যমুনার জলে দেখা শিশু, তাদের ঘর, তাদের বিদ্যালয়
আগস্ট ১৮: খবর আসছিল সিরাজগঞ্জ থেকে কাজীপুর, চৌহালী, বেলকুচি বানের পানিতে সয়লাব হয়ে যাচ্ছে। বড় বড় নৌকা অনায়াসে চলে আসছে যমুনা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গড়ে তোলা পুনর্বাসন কলোনিতে। শেষ ১৯৯৮ সালে এ রকম হয়েছিল। পানি এত দূর আসে না সচরাচর—সেতুর নিচে জেগে ওঠা চরের কোনো নিশানা নেই।
কাকডাকা ভোরে রওনা দিয়ে বাজিমাত করতে চেয়েছিলাম। গাবতলী যেতেই গান উঠল, ‘গাড়ি চলে না চলে না’। গাড়ি ঘুরিয়ে মাজার রোড দিয়ে বিরুলিয়া সেতু দিয়ে জাহাঙ্গীরনগর ফটকে গিয়ে উঠলাম। সময় গেল অনেকটা, তারপরও বিধিবাম। টাঙ্গাইল রোডের প্রায় সবটাজুড়েই মেজাজ খিচলানো জট। চার লেন হচ্ছে, তাই থেমে থেমে ছাড়ছে গাড়ি। মন্ত্রী মহোদয় না কয় দিন আগেই বলেছেন ৩৬ না, ৫২ ঘণ্টার মধ্যেই এসব যানজট উধাও করে দিতে! রাস্তা সব ঝকঝকে–তকতকে না হলেও যেন ঈদে মানুষ সময়মতো ঘরে পৌঁছাতে পারে। ঈদের পর পূজার ভিড়ে মানুষ আবার রাস্তায় নামবে। বঙ্গবন্ধুর ভাষণের অংশবিশেষ কানে আসে—‘মানুষের যেন কষ্ট না হয়।’ আহা, আজকের নবাবেরা যদি একটু দিল দিয়ে শুনতেন বঙ্গবন্ধুর এই আকুতি।
ফেসবুকে বন্যার অস্তিত্ব নিয়ে বিতর্ক খিস্তিখেউড়ে গিয়ে ঠেকেছে। বিশেষজ্ঞদের মতের মধ্যেও উনিশ–বিশ পার্থক্য আছে। আমাদের নৌকা এগিয়ে চলে যমুনার কোল ঘেঁষে পুনর্বাসন কলোনি থেকে বেলকুচির দিকে। মে-জুন মাসেও সেসব গ্রামে প্রাণের কোলাহল ছিল, আজ সব থেমে গিয়েছে। মাজাপানি-বুকপানি ঠেলে শুকনো জায়গার সন্ধানে চলে গেছে মানুষেরা। ফিরে এসে যদি চাল-বেড়া না পায়, তাই খুঁটি-চাল-বেড়া নৌকায় তুলছে। যার নৌকা নেই, সে দয়ার অপেক্ষায় আছে অথবা ঘরের সঙ্গে ছোট নৌকা বেঁধে তার ওপরেই থাকছে। গরু-ছাগল, বেঁচে থাকা হাঁস-মুরগি নিয়ে যেন নুহের নৌকায় গাদাগাদি করে অমাবস্যা চলে যাওয়া আর বৃষ্টি থেমে যাওয়ার অপেক্ষা করছে। গত ৪০ বছরের বেশি সময় রৌমারী থেকে শরীয়তপুর বন্যা-অবন্যায় চষে বেড়িয়েছি, কিন্তু কখনো নৌকায় অস্থায়ী জীবনযাপনের এই চালচিত্র নজরে আসেনি।
আরও এগিয়ে দেখি, চৌহালীর শতাধিক পরিবারের পুরো একটা গ্রাম বেলকুচির একটা স্কুলের জল ছুঁই ছুঁই মাঠে আশ্রয় নিয়েছে। দুটো পায়খানা, একটা টিউবওয়েল কেমনে চলে এতগুলো মানুষের। এখানে দেখা হলো প্রতিবন্ধী কোরবান আলীর সঙ্গে। তাঁকেই কি গত বৈশাখে এনায়েতপুরের হাসপাতাল ঘাটে স্পার বাঁধের পাশে মানুষের ভিড়ে মুড়ি-চানাচুর বেচতে দেখেছিলাম? কোরবানের মুড়ি-চানাচুর? চৌহালীর চর গ্রামে তাঁর পরিবার থাকে। তিনি চানাচুর বেচেন হাসপাতাল ঘাটের বাঁধের ওপর (স্পারকে স্থানীয় মানুষ বাঁধই বলে)। ভাগ্যের কী পরিহাস, যমুনার বুক চিরে তৈরি বেসরকারি যে স্পার চৌহালীকে মানচিত্র থেকে মুছে দিচ্ছে, সেই স্পারের ওপর বসেই মুড়ি বেচেন কোরবান আলী—প্রতিবন্ধী কোরবানের সবকিছু কোরবানি হয়ে গেছে কোনো একজনের স্বাস্থ্য ব্যবসার স্বপ্নে। বন্যা আর ভাঙনের কথা শুনে মুড়ি-চানাচুরের চাটিবাটি গুটিয়ে পরিবারের কাছে চলে এসেছিলেন। এখন ভাসতে ভাসতে এই স্কুলে। আমাদের খবরের সাবজেক্ট—ক্যামেরার পোজ; একাত-ওকাত করে ছবি তোলে সবাই। বুকটা হু হু করে উঠলেও পেশাগত দক্ষতা দেখাই। আহা, নিজেকে যদি একটা সেঁটে চড় মারতে পারতাম।
শিশু খোকন কি আমার মনের কথা বুঝতে পারল? ডাউন সিনড্রমের শিশু খোকনকে আগে কোনো দিন দেখিনি। সবাই বোঝা ভাবে এই শিশুদের। মনে করে ঝামেলা। আমাদের ঝটিকা সফরের তালিকায় না চাইলে তারা কখনোই আসে না। এই বর্ষায় বানে তার প্রতি অবহেলার মাত্রা কি বেড়ে যায়? প্রতিবন্ধী শিশুদের নিয়ে যাঁরা এখন সেমিনার মাহফিল গুলজার করে বেড়াচ্ছেন, তাঁরা নিশ্চয়ই অনেক কিছু ভাবছেন। কেউ নিশ্চয় তৈরি করছেন কোনো জটিল গবেষণাপত্র। হয়তো জাতিসংঘের করিডরে হাঁটবেন সেসব জ্ঞান নিয়ে। খোকন নিশ্চয় উপকৃত হবে—এ খোকন না হোক আগামীর কোনো খোকন। ‘খোকন খোকন ডাক পাড়ি?/ খোকন গেছে কাদের নায়/ আয়রে খোকন ঘরে আয়।’ কোথায় ঘর? কোথায় বাড়ি? খোকনের ঘরও নেই, খাবারও নেই। খোলা আকাশের নিচে গাঙের পাড়ে দিন কাটছে তাদের।

আমাদের নৌকা আরও উজানে চলে। মানুষ ভাসছে, তারপরও হাসছে। হাত নেড়ে কাছে ডাকে পুছ-কাছ করে। খেয়েছি কি না জানতে চায়। বলে, ‘চাইট্টা খাইয়া যান। যা আছে ভাগ করে খামু।’ হাঁড়ি চড়ে না, তারপরও মনে হয় জেনুইন অনুরোধ। মেকি প্লাস্টিক হাসি না, আসলেই ভালোবাসার হাসি। গ্রাম হারিয়ে যাচ্ছে যমুনার জলে। ইয়াকুবের চোখের সামনে দোতলা স্কুলবাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে ঠিকাদারের লোক। বড় বড় হাতুড়ির কলিজা কাঁপানো আওয়াজের বাড়ি পড়ছে। স্কুলের ব্ল্যাকবোর্ডে এখনো সেখানে লেখা আলিফ বে তে সে। চকের দাগ শুকায়নি। ইয়াকুবের চোখের জল শুকিয়ে যায়। তার চোখের সামনেই টিনের স্কুল পাকা হলো। টিনের স্কুল নিলাম হলো। পাকা স্কুলের মিলাদের মিষ্টির রস এখনো মনে হয় হাতের তালুতে। এর মধ্যে এই স্কুলটাও টুকরো করে কোরবানির গরুর মতো ভাগ দিয়ে ঠিকাদারের মানুষ নিয়ে যাচ্ছে। ইয়াকুব বলে, ‘কী লাভ হলো পাকা দালান বানাইয়ে? আম-ছালা দুই গেল।’ চতুর্থ শ্রেণির ছাত্র ইয়াকুব দার্শনিকের মতোই কথা বলে যেন। আমি ব্যাখ্যা তলব করি। আগের টিনের স্কুল থাকলে আমরা যেখানে যাব, সেখানে নিয়ে যেতে পারতাম। গ্রামের সঙ্গে সঙ্গে স্কুলও চলে যেত আমাদের নতুন ঠিকানায়। এখন এই পুরো দালানটাই লস। দালান না হলে হয়তো দলাদলি হতো না—ইয়াকুব যেন দার্শনিক থেকে কবি হয়ে যায়।
ব্রিটিশরা যখন কেরানি বানানোর যন্ত্র হিসেবে এ দেশের স্কুল চালু করে, তখন তারা এক হুঁশিয়ার সিদ্ধান্ত নেয়। বন্যা আর ভাঙনপ্রবণ এলাকায় স্কুলের দালান পর্যন্ত হবে না। কাঠের বাঁশের খুঁটির ওপর টিনের ছাউনি নিয়ে স্কুল হবে। বন্যার সময়, ভাঙনের সময় সে স্কুল সরিয়ে নেবে নিরাপদ স্থানে। পাকিস্তানের জঙ্গি শাসনের সময়ও এই ব্যবস্থা কায়েম ছিল। স্বাধীন দেশে আরও বাস্তব আর সাশ্রয়ী ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল। তার বদলে হয়েছে অবাস্তব আর কোষাগার ফুটো করার চাটুকারী ব্যবস্থা। যে ঠিকাদার গড়ছে সেটা, হয়তো নিলামে কিনছে সে-ই। গড়া ও ভাঙা দুবারই লাভ করছে। শ্রাদ্ধ হচ্ছে টাকার আর ভাঙছে অবিরাম শিক্ষার সুযোগ।
গওহার নঈম ওয়ারা: দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।