যখন যেটুকু কুড়িয়ে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন বই নিয়ে বসে থাকি। যেখানে যতটুকু কুড়িয়ে পাই, তারই গুঞ্জরন মনে মনে। ভালো গান শুনি। গানগুলো আবার নিজের মনে মনে বাজাই। এত সুন্দর গান লিখে গেছেন কবিরা। নতুন গানের আর প্রয়োজন কী? বিগত দিনের গায়কদের গান নিয়ে বসি। এত সুন্দর কণ্ঠ, বাচনভঙ্গি, উদাস গানের সুর আর কি কখনো হবে? ওগুলোর রিমেক হয়, তা-ও মন দিয়ে শুনি নতুন নতুন শিল্পীর কণ্ঠে। পরিবেশনার অভিনবত্বে, সাউন্ড সিস্টেমের আধুনিকতায় গানগুলো যেন স্বপ্ন হয়ে চোখের মধ্যে ছড়িয়ে দেয় আনন্দের হারানো মণিকা। লংড্রাইভে গেলে গানগুলো বাজতে থাকে, মনে হয় আমার জন্যই শিল্পীরা পাশে বসে। কাউকে কাউকে স্মার্টফোনে ধরার চেষ্টা করি, কাউকেই পাওয়া যায় না।

তবে একদিন পেলাম পছন্দের এক শিল্পীকে। থাকেন কলকাতায়। বললেন, ‘জানি আপনি আমার গান ভালোবাসেন। এখন ডালে বাগার দিয়েছি, শব্দ পাচ্ছেন?’ বললাম, জি, স্বপ্নের সঙ্গে মিলছে না। সব সময় আপনাকে একরকম ভাবছি। আপনি যে রান্না চড়িয়েছেন, স্বপ্নেও ভাবিনি। বরং আপনি ডালটি ভালো করে রাঁধুন। আপনার স্বামী মহারাজ অপেক্ষা করছেন।

একদিন আমেরিকায় আমি আর বন্ধু খালেদ সালাহউদ্দিন শত শত মাইলের লংড্রাইভে গিয়েছিলাম। গাড়িতে ছিল অনেক সিডি, যাতে ধরে এত সুন্দর সুন্দর গান, যা শ্রেষ্ঠ বাংলা গান। কে ছিল না সেই গানের হাটে? যাঁরা গান গেয়েছিলেন স্টুডিওতে, তাঁরা বুঝতেই পারলেন না, কীভাবে আমরা তাঁদের গান উপভোগ করেছি। গানগুলো যে প্রাণের গভীরে নতুন তরঙ্গের সৃষ্টি করতে সক্ষম হয়েছিল।

এবার আসি পাড়ার গান প্রসঙ্গে। আমি যে এলাকায় থাকি, সেখানে প্রতি বৃহস্পতিবার গানের আসর বসে। সেই আসরে আমার নিমন্ত্রণ হয় না। তা হলে কী হবে? রাত দুটো পর্যন্ত ওই গানগুলো শুনতেই হবে। মুম্বাইয়ের সবচেয়ে জ্বালাময়ী গানগুলো কর্ণপটহবিদারণকারী অর্কেস্ট্রার সঙ্গে শুনতে হচ্ছে। যাঁরা শুনছেন তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এগুলো কোনো গানই না। তাঁরা প্রচুর অতিথি ডেকেছেন, খাওয়া-দাওয়ার ফাঁকে শিল্পীরা গান গেয়ে চলেছেন। একজনও সেই গান শুনছেন না। আজ রাতেই মনে করুন গুলশান-বারিধারা-বনানী-ডিওএইচএস-বসুন্ধরায় এক শ অনুষ্ঠান হচ্ছে। চার-পাঁচটা বাড়ি পরপরই গানের অনুষ্ঠান পূর্ণ লাউড স্পিকারে। কে কার গান শুনবে?

হায়রে সংগীত! ধরণি দ্বিধা হও, তোমাতে প্রবেশ করি এবং আজ রাতের মতো আমাকে ঘুমাতে দাও। আমার বাড়ির সামনে বিয়ে। প্রচুর আলোকসজ্জায় স্নাত সমস্ত পরিবেশ। ভালোই লাগছিল। সাত দিন ধরে গান হচ্ছে। একটাও আমাদের গান নয়।

দরজা-জানালা বন্ধ করে গান গাইতে বসলাম, ওদের সঙ্গে পাল্লা দিয়ে। ‘সে যেন কি করলে আমায়, কি যেন কি দিয়া’। ওদের গান থেমে গেল। কয়েকজন এসে আমার ঘরের বেল টিপলেন, বললেন, আপনার গানের জ্বালায় আমরা অনুষ্ঠান করতে পারছি না। বললাম, আমি তো মাইক্রোফোন ছাড়া গাইছি পাঁচতলায়। আপনারা শুনছেন কেন? ওরা বললেন, আপনার কণ্ঠ এত সুমধুর যে আমাদের সব গান পণ্ড হয়ে যাচ্ছে। হারমোনিয়াম থামিয়ে দিলাম।

জানামতে, বাংলাদেশের প্রতিটি শহরেই এখন হিন্দি গান ও আরোহিত সংগীত এসে ভর করেছে। এ থেকে নিষ্কৃতি কীভাবে পাব? কয়েক দিন আগে রংপুরে সরকারি আয়োজনে অনুষ্ঠিত হলো আব্বাসউদ্দীন লোকসংগীত সম্মেলন তিন দিন ধরে। আসাদুজ্জামান নূর বললেন, ‘আমরা যথাসাধ্য আমাদের সংস্কৃতি নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। ধার করা কোনো কিছু টিকবে না।’

মন্ত্রীর কথা শুনুন। অন্যের টিভি দেখবেন না। নিজের টিভিকে বাঁচান। অন্যের সংস্কৃতির তল্পিবাহক হবেন না। নিজেরটা ভালো করে চিনুন।

গ্রাম থেকে এসেছেন পালাগানের শিল্পীরা, ২০০ জন। তাঁদের গান এতই মনোমুগ্ধকর যে সারা রাত শুনলেও ক্লান্ত হতাম না। ওদের বাঁচান। ওদের অর্থ দিন। ভাওয়াইয়া শিল্পীদের বাঁচান। মাত্র কয়েকটি ঘর যাঁরা গ্রামের নিভৃতে ভাওয়াইয়াচর্চা করছেন, ওদের কয়েকটি টাকা দিয়ে সাহায্য করুন। শহরে যাঁরা হিন্দি গানের আসর বসিয়েছেন, তাঁদের বলছি, এগুলো বন্ধ করুন। নিজেকে চিনুন। তা না হলে আপনাদের পরিচয় হবে সংকর জাতি; বাঙালি নয়।

রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান হচ্ছে পরের দিন নীলফামারীতে। অনেক শ্রোতা। সরকারি টাকায় হচ্ছে বোঝা গেল। কিন্তু সমন্বয়হীনতায় ভুগছে সব কার্যক্রম। কোনোভাবে টাকাটা খরচ করতে পারলেই যেন কার্য সমাধা হলো। তা তো নয়।

রবীন্দ্রনাথকে যদি জনগণের সামনে নিতেই হয়, তাহলে সেটাও হতে হবে পরিকল্পিতভাবে। সেখানেও প্রয়োজন হবে হাজার হাজার তরুণের, যাঁরা রবীন্দ্রনাথকে ভালোবাসেন। যেহেতু আমি তাঁকে ভালোবাসি, আমি জানি কীভাবে কাজটি করতে হবে। শুধু প্রচারণায় হবে উল্টো ফল।

মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্যিক ও সংগীত ব্যক্তিত্ব