মোশাররফকে নিয়ে ইঁদুর-বিড়াল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ইতিহাসে প্রথম একটি নির্বাচিত সংসদ তার পূর্ণ মেয়াদ শেষ করেছে এবং দেশটির প্রায় সাড়ে ১২ কোটি ভোটার একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। জন্মের পর থেকে ৬০ বছর ধরে পাকিস্তান বারে বারে সামরিক স্বৈরশাসনের কবলে পড়েছে—প্রধানত রাজনীতিকদের ব্যর্থতার কারণে—কিন্তু দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্বাচন চায়, ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করে তাঁদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আগামী ১১ মে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে পাকিস্তানের জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। কিন্তু এই উপমহাদেশে নির্বাচন মানেই যে একটা উৎসবের আমেজ, পাকিস্তানে এই মুহূর্তে সেটা নেই। ভয়াবহ, রোমহর্ষক সহিংস ঘটনা ঘটে চলেছে একের পর এক।কিন্তু সহিংসতার খবরগুলোও অনেকাংশে মার খেয়ে যাচ্ছে জবর এক রঙ্গর ডামাডোলে। দেশটির সাবেক সামরিক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফকে নিয়ে জমে উঠেছে এক দারুণ রঙ্গ। ‘কমান্ডোজ নেভার রান’ মানে, যোদ্ধারা কখনো পালায় না বলে দম্ভ প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের জনগণ দেখল, সুপ্রিম কোর্টের এজলাসকক্ষ থেকে তিনি লেজ গুটিয়ে পালালেন। ১৮ এপ্রিল সর্বোচ্চ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করার পর আদালতকক্ষেই তাঁকে গ্রেপ্তার করার কথা, কিন্তু পুলিশকে সেই সুযোগ না দিয়ে, অথবা অপ্রস্তুত করে দিয়ে জবরদস্ত সাবেক প্রেসিডেন্ট আরও জবরদস্ত দেহরক্ষীদের পরিবেষ্টিত হয়ে বিদ্যুৎগতিতে গিয়ে উঠে বসলেন বুলেটপ্রুপ গাড়িতে। ঘণ্টা দুয়েকের মধ্যে এ খবর রাষ্ট্র হয়ে গেল: পারভেজ মোশাররফ পালিয়েছেন!কিন্তু পালিয়ে তিনি বেশি দূর যাননি, হয়তো সে উপায়ও ছিল না। ইসলামাবাদের অদূরেই চক শেহবাজ পল্লিতে তাঁর বিরাট খামারবাড়ি/বাগানবাড়ি। তিনি গিয়ে আশ্রয় নিলেন সেই খামারবাড়িতে, যেটিকে তাঁর নিরাপত্তারক্ষীরা রীতিমতো এক দুর্গ বানিয়ে রেখেছে (পাকিস্তানি তালেবান প্রকাশ্য ঘোষণা দিয়ে রেখেছে, তারা মোশাররফকে হত্যা করবে)। এ খবর শুনে বেজায় খেপে গেলেন পিএমএল (এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ; ১৯৯৯ সালে যাঁকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। নওয়াজ শরিফ ইসলামাবাদের পুলিশপ্রধানের কাছে ব্যাখ্যা দাবি করলেন: মোশাররফকে গ্রেপ্তার না করে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো কেন?আরও রহস্যময় ব্যাপার হলো, জেনারেল মোশাররফকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তাঁর খামারবাড়িতে গেল না; বরং পুলিশের পক্ষ থেকে আদালতকে বলা হলো, মোশাররফের জীবনের নিরাপত্তা নেই, তিনি যেকোনো মুহূর্তে হত্যার শিকার হতে পারেন, তাই তাঁর খামারবাড়িটাকে একটি উপকারাগার ঘোষণা করে সেখানে সরকারি নিরাপত্তাব্যবস্থা মোতায়েন করা উচিত। পুলিশের কথা আদালত বিবেচনায় নিল, ৪৮ ঘণ্টার জন্য মোশাররফের খামারবাড়িটাকে উপকারাগার ঘোষণা করে কারাবিধি অনুযায়ী সেখানে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হলো। শুক্রবার সকালে মোশাররফ একজন বিচারিক হাকিমের আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পুলিশি হেফাজতে না নিয়ে তাঁকে আবার পাঠিয়ে দেওয়া হয় তাঁর সেই খামারবাড়িতে, যেটিকে উপকারাগার ঘোষণা করা হয়েছে। এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম একটা গোলকধাঁধায় পড়ে যায়, তাঁকে কখন গ্রেপ্তার করা হয়েছে, আর কখন তিনি আত্মসমর্পণ করেছেন—সেটা পরিষ্কার ধরতে পারছে না কোনো সংবাদমাধ্যম। যা-ই হোক, সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত, যেখানে মোশাররফের বিচার হবে, সেই আদালতের আদেশে শনিবার সকালে তাঁকে তাঁর খামারবাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হলো পুলিশ সদর দপ্তরের হাজতখানায়। ইতিমধ্যে তাঁর খামারবাড়ির উপকারাগারের মর্যাদার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তাঁকে পুলিশ সদর দপ্তরের হাজতে নেওয়ার পর তাঁর খামারবাড়িকে আবার উপকারাগার ঘোষণা করা হয়েছে, এবার ১৪ দিনের জন্য। তার কয়েক ঘণ্টা পরেই খবর বের হলো, মোশাররফকে পুলিশ সদর দপ্তর থেকে আবার পাঠানো হয়েছে তাঁর খামারবাড়ির উপকারাগারে। সেখানে তিনি থাকবেন ১৪ দিনের বিচার বিভাগীয় রিমান্ডে। আগামী ৪ মে তাঁকে আবার সশরীরে আদালতে হাজির হতে হবে।আসামি, পুলিশ ও আদালতের মধ্যকার এই রঙ্গর মানে কী?আসলে এটা একটা ইঁদুর-বিড়াল খেলা। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে পাকিস্তানের বিচার বিভাগ মেতে উঠেছে এই দারুণ খেলায়। দেশটির ইংরেজি সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণে এসব খবরের পাঠক-প্রতিক্রিয়াগুলো লক্ষ করলে বুঝতে মোটেও কষ্ট হয় না যে অধিকাংশ পাঠক সহজেই বুঝতে পারছেন, বিচারপতি ইফতিখার প্রতিশোধ নিচ্ছেন পারভেজ মোশাররফের ওপর। ‘রিভেঞ্জ, ‘পারসোনাল ভেনডেটা’—এই দুটো শব্দের ব্যবহার হঠাৎ ভীষণ বেড়ে গেছে।কিন্তু কিসের প্রতিশোধ? ১৯৯৯ সালের অক্টোবরে সেনাপ্রধান পারভেজ মোশাররফ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নির্বাচিত সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের আসনে বসার পর থেকে দেশটির বিচার বিভাগের সঙ্গে তাঁর দ্বন্দ্ব, তাঁর বিরুদ্ধে আইনজীবীদের প্রবল আন্দোলনের ঘটনাগুলো পাকিস্তানের ইতিহাসে অভিনব বিষয় হিসেবে স্থান পেয়েছে। মোশাররফ তাঁর নয় বছরের শাসনকালের শেষ পর্বে ২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছিলেন। তারপর তিনি তাঁর ‘অবাধ্য’ বিচার বিভাগকে শায়েস্তা করতে উচ্চ আদালত প্রাঙ্গণে ট্যাংক ঢুকিয়ে দিয়ে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ ৬০ জন বিচারককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দিয়েছিলেন।তাই লন্ডন ও দুবাইয়ে চার বছর স্বেচ্ছানির্বাসনে কাটানোর পর গত মাসে মোশাররফ স্বদেশে ফিরে যখন ঘোষণা করলেন যে তিনি সদলবলে আগামী ১১ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন একটার পর একটা নির্বাচনী আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে গেল আদালতের নির্দেশে। মোশাররফের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটি। এক. সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে তালেবান হত্যা করবে—এ তথ্য জানা থাকার পরও তিনি তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেননি। দুই. বিশিষ্ট বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর খান বুকতি ২০০৬ সালে নিহত হন বেলুচিস্তানে পরিচালিত সেনা অভিযানে, যে অভিযানের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট মোশাররফ। এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি পরোক্ষভাবে জড়িত বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মোশাররফের বিরুদ্ধে তিন নম্বর মামলাটি হলো প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ ৬০ বিচারকের গ্রেপ্তার-সংক্রান্ত। হত্যাকাণ্ড-সম্পর্কিত মামলাগুলোতে মোশাররফকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু বিচারকদের গ্রেপ্তার-সংক্রান্ত মামলায় জামিন দেওয়া হয়নি; বরং এই মামলাটি নিয়েই বিচার বিভাগের বেশি উৎসাহ। বিচারকদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে মোশাররফ ‘সন্ত্রাসী কাজ’ করেছেন বলে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পাকিস্তানের জনসাধারণ ইতিমধ্যে চিনে নিয়েছে দেশটির রাজনীতির তৃতীয় খেলোয়াড় হিসেবে। রাজনৈতিক পক্ষ ও সামরিক পক্ষের মধ্যে দাবা খেলা ঐতিহাসিকভাবে চলে আসছে, তার সঙ্গে বিচার বিভাগের যুক্ত হওয়াকে দেশটির সচেতন নাগরিকদের একটা বড় অংশ খুবই হতাশাব্যঞ্জক বলে মনে করছে। রাজনীতির খেলায় বিচার বিভাগ কখনো সামরিক বাহিনীর পক্ষে অবস্থান নিয়ে রাজনীতিকদের হাত মুচড়ে দেওয়ার কৌশল নিয়েছে, আবার কখনো ঠিক তার উল্টো পক্ষে জুড়েছে। এভাবে বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতা সম্পর্কে পাকিস্তানের জনগণের আস্থা ক্রমশ আরও কমে যাচ্ছে। আইন সবার জন্য সমান কখনো ছিল না, কিন্তু সেটার জন্য যতটা না বিচার বিভাগ নিজে দায়ী ছিল, তার চেয়ে বেশি দায়ী ছিল বিচার বিভাগের ওপর সরকারের প্রভাব। এখন পাকিস্তানের মানুষ দেখতে পাচ্ছে, তাদের বিচার বিভাগকে প্রভাবিত করার সাধ্য কারোর নেই; বরং বিচার বিভাগ নিজেই আইনকে বানিয়েছে আপন হাতের খেলনা। এই খেলনার ব্যবহার বর্ণনা করতে গিয়ে পাকিস্তানের মানুষ ‘জুডিশিয়াল অ্যাকটিভিজম’ কথাটা খুব ব্যবহার করছে।পাকিস্তানের জুডিশিয়াল অ্যাকটিভিস্টদের প্রধান নেতা বিচারপতি ইফতিখারকে লক্ষ্য করে কেউ কেউ বলছেন, তাঁর উচিত বিচারকের দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনীতিতে নেমে নির্বাচনে দাঁড়ানো। কিন্তু তিনি সেটা করলেও পাকিস্তানের বিচার বিভাগ রাজনীতি ও ক্ষমতার খেলার যে স্বাদ ইতিমধ্যে পেয়ে গেছে, তা কি সহজে ভুলতে পারবে, না ভুলতে চাইবে? মশিউল আলম: সাংবাদিক।