
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টারা সৌদি আরবের সঙ্গে গলা মিলিয়ে অভিযোগ করতে শুরু করেছেন যে ইরান মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের সূতিকাগার। অন্যদিকে মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের কাজ করছে। কিন্তু সৌদি বাদশাহ সালমান যে ইরানকে ব্যঙ্গ করে বৈশ্বিক সন্ত্রাসবাদের ‘প্রথম সেনা’ হিসেবে আখ্যা দিয়েছেন, তা শুধু ভুলই নয়, বিপজ্জনকও বটে। কারণ, এতে মধ্যপ্রাচ্যে আরেক দফা যুদ্ধ লেগে যেতে পারে।
বস্তুত, এটি যুক্তরাষ্ট্রের কিছু মাথাগরম লোকের লক্ষ্য বলে মনে হচ্ছে, যদিও এটা পরিষ্কার যে আইএস-বিরোধিতায় ইরান যুক্তরাষ্ট্রের কাতারেই আছে। এটাও সত্য, ইরান এই অঞ্চলের অন্য বৈরী প্রতিবেশীদের মতো নয়, এই দেশটিতে কার্যকর গণতন্ত্র আছে।
পরিহাসের ব্যাপার হচ্ছে, গত ১৯ মে ইরানের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাগাড়ম্বর বাড়তে শুরু করে। এই নির্বাচনে দেশটির হাসান রুহানি কট্টরপন্থীদের পরাজিত করেন।
সম্ভবত ট্রাম্পের এই সৌদিপন্থী ও ইরানবিরোধী অবস্থানের ব্যবসায়িক মাজেজা আছে। সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করে তিনি যারপরনাই উৎফুল্ল হয়েছিলেন। এটাকে তিনি ‘চাকরি, চাকরি, চাকরি’ বলে উল্লেখ করেছেন।
ভাবখানা এমন, মার্কিন শ্রমিকদের ভালো কাজ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যুদ্ধ লাগানো। আর সৌদি আরবের যুদ্ধংদেহী অবস্থানের সমর্থন জানানোর কারণে ট্রাম্প ও তাঁর পরিবারের জন্য কোনো ব্যক্তিগত মুনাফার ব্যাপার লুকিয়ে আছে কি না, তা কে জানে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই উচ্চবাচ্য কিন্তু এক অর্থে স্বাভাবিক। মার্কিন পররাষ্ট্রনীতি নানা রকম বিপর্যয়কর, অদ্ভুতুড়ে ও মারাত্মক ধ্বংসাত্মক বৈদেশিক যুদ্ধে জেরবার হয়ে গেছে, যাতে প্রকৃত অর্থে তাদের কোনো কার্যসাধন হয়নি।
যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধিতার শুরু ১৯৭৯ সালে দেশটির ইসলামি বিপ্লবের পর থেকে। এরপর সেখানকার বিপ্লবী ছাত্ররা মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের ৪৪৪ দিন আটকে রাখলে মার্কিনরা যে মনস্তাত্ত্বিক ধাক্কা খায়, তার জের এখনো চলছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত এটি মার্কিন গণমাধ্যমের শীর্ষ খবর ছিল। ৯/১১-এর হামলার পর দেশটির মানুষ যেমন মানসিক আঘাত পেয়েছিল, সেই ঘটনার সময়ও একই অবস্থা সৃষ্টি হয়েছিল।
তখন, এমনকি এখনো অধিকাংশ মার্কিন নাগরিকের কাছে এই জিম্মিসংকট ও ইরানি বিপ্লব বিনা মেঘে বজ্রপাতের মতো ব্যাপার। খুব কম মার্কিন নাগরিকই এটা বোঝে যে ১৯৫৩ সালে সিআইএ ও এমআই৬ কর্তৃক গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করে শাহর নেতৃত্বে পুলিশি রাষ্ট্র কায়েমের প্রতিক্রিয়া হিসেবে ১৯৭৯ সালের এই ইসলামি বিপ্লব ঘটে।
ইরানের তেলের ওপর অ্যাংলো-মার্কিন নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা ওই অভ্যুত্থান ঘটিয়েছিল। তেলক্ষেত্রের জাতীয়করণের কারণে এমনটি ঘটেছিল। অধিকাংশ মার্কিন নাগরিক এটাও বোঝেন না যে ক্ষমতাচ্যুত শাহকে যুক্তরাষ্ট্র চিকিৎসার জন্য তাদের দেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে অনেক ইরানি মনে করেছিলেন, এটা বিপ্লবের জন্য হুমকি।
প্রেসিডেন্ট রিগ্যানের জমানায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক-ইরান যুদ্ধে ইরাককে সমর্থন দিয়েছিল। এমনকি ইরাক রাসায়নিক অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও তারা দেশটিকে সমর্থন দিয়েছিল। সেই ১৯৫৩ সাল থেকে যুক্তরাষ্ট্র গোপন তৎপরতার মাধ্যমে ইরানের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও অর্থনৈতিক উন্নয়নের বিরোধিতা করেছে। এ ছাড়া তারা ১৯৫৩-৭৯ সাল পর্যন্ত ইরানের কর্তৃত্ববাদী শাসন এবং তার শত্রুকে সামরিক সহায়তা দিয়েছে। এ ছাড়া তারা বছরের পর বছর দেশটির ওপর নিষেধাজ্ঞা তো দিয়ে রেখেছেই।
যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধিতার আরেকটি কারণ হলো, দেশটি হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন দিয়ে থাকে। এই দুটি সশস্ত্র সংগঠন ইসরায়েলবিরোধী। এখানেও ঐতিহাসিক পরিপ্রেক্ষিত বোঝা দরকার। লেবাননে তৎপর জঙ্গি ফিলিস্তিনিদের গুঁড়িয়ে দিতে ইসরায়েল ১৯৮২ সালে দেশটি আক্রমণ করে। ওই যুদ্ধের শেষে এবং ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে মুসলিম নিধনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ লেবাননে শিয়া নেতৃত্বাধীন হিজবুল্লাহ প্রতিষ্ঠায় ইরান সমর্থন দেয়।
ইরান হামাসকেও সমর্থন দেয়, এই কট্টরপন্থী সুন্নি গোষ্ঠী ইসরায়েলের অস্তিত্বই অস্বীকার করে। ১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল দীর্ঘদিন দখলদারি চালালে এবং শান্তিপ্রক্রিয়া অচল হয়ে পড়লে হামাস ২০০৬ সালে ফাতাহকে পরাজিত করে ফিলিস্তিনে সরকার গঠন করে।
এরপর হামাসের সঙ্গে আলোচনায় না বসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামাসকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই লক্ষ্যে ২০১৪ সালে গাজায় এক বর্বর যুদ্ধ শুরু হয়। এতে বিপুলসংখ্যক ফিলিস্তিনি মারা যায় এবং জীবিত ব্যক্তিদের জীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসে। কিন্তু কোনো রাজনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি।
ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে। কট্টরপন্থী ইসরায়েলিরা বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করতে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করেছে। অথবা ইসরায়েলকে তা করার অনুমতি দেওয়ার কথা বলেছে। সৌভাগ্যবশত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির চুক্তি সইয়ে উদ্যোগী হয়েছিলেন। এতে উভয় পক্ষেই অধিকতর আত্মবিশ্বাস সৃষ্টি হয়। তা সত্ত্বেও ট্রাম্প ও সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা বিনষ্টের চেষ্টায় রত।
গত শতকে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়া—এরা সবাই মধ্যপ্রাচ্যে ভুল খেলায় মেতেছিল। তারা সবাই জীবন, অর্থ ও মর্যাদা বিনষ্ট করেছে। আগের চেয়েও এখন আপসের কূটনীতির প্রয়োজনীয়তা বেশি অনুভূত হচ্ছে। আরেক দফা পরস্পরকে দানব বানিয়ে অস্ত্র প্রতিযোগিতায় নামলে সহজেই বিপর্যয় নেমে আসবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
জেফরি ডি স্যাক্স: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।