চীন সরকার দেশটির জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে (অনেকে বলেন, সেখানে তাদের ওপর গণহত্যাও চালানো হচ্ছে) এবং রাশিয়ার সরকার ভিন্নমতাবলম্বী অ্যালেক্সি নাভালনিকে জেলে পুরে রেখে। এগুলো না কোনো দুর্ঘটনা, না কাকতালীয় ঘটনা।
চীনের প্রস্তাবিত ইউরেশিয়া-স্প্যানিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পথগুলো যে পয়েন্ট থেকে বিভাজিত হয়েছে, সেই পয়েন্ট হলো জিনজিয়াং। সে কারণে এই অঞ্চলে চীনের নিরবচ্ছিন্ন ঝঞ্ঝাটহীন পরিবেশ দরকার। অন্যদিকে, সংঘবদ্ধ অভিজাত শ্রেণির সরকারি অর্থ লুটপাট নির্বিঘ্ন করতে ক্রেমলিন সব সময়ই তৎপর আছে এবং সেই লুটপাটে নাভালনি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। এ কারণেই জিনজিয়াংয়ে ধরপাকড় চলছে। সে কারণেই নাভালনি এখন জেলে।
এ দুটি দেশই এখন এমন কর্তৃত্ববাদী শাসনের খপ্পরে পড়ে আছে যে সেখানে কাউকেই আর সরকারবিরোধিতার দ্বিতীয় সুযোগ দেওয়া হয় না। এই দুটি দেশের সরকারই তাদের সাম্প্রতিক অন্যায্য তৎপরতার সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিগুলো কী ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে, সে হিসাবনিকাশ করে।
একুশ শতকের ক্ষমতার রাজনীতিতে শক্তিশালী মানবাধিকার নীতি হলো যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাশালী রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের একটি শক্তিশালী উপায়। কর্তৃত্ববাদী সরকারগুলোর শাসনের কেন্দ্রবিন্দুই হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধিবিধান লঙ্ঘন করা। আর এই বিধি লঙ্ঘনকারীদের জবাবদিহি নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম দায়ের মধ্যে পড়ে। এ কারণেই মানবাধিকার রক্ষায় অবস্থান নিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে, সেখান থেকে তার সরে যাওয়ার সুযোগ নেই।
সম্পূর্ণভাবে মানবাধিকার ইস্যুকে প্রাধান্য দেওয়া না হলে একটি পররাষ্ট্রনীতি টেকসই হওয়া কঠিন। এই নীতি অনুসরণের কারণে বহু জাতীয় স্বার্থ যুক্তরাষ্ট্রকে জলাঞ্জলি দিতে হয়। কিন্তু মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সংবেদনশীলতাই তাকে অন্য শক্তিগুলো থেকে আলাদা করেছে। এ অবস্থায় চীন ও রাশিয়ার মতো শক্তি যদি ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে এবং যুক্তরাষ্ট্র যদি সে বিষয়ে নির্লিপ্ত থাকে, তাহলে আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের ক্ষমতা দৃশ্যত খর্ব হয়।
যুক্তরাষ্ট্রের বহু মিত্র যখন অচিরেই চীনকে তাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বানাবে, তখন সেই শক্তির অবনমন আরও বেশি প্রকাশ্য হয়ে পড়বে। তখন তার পক্ষে চীনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলা আরও কঠিন হয়ে পড়বে।
পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে মানবাধিকারকে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ব্যবহার করা শুরু করে। এটি চূড়ান্ত অবস্থায় আসে শীতলযুদ্ধের সময়। ওই সময় সোভিয়েত ইউনিয়নের দুঃশাসনকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সোভিয়েত শাসনের বিরোধিতা করে। এর ধারাবাহিকতায় সোভিয়েত সাম্রাজ্যের পতন ঘটে।
সেই সময় মার্কিন পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ ছিল মানবাধিকার। এ বাস্তবতাকে তখন থেকেই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা ছিল।
শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে যে যুদ্ধ চালিয়েছে, সেখানে তার মানবাধিকার ইস্যু অনেকখানি ম্লান হয়ে গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণে যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি ছিল, তা অনেকখানি ক্ষতি হয়। এর আগে বৈশ্বিক মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে যেভাবে প্রতিশ্রুতিশীল ভূমিকায় দেখা গিয়েছিল, সেই অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে এসে নিজের স্বার্থ উদ্ধারকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে বলে মনে হচ্ছিল। এই সময়টাতেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মানবাধিকার প্রশ্নে দুটি ভাগ দৃশ্যমান হয়েছে। রিপাবলিকান পার্টির নেতৃত্ব দক্ষিণপন্থী জাতীয়তাবাদ প্রচারে নামে এবং তারা বৈশ্বিক মানবাধিকার প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার চেয়ে অভ্যন্তরীণ স্বার্থ দেখায় বেশি মনোযোগী হতে বলে। ডেমোক্রেটিক পার্টির একটি বড় অংশ বৈশ্বিক মানবাধিকার রক্ষায় সরকারকে বেশি মনোযোগী হতে বললেও এই পার্টিরই অনেক সমর্থক অভ্যন্তরীণ স্বার্থকে বেশি গুরুত্ব দিতে চান। ‘আগে আমেরিকার স্বার্থ’—স্লোগান নিয়ে অভ্যন্তরীণ স্বার্থ দেখায় মনোযোগী হন ট্রাম্প। সেই ধারা এখনো মুছে যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার বৈশ্বিক মানবাধিকারের দিকে নজর দেওয়া শুরু করলেও চীন ও রাশিয়ার মতো কর্তৃত্ববাদী শাসনের মানবাধিকার লঙ্ঘনে তার প্রতিক্রিয়া অনেকটাই নিষ্প্রভ। কিন্তু যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে এই ইস্যু থেকে তাকে পিছু হটলে চলবে না।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
● রবার্ট ডি কাপলান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভূরাজনীতি বিভাগের চেয়ারম্যান