যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যকে যথেষ্ট ছাড় দেওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নে তাদের থাকা না-থাকার প্রশ্নে ২৩ জুনের নির্বাচনকে ঘিরে ইউরোপজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের এক সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষের ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা এই থাকা না-থাকার আলোচনায় নতুন মাত্রা যুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চ জনসংখ্যা ও অর্থনৈতিকভাবে সবল দেশ জার্মানিতে এই নির্বাচন নিয়ে বিস্তর বিতর্ক-আলোচনা হলেও রাজনীতিকেরা বিষয়টি এড়িয়ে চলছেন। যুক্তরাজ্যসহ ইউনিয়নভুক্ত আরও কিছু দেশের কট্টর জাতীয়তাবাদী দলগুলো জার্মানির অতীত ইতিহাসের কারণে ইউরোপীয় ইউনিয়নে দেশটির প্রভাবের বিষয়টি মানতে পারে না, তবে জার্মানির এই প্রভাবের বিষয়টি অবশ্যই ইউনিয়নভুক্ত ও অর্থনৈতিকভাবে সংকটাপন্ন দেশগুলোতে তাদের লগ্নীকৃত পুঁজি।
জার্মানরা দুটি বিশ্বযুদ্ধ করার কারণে ইউরোপে যে জাতিগত অবিশ্বাসবোধের জন্ম হয়েছিল, তাকে পেছনে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নতুন প্রজন্মের জার্মান বা ইউরোপীয় রাজনীতিকদের চিন্তা–চেতনায় নিজ নিজ জাতীয়তাবাদকে পেছনে রেখে ইউরোপীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। নিজেদের মধ্যে সংশয় ও অবিশ্বাসবোধকে পেছনে ফেলে ইউরোপের চার দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি ও বেলজিয়াম ১৯৫১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে ভেঙে পড়া অর্থনীতি পুনর্নির্মাণের প্রচেষ্টায় প্যারিসে ইউরোপীয় কয়লা-ইস্পাত গোষ্ঠী গঠন করে। নিজেদের সম্পদ বিনিময়ে লাভবান হয়ে ১৯৫৭ সালে আরও দুই দেশ হল্যান্ড ও লুক্সেমবার্গ, মোট ছয় দেশ মিলে তারা রোমে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী গঠন করে, যুদ্ধকে পরিহার করে—সেই ছিল এক পথে চলার সূচনা।
অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও দেশগুলোর জনগণের সার্বিক কল্যাণে কাজ করতে এবং বারো বছরের মধ্যে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে শুল্কমুক্ত বাজার অর্থনীতি গড়তে সম্মত হয়। পরিকল্পনামতো ১৯৬৮ সালে শুল্কমুক্ত বাণিজ্য বিনিময় শুরু
হয়। ইউরোপীয় অর্থনৈতিক সংহতি অদূর ভবিষ্যতে একটি অভিন্ন মুদ্রাব্যবস্থা গড়ার লক্ষ্যে ১৯৭৯ সালে ইউরোপীয় অর্থনৈতিক ব্যবস্থা ইএমই প্রতিষ্ঠায় চুক্তি সাক্ষর করে, সেই একই বছর ইউরোপীয় জোটভুক্ত দেশগুলোকে নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্যভুক্ত দেশগুলো থেকে জনসংখ্যার ভিত্তিতে পার্লামেন্ট সদস্য নির্বাচনের ব্যবস্থা করা হয়। ইউরোপীয় পার্লামেন্টের সদর দপ্তর হয় জার্মানি–ফ্রান্স সীমান্ত সংলগ্ন ফরাসি শহর স্ট্রাসবুর্গ।
১৯৮৬ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে সদস্য দেশগুলোর নাগরিকদের কেবল জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অবাধ ভ্রমণের লক্ষ্যে নতুন ভিসা চুক্তি স্বাক্ষরিত হয়। আর তখন থেকেই সদস্য দেশগুলোর মধ্যে সীমান্ত প্রহরী ও শুল্ক ফাঁড়ি উঠে যায়। ১৯৯২ সালে ১২টি সদস্যভুক্ত দেশের সমন্বিত চেষ্টায় হল্যান্ডের মাসট্রিখটে চুক্তি সম্পাদিত হয়, যার লক্ষ্য ছিল অভিন্ন মুদ্রাব্যবস্থা প্রণয়ন, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ভোক্তা ও দরিদ্র দেশগুলোয় উন্নয়ন সহযোগিতা, বিশ্ব নিরাপত্তা বিষয়ে সমন্বিত কর্মসূচির জন্য একযোগে পরিকল্পনা প্রণয়ন। এ সময় ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর নাম পরিবর্তিত হয়ে নতুন নামকরণ হয় ইউরোপীয় ইউনিয়ন। আর ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ২০০২ সালে অভিন্ন মুদ্রাব্যবস্থা ইউরো চালু হয়।
২৩ জুনের নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়ন বর্জনকারীদের দাবি, ইউনিয়নের কারণে তাদের নিজস্ব জাতীয়তাবাদ ম্লান ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হচ্ছে। তারা মনে করে, ইউনিয়নে তৃতীয় বৃহৎ করদাতা দেশ হলেও ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য সীমান্ত উন্মুক্ত থাকার কারণে নানা দেশের নাগরিকেরা তাদের সামাজিক ভাতা গ্রহণের নিয়মকানুনের অপব্যবহার করছে। এ ছাড়া ইউনিয়নের কিছু নিয়ম তাদের সার্বভৌমের পরিপন্থী।
তবে ৫০ কোটি জনসংখ্যা-অধ্যুষিত ২৮ জাতিসত্তা আর ২৪ ভাষাভাষী জাতিগোষ্ঠীর নিজস্ব অতীত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এর মধ্যে যেমন আছে মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যা-অধ্যুষিত ছোট দেশ লুক্সেমবার্গ, তেমনি আছে আট কোটি জনসংখ্যা-অধ্যুষিত বড় দেশ জার্মানি। সদস্য দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ও সামাজিক সুযোগ-সুবিধা সমান নয়, তা ছাড়া ইউরোপের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের দেশগুলোতে বেকারত্বের হার ২০ শতাংশ, যাঁদের অধিকাংশই বয়সে তরুণ। এসব দেশের ধনী ও দরিদ্রের পার্থক্যটাও বেশ প্রকট, তাই দরিদ্র সদস্য দেশগুলোর বেকারেরা ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী নীতিমালা আইনের আওতায় চাকরির সন্ধানে ধনী দেশগুলোতে অভিবাসী হতে চান।
জার্মানির ডের স্পিগেল পত্রিকা জানাচ্ছে, ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত তিন লাখ ইউরোপীয় অভিবাসী গরিব সদস্য দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। এঁদের মধ্যে প্রায় দুই লাখ সেখানে চাকরি করছেন। মূলত ১০টি সদস্য দেশ—হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়া থেকে বহু মানুষ চাকরির সন্ধানে যুক্তরাজ্যে ও অন্যান্য ধনী দেশে পাড়ি জমাচ্ছেন। অন্যদিকে যুক্তরাজ্য থেকেও ২০ লাখেরও বেশি অভিবাসী চাকরির কারণে অন্যান্য ইউরোপীয় দেশে পাড়ি জমিয়েছেন, তাঁদের মধ্যে শুধু জার্মানিতেই গেছেন এক লাখ। এসব অভিবাসী, যাঁরা চাকরি করছেন, তাঁরা একটি নির্দিষ্ট সময় পর সন্তানদের সঙ্গে না থাকলেও অনাবাসী শিশু ভাতা গ্রহণ করা ছাড়াও চার বছর পর পর রাষ্ট্রীয় সব সামাজিক ভাতা যেমন—আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবন ধারণের জন্য কল্যাণ ভাতা পাচ্ছেন। যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে রাখার ব্যাপারে এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি ব্রাসেলসে ইউরোপীয় সামাজিক ভাতা নীতিমালায় বেশ কিছু কাটছাঁট করে ছাড় দেওয়া হয়েছে।
বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্য জার্মানির জন্য তৃতীয় বৃহত্তম দেশ। শুধু ২০১৬ সালেই জার্মানি সে দেশে ৮৯ বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানি করেছে। যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসা করছে আড়াই হাজার জার্মান ব্যবসাপ্রতিষ্ঠান, অন্যদিকে শুধু জার্মানিতে ব্যবসা করছে যুক্তরাজ্যের তিন হাজার প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের ইউনিয়নে না থাকার প্রশ্নে বড় বড় জার্মান ব্যবসাপ্রতিষ্ঠান যেমন—ভোডাফোন, জাগুয়ার, কিংফিশার, মার্কস অ্যান্ড স্পেনসার, ল্যান্ডরোভার সম্প্রতি এই বলে সতর্ক করে দিয়েছে যে ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে যুক্তরাজ্যের অর্থনৈতিক ঝুঁকি বাড়বে, ফলে যুক্তরাজ্যের বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়বে।
গত প্রায় ৭০ বছরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দাঁড়িয়েছে ২৮। সদস্যসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মহাদেশীয় ঐক্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর তাই ৭০ বছর আগের ও এখনকার ইউরোপের চেহারা অনেকটাই আলাদা। শিল্প, শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন, কর্মসংস্থান, শ্রমিক, পরিবহন, সামাজিক ভাতা, মুদ্রা ব্যবস্থাপনা, পরিবেশ, মানবাধিকারসহ সব বিষয়েই সদস্য দেশগুলোর নিয়মকানুনের মধ্যে সাদৃশ্য রাখার চেষ্টা করা হয়েছে। বিশাল অভিন্ন বাজারব্যবস্থার কারণে পণ্য ও সেবার অবাধ চলাচল নিশ্চিত হয়েছে। পাশাপাশি বৈদেশিক নীতি বা উন্নয়নশীল দেশগুলোর সাহায্য-সহযোগিতার ক্ষেত্রে এক নীতি বহাল করে সব ক্ষেত্রেই সমন্বয় আর সহযোগিতার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে যখন ইউরোপের দেশে দেশে রক্ষণশীল জাতীয়তাবাদী দলগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, তখন যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকার প্রশ্নে ২৩ জুনের নির্বাচন উদারবাদী আর রক্ষণশীলদের লড়াইয়ে পরিণত হয়েছে। এটা ইউরোপীয় ঐক্য বা বিভক্তিবাদীদের লড়াই, দেখা যাক কারা এই লড়াইয়ে জেতে।
সরাফ আহমেদ: প্রথম আলোর হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি৷
[email protected]