
যখন শুনলাম মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে গত শুক্রবার সামরিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন বিচারিক কার্যক্রমের ছবিগুলো দেখতে শুরু করি। ২০১১ সালে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর তাঁকে এই হাসপাতালেই রাখা হয়েছিল। ৩০ বছর ক্ষমতায় থেকে যে মানুষটি ক্ষমতার প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন, তাঁকে এভাবে খাঁচার মধ্যে দেখে আমি কিছুটা শিহরিত হয়েছিলাম, যদিও সেটা খুব স্বল্পস্থায়ী ছিল। খাঁচার মধ্যে থাকাটা খুবই অপমানজনক ও বাজে ব্যাপার। এই উদ্দেশ্যেই তাঁকে সেখানে রাখা হয়েছিল।
এই দৃশ্যটা মূলত মিসরের বিপ্লবী ধৃষ্টতার প্রতীক। মধ্যপ্রাচ্যজুড়ে যে বিদ্রোহ শুরু হয়, সেই ঢেউয়ের শিকার হয়েছিলেন মোবারক। তবে প্রথম ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিউনিসিয়ার বেন আলি। এরপর তিনি বিমানে উঠে সৌদি আরবে পালিয়ে যান। কিন্তু সৌদি আরব পরবর্তীকালে তাঁকে দেশে ফেরত পাঠায়নি। ২০১১ সালে একবার তাঁর বেসামরিক বিচার এবং ২০১২ সালে একবার সামরিক বিচার হওয়ার কথা ছিল। দ্বিতীয় বিচারে তিউনিসিয়ার বিপ্লবের সময় ২৩ জন বিক্ষোভকারীকে হত্যার দায়ে তাঁর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়।
বেন আলি যেদিন পালিয়ে গেলেন, সেই দিনটি আমি আজীবন মনে রাখব। সেই ক্ষণটাও ছিল ধৃষ্টতার, মানুষের মধ্যে এই উপলব্ধি আসে যে এই অঞ্চলের একনায়কদের উৎখাত করা সম্ভব। কেউ বলবেন, মোবারককে খাঁচার মধ্যে রাখাটা সামরিক বাহিনীর প্রদর্শন, যারা শেষমেশ নিজেদের লোকের বিচার হতে দেবে না (মোবারক একসময় বিমানবাহিনীর প্রধান ছিলেন)। কেউ আবার বলবেন, বিপ্লবের সময় মোবারকের নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়া মানুষের বিচার আশা করাটাই অবাস্তব ও মতিবিভ্রমের শামিল।
নিশ্চিতভাবে ২০১১ সালের বাস্তবতার আগ পর্যন্ত পুরো বিপ্লবের ব্যাপারটাই যেহেতু অবাস্তব ছিল, তাই তখন পর্যন্ত মৃত্যুই ছিল একনায়কদের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায়, তা সে স্বাভাবিক বা অস্বাভাবিক যা-ই হোক না কেন। সেই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা ও বিচার যে মানুষের প্রাপ্য, এই বিশ্বাসটাই ভ্রমাত্মক। বহু বছর ধরে মোবারক নিরাপত্তা বাহিনীর একের পর এক শাখা খুলে গেছেন এবং বিচারক নিয়োগ দিয়েছেন। মিসরের বিচার বিভাগ যাতে ন্যায়বিচার দিতে না পারেন, সেই লক্ষ্যে তিনি এ কাজ করেছেন। ফলে একটি সরকার কীভাবে নিজের লোকের দোষ খুঁজে পাবে এবং তাঁর বিচার করবে? আমি জানি, ব্যাপারটা ভ্রমাত্মক।
আর কেউ সরকারের নিজের লোক না হলে কীভাবে তাঁর বিচার হয়? মোবারকের ছাড়া পাওয়ার আগের দিন কায়রোর এক আদালত একটি মামলার রায় দেওয়া স্থগিত করে। আয়া হিজাজি নামের এক মিসরীয়-মার্কিন নাগরিক ও তাঁর স্বামীসহ সহকর্মীদের বিরুদ্ধে মানব পাচার ও যৌন নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ আনা হয়। এই অভিযোগে ২০১৪ সালের মে মাস থেকে তাঁদের বন্দী করে রাখা হয়েছে। তাঁরা রাস্তাবাসী শিশুদের জন্য কাজ করতেন।
মোবারকের ছাড়া পাওয়ার দিন কয়েক আগে মিসরের সামাজিক মাধ্যমে স্বাস্থ্যগত কারণে ২২ বছর বয়সী এক ছাত্রের দণ্ড মওকুফের একটি আরজি প্রচারিত হচ্ছিল। তরুণটির নাম আহমেদ এল-খতিব। কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তিনি নানা অসুখ-বিসুখে ভুগছিলেন। মিসরের কারাগারে যে ৬০ হাজার রাজনৈতিক বন্দী পচে মরছেন, তিনি তাঁদের মধ্যে একজন। যাঁদের অনেকে শুধু অসুস্থই নন, তাঁদের চিকিৎসাও দেওয়া হয়নি। আর বিচারের সময় মোবারককে মিসরের সেরা চিকিৎসাই দেওয়া হয়েছে।
সামরিক শাসকেরা কীভাবে নিজেদের ও অন্য মানুষের বিচার করে থাকেন তার পার্থক্য বুঝতে চাইলে মোবারকের বিচারের সঙ্গে মোহাম্মদ
মুরসির বিচারের পার্থক্য করুন। উল্লেখ্য, মোবারক উৎখাত হওয়ার পর মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। মুরসির ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির দিনে লাখ লাখ মিসরীয় নাগরিক রাস্তায় নেমে তাঁর পদত্যাগ দাবি করে। অনেক মিসরীয় মনে করে, অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হওয়ার জন্য মুরসি নির্বাচিত হলেও তিনি মূলত মুসলিম ব্রাদরহুডের ক্ষমতা পোক্ত করছিলেন। তিন দিন আন্দোলনের পর বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি মুরসি সরকার উৎখাত করেন। আমি মোবারকের উৎখাত সমর্থন করেছি। মুরসির বিরুদ্ধে যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল, তাদেরও আমি সমর্থন করেছি। তাঁকে চলে যেতে দেখে আমি খুশি হয়েছি। কিন্তু সিসির ক্ষমতা গ্রহণের বিরোধিতা করেছি, কারণ আমি সামরিক শাসনের বিরোধী।
মোবারকের মতো মুরসিকেও আসামির খাঁচায় ভরা হয়েছে। কিন্তু মুরসি তাঁর মতো সামরিক হাসপাতালের নরম বিছানায় রাত কাটাননি। এমনকি অভিযোগ দাখিলের আগ পর্যন্ত মুরসি ও তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এসব অভিযোগের মধ্যে কয়েকটিতে তাঁর সাজা হয়েছে। তাঁকে এখন আলেক্সান্দ্রিয়ার এক উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হয়েছে। শিগগিরই তিনি সেখান থেকে বেরিয়ে যাবেন, এমন সম্ভাবনা কম। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের পাঁচটি সরকার মোবারকের প্রতি সমর্থন জানিয়েছে। ওমাবা প্রশাসনও সামরিক ও অর্থনৈতিকভাবে মোবারকের সরকারকে সমর্থন দেওয়ায় আমি হতাশ হয়েছি। এমনকি বিপ্লবের প্রাথমিক পর্যায়ে তারা অনেক ঢিলেমি করেছে। তবে ওবামা অন্তত সিসিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি।
ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর সিসিই প্রথম বিদেশি নেতা হিসেবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সিসি আগামী সোমবার হোয়াইট হাউস পরিদর্শনের আমন্ত্রণ পেয়েছেন, আমি নিশ্চিত, তিনি এখন এই আমন্ত্রণ উদ্যাপন করছেন।
না, আমি তেমন নই। আমি এতটা ভুল করতে পারি না যে কল্পনা করব, সিসির সফরের সময় ট্রাম্প প্রশাসন তাঁকে ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে চাপ দেবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
মোনা এলটাহোই: কায়রো ও নিউইয়র্কভিত্তিক সাংবাদিক।