মহাদেশ আকারের দেশ যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে ঝড়, ঝঞ্ঝা, খরা, বন্যা, তুষারপাত—এগুলো বাংলাদেশের মানুষের জন্য ছোটখাটো আন্তর্জাতিক সংবাদের চেয়ে বেশি কিছু নয়। মাঝেমধ্যে দুর্ঘটনার খবর হয়তো সামান্য বেশি মনোযোগ আকর্ষণ করে। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব এই এলাকায় বাস করলে তাঁদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে সামান্য উৎসাহ তৈরি হয় বটে, কিন্তু তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে না। আপাতদৃষ্টিতে তা-ই স্বাভাবিক। ফলে ইলিনয় অঙ্গরাজ্যে গত দুই দিন সামান্য বৃষ্টি হয়েছে। গত কয়েক মাসের অভূতপূর্ব গরম কমে তাপমাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। এ নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষের মাথাব্যথার কোনো কারণ নেই। কিন্তু সে কথা জানানোর জন্যই এই লেখা।এখানে এই বৃষ্টি হওয়া না-হওয়ার মাশুল গুনতে হবে সম্ভবত সারা পৃথিবীর মানুষকে। বাংলাদেশের সাধারণ মানুষ তা থেকে রক্ষা পাবে বলে মনে হয় না। অনেক প্রত্যাশিত এই বৃষ্টি সত্ত্বেও ইলিনয় এবং আশপাশের এলাকায় যে খরা চলছে, তার অবসান হয়নি, খুব শিগগির হবে না। তদুপরি, খরার ফলে যে ক্ষতি হওয়ার, তা ইতিমধ্যেই হয়ে গেছে। গত ১৭ বছরের মধ্যে এত ব্যাপক ও তীব্র খরার সম্মুখীন হয়নি এ অঞ্চল। শুধু এ অঞ্চলই নয়, যুক্তরাষ্ট্রের প্রায় ৬২ শতাংশ এলাকা এবার খরায় আক্রান্ত হয়েছে। তার পরিণতিতে যুক্তরাষ্ট্রের শস্যভান্ডার বলে পরিচিত মধ্যাঞ্চলে শস্য উৎপাদন, বিশেষত ভুট্টা ও সয়াবিনের ফলন হ্রাস পেয়েছে ভয়াবহ রকম। দেশের কৃষি বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, এ মৌসুমে সারা দেশে মোট ১০ দশমিক ৭৭ বিলিয়ন বুশেল ভুট্টা উৎপাদন হবে। মৌসুমের গোড়াতে আশা করা হচ্ছিল—এ পরিমাণ হবে ১৪ দশমিক ৮ বিলিয়ন বুশেল। গত ৫৬ বছরের মধ্যে এটাই সবচেয়ে কম ফলন। এর প্রভাব যে কতটা গভীর, তা বোঝার জন্য এ খবরই যথেষ্ট যে বিশ্বখাদ্য সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে খাদ্যের মূল্যসূচক গত মাসে ৬ শতাংশ বেড়েছে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, খাদ্যশস্য ও চিনির দাম বাড়ার কারণেই খাদ্যের মূল্যসূচকের এ বৃদ্ধি। শুক্রবার বিশ্বখাদ্য সংস্থা যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিয়েছে ভুট্টা ব্যবহারের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন বদলানোর জন্য।যুক্তরাষ্ট্রে যে ভুট্টা উৎপাদিত হয়, তার প্রায় ৪০ শতাংশ ব্যবহূত হয় জৈব-জ্বালানি হিসেবে। ২০০৫ সালে প্রণীত আইন, যা ২০০৭ সালে আরও বেশি জোরদার করা হয়েছে, তাতে বলা হয়েছে যে দেশে বিক্রি হওয়া পেট্রলে জৈব-জ্বালানি মেশাতে হবে; দেশের মোট গ্যাসোলিনের ৯ শতাংশ হতে হবে ইথানল, যা ভুট্টা থেকে তৈরি। জৈব-জ্বালানি ব্যবহারের উদ্দেশ্য হলো, পরিবেশের জন্য ক্ষতি কমানো এবং জ্বালানির মূল্য কম রাখা। আইন অনুযায়ী, এ বছর ১৩ দশমিক ২ বিলিয়ন গ্যালন ভুট্টানির্ভর জৈব-জ্বালানি সরবরাহ করার কথা। আইনের এই বিধান মানলে যে বাজারে ভুট্টার দাম বাড়বে, তা নিশ্চিত। ভুট্টা কেবল যে জ্বালানি হিসেবে ব্যবহূত হয় তা-ই নয়; এটা ব্যবহূত হয় পশুর—অর্থাৎ গরু, মহিষ ও শূকরের খাদ্য হিসেবেও। একইভাবে সয়াবিনও ব্যবহূত হয়। যে কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে দেশের শূকরের জন্য ব্যাপক পরিমাণে সয়াবিন আমদানি করে। এ সংকটের আশঙ্কায় চীন গত সপ্তাহে এক দিনে ২৯০ হাজার টন সয়াবিন কিনেছে।পাঠকদের অনেকেই হয়তো মনে করতে পারেন, যেহেতু তিনি ভুট্টাজাতীয় খাবার খান না, কিংবা মার্কিন গরু, মহিষের ওপর তাঁর নির্ভরশীলতা নেই; এ বিষয়ে তাঁর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। খাদ্যদ্রব্যের আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম কিংবা সয়াবিনের দাম চালের দাম থেকে শুরু করে অন্য সব খাদ্যদ্রব্যকেই প্রভাবিত করে। দাম বাড়ার এই চক্রজালে খাদ্য ও জ্বালানি পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে একটি অন্যটির দাম বাড়াবে। তেলের দাম বাড়লে তা সার ও বীজের মতো কৃষি উৎপাদন উপকরণের সরবরাহকে প্রভাবিত করে। ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়ার খরা আন্তর্জাতিক বাজারে খাদ্যের মূল্যকে ঊর্ধ্বমুখী করার ফল বাংলাদেশের মানুষ নিশ্চয় ভুলে যায়নি। গত সপ্তাহে ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের এক রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা সবচেয়ে দুর্বল। হিসাব অনুযায়ী, ১০৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১। মোট ১০০ পয়েন্টের সূচকে বাংলাদেশের স্কোর হলো ৩৪ দশমিক ৬, শ্রীলঙ্কার স্কোর ৪৭ দশমিক ৪। ফলে খাদ্যের জন্য বিশ্ববাজারের ওপর বাংলাদেশের একধরনের নির্ভরতা রয়েই গেছে। তা ছাড়া বিশ্ববাজারে ঢেউ উঠলে বাংলাদেশে তার ধাক্কা লাগবে, এটা সহজেই অনুমেয়।২০০৭-০৮ সালের খাদ্যসংকট বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রায় ৭৫ মিলিয়ন মানুষকে অনাহারে ঠেলে দিয়েছিল। এমনিতেই তার আগে ৮৫০ মিলিয়ন লোক অনাহারে থাকত। এর সঙ্গে আরও ৭৫ মিলিয়ন লোক যোগ হওয়ার ফলে অবস্থার যে কতটা অবনতি হয়েছিল, তা আমরা জানি। এখন বিশ্বজুড়ে মন্দার মুখে আবার খাদ্যের মূল্য বৃদ্ধির ফলে গরিব মানুষকে পড়তে হবে আরও গভীর সংকটে। এ সংকটের দীর্ঘমেয়াদি ফলাফলও বিবেচনা দাবি করে। ২০০৮ সালের খাদ্যসংকটের ফলে ৪৪ মিলিয়ন মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। এদের অধিকাংশই দরিদ্র দেশগুলোতে এবং এরা আর সেই অবস্থান থেকে উঠতে পেরেছে বলে মনে হয় না। ইতিমধ্যেই অক্সফামের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে আসন্ন সংকট পৃথিবীর এক বিলিয়ন অনাহারক্লিষ্ট মানুষের জন্য ভয়াবহ ইঙ্গিত।খাদ্যদ্রব্যের মূল্য বাড়লে তার যে প্রতিকূল রাজনৈতিক প্রতিক্রিয়া হয়, সেটা বোঝার জন্য উদাহরণের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ সেটা বহুবার দেখেছে। তবে স্মরণ করা যেতে পারে যে ২০০৭-০৮ সালে পৃথিবীজুড়ে খাদ্যসংকটের সময় ৩০টি দেশে ৬০টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটে। এতে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটেছে বহু ক্ষেত্রে। হঠাৎ করে ২০১১ সালের গোড়ার দিকে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মূল্য বৃদ্ধি আরব বসন্তের পেছনে কাজ করেছে বলে কেবল অনেকের ধারণাই নয়, সম্প্রতি গবেষণায়ও তার সপক্ষে প্রমাণ মিলেছে।সম্ভাব্য খাদ্যসংকট মোকাবিলার জন্য আশু পদক্ষেপ হিসেবে বিশ্ব খাদ্য সংস্থা যুক্তরাষ্ট্রকে যে আবেদন জানিয়েছে, তার আগেই দেশের ভেতরে এই দাবি উঠছিল। প্রতিনিধি পরিষদের ১৫৬টি সদস্যদেশের পরিবেশবিষয়ক সংস্থা ইপিএ-কে লেখা এক চিঠিতে অনুরোধ করেছে যে আপাতত জৈব-জ্বালানিবিষয়ক এই আইন শিথিল করা হোক, সিনেটের ২৫ জন সদস্যও একই আবেদন করেছেন। আবেদনকারী প্রতিনিধি পরিষদের সদস্যদের অধিকাংশ রিপাবলিকান দলের সদস্য এবং তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য যে নেই, তা বলা যাবে না। রিপাবলিকানরা পরিবেশবিষয়ক সংস্থাটিকে মোটেই পছন্দ করেন না এবং তা দুর্বল করতে চান। তাঁরা এটিকে একটি সুযোগ হিসেবে নিতে চান বলে কারও কারও ধারণা। তবে সিনেটের সদস্যরা দুই দলেরই; প্রধানত যেসব অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার। শেষ পর্যন্ত প্রশাসনকে হয়তো এই আইন শিথিল করতে হবে। কিন্তু তাতে যে বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম কমবে, তা নিশ্চিত করে বলা যায় না। কেননা, ইথানল ব্যবহার না করার কারণে তেলের দাম বাড়লে ঘুরেফিরে একই অবস্থাই হয়তো থাকবে। আশার বিষয় যে সংকটের শুরুতেই একধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে।এবারের এ সংকট কোথায় গিয়ে দাঁড়াবে, তা না জানলেও এটা বলা যায়, তার প্রভাব বাংলাদেশেও পড়বে। বাংলাদেশের নীতিনির্ধারকেরা এ বিষয়ে নিশ্চয় অবগত আছেন। এ ধরনের একটি সংকট তৈরি হলে তা মোকাবিলায় অর্থনৈতিক ও কূটনৈতিক দুই ধরনের উদ্যোগের দরকার হবে। তার প্রস্তুতি আগে থেকেই নেওয়া দরকার। এককভাবে তা সামলানো যাবে, এমন ভাবার কোনো কারণ নেই। আর বাংলাদেশের গণমাধ্যম এবং সাধারণ মানুষ যদি এই সুযোগে ইলিনয়ে বৃষ্টি হচ্ছে কি না, সে খবর রাখেন, তবে ভালোই করবেন। এখন আর প্রবাদের সেই দিন নেই যে ‘আদার বেপারীর জাহাজের খবর রাখার দরকার নেই’। ইলিনয় কিংবা আইওয়াতে খরা হলে তার প্রভাব পড়ে গোটা বিশ্বে।ইলিনয়, ১০ আগস্ট ২০১২আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।