যাক, চিন্তা কিছুটা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

আমার সাংবাদিক বন্ধুটির বয়স কত হবে, এক ঝলকে তা বোঝা মুশকিল। পঁয়ত্রিশ থেকে চল্লিশ—মধ্যবর্তী যেকোনো সংখ্যা তাঁর ক্ষেত্রে চালিয়ে দেওয়া যায়। আমুদে লোক। কথায় কথায় হাসেন। কারণে হাসেন। অকারণে হাসেন। তারপরও তাঁর দাম্পত্য বিপর্যয় ঘটেছে। এর মাধ্যমে অন্তত একটি বিষয় তিনি প্রমাণ করতে পেরেছেন যে শুধু হাসি দিয়ে বউ ধরে রাখা যায় না।

এরপরও বন্ধুটি আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন। পাত্রী দেখা চলছে। প্রথম দিকে এই পাত্র সম্বন্ধে পাত্রীদের অভিভাবকদের খুব বেশি আগ্রহ ছিল না; কিন্তু এখন হয়েছে। তাঁদের এই আগ্রহের পেছনে যাঁর হাত রয়েছে, তিনি হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বার্নিকাট কোনোকালে ঘটকালি করেছেন বলে শুনিনি। কিন্তু ১৯ এপ্রিল ‘যুক্তরাষ্ট্রে আপনাদের স্বাগত’ শীর্ষক বার্নিকাটের একটি বিবৃতি আমার বন্ধুটির আরাধ্য পাত্রীদের অভিভাবকদের বিশেষ আগ্রহের ‘অনুঘটক’ হিসেবে কাজ করেছে। যেসব বাংলাদেশি নাগরিক আমেরিকার সাড়ে চার হাজারের বেশি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার্থে ভর্তির আমন্ত্রণ পেয়েছেন, বিবৃতিতে তিনি তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

লেখা বাহুল্য, আমার সাংবাদিক বন্ধুটি সেই সব ভাগ্যবান ব্যক্তির একজন, যাঁরা উচ্চশিক্ষার জন্য আমেরিকান বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাঁদের সেই আবেদন মঞ্জুর করেছে। এখন মার্কিন দূতাবাসে সাক্ষাৎকার দেওয়ার পর তাঁরা ভিসা দিলেই তিনি পাড়ি জমাতে পারবেন। এই বিষয়টি পাত্রী পক্ষের কানে গেছে। আগ্রহের মূল কারণ সেখানেই।

উক্ত পাত্রীপক্ষের মতো বিষয়টি নিয়ে আমার মতো আরও বহু বাংলাদেশির আগ্রহের কমতি নেই। কারণ, ট্রাম্প প্রশাসন যখন মুসলিমপ্রধান দেশগুলোর লোকজনের আমেরিকায় ঢোকা বন্ধ করছেন; ভিসা থাকা সত্ত্বেও মোহাম্মদ জাকির হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গত মাসেই (২৮ মার্চ) যখন আমেরিকা থেকে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে; তখন বিশ্বের চতুর্থ মুসলমানপ্রধান দেশ বাংলাদেশের মানুষের জন্য বার্নিকাটের এমন স্বাগত সম্ভাষণ সবাইকে একটু অবাক তো করেই। এই বিবৃতি বাংলাদেশের বাসিন্দা ও আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দের; নিঃসন্দেহে আশাজাগানিয়া।

মার্শা বার্নিকাটের বিবৃতি থেকেই জানতে পারলাম, গত বছর, মানে ২০১৬ সালে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সাড়ে ছয় হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ মুহূর্তে আমেরিকায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশের অবস্থান ১১তম এবং স্নাতক পর্যায়ে ২৬তম। তার মানে, সে দেশটিতে শুধু সংখ্যার দিক থেকেই নয়, উচ্চশিক্ষার দিক থেকেও বাংলাদেশিদের অবস্থান উপেক্ষা করার মতো নয়।

যাঁরা বাংলাদেশ থেকে উচ্চতর শিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমাচ্ছেন, তাঁদের একটি বড় অংশ স্থায়ীভাবে সেখানে থেকে যাচ্ছেন। তাঁদের হাত ধরে তাঁদের স্বজনেরাও মার্কিন মুলুকে পা রাখতে পারছেন। তাঁরা দেশে পাঠাচ্ছেন রেমিট্যান্স। সেখানে সাফল্যের স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, আমেরিকা আর আগের মতো বিশ্বে ‘মাতব্বরি-খবরদারি’ করে বেড়াবে না। এই ‘মাতব্বরিতে’ খরচা অনেক। ট্রাম্প মনে করেন, বিশ্বের অভিভাবকত্ব নিতে গিয়ে আমেরিকাকে নিজ নাগরিকদের স্বাস্থ্য-শিক্ষাসহ নানা ধরনের সেবার খরচ কাটছাঁট করে সেই পয়সা ন্যাটোর চাঁদা কিংবা অনুন্নত দেশের সহায়তা হিসেবে ঢালতে হয়। এ ছাড়া অভিবাসন প্রক্রিয়া তুলনামূলক শিথিল থাকার কারণে বাইরের দেশ থেকে লোকজন এসে কাজ করার সুবিধা নিয়ে থাকে। এতে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন মার্কিন নাগরিকেরা। তাই ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান নিয়ে তিনি আমেরিকান নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে চান। বৈধ অভিবাসীদের যাতে বেকার থাকতে না হয়, সে জন্য অবৈধ অভিবাসীদের তিনি ঝেঁটিয়ে বিদেয় করতে চান। ইতিমধ্যেই ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তা ওই দেশগুলোর বাইরের মুসলিমপ্রধান দেশের নাগরিকদেরও চিন্তায় ফেলে দিয়েছে।

গত ২৯ মার্চ বিভিন্ন পত্রিকায় এসেছে, ভিসা থাকা সত্ত্বেও মোহাম্মদ জাকির হোসেন নামে বাংলাদেশি এক ব্যবসায়ীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তাঁর ভিসার মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত থাকলেও বিজনেস ভিসায় শিকাগো এয়ারপোর্টে অবতরণের পরই বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। এমন ঘটনায় ভিসাধারী বাংলাদেশিরা হতভম্ব হয়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাকির হোসেন গত ২৮ মার্চ ঢাকা থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের ফ্লাইটে হংকং পৌঁছান। একই দিন কানেকটিং ফ্লাইটে তিনি সেখান থেকে শিকাগো ও’হেয়ার এয়ারপোর্টে আসেন। ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর পর কাস্টমস অফিসার তাঁর সফরের উদ্দেশ্য জানতে চান। এর আগেও কয়েক দফা তিনি আমেরিকায় এসেছেন একই ভিসায়। কিন্তু এবার কাস্টমস অফিসারের সন্তুষ্টি অর্জনে সক্ষম না হওয়ায় তাঁর ভিসা বাতিল করে তাঁকে বাংলাদেশের উদ্দেশে যাওয়া আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনা নিয়ে যখন বাংলাদেশে অনেকের কপালে চিন্তার রেখা ফুটছিল, ঠিক এমনই সময় মার্শা বার্নিকাট বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানালেন। বার্নিকাটের বিবৃতির ভাষা বিন্যাসের দিকে খেয়াল করলেও বাংলাদেশিদের প্রতি তাঁর প্রচ্ছন্ন ও আন্তরিক অভিব্যক্তি সুস্পষ্টভাবে ধরা পড়ে। বিবৃতির এক জায়গায় বার্নিকাট বলেছেন, ‘আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও উষ্ণ অভ্যর্থনার পরিবেশ নিশ্চিত করে গর্বিত এবং আমেরিকা আপনাদের কতটা উষ্ণভাবে স্বাগত জানায়, তা আমি জোর দিয়ে জানাতে চাই।’ বার্নিকাটের কথায় আশা হচ্ছে, বাংলাদেশিদের ব্যাপারে ট্রাম্প প্রশাসন হয়তো খুব কড়াকড়ি আরোপ করবে না। বাংলাদেশের ক্ষেত্রে শুধু শিক্ষার্থী ভিসা নয়, অন্যান্য ভিসার ব্যপারেও তাদের দৃষ্টিভঙ্গি নমনীয় থাকবে।

বার্নিকাটের এই বিবৃতিতে আমার সাংবাদিক বন্ধুটি আশান্বিত হয়েছেন। তাঁর আরাধ্য পাত্রীদের অভিভাবকেরা ততোধিক উদ্দীপ্ত। আর আমরা যাঁরা প্রবাসী ভাইবোনদের সাফল্যের মধ্যে নিজেদের স্বপ্নের ভিত্তি খুঁজে পাই, তাঁদের কথা আর নাই–বা বললাম।

l সারফুদ্দিন আহমেদ: সাংবাদিক