শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের মধ্যে পার্থক্য যে কখনো আকাশ–পাতাল হতে পারে, তার আরেকটি প্রমাণ তৈরি হলো সদ্য সমাপ্ত ময়মনসিংহের দুটি সংসদীয় উপনির্বাচনে। বিশৃঙ্খলা, উত্তেজনা কোনোটিই ছিল না, কিন্তু মানুষ সেভাবে ভোট দিতে যায়নি বলেই অভিযোগ। বিরোধী দল বা কোনো বিদ্রোহী প্রার্থী ছিল না। অতীত বিবেচনায় দুটি সংসদীয় এলাকাই কমবেশি আওয়ামী লীগেরই ঘাঁটি। তাই দুটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীর জয়ী হওয়াতে বিস্ময় থাকার কথা নয়। কিন্তু পরিতাপের বিষয়, দুটি উপনির্বাচন যে প্রক্রিয়ায় সম্পন্ন হলো, তা দুর্ভাগ্যজনক। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ধারণা সম্ভবত দিন দিন লোপ পেতে বসেছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত হুমকি ছিল না। কিন্তু প্রার্থীরা ভোটারদের ভোটকেন্দ্রে আনতে ব্যস্ত ছিলেন না। উপরন্তু দুটি আসনেই ব্যাপক কারচুপি, বিশেষ করে জাল ভোট দেওয়ার হিড়িক পড়েছিল বলেই বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে। আসলে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন অবাধ হতেই পারে না। আর নির্বাচন কমিশন যখন নির্বাচনে বিরোধী দলকে টেনে আনতে পারে না, তখন তারা আর কী বিকল্প পদক্ষেপ নিতে পারে, সেই বিষয়েও তাদের সক্রিয় চিন্তাভাবনার দরকার আছে বলেই প্রতীয়মান হয়। ভোটের নামে এ রকম প্রহসনের অভিযোগ সম্পর্কে রাষ্ট্র নিরুদ্বেগ থাকতে পারে না।
ময়মনসিংহ-১ আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রার্থীর ভোটের ব্যবধান (১ লাখ ৭০ হাজার বনাম ১৪ হাজার) দেড় লাখের বেশি আর ময়মনসিংহ-৩ আসনে বিজয়ী ও পরাজিত ব্যক্তির ভোটের ব্যবধান (১ লাখ ১৯ হাজার বনাম ৪ হাজার) প্রায় সোয়া লাখ। কিন্তু এই বিরাট ব্যবধানই ভোটের ফলাফলের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে তা–ই নয়, এলাকাবাসী দেখেছেন ভোটার উপস্থিতি ন্যূনতম আর ভোটের হার অস্বাভাবিকভাবে সর্বোচ্চ। নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তুলতে কমিশনকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা গেল না। আমরা বিস্ময়ের সঙ্গে দেখছি কী এক নির্লিপ্ততায় কমিশন নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে!