ম্যারিয়েটা, টেইলর ও আমাদের স্বাধীনতা

সত্তর-আশির দশকে ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম) কয়েকটি বইয়ের দোকান ছিল। একটির নাম ম্যারিয়েটা। বাংলাদেশে বাংলা বইয়ের দোকান, তা-ও এক বিদেশিনীর নামে। অবাক লেগেছিল। পরে জেনেছিলাম ব্রিটিশ নাগরিক ম্যারিয়েটা ছিলেন বাংলাদেশের পরম সুহৃদ। পঁচিশে মার্চে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালালে অন্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ম্যারিয়েটাও প্রতিবাদে লন্ডনের রাস্তায় নেমে আসেন। নর্থ ওয়েস্ট লন্ডনের ৩৪ স্ট্র্যাটফোর্ড ভিলায় অবস্থিত তাঁর ফ্ল্যাটটিও ‘অ্যাকশন বাংলাদেশ’-এর অফিস হিসেবে ব্যবহার করতে দিয়েছিলেন তিনি।
তখন লন্ডনে দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা-কূটনীতিক মহিউদ্দিন আহমদ ম্যারিয়েটা সম্পর্কে লিখেছেন, ‘২৬ সেপ্টেম্বর হাইড পার্কের সভায় যাচ্ছিলাম। পার্কে ঢুকতেই দেখি ম্যারিয়েটা ও তাঁর বয়সী অ্যাকশন বাংলাদেশের আরও এক তরুণী—রেবা ফনসেকা দাঁড়িয়ে আছেন। তাঁদের পাশে মাটিতে দু-তিনটি কার্টন। আমাকে দেখেই ম্যারিয়েটা বললেন, “মহিউদ্দিন, প্লিজ, হেলপ আস।” দেখলাম, কার্টনগুলোতে কতগুলো টি-শার্ট, যার বুকে-পিঠে লেখা, “স্টপ জেনোসাইড”, “রিকগনাইজ বাংলাদেশ”।’
ম্যারিয়েটা বাংলাদেশের বিজয়ে খুবই আনন্দিত হয়েছিলেন। ১৯৭২ সালের গোড়ার দিকে ঢাকায় বেড়াতেও এসেছিলেন। কিন্তু বাংলাদেশ থেকে ফিরে গিয়ে কিছুদিন পর ম্যারিয়েটা আত্মহত্যা করেন। এটাই ছিল ম্যারিয়েটা নামে বইয়ের দোকান করার পটভূমি।
২.
কয়েক দিন আগে প্রথম আলোর প্রশিক্ষণকক্ষে দেখানো হয় ব্লকেড নামে একটি প্রামাণ্যচিত্র। যার প্রতিপাদ্য ছিল ১৯৭১ সালের ১১ জুলাই যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সমুদ্রবন্দরে ‘পদ্মা’ নামের সমুদ্রগামী পাকিস্তানি জাহাজটি ভিড়তে না দেওয়ার কাহিনি। জাহাজটি পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র বহন করছে—এই তথ্য জানতে পেরে পেনসিলভানিয়া ও বাল্টিমোরে বসবাসরত একদল মার্কিন নাগরিক ছোট ছোট ডিঙি নিয়ে সমুদ্রে নেমে পড়েন। তারও আগের পটভূমি হলো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া–নিবাসী সুলতানা আলম দেশে থাকা স্বজনদের কাছ থেকে জানতে পারলেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে। তিনি লক্ষ করলেন মার্কিন সরকার কিংবা জনগণের মধ্যে এর কোনো প্রতিক্রিয়াই নেই। বরং পাকিস্তানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে। সুলতানা ফোন ডিরেক্টরি খুলে প্রতিদিন চেনা-অচেনা অসংখ্য মানুষকে তাঁর দেশে কী হচ্ছে জানিয়ে তাঁদের সাহায্য চাইলেন। কোয়েকার অধিকারকর্মী রিচার্ড কে টেইলরসহ অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ‘পদ্মা’ অবরোধ আন্দোলনে নেতৃত্বদানকারী টেইলর সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে লিখলেন, ‘ব্লকেড: এ গাইড টু নন ভায়োলেন্ট ইন্টারভেনশন’।
প্রামাণ্যচিত্রে দেখা যায়, আন্দোলনকারীরা শুরুতে ভেবেছিলেন নিজেদের গায়ে বোমা বেঁধে করাচি থেকে অস্ত্র নিতে আসা জাহাজ ‘পদ্মা’কে তাঁরা আটকে দেবেন। পরে মার্টিন লুথার কিংয়ের আদর্শে তাঁরা অহিংস আন্দোলনের পথে যান। প্ল্যাকার্ড হাতে ছোট ছোট ডিঙিতে জাহাজ ঘিরে ফেলে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন। তাঁরা স্থানীয় গণমাধ্যমকেও পরিকল্পনা জানান। যেদিন জাহাজ ঘেরাও করা হবে, সেদিন অনেক সাধারণ আমেরিকান এসে যোগ দিলেন তাঁদের সঙ্গে। পুলিশের বাধা উপেক্ষা করে জাহাজ ঘেরাওয়ের জন্য সংগঠকদের অনেকে গ্রেপ্তার হলেন। ভিনদেশি এসব বন্ধু এক মাস জেলও খাটলেন বাংলাদেশের জন্য। কিন্তু আন্দোলন সফল হলো। গণমাধ্যমে প্রচারণা আর জনমতের তোড়ে জাহাজ ডকের মালবাহকেরা জাহাজে অস্ত্র বহন করতে অস্বীকৃতি জানালেন। এসব বিদেশি বন্ধু আর আন্দোলনে শরিক প্রবাসী বাংলাদেশিদের স্মৃতিচারণা নিয়ে আইটি প্রকৌশলী আরিফ ইউসুফ তৈরি করেছেন প্রামাণ্যচিত্র ব্লকেড।
৩.
ওপরে আমি দুজনের কাহিনি তুলে ধরলাম। এ রকম অসংখ্য কাহিনি আছে। ম্যারিয়েটা ও টেইলরের মতো অসংখ্য বিদেশি আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁদের না হয় একটি স্বার্থ বা বাধ্যবাধকতা ছিল। পাকিস্তানিদের শাসন ও শোষণ থেকে মুক্ত হওয়ার। অাক্রমণ থেকে রক্ষা পাওয়ার। নিজের ভাগ্য নিজে গড়ার। কিন্তু ওই বিদেশি নাগরিকেরা সহায়তা করেছেন একেবারেই নিঃস্বার্থভাবে। তাঁরা কখনো বাংলাদেশে আসবেন, বাংলাদেশের দেওয়া সম্মাননা পদক (যা নিয়ে সোনা কেলেঙ্কারির মতো ঘটনা ঘটেছে) পাবেন, সেটি কখনো ভাবেননি। তাঁরা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন একটি নীতিগত অবস্থান থেকে। তাঁরা ন্যায়, সত্য ও মানবতার পক্ষে এবং অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ছিলেন। তাঁরা স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন। এ কারণেই ম্যারিয়েটা লন্ডনের রাস্তায় স্টপ জেনোসাইড ও রিকগনাইজ বাংলাদেশ স্লোগানসংবলিত টি-শার্ট বিক্রি করেন। এ কারণেই টেইলর অস্ত্রবোঝাই পাকিস্তানি জাহাজ বন্দরে আটকে দেন।
কিন্তু আজ পঁয়তাল্লিশ বছর পর আমরা সেই ন্যায়, সত্য ও মানবতা কতটা ধারণ করতে পেরেছি? পাকিস্তান আমলে যে জাতিগত নিপীড়ন ও অবিচার ছিল, সেটি থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি? একাত্তরের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার, সেটি কি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানকে পরাস্ত করে স্বাধীনতা লাভ করলেও কি সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে পেরেছি? পারলে নাসিরনগর, গোবিন্দগঞ্জে কিংবা আরও আগে রামুতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা ঘটল কীভাবে?
আমরা দাবি করি, মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যার স্বাধীনতার ঘোষণাপত্র আছে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে সেই ঘোষণাপত্রের প্রতিফলন কতটা আছে? স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সমতা থাকলে সমাজে বৈষম্য থাকতে পারে না। আইনের শাসন থাকলে মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত হতে পারে না।
৪.
রিচার্ড টেইলরের মতো যিনি বাংলাদেশকে কখনো দেখেননি, ম্যারিয়েটার মতো যিনি লন্ডনে বাঙালিকে দেখেই আপন করে নিয়েছিলেন, তাঁদের সবার প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে মানুষ দেখা হবে না। তাঁরা চেয়েছিলেন জাতিগত নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী বাঙালি তার দেশে জাতিগত নিপীড়ন হতে দেবে না। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার বলেছিলেন, বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড মানে শান্তির দেশ। সেটি কেবল সামরিক অস্ত্রসজ্জা থেকে বিরত থাকার অর্থে নয়, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের শান্তিতে বসবাসের অর্থেও।
কিন্তু আজ বাংলাদেশে শান্তি কোথায়? একদিকে জঙ্গিবাদের তাণ্ডব, অন্যদিকে দলীয় মাস্তানি। দুর্বলের ওপর সবলের পীড়ন। যেদিকে তাকাই ভীতি, শঙ্কা, নিরাপত্তাহীনতা। যেখানে যাই হানাহানি, মারামারি। আগে রাজনীতির মাঠের লড়াইটা হতো দলের সঙ্গে দলের, এখন দলের ভেতরেই প্রাণঘাতী যুদ্ধ চলছে। নারীশাসিত বাংলাদেশে আজ নারীরাই সবচেয়ে বেশি নিগৃহীত। ঘরে-বাইরে কোথাও তাঁরা নিরাপদ নন।
হলি আর্টিজান ট্র্যাজেডির পর সরকারের ত্বরিত ব্যবস্থায় ধারণা করা গিয়েছিল, জঙ্গিরা খামোশ হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা জোর প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রামে হরকাতুল জিহাদের একটি দল অস্ত্রশস্ত্রসহ ধরা পড়েছে। যারা ধরা পড়ে আমরা তাদের পেছনে ছুটি। কিন্তু যারা ধরা পড়ছে না, তাদের থেকে মুক্তির উপায় কী?
আমাদের মুক্তিযুদ্ধে অন্যতম প্রত্যয় ছিল গণতন্ত্র। পাকিস্তান আমলে গণতন্ত্র ছিল না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। কিন্তু সেই গণতন্ত্র কি আজ সুপ্রতিষ্ঠিত? এখানে গণতন্ত্র মানে ‘আমার ক্ষমতা’। ১৯৭২ সালে প্রণীত সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার স্বীকারও করে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরই পূর্বাপর সব সরকার নিজ নিজ স্বার্থে নাগরিকের অধিকার হরণকারী একের পর এক আইন করতে থাকল। আমরা পাকিস্তানি শাসকদের তাড়িয়েছি, কিন্তু তাদের প্রেতাত্মাটি রেখে দিয়েছি। আমরা সামরিক শাসককে হটিয়েছি, তার দুষ্ট ক্ষতগুলো মুছে ফেলতে পারিনি। এখনো সংবিধানে রাষ্ট্রধর্ম বহাল রেখেছি।
গণতন্ত্রের অবস্থা বেহাল কেন—আওয়ামী লীগের যেকোনো নেতাকে জিজ্ঞেস করলে বলবেন, বিএনপি-জামায়াতের কারণে। আর বিএনপির কোনো নেতার কাছে জানতে চাইলে তিনি জবাব দেবেন, সবকিছুর জন্য দায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ; তারাই গণতন্ত্র হত্যা করেছে। প্রত্যত্তরে আওয়ামী লীগ নেতা বলবেন, বিএনপি গণতন্ত্রের কবর রচনা করেছে। জনগণ কার কথা বিশ্বাস করবে?
আমরা স্বৈরাচার পাকিস্তানি বাহিনী ও শাসককে তাড়াতে পারলেও কীভাবে দেশ চালাব, গণতন্ত্র অনুশীলন করব, সে ব্যাপারে একমত হতে পারিনি। নিজের মতো করে গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছি। আমরা নির্বাচন কমিশন গঠন বা নির্বাচনের বিষয়েও কখনো মতৈক্যে পৌঁছাতে পারিনি। গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে পরস্পরবিরোধী মতের মানুষের সহাবস্থান মেনে নিতে হয়। উন্নত জীবনদর্শন ও রাজনীতি দিয়েই অনুন্নত দর্শন ও রাজনীতিকে পরাস্ত করতে হয়। কিন্তু ক্ষমতাসীনেরা বরাবর রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করলেও খারাপ কাজগুলো অক্ষরে অক্ষরে অনুসরণ করে চলে। ভালোটা পরিহার করে। কাউকে গায়ের জোরে ক্ষমতা থেকে নামানো কিংবা সমালোচনার ভাষা শক্তিবলে স্তব্ধ করে দেওয়া গণতন্ত্র নয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে শান্তি-সম্প্রীতির বদলে হিংসা ও সহিংসতাই প্রাধান্য পেয়ে এসেছে। কখনো গণতন্ত্র রক্ষার নামে, কখনো গণতন্ত্র উদ্ধারের নামে। কিন্তু তাঁরা ভুলে যান যে হিংসা, ঘৃণা দিয়ে জনগণের মন জয় করা যায় না।
মহান মুক্তিযুদ্ধের পর, কথা ছিল দেশে শান্তি আসবে। আসেনি। কথা ছিল সব মানুষ দেশটির মালিকানা পাবে। পায়নি। যে অভয় পরিবেশ পেলে একজন ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু মানুষ দেশকে নিজের ভাবতে পারেন, সেই জায়গাটি ক্ষমতাসীনেরা কখনোই দিতে পারেননি। যে দেশের প্রধানমন্ত্রী নারী, সাবেক প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেতা নারী, জাতীয় সংসদের স্পিকার নারী, সেই দেশে যদি বলা হয় সিডওর বিশেষ ধারা গ্রহণ করা হবে না, তাহলে বলতে হবে আমরা ভূতের মতো পেছনেই হাঁটছি। প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা বাল্যবিবাহ আইনের বিরোধিতা করছেন, তাঁরা বাস্তবতা বোঝেন না। বাস্তবতা বোঝা নয়, বদলানোই বিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বের কাজ। বঙ্গবন্ধু সেটি পেরেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব বাস্তবতার দোহাই দিয়ে সিডওর দুই ধারা যদি আটকে রাখেন, বাল্যবিবাহের বয়স নির্ধারণে শর্ত জুড়ে দেন, তাহলে বুঝতে হবে দেশ পুরুষতান্ত্রিক আধিপত্য থেকে মুক্ত হতে পারেনি।
মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা। মুক্তিযুদ্ধ মানে ভালোবাসা। সেই ভালোবাসা ঘৃণা ও হিংসা দিয়ে অর্জন করা যায় না। অর্জন করতে হয়, জ্ঞান, যুক্তি ও মানবিক বোধ দিয়ে। ৪৫ বছর আগে যেসব বিদেশি আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন, বাংলাদেশের কাছে তঁাদের ব্যক্তিগত কোনো চাওয়া–পাওয়া ছিল না। তাঁরা চেয়েছিলেন দেশটি ভালো থাকুক, মানুষগুলো মৌলিক মানবাধিকার ভোগ করুক। কিন্তু তাঁদের সেই প্রত্যাশা আমরা কতটা পূরণ করতে পেরেছি? তাঁদের ভালোবাসা ও সহমর্মিতার প্রতিদান একটি পদক বা সনদ নয়। প্রতিদান হলো বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু তা থেকে এখনো আমরা অনেক দূরে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।