যুক্তরাজ্যের পুনর্নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে গতকাল নতুন একজন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন-উত্তর যুগে যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে, ভোটারদের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক সময় লাগবে।
প্রথমত, ইউনিয়ন ছাড়ার আলোচনা কবে শুরু হবে তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। ট্রিটি অব লিসবনের ৫০ নম্বর ধারা অনুসারে এ প্রক্রিয়া দুই বছরের মধ্যে শেষ করতে হবে। কিন্তু নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, এ বছরের শেষ নাগাদ তিনি আলোচনা শুরু করবেন, তার আগে নয়।
দ্বিতীয়ত, এই আলোচনার মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিয়ন ত্যাগের শর্ত এবং ভবিষ্যতে ইউরোপের একক বাজারে তার ভবিষ্যৎ বাণিজ্যের বন্দোবস্ত করা যাবে কি না, তা নিয়েও বেশ অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাজ্য দাবি করতে পারে, লিসবন চুক্তির ৫০ নম্বর ধারা অনুসারে আলোচনায় ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা বিবেচনায় নিতে হবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আলোচনাকারীরা জোর দিয়ে বলছেন, যুক্তরাজ্য ইউনিয়ন ত্যাগ করলেই কেবল আলোচনা হতে পারে।
যুক্তরাজ্যের আলোচনার উদ্দেশ্য কী, সেটাই হচ্ছে অনিশ্চয়তার তৃতীয় ক্ষেত্র। তারা কি অভিন্ন বাজারে পুরোপুরি প্রবেশাধিকার চাইবে (নরওয়ের মতো), না আংশিক (সুইজারল্যান্ডের মতো)? তারা কি কম শুল্কের বাজার চাইবে, না বিশ্ববাণিজ্য সংস্থার শর্তানুযায়ী বাণিজ্য করবে?
চতুর্থত, ভোটাররা অভিবাসন নিয়ে চিন্তিত, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য বন্দোবস্তে শ্রমিকদের মুক্ত চলাচলের ওপর কতটা বিধিনিষেধ আরোপ করবে। নতুন প্রধানমন্ত্রী বলেছেন, অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়ে চুক্তি না হলে তিনি একক বাজারে ঢুকবেন না।
পঞ্চমত, ইউরোপীয় ইউনিয়ন কোন অবস্থান থেকে আলোচনা শুরু করবে, তা নিয়ে অনিশ্চয়তা। কথা হচ্ছে, এই আলোচনায় ইউনিয়নের পক্ষ থেকে কে নেতৃত্ব দেবে, ইউরোপীয় কমিশন, নাকি কাউন্সিল অব মিনিস্টার্স। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইতিমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি ইউরোপীয় কমিশনকে জার্মানির হয়ে স্বাধীনভাবে আলোচনা করতে দিতে চান না। এ ছাড়া আগামী বসন্তে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ও শরতে জার্মানির সাধারণ নির্বাচনের আগে ইউরোপ চূড়ান্ত আলোচনা করতে রাজি হবে কি না, তা নিয়েও প্রশ্ন আছে।
ষষ্ঠত, কোন অর্থনৈতিক পরিস্থিতিতে এই আলোচনা হবে, তা নিয়ে অনিশ্চয়তা। মনে হচ্ছে, যুক্তরাজ্যে শিগগিরই মন্দা শুরু হবে। কারণ, বিভিন্ন কোম্পানি তাদের বিনিয়োগ-পরিকল্পনা স্থগিত করেছে। ফলে যুক্তরাজ্যের সরকারের ওপর দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ সৃষ্টি হবে। যত দেরি হবে, ততই বিনিয়োগকারীদের আস্থা কমবে। পরিণামে যুক্তরাজ্যের দর-কষাকষির সক্ষমতাও কমবে।
সপ্তমত, অনিশ্চয়তা আছে যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়েই, তারা কি আদৌ টিকে থাকতে পারবে? কারণ, স্কটল্যান্ডও যুক্তরাজ্য ছেড়ে বেরিয়ে যেতে পারে। কনজারভেটিভরা চায়, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে না থাকলেও স্কটল্যান্ড যুক্তরাজ্যের মধ্যে থাকুক। অন্যদিকে স্কটিশ জাতীয়তাবাদীরা ইউরোপের মধ্যে থাকতে চায় যুক্তরাজ্যকে ছাড়াই। আবার সিন ফেইনের নেতৃত্বে উত্তর আয়ারল্যান্ডের রিপাবলিকানরা দক্ষিণ আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভোটের দাবি তুলেছে, ফলে এই যুক্তরাজ্যের ভবিষ্যৎ একদম এটার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
তবে এই অনিশ্চয়তা ও ঝুঁকি কমানোর একটা রাস্তা আছে। ব্রিটিশ সরকারকে দ্রুত ঘোষণা দিতে হবে, তারা নরওয়ের মতো ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার সদস্য থাকবে, আর এর ভিত্তিতেই তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করবে। তাকে এটাও পরিষ্কার করে বলতে হবে, ইউরোপীয় ইউনিয়নের যে নাগরিকেরা যুক্তরাজ্যে বসবাস করছেন, তাঁরা সেখানে থাকতে পারবেন। এতে ব্যবসায়ীদের চাহিদা পূরণ হবে। কারণ, তাঁরা ইউরোপের অভিন্ন বাজারে ঢুকতে চান। এমনকি ভারত ও চীনের সঙ্গে নিজেরা বাণিজ্য চুক্তিও করতে পারে। আর ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নে যোগ দেওয়ার আরও একটা সুবিধা আছে, এতে স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের কাতারে এসে ব্যবসা করতে পারবে, যেটা তারা চায়।
বহুল আলোচিত অভিবাসনের সমস্যারও সমাধান করতে হবে। ন্যূনতম মজুরির বিধান খুবই কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, তার সঙ্গে শ্রমিকদের কল্যাণে আরও কিছু বিধান করতে হবে, যাতে এই ভয় দূর করা যায় যে অভিবাসীদের কারণে মজুরি কমে যাচ্ছে।
যুক্তরাজ্যের ভবিষ্যৎ বৈশ্বিক ভূমিকা কী হবে, সেটাই হচ্ছে অনিশ্চয়তার অষ্টম কারণ। সুনির্দিষ্টভাবে বললে, বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে যাওয়ায় যুক্তরাজ্য কীভাবে তার সঙ্গে খাপ খাওয়াবে, সে বিষয়ে অনেকের কপালেই চিন্তার বলিরেখা পড়েছে। তার সঙ্গে আছে প্রযুক্তিবিপ্লব, যার কারণে শিল্প ও চাকরিবাকরিতে বিপ্লব ঘটে যাচ্ছে। সে কারণে ভোটারদের মনে চাকরি ও ভবিষ্যৎ জীবিকা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।
ব্রেক্সিটের পর লেবার পার্টির মধ্যে বিশ্বায়ন নিয়ে গৃহদাহ শুরু হয়েছে। কনজারভেটিভ পার্টিও সে আগুন থেকে নিজেকে বাঁচাতে পারছে না। কেউ কেউ মনে করেন, যুক্তরাজ্যের উচিত সবার জন্য উন্মুক্ত হওয়া। আবার অনেকে মনে করেন, এসব বৈশ্বিক ব্যাপার থেকে যুক্তরাজ্যের মুক্ত থাকা উচিত। তবে তৃতীয় একটি পক্ষ ইউরোপীয় ইউনিয়নে থাকতেই চায়, তারা এটাকে সমস্যা মনে করে না, বরং তারা এটাকে বিশ্বায়নের সমস্যা সমাধানের একটি অংশ হিসেবেই দেখতে চায়। কিন্তু এসব বিভাজনের কারণে কেউই এখন পর্যন্ত সমাধান দিতে পারেনি।
বিশ্বায়ন আন্দোলন যত দিন নেতৃত্বহীন থাকবে, তত দিন বিশ্বায়নবিরোধীরা সংস্কারের পথ রুদ্ধ করবে। ইউনিয়নের বাইরে গিয়ে যুক্তরাজ্য এসব বৈশ্বিক ইস্যু উপেক্ষা করতে পারবে না। এখন তাকে ঠিক করতে হবে, সে সংরক্ষণবাদী দাবির পক্ষে না বিপক্ষে দাঁড়াবে, যেটা আসলে ব্রেক্সিটের ধুয়া তুলেছিল। আর বিশ্বায়নকে সবার জন্য কার্যকর করতে সে কী ভূমিকা পালন করতে পারে।

ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
গর্ডন ব্রাউন: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।