে রাখবেই। ব্যাংক জাতীয়করণ (১৯৬৯), বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৭১) এবং জরুরি অবস্থা (১৯৭৫)। বিশ্বনাথ প্রতাপ সিংকে মণ্ডল কমিশনের (১৯৯০) সুপারিশ বলবৎ করার জন্য। অটল বিহারি বাজপেয়িকে পোখরানে দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের (১৯৯৮) জন্য। নরেন্দ্র মোদিকে ইতিহাস মনে রাখবে কালো ও জাল টাকার হাত থেকে পরিত্রাণের জন্য এই সিদ্ধান্তের কারণে। তিনি সফল না ব্যর্থ, সেই মূল্যায়নে দেশবাসী আরও কিছু সময় অবশ্যই দেবে।
আমি অবশ্য একটা যোগসূত্র দেখতে পাচ্ছি। প্রথমে আধার কার্ড, তারপর জন ধন যোজনা, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযান, কালোটাকা সাদা করার সরকারি প্রকল্প এবং অবশেষে পাঁচ শ ও এক হাজার টাকার নোটের বিলুপ্তি। নরেন্দ্র মোদির চিন্তায় ও কাজে সামঞ্জস্য একটা রয়েছে। শুধু আরও সতর্ক যদি হতেন, দেশের আনাচকানাচ থেকে এত হা–হুতাশ তাহলে শোনা যেত না।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।