আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদের আংশিক সত্য বলা এবং ডেপুটি কমিশনারদের আরও বিচারিক ক্ষমতা না দেওয়ার সংকল্প ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাই। তবে তাঁকে আমরা পূর্ণাঙ্গ ধন্যবাদ জানাতে চাই, যদি তিনি স্বীকার করেন যে, একশ্রেণীর ক্ষমতাগৃধ্নু আমলাদের চাপে নতজানু হয়ে ২০০৯ সালে তাঁর সরকার মোবাইল কোর্ট আইন পাস করেছিল এবং সেটা তিনি সুপ্রিম কোর্টের যে রায়ের দোহাই দিয়ে এখন আরও ক্ষমতা দিতে চান না বলে জানিয়ে দিলেন, সেই রায়ের সুস্পষ্ট লঙ্ঘন। মোবাইল কোর্ট কর্মকর্তাদের দিয়ে চালানো অবৈধ। সরকারি কর্মকর্তাদের দিয়ে কোর্ট চালানোর নজির আফ্রিকার জঙ্গলেও পাওয়া যাবে না।আসামি আইনজীবী দিতে পারবে না। আসামি বলবে, হুজুর আমি দোষ করেছি। ভেজাল দিয়েছি। মাছে ফরমালিন দিয়েছি। আমাকে শাস্তি দিন। অমনি আমাদের খাস সরকারি কর্মকর্তারা তৃপ্তির ঢেঁকুর তুলে অনধিক দুই বছর জেল দেবেন। আর জরিমানা করবেন প্রায় খুশিমতো। যে ক্ষেত্রে স্বীকারোক্তি মিলবে না, সে ক্ষেত্রে তাঁরা বিচারকদের কাছে পাঠাবেন। এই হলো চলতি মোবাইল কোর্ট আইনের বুজরুকি। এটা পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন। সুতরাং আইনমন্ত্রী ভালো মানুষের মতো বলে দিয়েছেন যে, তিনি আরও ক্ষমতা দেবেন না। তার মানে তিনি বলছেন, এই কোর্ট একটি চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। এটা অবশ্যই বিলুপ্ত করতে হবে।বিচারকদের ঘরের বাইরে আনতে হবে। বিচারের কাছে মানুষ নয়, মানুষের কাছে বিচারকে নিতে হবে। শীতাতপনিয়ন্ত্রিত কিংবা বৈদ্যুতিক পাখার হাওয়া খাওয়া বিচারের পাশাপাশি মাঠে-ময়দানে বিচারকে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্টের বিচার চট্টগ্রামে নিতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট তাতে বাদ সেধেছে। এটা হলো বার-বেঞ্চের সেই মনোভাব, যেটা আমরা দেখেছিলাম এরশাদ আমলে সার্কিট বেঞ্চ প্রতিহত করতে। এরশাদ হয়তো প্রক্রিয়াগত ভুল করেছিলেন। কিন্তু সেই দরকারটা ফুরায়নি। শেখ হাসিনা আগের মেয়াদের মতো সুপ্রিম কোর্টের সঙ্গে বিরোধে যাবেন না। তাই বলে জনগণ বিচারবঞ্চিত থাকতে পারে না। সংবিধানের ১০০ অনুচ্ছেদ মোবাইল হাইকোর্টের বিধান রেখেছে। এই যানজটের যুগে জনগণ কেন ঢাকায় ছুটবে? কেনা বিচারকেরা বিভাগীয় সদর দপ্তরগুলোতে ছুটবেন না? সংবিধান বলছে, রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি হাইকোর্টের মোবাইল অধিবেশন বসাতে পারবেন। আমরা দেখলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-সংক্রান্ত একটি চিঠি বিদায়ী প্রধান বিচারপতির দ্বারা উপেক্ষিত হলো। তার মানে, একজন ব্যক্তি প্রধান বিচারপতি না চাইলে এ দেশের জনগণ কোনো দিন তাদের বিভাগীয় বা জেলা সদরে হাইকোর্টের বিভাগীয় অধিবেশন দেখতে পারবে না? সংশ্লিষ্ট ব্যক্তিরা কী বলবেন, মামলার পাহাড়ের চূড়া কোথায় ঠেকলে কিংবা গরিব মানুষের ভোগান্তি কোন সীমা লঙ্ঘন করলে হাইকোর্টের বিচারকেরা ঢাকা ছেড়ে মফস্বলে যেতে উৎসাহী হবেন? এর সদুত্তর আমরা চাই। আইনের শাসন নয়, আইনজীবীদের শাসন পাকাপোক্ত করতেই কি অষ্টম সংশোধনী মামলার রায়ের জয়গান চলছে আজও?ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ‘জেলা প্রশাসকদের’ আরও ক্ষমতা দেওয়া উচিত বলে মনে করেন কি? প্রথম আলোর পাঠক জরিপ বলছে, হ্যাঁ ৬৩ শতাংশ এবং না ৩৪ শতাংশ। এটা সম্ভবত মানুষের দ্রুত বিচার লাভের ইচ্ছার প্রতিফলন। তারা হয়তো দেখে সেমাইয়ের ভেজাল খপ করে কে ধরতে পারে? দেখে মোবাইল কোর্ট পারে। তারা পুলিশ নিয়ে কোর্ট চালায়। সবকিছুই নগদ নারায়ণ! সুপ্রিম কোর্ট এসব পারেন না। বরং আদালত মানে লম্বা সময়। বছরের পর বছর পার হওয়া। অথচ নিয়ম করে নিলে ওই কাজও বিচারিক হাকিম দিয়ে করা সম্ভব এবং সেটাই করতে হবে। নিম্ন আদালতের অনিয়ম নিয়ে লেখালেখি করলে আমাকে নির্বাহী বন্ধুরা বলেন, বিচার বিভাগ পৃথক্করণের শখ তাহলে মিটল? বিচারক বন্ধুরা বলেন, লোকটা কি নির্বাহী বিভাগে ভিড়ল? আমার উত্তর হলো: আপনার বাড়ির সদর দরজা দিয়ে চোর ঢোকে বলে আপনি কী করেন? দেয়াল তুলে পেছন দরজার ব্যবস্থা করেন? নাকি নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজান। সুতরাং বিচারকেরা অনিয়ম করেন বলে কর্মকর্তাদের বিচারে ভাগ বসাতে দেওয়া সমাধান নয়। শাসকগোষ্ঠী এটা জানে। তারা জানে হরতালে প্রতিপক্ষ ঠেঙাতে বিচারকচালিত মোবাইল কোর্টের চেয়ে আমলাচালিত কোর্ট ব্যবহার করতে কী মজা! মতিঝিলে পুলিশ বুট দিয়ে যার বুক থেঁতলায়, নির্বাহী হাকিম তাকেই তার ‘স্বতঃস্ফূর্ত’ দোষ স্বীকারের জন্য দণ্ড দেন। বাংলাদেশের গণমাধ্যম ও সুশীল সমাজের বড় অংশ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। তারা ধন্দে থাকেন। বুঝতেই পারেন না নির্বাহী হাকিম তথা ডিসিদের হাতে বিচার গেলে ক্ষতি কী। ডেইলি স্টার-এ সিলেটের ডিসি অফিসে কর্মরত একজন নির্বাহী হাকিম কেন ও কী কারণে মোবাইল কোর্ট ধনন্তরি সেই বিষয়ে ভুলভাল একটি নিবন্ধ লেখেন। এতে তিনি বলেন, ব্রিটেনে বছরে দেড় হাজার নিয়োগ পাওয়া ‘লে ম্যাজিস্ট্রেটদের’ (অপেশাদার হাকিম) কোনো আইনি ডিগ্রি নেই। ভারতে নির্বাহী হাকিমদের পর্যাপ্ত ক্ষমতা আছে। ইত্যাদি।এই বক্তব্য কোনোভাবেই বাংলাদেশি মোবাইল কোর্টের ধারণাকে বৈধতা দেয় না। বরং এই দুটি দেশের উদাহরণ সার্থক এ কারণেই যে, বাংলাদেশে যা চলছে, তা অবৈধ। ১২৭৩ সাল থেকে ব্রিটেনে অপেশাদার হাকিম নিয়োগের ধারণা চলছে। প্রায় ৫০ ভাগ ফৌজদারি মামলা এই আদালতে সুরাহা হয়। কিন্তু এই আদালতের হাকিমরা স্বেচ্ছাসেবী। তাঁরা বিনা বেতনে বিচার করেন। সারা দেশে বছরে ২৬ আধা বেলা প্রায় ২৯ হাজার স্বনিয়োজিত স্বেচ্ছাসেবী হাকিম কাজ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর নিয়োগ-প্রক্রিয়া। স্থানীয় উপদেষ্টা কমিটির সুপারিশে সংবিধানবিষয়ক মন্ত্রণালয় ও লর্ড চ্যান্সেলর তাঁদের নিয়োগদাতা। লর্ড চ্যান্সেলর ২০০৫ সালের আগ পর্যন্ত ছিলেন প্রধান বিচারপতি। এখনো লর্ড চ্যান্সেলরকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জবাবদিহি করতে হয়। এই লেখক বিশ্বাস করেন যে, লে ম্যাজিস্ট্রেট-প্রথার প্রচলন বাংলাদেশেও সম্ভব। আমরা নির্বাচনের জন্য সৎলোক খুঁজি। সরকারি কাঠামোর বাইরে পুলিশি বা জজিয়তি ভাবি না। সে জন্য সৎ ও দক্ষ লোক খুঁজি না।প্রচলিত বিচারব্যবস্থার ব্যবচ্ছেদ দরকার। মুক্তির জন্য অপেশাদার স্বেচ্ছাসেবী হাকিম নিয়োগ ধরনের কোনো বিকল্প ব্যবস্থায় আমাদের যেতে হবে। চলতি ব্যবস্থায় সুবিচার ক্রমশ সোনার হরিণ হচ্ছে।ভারত বিচারকে বাইরে আনতে শুরু করেছে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ভ্রাম্যমাণ পাঠাগারের মতো বিচারক ও আইনজীবী বহনকারী মোবাইল ভ্যান গ্রামে গ্রামে বেরিয়ে পড়েছে। এর নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্ট। এমনকি প্রতিবন্ধী মানুষের জন্য বিচার ভ্যান রয়েছে। হরিয়ানার পশ্চাৎপদ এলাকায় ভারতের প্রথম মোবাইল কোর্টের উদ্বোধন করা হয় প্রধান বিচারপতির হাতে ২০০৭ সালে। ৫০ লাখ রুপির ভ্যানে একটি আদালত চালাতে যা লাগে তার সবই মজুত থাকে। প্রথম তিন বছর সারা ভারতে সাত হাজার কোর্ট চালানোর খরচ আইন মন্ত্রণালয়ের বহনের কথা ছিল। এই প্রকল্প যে অব্যাহত তার প্রমাণ এলাহাবাদ হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি অমিতাভ লালার তদারকিতে গত ২৬ জানুয়ারিতে মোবাইল কোর্ট ভ্যান সার্ভিস সপ্তাহকালের জন্য বেরিয়ে পড়েছিল। তবে কথা হলো, এই ভ্রাম্যমাণ আদালতের বিচারকেরা কেউ আমলা নন। এখন যদি স্রেফ নাম নিয়ে অসত্যের আশ্রয় নেওয়া হয়, তাহলে যুক্তি অচল। সত্য অন্ধকার কুঠরিতে মাথা কুটে মরবে।আইনমন্ত্রীর কথাই শেষ নয়। কারণ, সরকার সিঁধ কাটতে ওস্তাদ। প্রায় এক ডজন আইন ২০০৭ সালে মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত হয়েছিল। এরপর সিঁধ কেটে গত সাড়ে তিন বছরে ওই তফসিলে ৮৫টি আইন ঢুকেছে। ইভ টিজিং নিয়ে কয়েক দিন গরম গরম খবর ছাপা হলো। সেই গরমে আমলারা তাঁদের রুটি সেঁকে নিলেন। মিডিয়া ঠান্ডা। সুশীল সমাজ ঠান্ডা। ইভ টিজিং দমাতে সিআরপিসি থেকে সংশ্লিষ্ট বিধানটি ঢুকিয়ে দেওয়া হলো মোবাইল কোর্টের পেটে। বাংলাদেশ নারী আইনজীবী সমিতির এক রিটে তারা ক্ষীণ স্বরে বলল বটে যে আমরা ইভ টিজিং বন্ধের জন্য মোবাইল কোর্টের ক্ষমতায়ন চাইনি। কিন্তু বিচারপতি মো. ইমান আলীর বেঞ্চ সেদিকে আর যাননি। অসৎ আমলারা ডিসির বাংলা অর্থ জেলা প্রশাসক করার মতো মোবাইল শব্দটির সঙ্গে অবৈধভাবে ‘কোর্ট’ শব্দটি জুড়ে দিল। উদ্দেশ্য জনগণকে ভাঁওতা দেওয়া। নিজেদের ‘শাসক’ হিসেবে জাহির করা। তাদের ভয় দেখানো। ‘ব্লাডি সিভিলিয়ান’দের কাছে নত থাকার পরিবর্তে তাদেরই নতজানু রাখা। আমাদের নীতিভ্রষ্ট আইন প্রণেতাদের হ্যাঁ হ্যাঁ করে ‘মোবাইল কোর্ট’ আইন পাস করতে বাধেনি। এখন ডিসিরা চাইছেন অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। এর সঙ্গে ‘জামিন বাণিজ্য’-সম্পর্কিত। জামিন মধু, খালেছ মধু। সরকার টেলিফোন করে জামিনে হস্তক্ষেপ করতে পারবে। আইনমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিচ্ছি। কিন্তু মনে রাখছি, এই তিনিই এই সংসদে সিআরপিসির ১৯০ ধারায় সংশোধনী এনেছিলেন। ২০০৭ সালের অধ্যাদেশে এই বিধান ছিল না। অথচ এই সরকারই সুপ্রিম কোর্টের পরামর্শ না নিয়ে ২০০৯ সালে ১৯০ ধারায় ৪ উপধারা যুক্ত করেন। এতে নির্বাহী হাকিমদের সরকারি আদেশ দ্বারা অপরাধ আমলে নেওয়ার বিধান যুক্ত করা হয়। অথচ সুপ্রিম কোর্টের রায়মতে আমলে নেওয়ার ক্ষমতা বিচারিক ক্ষমতা। আজ আইনমন্ত্রী আমাদের সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন। এতই যদি সুপ্রিম কোর্টে ও বিচার বিভাগ পৃথক্করণে ভক্তি, তাহলে বলুন মোবাইল কোর্ট আইন না হোক, এক্ষুণি ওই ৪ উপধারাটি বিলোপ করবেন।প্রশাসনকে গণমুখী করার পথে ডিসিভিত্তিক বর্তমান ব্যবস্থাটি একটি জগদ্দল পাথর হয়ে আছে। সিঁধ কেটেই নিয়োগ করা জেলা পরিষদ চেয়ারম্যান নামধারীরা বাস্তবে ডিসিদের কাছে গিয়ে হাত কচলান। ২০০৩ সালে কিশোরগঞ্জের তৎকালীন সিনিয়র সহকারী জজ মাহবুব মোরশেদ একটি বিরল রেফারেন্স পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে। প্রশ্ন ছিল, ডিসিদের ‘জেলা প্রশাসক’ বলা আইনে কোথাও নেই। রেজিস্ট্রারের উচিত বিষয়টি প্রধান বিচারপতির নজরে নেওয়া। এ বিষয়ে আরও একটি রিট হাইকোর্টে বিচারাধীন। তবে আপাতত প্রথম আলোসহ শীর্ষস্থানীয় গণমাধ্যম ভূমিকা রাখতে পারে। তারা তাদের প্রকাশনার সব ক্ষেত্রে জেলা প্রশাসক শব্দটি এড়িয়ে ডেপুটি কমিশনার লিখতে পারে। সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ শুধু নির্বাচিত ব্যক্তিদের জেলা বা উপজেলা প্রশাসক পদবি গ্রহণের সুযোগ করে দিয়েছে।মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]