যত দোষ পূর্ণিমা ঘোষ?

হই হই কাণ্ড রই রই ব্যাপার। কী হয়েছে? চিত্রনায়িকা পূর্ণিমা ধর্ষণ নিয়ে ‘মজা’ করেছেন। ধর্ষণ দৃশ্য নিয়ে প্রশ্ন করে তিনি নাকি অনেকের মনেই আঘাত করেছেন! যেখানে এটি একটি ঘৃণিত অপরাধমূলক কাজ, আর সেখানে কিনা তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বিষয়টি নিয়ে রসিকতা করেছেন!
গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা হচ্ছে। কেউ কেউ পূর্ণিমাকে খুবই আক্রমণাত্মক ভাষায় গালমন্দ করছেন।
আসলে কী ঘটেছে? পূর্ণিমা একটি বেসরকারি টিভি চ্যানেলের আড্ডার অনুষ্ঠানে তাঁরই সহকর্মী মিশা সওদাগরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। মিশা সিনেমায় খল চরিত্রেই অভিনয় করেন। বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, উর্দু সিনেমা এবং পশ্চিমা দুনিয়ার বহু বিখ্যাত সিনেমায় ধর্ষণ দৃশ্যে আমরা অনেককেই অভিনয় করতে দেখি। দুনিয়ার অনেক বিখ্যাত ছবি, বিশেষ করে যুদ্ধনির্ভর অনেক সিনেমাতেই আমরা ধর্ষণের দৃশ্য দেখেছি। আর বাংলাদেশের সিনেমায় ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না, এমন কোনো আইন সেন্সর বোর্ডেও নেই। তবে হ্যাঁ, অবশ্যই সেটি শালীনতার মধ্যে করতে হয়। ধর্ষণের নামে কুরুচিপূর্ণ দৃশ্যায়ন প্রদর্শনের কোনো সুযোগ নেই।
পেশার কারণেই ধর্ষণের শিকার হতে হয়, এমন ছবিতেও পূর্ণিমা অভিনয় করেছেন। সেখানে মিশা ছিলেন তাঁর সহশিল্পী। পূর্ণিমা মিশাকে যে প্রশ্ন করেছেন, তার অর্থ হলো, আপনি তো সিনেমায় ধর্ষণের দৃশ্যে কাজ করেন, কার সঙ্গে এই চরিত্রে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
মিশা খুবই সাবলীলভাবে বলেছেন, মৌসুমী আর পূর্ণিমার সঙ্গে। একই সঙ্গে মিশা বলেছেন, মৌসুমী আমার বন্ধু, ফলে এমন দৃশ্য ভালোভাবে ফুটিয়ে তুলতে সহশিল্পীর সহযোগিতার প্রয়োজন হয়। আড্ডার অনুষ্ঠানটির ধর্ষণের দৃশ্যের আলোচনার এই অংশটুকুই কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। অথচ এর আগে-পরে পূর্ণিমা কী বলেছেন, তা কিন্তু তুলে ধরলেন না!
প্রসঙ্গক্রমে বলিউডের নির্মাতা করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’-এর কথা একটু বলতে হচ্ছে। এই শোটি ভারতীয় টিভি দর্শকদের কাছে খুব পছন্দের। আর বাংলাদেশের টিভি দর্শকেরাও শোটি দেখেন বলেন জানি। এই শোতে ধর্ষণের দৃশ্য নিয়ে করণ সোনালি বেন্দ্রেকে যখন প্রশ্ন করেন, কোন খল অভিনেতার সঙ্গে এমন দৃশ্য কাজ করতে ভালো লাগে? তখন কিন্তু সেটি নিয়ে সমালোচনা হয় না।
৩ এপ্রিল প্রথম আলোর অনলাইনে এ বিষয়ে একটি লেখা পড়লাম। সেখানে পুরো ঘটনাটির জন্য পূর্ণিমাকে দোষারোপ করা হলো। এখানে একটি বিষয় পরিষ্কার, যদি এ অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় পূর্ণিমার মতো জনপ্রিয় অভিনেত্রী না হয়ে অন্য কেউ থাকতেন, তবে এত আলোচনা-সমালোচনা হতো না। কেননা প্রতিদিন টিভির বিভিন্ন লাইভ অনুষ্ঠানে এর চেয়ে বাজে কথোপকথন হয়। বিভিন্ন গানের অনুষ্ঠানে নিম্নমানের যেসব আলোচনা শুনতে হয় দর্শকদের, সেগুলো নিয়ে কোনো সমালোচনা নেই। পূর্ণিমা বলেছেন তাই যেন জাত গেল গেল অবস্থা!
দেশ এগিয়ে চলেছে। আমরা দিন দিন আধুনিক হয়ে উঠছি। কিন্তু আমাদের মানসিকতা এখনো যেন সেকেলেই! আমরা বাক্স্বাধীনতার কথা বলি, নিজের জানার অধিকারের কথা বলি, কিন্তু বাস্তবে কি আসলে আমরা তা চাই? অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি না! অন্যকে হেয় করতে যেন ভালোবাসি!
ঘটনাটি ঘটার পর পূর্ণিমা ব্যক্তিগতভাবে দু-একটি সংবাদমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তারপরও বিষয়টিকে ইস্যু করার জন্য প্রাণান্ত চেষ্টা চলছে। আমরা জি বাংলার ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের কথা সবাই কমবেশি জানি। অনুষ্ঠানটি কিশোর বয়সের ছেলেমেয়েরা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এ অনুষ্ঠানে কৌতুক বলার নামে যেসব শ্রুতিকটু ভাষা ব্যবহার করা হয়, তখন কেন প্রতিবাদের আওয়াজ ওঠে না? ‘মীরাক্কেল’ অনুষ্ঠানে মেয়েদের অনেক বিষয় নিয়ে যখন মজা করা হয়, তখন কেন এ অনুষ্ঠান সম্প্রচার বন্ধেরও দাবি ওঠে না?
এবারে আসি ধর্ষণের দৃশ্য প্রসঙ্গে। অনেকেরই ধারণা, বাংলা সিনেমার ধর্ষণের দৃশ্য প্রদর্শিত হওয়ার কারণেই বোধ হয় সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে। আসলেই কি তাই? এই ব্যাধি কি বাংলা সিনেমা থেকে এসেছে? পূর্ণিমার এই শোটি প্রচারের দুদিন আগেও ঝালকাঠিতে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা সংবাদমাধ্যম সূত্রে জানতে পারি। প্রায় সময় শিশু ধর্ষণের বিভিন্ন সংবাদ খবরের কাগজে ছাপা হয়; যা পড়লে শরীরের রোমকূপও শিউরে ওঠে। কেউ কি বলতে পারবেন, কোনো বাংলা সিনেমায় এমন দৃশ্যায়ন হয়েছে? তাহলে এ ঘটনাগুলো ঘটছে কী করে?
ধর্ষণের ঘটনায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে মামলা হয়েছে গত ১৬ বছরে ৪ হাজার ৫৪১টি। মাত্র ১ হাজার ২২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। দোষী ব্যক্তিরা শাস্তি পেয়েছে মাত্র ৬০টি মামলায়। এখনো নিষ্পত্তি হয়নি ৩ হাজার ৩১২টি মামলার। যখন ৭৩ শতাংশ মামলার নিষ্পত্তি হয় না বছরের পর বছর, তখন অপরাধের মাত্রা বেড়েই চলেছে। এই দায় কার? আমাদের রাষ্ট্রের? পূর্ণিমা তাঁর আড্ডা অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে কি মজা করল বা করল না, তাতে করে গেল গেল বলে হুল্লোড় করাটা একটু বোধ হয় বেশিই। তার চেয়ে রাষ্ট্রের কাছে দাবি তুলুন, ৭৩ শতাংশ মামলার নিষ্পত্তি যেন দ্রুত হয়।
আরেকটি বিষয় না বললেই নয়, বেসরকারি টিভি চ্যানেলটি যখন অনুষ্ঠানটি ঠিক করে, তার প্রশ্নমালা ঠিক করে, তখন তাদেরও কিছু দায় থাকে। তারা কেন এখন এমন বিষয় নিয়ে এসেছে, তা-ও বোধগম্য হচ্ছে না। সব দোষ পূর্ণিমার কাঁধে চাপানোটা কি ঠিক? এটা বোধ হয় চিন্তা করার দরকার।
কামরুজ্জামান বাবু: একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক।