যমুনায় পদ্মা সেতুর টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টি এক দিক হয়ে গিয়েছিল। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন-সংক্রান্ত বাংলাদেশ সরকারের প্রস্তাবিত অর্থছাড়ে অস্বাভাবিক বিলম্বের কারণে ঋণের প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। বিকল্প অর্থায়নের উৎস খোঁজা হচ্ছে। এদিক-সেদিক থেকে কিছু প্রস্তাবও আসছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করেই সিদ্ধান্ত হয়েছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে। বিষয়টি নতুন মাত্রায় নজরে এল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি বিবৃতি থেকে। তিনি বলেছেন, পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক প্রতিশ্রুত ১২০ কোটি ডলারের ঋণ যমুনার ওপর একটি রেল সেতু নির্মাণের জন্য চাওয়া হবে। এর জন্য তিনি ওয়াশিংটনে গিয়ে বিশ্বব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। পদ্মা সেতুর জন্য বরাদ্দ করা অর্থ অন্য কোনো প্রকল্পে ব্যবহার করা যায় কীভাবে, তা পর্যালোচনা করতে বিশ্বব্যাংক একটি দল পাঠাতে রাজি হয়েছে।বর্তমান কারিগরি নকশা ও প্রাক্কলন অনুসারে, পদ্মা সেতু ও প্রাসঙ্গিক নির্মাণ-ব্যয়ের প্রাক্কলিত অঙ্ক ২৯০ কোটি ডলার। এতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণের পরিমাণ ছিল ১২০ কোটি ডলার। খুবই সহজ শর্তের এই ঋণ। অর্থের পরিমাণ হিসাবে এরপর আসে এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে তার ঋণ প্রস্তাবটি প্রত্যাহার করায় পদ্মা সেতুর অর্থায়ন থেকে আপাতত সরে গেছে অন্য সংস্থাগুলোও। তাদের আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, এটাও জানা যায়।পদ্মা সেতু প্রকল্পের প্রয়োজনীয়তার কথাও অনেক ক্ষেত্রেই আলোচিত হয়েছে। প্রস্তাবিত সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সড়ক ও রেলপথে অন্য অংশের সঙ্গে সরাসরি যুক্ত করবে। সে অঞ্চলের প্রায় অবরুদ্ধ অর্থনীতির দ্বার খুলে সৃষ্টি করবে নতুন সুযোগ। অঞ্চলবিশেষের অর্থনৈতিক সমৃদ্ধির ছাপ গোটা দেশেই পড়বে। তাই এই সেতু নির্মাণ বাংলাদেশের সব মহলেরই কাম্য। আর তা দ্রুত হবে, এটাও আশা করা যৌক্তিক। সরকার জোর প্রচেষ্টা নিলে অর্থায়নের বিকল্প উৎস পাওয়া অসম্ভব হবে না। তবে দেখার থাকে, এ ধরনের অর্থায়ন প্রকল্প ব্যয়ে কীরূপ প্রভাব রাখবে। পত্রপত্রিকায় যতটুকু দেখা যায়, মালয়েশীয় একটি কোম্পানির প্রস্তাব অনেক ব্যয়বহুল এবং শর্ত আমাদের প্রতিকূলে; এ কারণে বিবেচনা করতে অসম্মত সরকার। একটি চীনা কোম্পানি ২ শতাংশ সুদে চীন সরকারের বড় অঙ্কের ঋণ সংগ্রহ করে দেওয়ার প্রস্তাবটিও পরিশেষে গ্রহণযোগ্যতা পায়নি। শুধু ভারতের ২০ কোটি ডলার অনুদানের বিষয়টি ছাড়া এখন পর্যন্ত বিকল্প অর্থায়ন সম্পর্কে জনগণের সামনে আর কোনো তথ্য সরকার দেয়নি। আশা রাখব, সরকার দৃঢ়তার সঙ্গে যথাসম্ভব সহজ শর্তে সে অর্থ সংগ্রহে সক্ষম হবে।যমুনা নদীর ওপর একটি সড়ক ও রেল সেতু দেড় দশক আগেই চালু হয়েছে। সেই সেতু মালবাহী রেল চলাচলের উপযুক্ত নয় বলে পাশে আরেকটি রেল সেতু তৈরি করতে চায় সরকার। বলা হচ্ছে, পাশাপাশি হবে বিধায় এখানে নদীশাসনের আবশ্যকতা থাকবে না। এর আর্থিক ও অর্থনৈতিক সমীক্ষায় যদি উপযুক্ত বলে বিবেচিত হয়, তবে এটাও অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প। আবশ্যক হবে অনেক অর্থের। তাই হয়তো বা অর্থমন্ত্রী পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি ডলার সেখানে স্থানান্তর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।অর্থমন্ত্রী তাঁর কার্যকালে বহু বিতর্কিত মন্তব্য করেছেন। শেয়ারবাজারে ধস ও হল-মার্ক কেলেঙ্কারি এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। মন্দকে যদি মন্দ বলতে হয়, ভালোকেও ভালো বলতে হবে। সে পরিপ্রেক্ষিতেই বলা যায়, পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে তিনি বরাবরই দায়িত্বশীল ভূমিকা নিয়েছেন। তাঁর সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের সচেতন থাকা সমীচীন। তাই পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ ছাড় করাতে ব্যর্থতার জন্য তাঁকেই প্রধানত দায়ী করা অসংগত হবে। যদি স্মরণ করি, পদ্মা সেতুর অর্থায়ন অনিশ্চিত হওয়ার ক্ষেত্রে সরকারের অর্থমন্ত্রী হিসেবে কিছুটা দায়ভার তাঁর থাকে; তবে সেই দায়মুক্ত হতে সদিচ্ছার অভাব তাঁর মধ্যে আদৌ দেখা যায়নি। মানুষ চাইলেই সবকিছু করতে পারে না।পদ্মা সেতুর অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়ে কানাডার এসএনসি-লাভালীন নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বাংলাদেশে কতিপয় উচ্চ পদাধিকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রচেষ্টা-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে। এখানে আইনি ব্যবস্থা নিতে বিশ্বব্যাংক আমাদের সরকারকে পুনঃপুনঃ অনুরোধ করে ব্যর্থ হলে সময়াবদ্ধ শর্ত দিয়ে ঋণচুক্তি স্থগিত করে। এতে আশানুরূপভাবে সরকার সাড়া দিতে ব্যর্থ হওয়ায় ঋণচুক্তিটি বাতিল করা হয়। তখন বিশ্বব্যাংককে সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সবচেয়ে সক্রিয় হন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। তাঁদের আন্তরিক ও বাস্তবধর্মী প্রচেষ্টায় শর্ত সাপেক্ষে বিশ্বব্যাংক সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তরফ থেকে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়ে একটি এজাহার করা হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় সাবেক যোগাযোগমন্ত্রীর নাম না থাকায় বিশ্বব্যাংক বেঁকে বসছিল। একপর্যায়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই ঋণের প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। দু-একজন পদস্থ ব্যক্তির ‘মানসম্মান’ দেশের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে টাকাটা হাতছাড়া করা হয় বলে অনেকে মনে করেন।২৪ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী ওয়াশিংটনে যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের আভাস দিয়েছিলেন, নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর কাজ হবে। এর জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১৮০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। তিনি অবশ্য বলেছেন, আগ্রহী অন্য যেকোনো রাষ্ট্র বা সংস্থার সহযোগিতার পথ উন্মুক্ত থাকবে।বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় এক হাজার ৪০০ কোটি ডলার। আমদানি-ব্যয় কমেছে। বাড়ছে রপ্তানি-আয় ও প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ। অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির হারও সন্তোষজনক। এ প্রেক্ষাপটে রিজার্ভ থেকে পদ্মা সেতুর জন্য এই বরাদ্দ বড় কোনো সংকট সৃষ্টি করবে বলে মনে হয় না। অনুকূল প্রাকৃতিক পরিবেশে খাদ্য উৎপাদন নিরবচ্ছিন্নভাবে বেড়ে যাওয়ায় এ খাতে আমদানি-ব্যয় খুবই কমে গেছে। বড় রকমের ফসলহানি হলে খাদ্যের আমদানি-ব্যয় বেড়ে গিয়ে রিজার্ভ কিছুটা চাপের মুখে পড়তে পারে। তবে বিরাজমান পরিস্থিতিতে দেশের স্বার্থের প্রতিকূল কোনো বিকল্পে না গিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রচেষ্টা সমর্থনযোগ্য। অবশ্য এর জন্য স্বাভাবিকভাবেই দেশের অন্য উন্নয়নমূলক প্রকল্প কাটছাঁট করতে হবে ব্যাপকভাবে। সড়ক অবকাঠামোসহ অন্য উন্নয়ন প্রকল্পগুলোও দেশের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। এক দিক পেতে হলে অন্যদিকে কিছু ছাড় তো দিতেই হবে।বৈদেশিক সহায়তা কতটা প্রয়োজন, অর্থমন্ত্রী ভালো বোঝেন। তাই তিনি ওয়াশিংটনে যান উল্লিখিত ঋণের প্রচেষ্টায়। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক হবে যে, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের মতপার্থক্য হলেও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এখনো আমাদের দেশে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ৩৯টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পগুলোতে তাদের ঋণ সহায়তার পরিমাণ ৪৩০ কোটি ডলার। আর এসব ঋণ অত্যন্ত সহজ শর্তের। জাইকা ছাড়া অন্য যেকোনো উন্নয়ন সহযোগীর চেয়ে তাদের সুদের হার কম।পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি ডলার ঋণ হাতছাড়া করার পেছনে আমাদের ব্যর্থতার বিষয়টি আগেই উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ করা সমীচীন হবে যে, যেখানে একটি মামলা করে তা তদন্তাধীন এবং অভিযোগটি দুর্নীতির প্রচেষ্টা-সংক্রান্ত, সেখানে বিশ্বব্যাংক এ বিষয়ে বাড়াবাড়ি রকমের ব্যবস্থা নিয়েছে। কয়েকজন লোক যদি দুর্নীতির চেষ্টা করে থাকেন, তা যাতে না করতে পারেন, তার জন্য তাদের নজরদারি বাড়িয়ে এ অর্থ ছাড় করা বিশ্বব্যাংকের নৈতিক দায়িত্ব ছিল। এ অভিযোগে ১৬ কোটি মানুষকে হতোদ্যম করে তারা একটি বিশ্বজনীন সংস্থার সঠিক দায়িত্ব পালন করেনি। এ অর্থে আমাদেরও অধিকার ছিল। দুর্নীতি সমর্থনযোগ্য না হলেও পৃথিবীর অনুন্নত, উন্নয়নশীল এমনকি উন্নত দেশেও তা হয়ে থাকে। হয়তো বা মাত্রার হেরফের আছে। যথোপযুক্ত আইনি বিধানও কার্যকর রয়েছে অনেক ক্ষেত্রে। বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট অনেক প্রকল্পে দুর্নীতি হয়েছে ও হচ্ছে, আফ্রিকার বিভিন্ন দেশে এমনকি এ উপমহাদেশের অন্য দুটি দেশেও। কিন্তু এত কঠোর ব্যবস্থা তারা খুব কম ক্ষেত্রেই নিয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। যা-ই হোক, অর্থমন্ত্রী সঠিক উপলব্ধি থেকেই তাদের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিয়েছেন। প্রস্তাবিত যমুনা রেল সেতুতে বিশ্বব্যাংক পদ্মায় প্রতিশ্রুত অর্থ দিতে সমর্থ হলে তাদের সঙ্গে সম্পর্কোন্নয়নের পাশাপাশি আমাদের অর্থনীতির ভিতও জোরদার হবে।আমাদের এসব বিষয়ে আরও সতর্ক হওয়ার আবশ্যকতা রয়েছে। ইদানীং বিশ্বব্যাংক তাদের অর্থায়নে যেসব প্রকল্প চলছে বা চলবে, সেগুলোতে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। লঘু পাপে গুরু দণ্ড দেওয়া যেমন ঠিক নয়, বলা চলে, তেমনি তাদের এ অবস্থানের বিপরীতে কোনো মন্তব্য করাও অনৈতিক। চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে, বর্তমানে তাদের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর বেশির ভাগই সামাজিক খাতের। অবকাঠামোগত প্রকল্প থেকে দুর্নীতির অভিযোগেই তারা ক্রমান্বয়ে দূরে সরছে। আমাদের শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক খাতে তাদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। এগুলো অত্যন্ত ফলপ্রসূ, সন্দেহ নেই। এসবের দু-একটি ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ বিশ্বব্যাংক করছে বলে জানা যায়। আর সড়ক, সেতু, রেল যোগাযোগ, বিদ্যুৎ উৎপাদনসহ অবকাঠামো খাত থেকে তারা ক্রমান্বয়ে সরে গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় রকমের চাপের মুখে পড়বে। একটি পদ্মা সেতুর ধকল হয়তো আমরা সামলাতে পারব। কিন্তু বিভিন্ন অবকাঠামো প্রকল্পে উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বহাল রাখতে বিপাকে পড়ব। আর উন্নয়ন সহযোগীদের নেতৃত্বে থাকে বিশ্বব্যাংক, এটা কারও অজানা নয়।আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]