যুক্তরাষ্ট্রে বিক্ষোভ: পুলিশের কাজ কী

পুলিশের কাজ কী? সোজা উত্তর: যারা ক্ষমতায় বসে, তাদের স্বার্থ রক্ষা। ক্ষমতার প্রতি কোনো হুমকি এলে শঙ্কিত ক্ষমতাবানেরা তাদের সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রথমেই তারা হাত বাড়ায় পুলিশের দিকে। বন্দুক ও লাঠি হাতে নেমে পড়ে পুলিশ। প্রয়োজনে মিছিলের ওপর গাড়ি তুলে দেয়। তেমন দৃশ্য আমরা ঢাকার রাস্তায় দেখেছি। এবার নিউইয়র্কেও দেখলাম।
পুলিশ সামাল দিতে না পারলে বড় লেঠেলদের নামানো হয়। যেমন আমরা দুই সপ্তাহ আগে মার্কিন রাজধানীতে দেখেছি। শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, প্রেসিডেন্টের ইচ্ছা হলো ঠিক সেই সময়েই হেঁটে গির্জায় যাবেন। বিক্ষোভকারীদের সরাতে টিয়ার গ্যাস চলল, রাবার বুলেট চলল, ভয় দেখানোর জন্য খুব নিচ দিয়ে সামরিক হেলিকপ্টার উড়িয়ে দেওয়া হলো। এসবের একটাই উদ্দেশ্য, প্রতিবাদকারীদের ঠান্ডা করা। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতাধরদের প্রধান অস্ত্র ভীতি।
কাগজে-কলমে অবশ্য পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা। তাদের সঙ্গে যুক্ত রয়েছে বিচারব্যবস্থা, এরা একে অপরের হাতে হাত ধরে চলে। বাংলাদেশে বা আমেরিকা, সর্বত্রই পুলিশ ও বিচারব্যবস্থার লম্বা হাত সবার আগে খপ করে ধরে দরিদ্র, ক্ষমতাহীন, দুর্বল মানুষদের। ক্ষমতাবানদের মধ্যে কেউ যদি কপালের ফেরে আইনের জালে আটকা পড়ে জেলে ঢোকে, তার বেরিয়ে আসতে সময় লাগে না। তাদের সাহায্যে প্রস্তুত চতুর আইনজীবী, টেলিফোন হাতে গলদঘর্ম রক্তচক্ষু মন্ত্রী, দুই পায়ে খাঁড়া পকেটে দু-দশ টাকা ঢোকাতে ব্যস্ত পুলিশের বড় কর্তা। এর ওপর রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা। ফলে ধনী ও ক্ষমতাধরকে আটকে রাখা অসম্ভব। গরিবদের না আছে উকিল, না আছে জামিনের পয়সা, না আছে মন্ত্রীর ফোন।
মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যার পর তিন সপ্তাহ ধরে আফ্রিকান-আমেরিকানদের ওপর অবৈধ শক্তি প্রয়োগের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। কথাটা আফ্রিকান-আমেরিকান না বলে দরিদ্র মানুষ বললে সঠিক হয়। কারণ, তাদের অধিকাংশই দরিদ্র, সমাজের সবচেয়ে নিচুতলার মানুষ। এ দেশের পুলিশ বাহিনী গঠনই করা হয়েছিল কালো দাসদের যেকোনো প্রতিবাদ বা প্রতিরোধ ঠেকাতে। অনেক ক্ষেত্রে দাস মালিকেরা নিজেরাই নিরাপত্তারক্ষী বাহিনীর ব্যবস্থা করত। পান থেকে চুন খসলেই এসব ব্যক্তিগত রক্ষীর হাতে ঘায়েল হতো কালো দাসেরা। এর ওপর ছিল কু ক্লাক্স ক্ল্যানের মতো শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের উৎপাত। কারণে-অকারণে কালো মানুষকে পিটিয়ে অথবা গলায় দড়ি ঝুলিয়ে ‘লিঞ্চিং’ ছিল এই ক্ল্যান সদস্যদের একটা মজার খেলা। ১৮৮২ থেকে ১৯৬৮ সালের মধ্যে সাদাদের হাতে এভাবে খুন হয়েছে ৪ হাজার ৭৪৩ কালো মানুষ। কালোদের পক্ষে কথা বলার অপরাধে কিছু সাদা মানুষও ওই সময়ে গণনির্যাতন বা লিঞ্চিংয়ের শিকার হয়।
হার্ভার্ডের বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক খলিল মোহাম্মদ দীর্ঘদিন কালোদের হাতে পুলিশি নির্যাতন নিয়ে গবেষণা করেছেন। কনডেমনেশন অব ব্ল্যাকনেস নামের এক গবেষণাগ্রন্থে তিনি বলেছেন, ‘উন্মত্ত শ্বেতকায়দের হাতে কোনো কালো মানুষ আক্রান্ত হয়েছে, এমন দৃশ্য দেখেও পুলিশ অন্যদিকে চোখ ফিরিয়ে নিত। অনেক সময় তারাও সেই খুনোখুনিতে হাত লাগাত, অথবা আক্রান্ত কালোদের নিরস্ত্র করতে ব্যস্ত হয়ে পড়ত।’
১৮৬৩ সালের পর দাসপ্রথা নিষিদ্ধ হলো বটে, কিন্তু কালো মানুষের প্রতি বৈষম্য ও পুলিশি নিগ্রহ কমল না। ‘জিম ক্রো আইন’ নামে নতুন এক আইন হলো, সেটা ব্যবহার করে কালো মানুষদের মৌলিকতম অধিকার হরণ করা হলো। বিশ-একুশ শতকে এসেও অবস্থাটা অভিন্ন রয়ে গেছে। কালো মানুষ এখন আর দাস নয়, কিন্তু তারা ‘ক্রিমিনাল’—এই ধারণার পরিবর্তন হয়নি। পুলিশের সাদা সদস্যদের অনেকে এবং বিচারক ও জুরিদের মধ্যেও এমন মনোভাব আছে। গণমাধ্যমের একটা অংশ এমন প্রচার চালায় যে আমেরিকায় সব অপরাধের জন্য কালোরাই দায়ী। কিন্তু আসলে তো কালোরা শুধু গাত্রবর্ণের কারণে অপরাধী হয়ে ওঠে না। এটা ঠিক, তাদের মধ্যে অপরাধপ্রবণতা বেশি। কিন্তু তার কারণ দারিদ্র্য, শিক্ষাহীনতা, বেকারত্ব ও বৈষম্য। এসব সমস্যা দূর হলে তাদের অপরাধপ্রবণতা কমবে। কিন্তু তাদের এসব সমস্যার সমাধান না করে কারাগারের সংখ্যা বাড়ানো হয়। রুশ লেখক ফিওদর দস্তয়েভস্কি লিখেছিলেন, একটা দেশ কতটা সভ্য তা বুঝতে হলে সে দেশের জেলখানা দেখে এসো। দেখবে, অধিকাংশ বন্দীই গরিব, শিক্ষাহীন ও অধিকারহীন।
আমেরিকায় কালোরা মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ, অথচ মোট কারাবন্দীর ৩৫ শতাংশই কালো মানুষ। সাদাদের তুলনায় কালোদের গ্রেপ্তারের সংখ্যা পাঁচ গুণ বেশি। পুলিশের গুলিতে সাদাদের তুলনায় কালোদের মৃত্যুর ঘটনা ২১ গুণ বেশি। শুধু কালো বলে হার্ভার্ডের অধ্যাপক পুলিশের হাতে নাকাল হয়েছেন। কংগ্রেসম্যান ও হলিউডের অভিনেতারাও বাদ যাননি।
অধিকাংশ ক্ষেত্রেই কালোদের জেলে ঢোকানো হয় ছোটখাটো চুরি বা মাদকদ্রব্য বহনের অপরাধে। যেমন জর্জ ফ্লয়েডের অপরাধ ছিল তিনি ২০ ডলারের একটি জাল নোট দিয়ে সিগারেট কিনেছিলেন। এসব অপরাধ জামিনযোগ্য, কিন্তু গরিব কালোদের জামিনের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। ফলে বছরের পর বছর তারা জেলে পচে। এখন আমেরিকার কারাগারগুলোতে কয়েদির সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। তাদের ৬০-৭০ শতাংশের বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ নেই; তারা জেল খাটছে জামিনের টাকা জোগাতে না পেরে।
অপরাধপ্রবণ কালোদের অপরাধের তুলনায় প্রভাবশালী শ্বেতাঙ্গ অপরাধীদের অপরাধ অনেক গুরুতর। ২০০৮ সালে আমেরিকার অর্থনৈতিক মন্দার প্রধান কারণ ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বেআইনি লেনদেন। তাদের অবৈধ কার্যকলাপে হাজার হাজার মানুষ দেউলিয়া হয়েছে, বাড়ির মালিকানা হারিয়েছে। কিন্তু ব্যাংকগুলোর শ্বেতাঙ্গ মালিকদের বিচার হয়নি, বরং উল্টো তারা সরকারি ভর্তুকি পেয়েছে। বার্নি মেডফ নামের যে একমাত্র ব্যক্তিকে জেলে যেতে হয়েছে, তিনি একাই ৬৫ বিলিয়ন ডলার ফুর্তি করে উড়িয়েছেন। তাঁর জেলে যাওয়ার কারণ, তিনি যাঁদের টাকা উড়িয়েছেন, তাঁদের অনেকে আমেরিকান সমাজের প্রভাবশালী ব্যক্তি, অনেক দণ্ডমুণ্ডের কর্তা।
ধনী ও দারিদ্র্যের অপরাধের তারতম্য বোঝার জন্য বাংলাদেশের কারাগারগুলোতে নানা ছোটখাটো অপরাধের অভিযোগে বন্দী হাজার হাজার মানুষের কথা ভাবুন, আর ভাবুন সেই সব প্রভাবশালীর কথা, যাঁরা হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি হওয়া সত্ত্বেও নতুন করে আবার ঋণ পান, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বও পান।
আমেরিকায় এই মুহূর্তে যে রাজনৈতিক বিক্ষোভ চলছে, তা আপাতভাবে পুলিশি নিগ্রহের বিরুদ্ধে। কিন্তু এই বিক্ষোভ শুধু পুলিশের বিরুদ্ধে নয়, এটা সাদা-কালো এবং ধনী-গরিবের মধ্যে অব্যাহত বৈষম্যের বিরুদ্ধেও। পুলিশি অত্যাচার সেই বৈষম্যের সম্প্রসারণ মাত্র। ধনতান্ত্রিক ব্যবস্থার একদম ভিত্তিতে রয়েছে বৈষম্য। মাত্র ১ শতাংশ মানুষের হাতে সব সম্পদ, সব ক্ষমতা। অবশিষ্ট ৯৯ শতাংশের কপালে কণামাত্র। পুলিশি সংস্কারের ফলে হয়তো কালো বলে গুলি চালানো কমবে, রাস্তায় তাদের গাড়ি থামানোও কমবে। কিন্তু ক্ষমতাহীন কালো মানুষ ক্ষমতাহীনই রয়ে যাবে। রাজনৈতিক ক্ষমতার পুনর্বণ্টন এবং শাসক ও শাসিতের মধ্যে নতুন সামাজিক চুক্তি না হওয়া পর্যন্ত প্রকৃত পরিবর্তন আসবে না।
হাসান ফেরদৌস প্রাবন্ধিক ও কলাম লেখক