পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, নরেন্দ্র মোদি যত দিন ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তত দিন ভারত-পাকিস্তানের সম্পর্কোন্নয়নের সুযোগ নেই। একজন মানুষের মুখ দিয়ে এর চেয়ে অগণতান্ত্রিক ও জনবিরোধী মন্তব্য বেরোতে পারে না। আর এ কথাটা বলেছেন পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা। সে কারণে এটি আরও বেশি হতাশাজনক ও শোচনীয়।
মোদি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি ও ভারতীয় জনতা পার্টি একটি উন্মুক্ত ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। কথা হচ্ছে, ভিন্নমত প্রকাশ গণতন্ত্রের একটি অংশ। কিন্তু তার মানে তো এই নয়, ভিন্নমতাবলম্বী ব্যক্তিকে এক নম্বর জায়গা দিতে হবে। আমি মোদি ও তাঁর দলের আদর্শ পছন্দ করি না। কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী। ভারতের নাগরিক হিসেবে আমি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবেই দেখি।
সারতাজ সত্যের প্রতি চোখ বুজে থাকছেন। তাঁর বক্তব্য বাস্তবতার সঙ্গে যায় না: নির্বাচনের মাধ্যমে বিজেপি ও নরেন্দ্র মোদির ক্ষমতায় প্রত্যাবর্তন। তিনি যে সংসদে বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে কাশ্মীরের নৃশংসতা-বিষয়ক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর একটি অজানা সত্য দুর্ঘটনাক্রমে বেরিয়ে এসেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘে বিষয়টি তোলার চেষ্টা করলেও তেমন সাড়া পাননি।
কথা হচ্ছে, আজ ৭০ বছর পেরিয়ে গেল, কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এখনো স্বাভাবিক হলো না। এর কারণ হচ্ছে, পাকিস্তান বিভিন্ন বিশ্ব ফোরামে কাশ্মীর প্রসঙ্গটি তুলে থাকে। জুলফিকার আলী ভুট্টো ও ইন্দিরা গান্ধীর মধ্যে শিমলায় মতৈক্য হয়েছিল, কাশ্মীর একটি দ্বিপক্ষীয় ইস্যু। ফলে এ নিয়ে সমস্যা হলে এই দুটি দেশকেই তার সমাধান খুঁজতে হবে। এখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ নেই।
কাশ্মীর সমস্যার সমাধান না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি একবার লন্ডন সফরে গিয়ে লর্ড রেডক্লিফের সঙ্গে দেখা করি। আমি তাঁর দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তিনি আমার সঙ্গে দেখা করার জন্য সঙ্গে সঙ্গে রাজি হলেন ঠিকই, কিন্তু একটি শর্ত দিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে তিনি যে সীমারেখা এঁকেছিলেন, সে প্রসঙ্গে কথা বলা যাবে না। আমি তাঁকে আশ্বস্ত করলাম, এই ইস্যুটি খুঁচিয়ে খুঁচিয়ে নতুন করে জাগিয়ে তুলব না। কারণ, আমার কোনো অভিসন্ধি নেই। কিন্তু তিনি যে রেখা এঁকেছিলেন, তার যৌক্তিকতা সম্পর্কে আমার জানার আগ্রহ ছিল।
লর্ড রেডক্লিফ লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের একটি ফ্ল্যাটে থাকতেন। তিনি যখন দরজা খুললেন, তখন আমি ধারণা করতে পারিনি যে, তিনিই রেডক্লিফ। আমার ধারণা ছিল, একজন লর্ডের সঙ্গে দেখা করতে গেলে অনেক দীর্ঘ ও জটিল প্রক্রিয়া করতে হবে। কিন্তু বাস্তবে তার বিপরীতটা হলো। ফ্ল্যাটে ঢোকার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, চা পান করব কি না। যখন বললাম হ্যাঁ, তখন তিনি নিজেই চা বানাতে গেলেন। আমি জানতাম, সীমানা চিহ্নিত করার জন্য লর্ড মাউন্টব্যাটেন রেডক্লিফকে যে ৪০ হাজার রুপি দেওয়ার প্রস্তাব করেছিলেন, তিনি সেটা নেননি। সংবেদনশীল মানুষ হিসেবে তিনি জানতেন, দেশভাগের কারণে যে ১০ লাখ মানুষের রক্ত ঝরেছে, সেটার দায়ভার তাঁর। সে কারণে তিনি আর এই ফি নেননি।
রেডক্লিফ আমাকে বলেছিলেন, ভারত-পাকিস্তান কাশ্মীর নিয়ে যুদ্ধ করেছে জেনে তিনি বিস্মিত হয়েছিলেন। তিনি এর জন্য লর্ড মাউন্টব্যাটেনকে দোষারোপ করেন, যিনি ভারতকে কাশ্মীরের সঙ্গে যুক্ত করার জন্য গুরুদাসপুরে ভারতকে একটি তহসিল দিয়েছিলেন। এটা ছাড়া ভারত ও কাশ্মীরের মধ্যে কোনো যোগাযোগ থাকত না। মাউন্টব্যাটেনের জঘন্য কাজের আরও কিছু নজির আছে। পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি ভূপাতিত বিমানের ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি পাওয়া গিয়েছিল, সেই চিঠিটি হচ্ছে তার নজির। চিঠিটি তাঁর ব্যক্তিগত সহকারী নিয়ে যাচ্ছিলেন, যিনি ওই বিমানে ছিলেন। পাকিস্তান এই ঘটনাকে মাউন্টব্যাটেনের দুরভিসন্ধির দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছে। বিষয়টা ছিল এ রকম যে, পাকিস্তান মাউন্টব্যাটেনকে যুগ্ম গভর্নর জেনারেল না বানানোর কারণে তিনি দেশটির ওপর ক্ষুব্ধ ছিলেন। লর্ড রেডক্লিফ যেসব ঘটনা খোলাসা করেছেন, তাতে আমি চমৎকৃত হয়েছি। তিনি আমাকে বলেছিলেন, প্রথমত, তিনি লাহোরকে ভারতের ভাগে ফেলেছিলেন। কিন্তু যখন দেখলেন, পাকিস্তানে রাজধানী বানানোর মতো গুরুত্বপূর্ণ শহর নেই, তখন তিনি লাহোরকে পাকিস্তানের ভাগেই ফেলেন।
আজ কাশ্মীরে যে পরিস্থিতি বিরাজ করছে, তার জন্য পাকিস্তান নিজেকেই দোষারোপ করতে পারে। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে গেল, তখন জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীনতা ঘোষণা করেন। পাকিস্তান তা মানতে পারল না। তাই সে নিয়মিত সেনাদের কাশ্মীরে পাঠিয়ে দিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শেখ আবদুল্লাহকে কাশ্মীরের প্রধানমন্ত্রী বানানোর আগ পর্যন্ত মহারাজা হরি সিংয়ের ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি, যদিও শেখ তখন জেলখানায় ছিলেন।
কাশ্মীরের ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দিতে নেহরু অনেক সময় নিয়েছিলেন, ততক্ষণে পাকিস্তানি সেনারা শ্রীনগর বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছিল। একদম সময়মতো ভারতীয় সেনাদের উড়িয়ে আনা হলে তারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ হাতে নেয়। কথা হচ্ছে, পাকিস্তানি সেনারা যদি বারামুল্লায় লুটপাট ও ধর্ষণ করতে গিয়ে দেরি না করত, তাহলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকত। সেটা হলে পুরো ব্যাপারটাই বদলে যেত।
সারতাজ আজিজকে একটা কথা বলা দরকার। মোদিকে অযথা দোষারোপ করে লাভ নেই। কারণ, তিনি যখন ইসলামাবাদে যাত্রাবিরতি করেছিলেন, তখন কাশ্মীরের ভারতে যোগ দেওয়ার ব্যাপারটা ইতিহাসের পাতায় ঢুকে গেছে। তিনি শুভকামনা নিয়েই নওয়াজ শরিফের জন্মদিনে তাঁর নাতনির বিয়েতে যোগ দিয়েছিলেন।
পাকিস্তান ধর্মের ব্যাপারে আচ্ছন্ন, ইসলাম ধর্ম। ইসলামকে তারা রাষ্ট্রধর্ম বানিয়েছে। আর মোদি যেহেতু হিন্দুত্ববাদের সমর্থক, তাই দেশভাগের পর ভারতে মুসলমানদের যা হয়েছে, তার সবকিছুর দায় মোদির ঘাড়ে চাপানো হচ্ছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্ন সত্যি হোক, সেটাই আশা করি। তিনি বলেছিলেন, ভারত-পাকিস্তান যুক্তরাষ্ট্র-কানাডার মতো বসবাস করবে। তারা আর হিন্দু ও মুসলমান হয়ে থাকবে না, শুধু ধর্মীয় ব্যাপারে নয়, অন্য দিক থেকেও। তারা ধর্মের সঙ্গে রাষ্ট্রকে মেলাবে না।
অনুবাদ: প্রতীক বর্ধন।
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।