
আমেরিকা, বিশ্বের অসীম শক্তিধর পরাশক্তি। গত ৫০ বছরের বেশি সময় ধরে সেই পরাশক্তি সোয়া কোটি মানুষের একরত্তি দ্বীপ, নাম কিউবা, তার গলা টিপে বসে আছে। উদ্দেশ্য সেই দেশটিকে পদানত করা। ১৯৫৯ সালে সেখানে যে সমাজতান্ত্রিক বিপ্লবের বিজয় হয়, যেকোনো মূল্যে তার পতন। অর্ধশতাব্দী ধরে চেষ্টার পর নিজের ব্যর্থতা স্বীকার করে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন, কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে।
কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অঘোষিত যুদ্ধ সুফল বয়ে আনেনি, গত বুধবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ওবামা তা স্বীকার করে নিয়েছেন। তাঁর কথায়, বছরের পর বছর ধরে কিউবার ব্যাপারে যে নীতি এ দেশ অনুসরণ করেছে, তা আমেরিকার স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। ‘৫০ বছর ধরে আমরা (অর্থনৈতিক অবরোধের মাধ্যমে) কিউবাকে অন্য সব দেশ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। এখন সময় এসেছে নতুন নীতি অনুসরণের।’
কিউবাকে পিষে মারার জন্য কী করেনি আমেরিকা? ভাড়াটে সৈন্য পাঠিয়ে সামরিক অভিযানের চেষ্টা করেছে। সে দেশের নেতা ও বিপ্লবের প্রতীক ফিদেল কাস্ত্রোকে হত্যার চেষ্টা হয়েছে একাধিকবার। মার্কিন সিনেটের এক তদন্তে স্বীকার করা হয়, ১৯৬০ থেকে ১৯৬৫ সালের মধ্যে ফিদেল কাস্ত্রোকে কমপক্ষে আটবার হত্যার চেষ্টা করা হয়। সিনেটর ফ্রাঙ্ক চার্চের নেতৃত্বে পরিচালিত সেই তদন্তে জানানো হয়, ফিদেলকে হত্যার জন্য ভয়াবহ বটুলিনাম টক্সিন ভরা সিগার তাঁর ব্যবহারের জন্য গোপনে পাঠানো হয়। এমনকি বল পয়েন্ট কলমে হাইপোডারমিক সিরিঞ্জ লুকিয়ে রেখে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। কিউবার অর্থনীতি দুর্বল করার লক্ষ্যে অন্তর্ঘাতী তৎপরতা চলেছে ১৯৬০ সাল থেকে। এসব গোপন চেষ্টার পাশাপাশি প্রকাশ্যে কিউবার বিরুদ্ধে সর্বপ্রকার অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে আমেরিকা। অন্য দেশ যেন কিউবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় না রাখে, সেই চেষ্টাও করেছে সে। ১৯৭৪-এ বাংলাদেশের দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য আমেরিকা যে খাদ্য–সাহায্য পাঠাতে অস্বীকার করে, তার কারণ ছিল নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশ কিউবায় পাট রপ্তানি করেছিল। কিউবার মানুষকে সে দেশের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে উসকে দেওয়ার জন্য তথাকথিত ‘রেডিও মার্তির’ মাধ্যমে প্রচার-প্রচারণা চলেছে অহোরাত্রি। ১৯৯২ সাল থেকে প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদ কিউবার বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক অবরোধের বিরোধিতা করে প্রস্তাব নিয়েছে। এ বছরের অক্টোবরে সেই প্রস্তাবের বিরোধিতা করে বিপক্ষে ভোট দেয় শুধু দুটি দেশ—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
আমেরিকার এই অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণে কিউবা হয়তো মচকেছে, কিন্তু তার বিপ্লবী চেতনা নুয়ে পড়েনি। ওবামার ঘোষণা তাই এক অর্থে কিউবার বিপ্লবের পক্ষে একটি ভোট।
কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এ সিদ্ধান্ত নেওয়া ওবামার জন্য খুব সহজ হয়নি। তাঁর নিজের দল ও প্রতিপক্ষ রিপাবলিকানদের মধ্যে এখনো বিস্তর লোক রয়েছে, যারা পুরোনো বৈরিতা জিইয়ে রাখতে চায়। ক্ষুদ্র কিউবা যে নতিস্বীকার করেনি, এদের কারও কারও কাছে তা সম্পূর্ণ অগ্রহণীয়। বস্তুত, ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের বিজয়ের পর আমেরিকার প্রতিটি সরকার আইসেন হাওয়ার থেকে শুরু করে ক্লিনটন ও বুশ পর্যন্ত সে দেশের প্রতি বৈরী নীতি অব্যাহত রেখেছেন। বারাক ওবামাই প্রথম প্রেসিডেন্ট, যিনি কিউবার ব্যাপারে ভিন্ন নীতি অনুসরণের ইঙ্গিত করেন। পাঁচ বছর তিনি ধাপে ধাপে অর্থনৈতিক অবরোধ তুলে নিতে এবং এ দুই দেশের মধ্যে নাগরিক পর্যায়ে সম্পর্ক বাড়াতে ছোট ছোট পদক্ষেপ নিয়েছেন। এ কাজে বড় বাধা হয়ে থেকেছে মায়ামিভিত্তিক কট্টর কাস্ত্রোবিরোধী অভিবাসীরা। গত ৫০ বছরে মায়ামির কিউবান অভিবাসীদের গঠন বদলেছে, কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে তাদের সমর্থন বেড়েছে। কিন্তু রাজনৈতিক নেতৃত্বে থেকে গেছে কট্টর কাস্ত্রোবিরোধীরা। ওবামার সিদ্ধান্তে তারা যে খুশি হবে না, তাতে সন্দেহ নেই।
নির্বাহী ঘোষণার মাধ্যমে ওবামা অর্ধশতকের মার্কিন নীতি বদলে ফেলেছেন, কিন্তু ২০১৬ সালের নির্বাচনে যে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় বসবেন, চাইলে সেই সিদ্ধান্ত তিনি বদলে কিউবার সঙ্গে আবারও সম্পর্কচ্ছেদ ঘোষণা করতে পারেন। এ কথাও মনে রাখা দরকার, সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠিত হলেও কিউবার বিরুদ্ধে অবরোধ উঠছে না, সেই ক্ষমতা ওবামার নেই। সেই কাজ করতে পারে একমাত্র মার্কিন কংগ্রেস। আগামী জানুয়ারি থেকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই নিয়ন্ত্রণ করবে রক্ষণশীল রিপাবলিকান পার্টি। এই দলে এমন লোকের অভাব নেই, যাঁরা কিউবার কাস্ত্রো ভ্রাতৃদ্বয়কে পরাস্ত করতে হেন কাজ নেই করতে প্রস্তুত নন। এঁদের একজন হলেন ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর মার্ক রুবিও। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, কিউবায় মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়ন কোনোভাবেই অনুমোদিত হবে না। হাভানায় মার্কিন দূতাবাসের জন্য কোনো অর্থ যাতে বরাদ্দ না হয়, তিনি সেই চেষ্টাও করে যাবেন বলে ঘোষণা করেছেন। তাঁকে সঙ্গ দেওয়ার কথা ঘোষণা করেছেন অন্য কিউবান বংশোদ্ভূত টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। স্পিকার জন বেইনারও ইঙ্গিত করেছেন, তিনি কিউবার বিরুদ্ধে অবরোধ তুলে নেওয়ার বিরোধী।
তাঁর ঘোষণায় কী প্রতিক্রিয়া হবে, সে কথা প্রেসিডেন্ট ওবামার অজানা থাকার কথা নয়। তাঁর নিজের দলের ভেতরেই এমন অনেকে আছেন, যাঁরা কিউবার বিরুদ্ধে অব্যাহত অবরোধ জিইয়ে রাখার পক্ষে। ভাবা হয়, হিলারি ক্লিনটন আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন। তাঁর স্বামী বিল ক্লিনটন, সম্ভবত রক্ষণশীলদের কাছে নিজেকে অধিক গ্রহণীয় করার লক্ষ্যে, কিউবার বিরুদ্ধে তাঁর পূর্ববর্তী প্রেসিডেন্ট জর্জ বুশের তুলনায় কয়েক গুণ কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কিউবা একটি ‘সন্ত্রাসী দেশ’—এই যুক্তিতে ক্লিনটন প্রশাসন ১৯৯৯ সালে সে দেশে খাদ্যদ্রব্য ও ওষুধ রপ্তানি নিষিদ্ধ করে। অন্য সব ‘সন্ত্রাসী’ রাষ্ট্রের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা হলেও কিউবার বিরুদ্ধে সেই আইন বলবত রাখা হয়। ফলে হিলারি তাঁর দলের মনোনয়ন পেলে স্বামীর পদাঙ্ক অনুসরণ করবেন, তাতে বিস্ময়ের কিছু থাকবে না। হিলারি অবশ্য ইঙ্গিত করেছেন, তিনি অবরোধ জিইয়ে রাখার বিরুদ্ধে। মনোনয়ন পেলে তাঁর সেই মনোভাব টিকে থাকে কি না, তা অবশ্য বলা কঠিন।
এই বিরূপ রাজনৈতিক বাস্তবতার মুখেও ওবামা যে এমন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পেরেছেন, তার জন্য প্রশংসা না করে উপায় নেই। কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে তাঁর আগ্রহ কোনো গোপন কথা নয়। ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পরপরই তিনি সেই উদ্যোগ নেন। সম্প্রতি প্রকাশিত গ্রন্থ ব্যাক টু কিউবা চ্যানেল-এ উইলিয়াম লিওগ্রান্ডে ও পিটার কর্নব্লাহ যে তথ্য দিয়েছেন, সে অনুসারে ২০০৯ সালেই ওবামা স্প্যানিশ রাষ্ট্রদূত মিগেল আঙ্গেল মোরাতিনসের মাধ্যমে কাস্ত্রো প্রশাসনের কাছে এক গোপন বার্তায় কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা ব্যক্ত করেন। কিউবার কর্তৃপক্ষকে জানাবেন রাতারাতি পরিবর্তন হয়তো আসে না, কিন্তু এখন আমরা এমন একসময়ে বাস করি, যখন পরিবর্তনের সূচনা সম্ভব। ওবামা সম্ভবত তাঁর নিজের প্রেসিডেন্ট পদে নির্বাচনের কথাই ইঙ্গিত করেছিলেন। সেই বার্তার জবাবে রাউল কাস্ত্রো এ দুই দেশের মধ্যে কূটনৈতিক আলাপ-আলোচনার জন্য একটি ‘গোপন চ্যানেল’ খোলার পরামর্শ দেন। ঠিক তখনই সেই গোপন চ্যানেল কাজ শুরু করেনি, তবে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়। ১৮ মাস ধরে অতিগোপনীয়তায় সেই আলাপ-আলোচনা চলে। এ নিয়ে ওবামা প্রশাসন যে মুখ ফুটে কিছু বলেনি, আলোচনা চালিয়ে যেতে তা সহায়ক হয়। ওবামা যে কিউবার বিরুদ্ধে অবরোধ অব্যাহত রাখার পক্ষে মত দেন, সেটিও রাজনৈতিকভাবে তাঁকে সাহায্য করে। গত বছরের নভেম্বরে ওবামা প্রথমবারের মতো স্বীকার করেন, কিউবায় বড় ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। এ অবস্থায় আমেরিকার উচিত হবে কিউবার সঙ্গে তার সম্পর্ক নতুনভাবে মূল্যায়ন করা। পরের মাস, ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এসে ওবামা ও রাউল কাস্ত্রো পরস্পরের সঙ্গে করমর্দন করেছিলেন, কানে কানে কিছু কথাও হয়তো বলেছিলেন। রক্ষণশীলদের সমালোচনার মুখে হোয়াইট হাউস থেকে সেই করমর্দনের গুরুত্ব খাটো করে দেখানো হয়েছিল।
অতি রক্ষণশীলদের তারস্বরে প্রতিবাদ সত্ত্বেও কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নের যে সিদ্ধান্ত ওবামা নিয়েছেন, আমেরিকায় তা স্বাগত হয়েছে। এ দেশের ৬০ শতাংশ মানুষ কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে। ঠিক যেমন অবৈধ অভিবাসীদের বৈধকরণের পক্ষে এ দেশের অধিকাংশ মানুষ। সে কথা জানা সত্ত্বেও রিপাবলিকান আপত্তির মুখে অভিবাসনব্যবস্থা সংস্কারের পক্ষে উদ্যোগ নিতে সাহস পাননি ওবামা। ২০১৪ সাল শেষ হওয়ার আগেও ওবামা এ দুই প্রশ্নেই নির্বাহী আদেশের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছেন। ২০১৬ সালে রিপাবলিকান প্রশাসন ক্ষমতায় এলে যে এ দুই সিদ্ধান্তই বদলে যাবে না, তা কেউ হলফ করে বলতে পারে না। অতি কট্টর রিপাবলিকান কংগ্রেস সদস্য ও সিনেটর সেই চেষ্টা হয়তো করবেন। নির্বাচিত হতে হলে তাঁদের শুধু নিজেদের নির্বাচনী এলাকায় সমর্থন প্রয়োজন, কিন্তু প্রেসিডেন্ট পদের জন্য দরকার সারা দেশের মানুষের সমর্থন। জনপ্রিয় সমর্থনের মুখে এ দুই সিদ্ধান্ত বদলানোর চেষ্টা যে রাজনৈতিক আত্মহত্যার শামিল হবে, এটুকু বোঝার ক্ষমতা প্রেসিডেন্ট পদপ্রার্থী কট্টর রিপাবলিকানদেরও আছে, এ কথা নির্দ্বিধায় বলা যায়।
হাসান ফেরদৌস: বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক।