যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীও উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে, কখন এই নির্বাচন শেষ হবে।
ভারতের অতি ডানপন্থী হিন্দুরা মন্দিরে ডোনাল্ড ট্রাম্পের জন্য পূজা করছে, যাতে তিনি ইসলামি চরমপন্থাকে পরাজিত করতে পারেন। সৌদি আরবে সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টুইটার লড়াই করেছেন (ট্রাম্প তাঁকে বলেছেন, ‘হতচেতন যুবরাজ’)। ওদিকে মেক্সিকোর অর্থনীতিবিদেরা হিসাব করছেন, ট্রাম্প জিতলে পেসোর মান পড়ে যাবে। জাপানের কয়েক প্রজন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষা ভোগ করেছে। কিন্তু তারাও উদ্বেগের মধ্যে আছে, এটা হয়তো আর পাওয়া যাবে না।
কিন্তু কথা হচ্ছে, যে–ই জিতুক না কেন, এই নির্বাচনী প্রচারণা যেভাবে নানা কেলেঙ্কারি, রাজনৈতিক সহিংসতা, দুর্নীতির অভিযোগ ও ভোট জালিয়াতির ভীতির কারণে ক্ষতিগ্রস্ত হলো, তাতে মার্কিন জনগণ ও বিশ্ববাসীর কাছে দেশটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের যত সমালোচনা হয়, সব সময়ই তার বেশির ভাগ হয় পররাষ্ট্রনীতির কারণে। বিশেষ করে, ইরাক যুদ্ধের সময় আমরা এটা দেখেছি। কিন্তু তার রাজনৈতিক ব্যবস্থা কখনোই এতটা ঘৃণা ও তাচ্ছিল্যের শিকার হয়নি। আট বছর আগে এই দেশটি নিজের গভীরতম সংস্কার কাটিয়ে উঠে এক কালো মানুষকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। অথচ এবার তার রাজনীতির এক কদর্য দিক উন্মুক্ত হয়ে গেল। এতে দেখা গেল, যে দেশটি গণতান্ত্রিক আদর্শের জন্য পরিচিত ছিল, সে এক অগণতান্ত্রিক শক্তির খপ্পরে পড়েছে। যে কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোর সম্ভাবনা বিনষ্ট হয়েছে।

>মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ঔজ্জ্বল্য হারিয়েছে, তার পরিমাপ করা কঠিন। নির্বাচনী প্রচারণার কুৎসিত সময়টির আগে যে বৈশ্বিক জরিপ করা হয়েছিল, তাতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে প্রশংসিত দেশ। কিন্তু স্পষ্টতই একটা পরিবর্তন এসেছে

মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ঔজ্জ্বল্য হারিয়েছে, তার পরিমাপ করা কঠিন। নির্বাচনী প্রচারণার কুৎসিত সময়টির আগে যে বৈশ্বিক জরিপ করা হয়েছিল, তাতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে প্রশংসিত দেশ। কিন্তু স্পষ্টতই একটা পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের পরিব্রাজক এবং বিদেশি পর্যবেক্ষকেরা বলেছেন, মার্কিন পর্যটকেরা একসময় বিশ্বের ঈর্ষার কারণ হলেও এখন তাঁরা লজ্জার মুখে পড়ছেন। যে ব্যবসায়ীরা একসময় ছোট ছোট মার্কিন স্বপ্ন হিসেবে জিনস ও লোমের জ্যাকেট বিক্রি করতেন, তাঁদের এখন বিজ্ঞাপনী প্রচারণার বক্তব্য পাল্টাতে বলা হয়েছে।
মার্কিন কূটনীতিকেরা একসময় অন্য দেশের সমস্যায় নাক গলাতেন। কিন্তু এখন তাঁদের নির্বাচনে ‘জালিয়াতির’ অভিযোগ উঠছে। এই পরিপ্রেক্ষিতে এখন তাঁদের আহ্বান জানানো হচ্ছে, মার্কিন গণতন্ত্র রক্ষা করুন। বর্ষীয়ান কূটনীতিক নিকোলাস বার্নস বলেছেন, ‘এ কারণে আমাদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এমনটা হবে, তারা এটা আশা করে না। আবার আমরাই তো অন্য দেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাই।’ মানুষ ভাবছে, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অতটা ব্যতিক্রম নয়।
মার্কিন যুক্তরাষ্ট্র আরব অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। যদিও আরবরা এ নিয়ে সন্দিহান। এবারের নির্বাচনী প্রচারণায় যে যৌন নিগ্রহের অভিযোগ এল ও লজ্জাকর ই-মেইল ফাঁসের কাণ্ড ঘটল, সেটা আরবরা ভালোই উপভোগ করেছে। লেবাননের সাংবাদিক হশাম মেলহেম বলেছেন, ‘তারা যেভাবে মার্কিন গণতন্ত্র নিয়ে হাসাহাসি করছে, সেটা আগে কখনো দেখিনি, সেই ১৯৮০ সাল থেকে নির্বাচন কাভার করার অভিজ্ঞতা আমার আছে।’ ওদিকে আফ্রিকায় তো নানা রকম ঝামেলা সব সময় লেগেই থাকে। সেখানে রাজনৈতিক প্রতিযোগিতার সঙ্গে নৃতাত্ত্বিক বিভাজন ও সহিংসতা লেগেই থাকে, যার কারণে নির্বাচনের ফলাফল প্রভাবিত হওয়াও অসম্ভব কিছু নয়। এখন আফ্রিকার মানুষও বলছে, আফ্রিকান ইউনিয়ন যুক্তরাষ্ট্রে একটি ‘ঐকমত্যের সরকার’ গঠনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করুক।
বিদেশে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের বিশ্বাসভাজন কানাডীয়রাও তাকে আশ্বস্ত করার প্রচারণা শুরু করেছে। এদিকে কয়েক মাস ধরে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা এই নির্বাচনী প্রচারণাজনিত ক্ষতি পরিমাপ করতে চাইছেন। স্টারবাক অ্যান্ড ওয়েন্ডির মতো বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা দুঃখ করে বলেছেন, মার্কিন কোম্পানিগুলোর পক্ষে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। এর আগে জুলাই মাসে ট্রাম্প–সমর্থক হারলে ডেভিডসন মোটরসাইকেলের প্রধান নির্বাহী বলেছিলেন, রাজনীতির কারণে বেচাকেনা কমে গেছে। ওদিকে বিজ্ঞাপনী সংস্থা ইয়ার্ডের সহ-প্রতিষ্ঠাতা রুথ বার্নস্টেইন বলেছেন, তিনি বিদেশে পণ্য বিক্রি করে এমন মার্কিন প্রতিষ্ঠানগুলোকে উপদেশ দিয়েছেন, তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি আদর্শ রাষ্ট্র—এই ধারণা বিপণন করা থেকে সরে আসে। কারণ, এটা আর এখন সত্য মনে হয় না। তিনি বলেন, ‘মার্কিন ব্র্যান্ড এই ধারণার ওপর খুব বেশি করে নির্ভরশীল যে মার্কিন স্বপ্ন এখনো টিকে আছে। যে কেউ এই দেশে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আর এখানে যে আসতে চায়, তার জন্য দরজা খোলা।’ কিন্তু এবারের নির্বাচনের কারণে সবকিছু নিয়েই সন্দেহ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে নীতিবিষয়ক স্বাধীন উপদেষ্টা সাইমন আনহল্ট ২০ দেশের ২৫ হাজার মানুষের ওপর জরিপ করে নেশন ব্র্যান্ড ইনডেক্স তৈরি করেছেন। তিনি বলেছেন, ইরাক যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম প্রশংসিত দেশে পরিণত হয়। কিন্তু বারাক ওবামা নির্বাচিত হলে সে আবার এক নম্বরে ফিরে আসে। তবে তিনি মনে করেন, ট্রাম্পের প্রতিশ্রুত বাণিজ্য চুক্তি ও সামরিক সহায়তা বাতিলের ঘোষণা যদি বাস্তবায়িত না হয়, তাহলে দেশটির দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা নেই। তিনি আমাদের মনে করিয়ে দেন, ‘যে দেশ আন্তর্জাতিক পরিসর থেকে নিজেকে সরিয়ে নেয়, লোকে তাকে পছন্দ করে না।’ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের চোখ খুলে যাচ্ছে, যেখানে নতুন ও দুর্বল গণতান্ত্রিক দেশের মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। নাইজেরিয়ার ইয়ার আদুয়া ফাউন্ডেশনের পরিচালক নোয়ানকপা আশা প্রকাশ করেন, ‘এই অভিজ্ঞতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আরও বেশি সহায়ক হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যদি এতটা ভুল করতে পারে, তাহলে একদিন নাইজেরিয়াই সঠিক কাজটা করতে পারে।’
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
ফারা স্টকম্যান ও নিক কোরাসানিতি: মার্কিন সাংবাদিক।