
‘গৃহযুদ্ধকবলিত’ লেবাননের রাজধানী বৈরুতের কোনো কোনো এলাকাকে ‘পরিত্যক্ত’ বা ‘উপদ্রুত’ ঘোষণা করা হয়। সরকার নগরবাসীকে হুঁশিয়ার করে দেয় যে তারা যেন ওই নির্দিষ্ট এলাকায় না যায়।
বাংলাদেশের রাজধানী ঢাকার কোনো অঞ্চলকে সে রকম ঘোষণা না দেওয়া হলেও মগবাজার-মৌচাক এলাকাটি কার্যত ‘পরিত্যক্ত’ হয়ে গেছে। অন্তত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দায়িত্ব ভুলে গিয়ে ওই এলাকার কয়েক লাখ মানুষকে আজাব দিয়ে চলেছে। অথচ ‘অন্ধকারের পাশেই প্রদীপের’ মতো এক কিলোমিটারেরও কম দূরত্বে বেইলি রোড, হেয়ার রোড, মিন্টো রোডে মন্ত্রী-উপদেষ্টারা পুলিশের পাহারায় অবাধে চলাচল করেন। তাঁরা ঘরের পাশের মানুষের খোঁজ রাখেন না।
বিএনপি সরকার ২০০৪ সালে নগরের যানজট নিরসন তথা নগরবাসীর চলাচলের সুবিধার জন্য মগবাজার-মৌচাক সমন্বিত উড়ালসড়ক প্রকল্পটি হাতে নেয়। আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৮ সেপ্টেম্বর একনেকের বৈঠকে এটি অনুমোদন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি ৮ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়কের শিলান্যাস করেন। তখন বলা হয়েছিল, দুই বছরের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু তিন বছর পর এসে ২০১৬ সালের জুনে কর্তাব্যক্তিরা বলছেন, কাজ শেষ হতে আরও এক বছর লাগবে। একটি উড়ালসড়ক নির্মাণ করতে পাঁচ বছর!
মিয়ানমারে দেখেছি, অনেক বড় বড় উড়ালসড়কও এক বছরের মধ্যে শেষ হয়েছে। শেষ করতে না পারলে নির্মাতা প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। আর এখানে কাফফারা দিতে হয় জনগণকে। আলাপ প্রসঙ্গে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত এলজিইডির একজন কর্মকর্তা বললেন, নির্মাতা প্রতিষ্ঠান এত বিলম্ব করেছে যে জরিমানা গোনার সময় এসেছে। কিন্তু সরকার তাদের কাছ থেকে জরিমানা আদায় করতে পারবে বলে মনে হয় না। নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত আছেন।
প্রকল্পের কাজে কেন এত দেরি হচ্ছে? জবাবে তিনি বললেন, উড়ালসড়কের মতো বড় প্রকল্প করার অভিজ্ঞ লোকবল আমাদের নেই। বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিতে হয়। কাজও নেওয়া হয়েছে বিদেশি কোম্পানির নামে। ২০০৪ সালে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। ২০১১ সালে সেটি বেড়ে দাঁড়ায় ৭৭২ কোটি ৭৭ লাখ টাকা। তৃতীয় ধাপে খরচ ধরা হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকা। সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণব্যয়ও বাড়ছে।
তিনটি অংশে বিভক্ত এই উড়ালসড়কের তেজগাঁও-হলি ফ্যামিলি পর্যন্ত ২ দশমিক ১০৫ কিলোমিটারের কাজ পায় নাভানা-সিমপ্লেক্স। গত ২৬ মার্চ এই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হলেও এফডিসি অংশের কাজ বাকি আছে। প্রথম নকশায় এফডিসির সামনের রেললাইনের আগে শেষ করার কথা ছিল। পরে এটি সোনারগাঁও পর্যন্ত বাড়ানো হয়। আমাদের নীতিনির্ধারকেরা ভেবে কাজ করেন না; করে ভাবেন এবং জনগণের দুর্ভোগ বাড়ান।
দ্বিতীয় অংশে রয়েছে ইস্কাটন থেকে মগবাজার হয়ে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত। চীনা প্রতিষ্ঠান এমসিসি-এসইএল ইউডিসি এই অংশের কাজ পেলেও তাদের হয়ে বাস্তবায়ন করছে তমা কনস্ট্রাকশন। তৃতীয় অংশ শান্তিনগর-মৌচাক-মালিবাগ চৌধুরীপাড়ার কার্যাদেশ পেয়েছে এমসিসি ও তমা যৌথভাবে।
মৌচাক-বাংলামোটর সড়ক ঘুরে দেখা গেল, সর্বত্র জঞ্জাল ও বিশৃঙ্খলা। উড়ালসড়কের পিলার নির্মাণের কাজ শেষ হলেও রাস্তায় পড়ে আছে নির্মাণসামগ্রী, তার মধ্যেই তৈরি হচ্ছে বিশাল বিশাল স্ল্যাব; কোথাও রাস্তার এক পাশ বন্ধ করে, কোথাও দুই পাশে সরু গলির মতো জায়গা রেখে। রাস্তার ওপর ও দুই পাশে ময়লা-আবর্জনার স্তূপ। কোথাও খানাখন্দে ভরা, কোথাও কাটাকাটি চলছে। আর এসবের মাঝেই চলছে বাস-মিনিবাস-অটো, রিকশা—হরেক কিসিমের যানবাহন। কয়েক মিনিটের পথ চলতে ঘণ্টা পার হয়ে যায়। তারপরও বিকল্প না থাকায় এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষকে চলাচল করতে হয়।
সামনে ঈদ। গত দুই বছরে চারটি ঈদ সীমাহীন দুর্ভোগের মধ্যে পার করেছেন এলাকার মানুষ। প্রতিবার মন্ত্রীরা আসেন, হম্বিতম্বি করেন। কাজ হয় না। ১৪ জুন সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান এলেন। এরপর এলেন ঢাকা দক্ষিণের মেয়রও। সবাই আশ্বাস দিলেন, রাস্তা ঠিক হয়ে যাবে। হয়নি। ঈদের আগে ঠিক হওয়ার কোনো লক্ষণ নেই। মৌচাক থেকে বাংলামোটর পর্যন্ত কয়েকটি সুপার মার্কেট ছাড়াও আছে সারি সারি দোকান। দোকানিরা বসে আছেন মন খারাপ করে। মৌচাক মোড়ে মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী বলেন, বেচাকেনা ৩০ শতাংশে নেমে গেছে। অনেক দোকানে কর্মী ছাঁটাই করা হয়েছে। কেউ কেউ ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন।
এ সড়কেই রয়েছে ঢাকা কমিউনিটি কলেজ ও হাসপাতাল, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাশমনো পলি ক্লিনিক, আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আছে ভিকারুননিসা স্কুল ও কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, নজরুল বিদ্যালয়, ইস্কাটন গার্লস স্কুল, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালে যেতে যেতে চিকিৎসক-রোগী কিংবা বিদ্যালয়ে যেতে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকেরা নিত্য দুর্ভোগ পোহালেও দেখার কেউ নেই।
রাশমনো হাসপাতালের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, রাস্তাঘাট খারাপ থাকায় রোগী আসতে চায় না; অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক চলে যাচ্ছেন। ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য আনোয়ার হোসেন যে
তথ্য দিলেন, তা খুবই মর্মান্তিক। মাস তিনেক আগে একদিন স্কুল ছুটি হওয়ার পর ছেলেমেয়েরা বাড়ি যাচ্ছিল। কিন্তু রাস্তায় বের হতেই তারা দেখে উড়ালসড়কের কাজে ব্যবহৃত একটি রড একজন শ্রমিকের মাথায় ঢুকে শরীর থেকে বের হয়ে গেছে। ঘটনাস্থলে শ্রমিকটি মারা যান। কয়েকটি ছোট্ট শিশু সেই দৃশ্য দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসাও দিতে হয়। এর আগেও একজন শ্রমিক এই প্রকল্পের কাজ করতে গিয়ে মারা গেছেন। উন্নত দেশ হলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হতো, জেল-জরিমানা হতো। কিন্তু এখানে কোনো মামলা হয়নি। প্রকল্পের সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, প্রথমটায় কিছু টাকার বিনিময়ে ‘সমঝোতা’ হয়েছে। দ্বিতীয়টাও সমঝোতার চেষ্টা চলছে। এতই তুচ্ছ বাংলাদেশে শ্রমিকের জীবন!
মগবাজার-মৌচাক এলাকার জনদুর্ভোগের দায় কেউ নিতে চাইছে না। সিটি করপোরেশন বলছে, প্রকল্পটি এলজিইডির। অতএব, সড়ক ঠিক রাখার দায়িত্বও তাদের। এলজিইডির জবাব, কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠানেরই রাস্তা ঠিক রাখার কথা। আর নির্মাতা প্রতিষ্ঠানের উত্তর হলো, কাজ শেষ না করে কার্পেটিং করলে কাজে আসবে না। এই পাল্টাপাল্টিতে এলাকাবাসীর জীবন ওষ্ঠাগত।
সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে, রাস্তার মোড়ে মোড়ে হরেক রকম বিলবোর্ড ঝুলিয়ে বিদেশি মেহমানদের সুখী বাংলাদেশের ছবি দেখাচ্ছে। কিন্তু এই মহানগরের একটি ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা যে তিন বছর ধরে কষ্ট ও দুর্ভোগ পোহাচ্ছেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যে বিপর্যয় ঘটছে, তার ক্ষতির পরিমাণটা একবার তারা ভেবে দেখেছে বলে মনে হয় না।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।