যিশুর পুনরুত্থান মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ১৬ এপ্রিল, রোববার। সারা পৃথিবীতে খ্রিষ্টধর্মাবলম্বীরা আজ মহাসমারোহে পালন করছে মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব পাস্কা বা ইস্টার। সবাই উচ্চকণ্ঠে গেয়ে উঠছে: আল্লে­লুইয়া। অর্থাৎ জয় জয় প্রভুর জয়! ১৪ এপ্রিল ছিল গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার; স্মরণ করা হয়েছে যিশুর পরিত্রাণদায়ী মৃত্যু। মানুষ কৃচ্ছ্রসাধন করে, উপবাস করে নিজ পাপের জন্য অনুতপ্ত হয়েছে। আজ আনন্দের সঙ্গে স্মরণ করা হচ্ছে, পালন করা হচ্ছে প্রভু যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব পাস্কা। আমরা পাস্কা-রহস্যটি যতই অনুধ্যানে অনুধাবন করতে পারব, ততই যিশুর সঙ্গে নতুন হয়ে উঠতে পারব।
আলোর মহোৎসব ইস্টার: পুনরুত্থান মোমবাতি ও নিস্তার বন্দনা: বস্তুত শনিবার রাত থেকেই এই নবজীবনের মহোৎসব পাস্কা শুরু হয়। অন্ধকার। এরই মাঝে আগুন আশীর্বাদ; প্রার্থনায় যাচনা করা হয় খ্রিষ্টের পুনরুত্থানের আলো যেন মানুষের মনের সব অন্ধকার দূর করে। আশীর্বাদিত আগুন থেকে জ্বালানো হয় পুনরুত্থান প্রদীপ, চলতি সালসমেত পঞ্চক্ষতের পাঁচটি ধূপকাঠি লাগানো এক বিরাট আকারের মোমবাতি যা ঘোষণা করে: আদি ও অন্ত যিনি, সেই যিশুর পুনরুত্থান মানুষের জীবনে এনেছে নতুন আলো, নতুন জীবন; যিশুর পুনরুত্থানে দূরীভূত করেছে পাপের অন্ধকার; মানুষ মৃত্যুঞ্জয়ী যিশুখ্রিষ্টের সঙ্গে হয়েছে নবীভূত। আজকের এই মহোৎসব আলোর মহোৎসব। তাই পুনরুত্থান বাতি সামনে নিয়ে প্রজ্বলিত বাতি হাতে নিয়ে শোভাযাত্রা করে প্রবেশ করে উপাসনালয়ে; ঘোষণা করা হয় পুণ্য জ্যোতির মহিমা।
আহ্বান: এই উৎসব আমাদের সবাইকে আলোকিত ও নতুন মানুষ হয়ে যিশুর সঙ্গে পুনরুত্থিত হয়ে তাঁর আলোতে উদ্ভাসিত হতে আহ্বান জানায়। আর তাই ভক্তসমাজ তার দীক্ষার প্রতিজ্ঞা নবায়ন করে এবং আশীর্বাদিত দীক্ষাজল দ্বারা নিজেকে সিঞ্চিত করে। আর এভাবেই ভক্ত পাপ পরিত্যাগ করার সংকল্প পুনরুত্থিত খ্রিষ্টে নতুন ‘আমি’তে পরিণত হয়।
আসুন, সাধু পলের মতো আমরাও বলি, আমার পুরোনো ‘আমি’ যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে; যিশুর সঙ্গে আমার নতুন ‘আমি’টি জেগে উঠেছে। (পবিত্র বাইবেল, গালাতীয় ২: ২০-২১)।
পুনরুত্থান রোববার, ইস্টার সানডে: আজ নতুন সাজে ছোট-বড় সবাই ইস্টার সানডে বা পুনরুত্থান রোববারের খ্রিষ্টযাগে তথা উপাসনায় অংশ নেয়। উপাসনার পরই চলে আপন আপন কৃষ্টিতে ইস্টারের শুভেচ্ছা বিনিময়।
ইস্টার ও আন্তধর্মীয় সম্প্রীতি: বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবেই শান্ত মানুষ; উগ্রতা তার ধর্ম নয়। ঐতিহ্যগতভাবেই আমাদের দেশের মানুষ মিলনের কৃষ্টির মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একত্রে বাস করে আসছে যুগ যুগ ধরেই। বাংলার মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যায় বিদেশি বন্ধুরা। ঘরে ঘরে আজ আয়োজন করা হয় দই-চিড়া, মুড়ি-মুড়কির মতো হরেক রকম মুখরোচক আহারসামগ্রী। শুভেচ্ছা বিনিময়ে ও আহারে অংশ নেবে ঘরের সবাই, পাড়া-প্রতিবেশী সবাই। এই আসরে অনেক সময়ই নিমন্ত্রিত হয় হিন্দু-মুসলিম ভাইবোনেরাও। অতএব, এই মহোৎসব আন্তধর্মীয় সম্প্রীতির প্রকাশ ইস্টার সানডের একটি আশীর্বাদ।
ইস্টার ও বাংলা নববর্ষ: অত্যন্ত মজার দিকটা হলো, পয়লা বৈশাখ ছিল ১৪ এপ্রিল; বাংলা নববর্ষ। নববর্ষ তো নতুন জীবনই ঘোষণা করে। নতুনকে স্বাগত জানিয়ে সেদিন গেয়েছিলাম: এসো হে বৈশাখ, এসো এসো। একইভাবে আমরা এই পুনরুত্থান উৎসবে নতুন জীবনকে স্বাগত জানাই। আমাদের জীবন ঘোষণা করুক যে আমরা কথায়, কাজে, আচরণে, সম্পর্কে, ধর্মীয়, সামাজিক জীবনে আমরা হয়েছি নতুন।
ধন্যবাদ ও একটা বড় আক্ষেপ: এই আনন্দের দিনেও একটি আক্ষেপ! ইস্টার তথা যিশুর পুনরুত্থান-রহস্য খ্রিষ্টধর্মের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান। খ্রিষ্টীয় বিশ্বাসের ভিত্তিই হলো যিশুর এই পুনরুত্থান। অন্যান্য ধর্মের যেমন প্রধান প্রধান ধর্মীয় পূজা বা ঈদ রয়েছে, ইস্টার তেমনই একটি মুখ্য খ্রিষ্টীয় ধর্মীয় মহোৎসব। পরিতাপের বিষয়, দিনটি ছুটির দিন নয়। এই দিনে খ্রিষ্টবিশ্বাসীরা মুক্ত ধারায় মহোত্সবটি উদ্যাপন করতে পারছে না। তবে এই বছর ইস্টারের দিনে এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কোনো পরীক্ষা রাখা হয়নি। সরকারকে, শিক্ষা বিভাগকে, বোর্ডকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদের পাশাপাশি খ্রিষ্টবিশ্বাসী আমাদের সবার বিনম্র অনুরোধ যে এই দিনকে ঐচ্ছিক নয়, বরং সাধারণ ছুটি হিসেবে অনুমোদন দিলে খ্রিষ্টান ছাত্রছাত্রীরা, চাকরিজীবীরা এবং সব পর্যায়ের খ্রিষ্টান নারী-পুরুষ গির্জায় মুক্ত মন নিয়ে যেতে পারবে এবং পারিবারিক, সামাজিক, কৃষ্টিগত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে; সর্বোপরি সর্বজনীনভাবে খ্রিষ্টবিশ্বাসের কেন্দ্রীয় রহস্যভিত্তিক এই মহোৎসব সবার কাছেই সর্বাধিক গুরুত্ব পাবে, পরিচিত হবে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার প্রতি রইল শুভ পাস্কা পর্বের প্রীতিপূর্ণ শুভেচ্ছা। পুনরুত্থিত যিশুর শান্তি ও আনন্দ সবার ঘরে বিরাজ করুক। শুভ পাস্কা, শুভ পুনরুত্থান, হ্যাপি ইস্টার!! আল্লে­লুইয়া!!
ফাদার প্যাট্রিক গোমেজ: ক্যাথলিক ধর্মযাজক, মুন্ডুমালা মিশন এবং আহ্বায়ক, সংলাপ কমিশন, রাজশাহী ক্যাথলিক ডায়োসিস।