যখন ৪০ শতাংশের কাছে অক্ষর শুধু ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যখন প্রতিবছর একুশে উদ্যাপন করি, অ আ ক খ মুদ্রিত শার্ট ও গেঞ্জি পরে ঘুরে বেড়াই, তখন কেন আমাদের মনে হয় না যে এ দেশের এই ৪০ শতাংশ লোকের কাছে অক্ষরগুলো শুধু ছবি মাত্র। অক্ষর পড়ার ক্ষেত্রে তারা ‘চোখ থাকিতেও অন্ধ’।

সাক্ষরতার হার এবং শিক্ষিতের হার আমরা গুলিয়ে ফেলি। শিক্ষিতের চেয়ে সাক্ষরতা অনেক বেশি মৌলিক এবং শিক্ষার পথে সাক্ষরতার একটা ধাপ মাত্র। কেউ যদি নিজের নামটা বাংলা ভাষায় সই করতে পারে তাকে আমরা স্বাক্ষর বলে মনে করি। কিন্তু এটা তো সাক্ষরতার সংজ্ঞা হতে পারে না। ইউনেসকো সাক্ষরতার যে সহজ সংজ্ঞা দিয়েছে তা হচ্ছে এই যে একজন যদি সহজ ভাষায় একটি চিঠি লিখতে পারে এবং সহজ ভাষায় লিখিত একটি চিঠি পড়তে পারে, তবে তাকেই স্বাক্ষর বলা যেতে পারে। এই সংজ্ঞা ব্যবহার করলে আমাদের জনসাধারণের প্রায় অর্ধেকের বেশি লোককে সাক্ষরতার আওতায় আনা যাবে না। এদিক দিয়ে বিবেচনা করলে ভাষা আন্দোলনের ৬৫ বছর পর শহীদদের রক্ত আমাদের উপহাস করছে বলে মনে হয়।

এ অবস্থা থেকে বেরোনোর কি পথ নেই? হ্যাঁ, পথ অবশ্যই আছে। সেই পথ বের করতে হলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে পৃথিবীতে যখনই কোনো জাতির সামনে একটা ঘোরতর সমস্যা এসে হাজির হয়েছে, তখন একটা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে তারা তা মোকাবিলা করেছে। আমরাও যে করিনি তা নয়। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন আমাদের এই যুদ্ধ করার কথা বারবার স্মরণ করিয়ে দেয়। আমরা স্বাধীন জাতি; তবু আমাদের যুদ্ধ রয়েছে দারিদ্র্যের বিরুদ্ধে, অশিক্ষা-কুশিক্ষার বিরুদ্ধে, শিক্ষা ও সাক্ষরতার সপক্ষে। যেকোনো সরকারকে এটাই মনে রাখতে হবে যে দেশের লোক যদি স্বাক্ষর হয় এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ে, তবে সরকারের পক্ষে দেশ চালানো অনেক সহজ হয়ে পড়ে। সব দেশে সচেতন নাগরিকেরা প্রায় সব কর্ম করেন, সরকার শুধু তাঁদের জন্য সহায়ক ভূমিকা পালন করে। আমরা কি পারি না নিরক্ষরতার বিরুদ্ধে একটা যুদ্ধকালীন ব্যবস্থা গ্রহণ করতে? এই যুদ্ধে সৈনিক কে হবে? সৈনিক হতে পারে ছাত্রসমাজ।

ইউরোপের অনেক দেশেই ছাত্রদের স্কুলশিক্ষা সমাপনীর শেষে কয়েক মাস সামরিক প্রশিক্ষণে যেতে হয়। ইউরোপে থাকাকালীন এই সব ছেলের সঙ্গে আমার পথেঘাটে দেখা হয়েছে। কথাবার্তায় বোঝা গেছে যে এই ট্রেনিংয়ের মূল্য যতই থাকুক না কেন, তারা এটা খুব একটা পছন্দ করে না। কিন্তু পছন্দ না করে উপায়ও নেই। বাধ্য হয়েই তারা এই দায়িত্ব পালন করে। আগেই বলেছি, নিরক্ষরতার বিরুদ্ধে আমরা কেন প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ছাত্রদের সৈনিক হিসেবে ব্যবহার করতে পারি না। এই অভিযান কী হিসেবে সংগঠিত হবে, এই অভিযান সংগঠিত করার পন্থা কী হতে পারে? আমরা প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন ছুটি দিয়ে থাকি। এই ছুটিটাকে আমরা কমপক্ষে ÿতিন মাস নির্ধারণ করি এবং ছাত্রদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দিতে পারি (এমন কোনো ছাত্র নেই যে বলতে পারবে না তার বাপ-দাদা বা তার দাদার বাবা গ্রামে বাস করেননি, গ্রামেই তো আমাদের আসল শিকড়)।
এখন প্রশ্ন হলো, সাক্ষরতায় কর্মরত অবস্থায় এই ছাত্র থাকবে কোথায়, খাবে কী? এগুলোর ব্যাপারে একটা কথাই মনে রাখতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় গ্রামের মানুষেরা তাদের কাছে যে খাবার ছিল, আশ্রয় ছিল, তা দিয়েই মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল। গ্রামের মানুষকে অবমূল্যায়ন করা মোটেই ঠিক হবে না। একটি ছাত্র গ্রামে এসে গ্রামের নিরক্ষর লোকগুলোকে অক্ষরজ্ঞান দিচ্ছে, এর চেয়ে আর ভালো কাজ কী হতে পারে? তারা এ কাজের বিনিময়ে একজনকে দুবেলা দুমুঠো খেতে দেবে—এ তো এমন বেশি কিছু নয়। প্রয়োজনে সরকার তার উপজেলা কর্মকাণ্ডের আওতায় ছাত্রদের কিছুটা হাতখরচও দিতে পারে। গোটা দেশ স্বাক্ষর হয়ে গেলে এবং দেশের নাগরিকেরা সচেতন হয়ে উঠলে সরকারের উন্নয়ন প্রকল্পে জনগণের অংশীদারত্বের পরিমাণ যে বাড়বে, সেই সুফলের বিবেচনায় হাতখরচের হিসাবটা কঠিন বলে গণ্য হবে না। এই অভিযানে বাড়তি লাভ হবে এই যে দেশের ছাত্রসমাজ দেশে নিসর্গ, ভূপ্রকৃতি, মানুষ ও মাটির অনেক কাছাকাছি পৌঁছাবে। তাদের জীবনবোধ যে বাস্তবমুখী ও দেশমুখী হবে—এটা আশা করা মোটেই অসংগত হবে না।
এই কর্মেও একটা বাড়তি ফায়দা হবে এটা যে সাক্ষরতা অর্জনের পরে এই সাক্ষরতা ব্যবহার করে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক জিনিসগুলো তারা বড় অক্ষরে লিফলেটের মাধ্যমে জানতে পারবে। যদি অক্ষর ব্যবহার না করা হয়, তবে সাক্ষরতা অর্জনের পর সাক্ষরতা নিরক্ষরতায় পরিণত হতে পারে। এই প্রচেষ্টায় সরকারের সহায়ক ভূমিকা হবে উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে ছাত্রদের উৎসাহ-উদ্দীপনাকে কাজে লাগানো এবং কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানে এগিয়ে আসা। এই সাক্ষরতা অভিযানকে যদি ছাত্রজীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ করে ফেলা হয়, তবে অভিভাবকদের কিছু বলার থাকবে না। রোদে ঘামলে, পানিতে ভিজলে শরীরের ক্ষতির আশঙ্কা করলে চলবে না। সামরিক প্রশিক্ষণে এর চেয়ে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। আবারও বলছি, রোদে পোড়া, জলে ভেজা মানুষ জীবনঘনিষ্ঠ বাস্তবতার সম্মুখীন হবে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। এই সাক্ষরতা অভিযান সফল হলে সালাম, বরকত, রফিক, জব্বার তাঁদের আত্মত্যাগ সার্থক হবে, দেশের একটা বড় প্রয়োজন মিটবে এবং একুশে ফেব্রুয়ারি উদ্যাপন সার্থক হবে।
ড. এম শমশের আলী: প্রফেসর ইমেরিটাস, সাউথইস্ট ইউনিভার্সিটি।