
জার্মানির চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা ম্যার্কেল চতুর্থ ও সম্ভবত শেষবারের মতো নির্বাচিত হলেন। তবে আগামী দিনের কার্যতালিকার ব্যাপারে তিনি সম্ভবত সন্তুষ্ট নন। ঘনিষ্ঠ মানুষদের তিনি বলেছেন, নিজের ইচ্ছেমতোই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। তবে তিনি আধাখেচড়া কাজ করার মানুষ নন যে মাঝপথে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, যদি স্বাস্থ্য তাঁর জন্য সমস্যা হয়ে না দাঁড়ায়।
আবার গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত রাখাও তাঁর স্বভাবসুলভ নয়। কিন্তু তাঁর সামনে এখন বেশ বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। এদিকে জার্মানির অর্থনীতিতে একরকম স্বর্ণসময় বিরাজ করলেও সামনে যে অনেক ঝামেলা হবে, তার লক্ষণ দেখা যাচ্ছে। দেশটির ইস্পাতশিল্প যেমন রুগ্ণ, তেমনি সেখানে ডিজেলসংকটও হতে যাচ্ছে। সেখানে দহন ইঞ্জিন বন্ধের আহ্বান জানানো হচ্ছে। এখন ম্যার্কেলের নেতৃত্বের কাজ হচ্ছে এটা যেন জার্মানির গাড়িশিল্পের জন্য ক্ষতিকর না হয়ে ওঠে, যে শিল্পে আট লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। ম্যার্কেল এ-ও জানেন, জার্মানির ডিজিটাইজেশন প্রক্রিয়ায় ব্যাপক উন্নতি ঘটাতে হবে। নানা সূচকে জানা যাচ্ছে, এ ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় জার্মানি অনেক পিছিয়ে আছে।
অন্যদিকে দেশটির চাঙা অর্থনীতিও ধাক্কা খাবে। কারণ, আগামী কয়েক বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের প্রজন্ম অবসরে যাবে। সম্প্রতি সেখানকার জন্মহার কিছুটা বাড়লেও তাতে খুব একটা কাজ হবে না।
জার্মানি বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এতে তার তরুণ জনগোষ্ঠীর চাহিদা কিছুটা মিটবে। কিন্তু এদের জার্মান সমাজে অন্তর্ভুক্ত করতে যেমন অনেক কাঠখড় পোড়াতে হবে, তেমনি এর জন্য দিকনির্দেশনা ও সূক্ষ্ম নীতির প্রয়োজন। এখন ম্যার্কেল যদি তাঁর দরজা খোলা রাখার নীতি ব্যর্থ করতে না চান, তাহলে তাঁকে অনেক সূক্ষ্ম আর্থিক ও আইনি নীতি গ্রহণ করতে হবে।
জার্মানির অভিবাসন নীতি সংস্কারের যে ব্যাপক দাবি উঠেছে, সেটা তাঁকে আমলে নিতে হবে। এর লক্ষ্য হচ্ছে দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদের আগমন নিয়ন্ত্রণে রাখা। একই সঙ্গে তাঁকে দেশের ভেতরে শিক্ষা ও প্রশিক্ষণে আরও ব্যয় করতে হবে। কারণ, দক্ষ শ্রমিকদের জার্মানিতে আনা খুবই কঠিন।
পেনশন ব্যবস্থায় সংস্কার আনাও জরুরি। তিনি সম্প্রতি বলেছেন, অবসরের বয়সসীমা ৬৩-তেই রাখতে চান। কিন্তু তাঁর রাজনৈতিক মিত্র ও অর্থনৈতিক উপদেষ্টারা বলছেন, এটি খুবই অবাস্তব। ওদিকে লিগনাইট নামক একধরনের কয়লা ব্যবহারের সমর্থন করে তিনি পরিবেশবাদীদের সমালোচনার মুখে পড়েছেন। গাড়ি নির্মাণশিল্পের প্রতি সমর্থন দিয়েও তিনি একই ঝামেলায় পড়েছেন, যদিও ডিজেল নির্গমনের ব্যাপারে এদের ব্যবহারে নানা অসংগতি ছিল। আর এই সত্য স্বীকারে তিনি বাধ্য হতে পারেন যে ফুকুশিমায় পারমাণবিক বিকিরণের পর তিনি যে পারমাণবিক শক্তি ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছিলেন, সেটা খুব তড়িঘড়ি করে দেওয়া।
প্রতিরক্ষার ব্যাপারে ম্যার্কেল ন্যাটো ও যুক্তরাষ্ট্রের, অর্থাৎ প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার দাবি আমলে নিতে বাধ্য হবেন। একই সঙ্গে তাঁকে আপাত-শান্তিকামী জার্মান ভোটারদের শান্ত করতে হবে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে জার্মান সামরিক বাহিনী ক্রমবর্ধমান হারে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, তার সঙ্গে প্রাযুক্তিক উৎকর্ষের জন্য খরচও বাড়বে। ফলে প্রতিরক্ষা বাজেট বাড়ানো ছাড়া তাঁর তেমন কিছু করার থাকবে না।
ইউক্রেন ও তুরস্কের সঙ্গে জার্মানির শরণার্থীবিষয়ক চুক্তি আছে, তার সঙ্গে আছে উত্তর কোরিয়ার সংকট। ফলে এসব গুরুত্বপূর্ণ বৈদেশিক ব্যাপারে তাঁকে গভীরভাবে যুক্ত থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্পের একঘরে করার নীতি, রাশিয়ার যুদ্ধংদেহী অবস্থান ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে তাঁকে ব্যস্ত থাকতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন এখন ক্রমবর্ধমান হারে বার্লিনকেন্দ্রিক হয়ে উঠছে। তাই ব্রেক্সিট-বিষয়ক আলোচনায় তাঁকেই মূল ভূমিকা পালন করতে হবে। সবকিছু দেখে মনে হচ্ছে যদি ব্রিটেনকে ছাড় দেওয়ার মতো কিছু ঘটে, তাহলে তিনি কট্টর অবস্থান নেবেন। ইউরোপিয়ান মনিটরি ফান্ড গঠনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাঁকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। মাখোঁর সঙ্গে তাঁর অংশীদারি এবং মাখোঁর জমানা যদি ব্যর্থ হয়, তাহলে ফ্রান্সে অতি ডানপন্থীরা যে ক্ষমতায় চলে আসতে পারে, বার্লিন সেটা ভালোভাবে জানে।
ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর ম্যার্কেলকে যে ‘মুক্ত বিশ্বের নতুন নেতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তিনি সেটা ‘সামঞ্জস্যহীন ও অদ্ভুত’ বলে খারিজ করেছেন। জার্মান ভোটার ও তাঁর বৈশ্বিক প্রতিপক্ষরা চায়, জার্মানি স্থিতিশীলতার নোঙর হিসেবে কাজ করুক, সেটা তিনি ভালোভাবে বোঝেন। সে কারণে তিনি উত্তর কোরিয়া ও জার্মানির মধ্যে আপসরফাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু জার্মানি যদি অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকে, তাহলেই কেবল সে এই ভূমিকা পালন করতে পারবে।
তবে আগের তিনবারের চেয়ে ম্যার্কেলের এবারের জমানা কঠিন হবে। কারণ, দেশটির অতি ডানপন্থী অল্টারনেটিভ ফার ডয়চেল্যান্ড ৬০ থেকে ৮৫টি আসন পেতে যাচ্ছে, যারা দেশটির তর্ক-বিতর্কের সংস্কৃতি বিনষ্ট করতে চায়। তাদের কাছে এটা খুবই বিরক্তিকর।
সবশেষে গত ১২ বছর তিনি যে বিষয়টি পুরোপুরি উপেক্ষা করেছেন, সে ব্যাপারটিতে তাঁকে এবার নজর দিতে হবে, সেটা হলো উত্তরসূরি খোঁজা। ১২ বছর শাসন করার পর তিনি হেলমুট কোহলের ১৬ বছরের শাসন করার রেকর্ড ছুঁতে যাচ্ছেন, এখনো অনেক জার্মান ওই পদে অন্য কাউকে ভাবতে পারে না।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
কেট কনোলি: দ্য গার্ডিয়ানের বার্লিন প্রতিনিধি।