
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের খবর সবার জানা। যদিও দেশটির আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বড় রকমের কোনো রদবদল হয়নি। রিপাবলিকান দল এই নির্বাচনের আগেও সংখ্যাগরিষ্ঠ আসনের অধিকারী ছিল। অন্যদিকে আইনসভার উচ্চকক্ষ সিনেটের যে এক-তৃতীয়াংশ বা ৩৬টি আসনে নির্বাচন হয়েছে, সেখানে ডেমোক্র্যাটরা বেশ কিছু আসন হারানোর কারণে সিনেটে তাঁদের সংখ্যাগরিষ্ঠতার অবসান হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস রিপাবলিকানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হয়েছে।
এটা কোনো নতুন ঘটনা নয় যে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল খারাপ ফলাফল করে। তদুপরি এবারের নির্বাচনে যেসব আসনে নির্বাচন হয়েছে, সেগুলোর, এমনকি যেগুলোয় ক্ষমতাসীন ডেমোক্র্যাট সিনেটররা প্রার্থী ছিলেন, তার অনেকগুলোই ডেমোক্র্যাটদের অনুকূলে ছিল না। এসব সিনেটর বিজয়ী হয়েছিলেন ২০০৮ সালে, যে নির্বাচনে ওবামা প্রথমবার বিজয়ী হন এবং ডেমোক্র্যাটদের অনুকূলে জোয়ার তৈরি হয়েছিল। তবে এটাও সত্য যে কিছু ক্ষেত্রে ডেমোক্র্যাট প্রার্থীদের পরাজয় ছিল অনাকাঙ্ক্ষিত। সব মিলে এই নির্বাচনে ডেমোক্র্যাটরা হারবেন, সেটা অনুমান করাই ছিল, কিন্তু কারও কারও মনে আশা ছিল যে হয়তো শেষরক্ষা হবে; টেনেটুনে সংখ্যাগরিষ্ঠতা থেকে যাবে। তা হয়নি।
এখন প্রশ্ন হলো, সিনেটে ক্ষমতার এই হাতবদলে প্রেসিডেন্ট ওবামা কতটা বিপদগ্রস্ত হবেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তাঁর কী প্রভাব পড়বে।
অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্টের জন্য যে সংকট তৈরি হবে, সেটা অপ্রত্যাশিত নয়। প্রকৃতপক্ষে চার বছর ধরে ওবামা প্রতিনিধি পরিষদের বাধার মুখে তাঁর অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নে খুব একটা সাফল্যের মুখ দেখেননি। কিন্তু এবারে এই পরাজয় তাঁর জন্য শাপে বর হয়ে দেখা দিতে পারে, অন্তত একটি বিষয়ে। অভিবাসী বিষয়ে ওবামার প্রতিশ্রুত আইনি সংস্কারের প্রচেষ্টা গত ছয় বছর বারবার মুখ থুবড়ে পড়েছে। তিনি নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সামান্যই অর্জন করতে পেরেছেন। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতার সবটাই ব্যবহার করেছেন, এমন বলাও ঠিক হবে না। অভিবাসী–সংক্রান্ত আইনের সংস্কার এবং এ দেশে যে প্রায় ৮০ লাখ কাগজপত্রহীন অভিবাসী আছেন, তাঁদের কথিত বৈধতা প্রদানের প্রশ্নটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এ ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিস্পানিক জনগোষ্ঠীর সমর্থন লাভ এবং তা রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি। সেটি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়ের জন্য সমভাবে প্রযোজ্য। এ বিষয়ে কোনো সাফল্য না হওয়ার পেছনে রিপাবলিকানরাই দায়ী। কেননা, ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে এই মর্মে পাস হওয়া প্রস্তাব আইনে পরিণত হয়নি, কারণ প্রতিনিধি সভা তা পাস করেনি। তবে এই সংস্কার বিশেষভাবে ডেমোক্রেটিক পার্টির জন্য দরকার। কেননা, হিস্পানিক জনগোষ্ঠী ডেমোক্রেটিক পার্টির সমর্থনের ঘাঁটি বলেই পরিচিত। ২০০৮ সালে ওবামার বিজয়ে এই জনগোষ্ঠী আশাবাদী ছিল যে এ বিষয়ে অনুকূল ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাতে এখনো অগ্রগতি না হওয়ায় তাদের মধ্যে একধরনের হতাশা রয়েছে। দুই বছর পরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন রাখতে হলে আগামী এক বছরের মধ্যেই এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ ডেমোক্র্যাটদের জন্য অত্যাবশ্যক।
অন্যদিকে রিপাবলিকানরা জানেন যে গত দুই প্রেসিডেন্ট নির্বাচনে তাঁদের পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে তাঁদের সমর্থনের অভাব। অভিবাসী জনগোষ্ঠীগুলোর মধ্যে হিস্পানিকরা রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সক্রিয়। হিস্পানিকদের মধ্যে রিপাবলিকানদের সমর্থন তৈরির একমাত্র পথ হচ্ছে এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রদর্শন করা এবং এই জনগোষ্ঠীর অনুকূলে পদক্ষেপে শামিল হওয়া। রিপাবলিকানদের মধ্যকার সবচেয়ে রক্ষণশীল অংশ অভিবাসীদের ব্যাপারে মোটেই সহনশীল নয়। কিন্তু দলের নেতারা জানেন যে রাজনৈতিক বিবেচনায় তাঁদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আগে, বিশেষ করে গত কয়েক বছরে তাঁরা এ বিষয়ে যে বাধা দিয়েছেন, তার কারণ এর সুফল ডেমোক্র্যাটরা একাই ভোগ করুন, সেটা তাঁরা মোটেই চাননি। এখন কংগ্রেসে তাঁরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করার ফলে দেখাতে পারেন যে প্রেসিডেন্ট ওবামা নন, তাঁরাই বরং অভিবাসীদের জন্য কাজ করেছেন। এটা দেখিয়ে তাঁরা চাইতে পারেন আগামী নির্বাচনে হিস্পানিক এবং অন্য অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে তাঁদের সমর্থন বাড়াতে। ফলে এই নির্বাচনের পরে দুই পক্ষের মধ্যে একধরনের আপস রফা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে দুই পক্ষেই বলা হয়েছে যে তারা এ বিষয়ে একত্রে কাজ করতে চায়; কিন্তু তার অর্থ এই নয় যে দুই পক্ষ নিজ নিজ লাভের হিসাব বাদ দিয়ে কাজ করবে। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এখন সেই সম্ভাবনা বেশি বলেই ধরে নেওয়া যায়। এর বিনিময়ে ওবামাকে কী দিতে হবে, সেটাই এখন দেখার বিষয়। ফলে অভ্যন্তরীণ বিষয়ে ওবামার এজেন্ডা বাস্তবায়নে যেমন বাধার সৃষ্টি হবে, তাঁর করা স্বাস্থ্য বিমা সংস্কারকে বাতিল না করলেও তাতে যে বড় ধরনের পরিবর্তনের চেষ্টা রিপাবলিকানরা করবেন, সেটা যেমন নিশ্চিত, তেমনি অভিবাসন বিষয়ে আইনি পরিবর্তনের সম্ভাবনা বেড়েছে।
কিন্তু রিপাবলিকানদের এ বিজয়ে প্রেসিডেন্ট ওবামা সবচেয়ে বেশি চাপে পড়বেন তাঁর অনুসৃত পররাষ্ট্রনীতি নিয়ে। যদিও সাংবিধানিকভাবে পররাষ্ট্রনীতি বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন প্রেসিডেন্ট, তবু শেষ বিচারে বড় ধরনের কাজের জন্য তাঁকে কংগ্রেসের অনুমোদন নিতেই হয়। তদুপরি কংগ্রেস চাইলে প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বাধা তৈরি করতে পারে। আর সেটা হওয়ার আশঙ্কা এই দফায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কেননা, রিপাবলিকানরা কয়েক বছর ধরেই বলে আসছিলেন যে ওবামা প্রশাসন যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, তা অত্যন্ত দুর্বল। তারা চাপ দিচ্ছিল যেন যুক্তরাষ্ট্র আরও বেশি শক্তি প্রদর্শনের পথ বেছে নেয়। সিরিয়া প্রশ্নে রিপাবলিকান সিনেটরদের আগের বক্তব্য লক্ষ করলেই সেটা স্পষ্ট হয়। তাঁরা গোড়া থেকেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সংযুক্তির দাবি করছিলেন। তাঁরা মনে করেন যে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণেই আইএসের
উদ্ভব হয়েছে।
ইরান প্রশ্নে ওবামা প্রশাসনের নেওয়া পদক্ষেপের মূল কথা হচ্ছে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছা। কিন্তু রিপাবলিকানরা চান চাপ প্রয়োগের পথ বেছে নিতে। এত দিন ইরানের পক্ষ থেকে যতটা উৎসাহ লক্ষ করা গেছে, তা আর বহাল থাকবে কি না, সেটাও ভাবার বিষয়। কেননা, ইরান চাইছিল যে তারা পারমাণবিক কর্মসূচি হ্রাস করার বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। যদিও প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতার বলে সেটা করতে পারেন, কিন্তু তা হবে সাময়িক এবং সেটা স্থায়ী করতে পারে একমাত্র কংগ্রেস। ইরান এখন এমন কোনো চুক্তি করতে চাইবে কি না, যা স্থায়ী না হওয়ার আশঙ্কা রয়েছে, সেটা আমরা এ মাসের শেষ নাগাদ দেখতে পাব। কেননা, ২৯ নভেম্বরের মধ্যে এ বিষয়ে একটা ফল পাওয়ার কথা। ইরানের সঙ্গে যখন আলোচনা চলছিল, সে সময় রিপাবলিকান দলের সিনেটররা আরও বেশি নিষেধাজ্ঞা আরোপের এক প্রস্তাব পাস করানোর চেষ্টা করেছিলেন, এ কথা স্মরণ করা যেতে পারে। ইরান প্রশ্নটি গোটা মধ্যপ্রাচ্যবিষয়ক নীতির সঙ্গে সংশ্লিষ্ট। ফলে এ ক্ষেত্রে হোয়াইট হাউস যে এখন সিনেটের বিভিন্ন ধরনের চাপের মুখে পড়বে, সেটা অনুমান করা যাতে পারে।
অতীতে দেখা গেছে, যখন কংগ্রেস তার দলের সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন প্রেসিডেন্টরা পররাষ্ট্র বিষয়ে বেশি মনোযোগ দেন। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এই অবস্থায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অস্ত্র চুক্তি করেছিলেন। কিন্তু এখন সে অবস্থা নেই যে ওবামা দেশের বাইরে মনোযোগ দেবেন। বরং রিপাবলিকান সিনেট তাঁকে যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণে বাধা দেবে। ওবামা এসব বাধা কী করে উতরাবেন, সেটা অংশত নির্ভর করবে রাজনৈতিক কৌশলের ওপর, আর অংশত নির্ভর করবে সারা পৃথিবীতে আর কী ঘটছে, তার ওপর।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভারসিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।