
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে, তারা না পারছে অভ্যন্তরীণ অর্থনৈতিক অ্যাজেন্ডা বজায় রাখতে, আবার না পারছে সমন্বিত পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে। হোয়াইট হাউসে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। কংগ্রেস তো পক্ষাঘাতগ্রস্ত। আর সারা পৃথিবী বিস্ময় ও ভীতি নিয়ে তা চেয়ে চেয়ে দেখছে। এই ধস থেকে বাঁচতে এবং বিপর্যয় কাটিয়ে উঠতে আমাদের এর উৎস বুঝতে হবে।
হোয়াইট হাউসের বিশৃঙ্খলার মূল কারণ অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিত্ব। অনেক বিশেষজ্ঞ মনে করেন, নিজের সম্পর্কে উচ্চকিত ধারণা, চরম মিথ্যাচার, অনুশোচনাহীনতা, অগভীরতা, পরজীবীর মতো জীবনযাপন, প্রবৃত্তিতাড়না, নিজের কাজের দায়িত্ব নিতে অপারগতা, স্বল্পমেয়াদি বৈবাহিক সম্পর্ক—প্রভৃতি কারণে ট্রাম্পের আচরণে আত্মপ্রেমজনিত বৈকল্য আছে।
এর পরিণতি মারাত্মক হতে পারে। এই ধরনের আত্মপ্রেমীদের সহিংসতা ও যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে (লিন্ডন জনসন ও ভিয়েতনাম যুদ্ধ এবং অ্যান্ড্রু জ্যাকসন ও নেটিভ আমেরিকানদের নিধনের কথা ভাবুন)। অন্তত এ কথা বলা যায়, গঠনমূলক শাসন পরিচালনার জন্য যে গুণাবলি দরকার, ট্রাম্পের মনস্তত্ত্বে সেটা নেই, অর্থাৎ সততা, মর্যাদা, যোগ্যতা, সহানুভূতি, প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও পরিকল্পনার সক্ষমতা। অনেক পর্যবেক্ষক আবার মনে করেন, ট্রাম্পের আচরণে ক্ষয়িষ্ণু মানসিক সক্ষমতার লক্ষণ দেখা যাচ্ছে।
ওয়াশিংটনের আশা হচ্ছে, ‘প্রাপ্তবয়স্ক’ মানুষেরা ট্রাম্পের বিপজ্জনক প্রবণতার রাশ টেনে ধরবেন। কিন্তু ট্রাম্পের প্রশাসনের এই ‘প্রাপ্তবয়স্ক’ মানুষদের তালিকায় ক্রমবর্ধমান হারে সামরিক কর্মকর্তারা ঢুকে যাচ্ছেন, যার মধ্যে তিনজন জেনারেলও আছেন। শান্তির জন্য বিজ্ঞ বেসামরিক কর্মকর্তাদের প্রয়োজন, বিশেষত, যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধযন্ত্র যেখানে সব সময়ই গোঁফে তেল দিতে থাকে। জন এফ কেনেডির আমলের সামরিক উপদেষ্টাদের কথা ভাবুন, যাঁরা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুদ্ধের পরামর্শ দিয়েছিলেন।
আরও কিছু নির্গমন পথ আছে। মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুসারে দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রেসিডেন্টকে সরানো যাবে এবং ‘বড় ও লঘু অপরাধে’ তাঁকে অভিশংসিত করা যাবে। এই উভয় পদক্ষেপ মার্কিন সাংবিধানিক ব্যবস্থায় একদম চূড়ান্ত পর্যায়ের। এর জন্য রিপাবলিকান নেতাদের ওপর নির্ভর করতে হবে।
কংগ্রেসের রাজনৈতিক ধস অতটা নাটকীয় না হলেও বেশ গুরুতর। সেখানে ব্যাপারটা ব্যক্তিত্বের বৈকল্য নয়, বরং সেটা টাকার ব্যাপার। করপোরেট লবিস্ট ও নির্বাচনী প্রচারণায় টাকা দেওয়া ব্যক্তিরা আইনসভাকে মারাত্মকভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। শিল্পপতি ভ্রাতৃদ্বয় ডেভিড ও চার্লস কচের সম্মিলিত সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার, তাঁরা কার্যত ভোট ও বিবেক কিনে নিয়েছিলেন। একই সঙ্গে স্পিকার পল রায়ান ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলকেও তাঁরা কিনে নিয়েছিলেন।
ফলে রাজনৈতিক বিকৃতি ঘটেছে। তাঁরা দুই ভাই নিজেদের জন্য অনুকূল আইন করতে সব সময় তাড়া দেন, তা সে মার্কিন জনগণের জন্য অনুকূল হলো কি না, সেটা তাঁদের কাছে বিবেচ্য নয়। ওবামাকেয়ার বাতিলের চেষ্টার সঙ্গে ভোটারদের স্বার্থ বা দৃষ্টিভঙ্গির সম্পর্ক ছিল না। ব্যাপারটা হলো স্রেফ কচ ভ্রাতৃদ্বয় ও রিপাবলিকানদের বড় দাতারা এটা চেয়েছিলেন।
সে কারণে এই বাতিল প্রক্রিয়া একদম শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়েছিল। এমনকি এটা বিশেষজ্ঞদের বিশ্লেষণ বা কংগ্রেসনাল কমিটির বিবেচনার জন্যও পেশ করা হয়নি। শেষমেশ তিনজন রিপাবলিকান সিনেটর মার্কিন জনগণের পক্ষে অবস্থান নেন।
কচ ভাইদের টাকা ও ট্রাম্পের আত্মপ্রেম—এই দুইয়ের মধ্যে পড়ে মার্কিন সরকার এলোমেলো হয়ে পড়েছে। ওয়াশিংটনে এখনো অনেক চৌকস ও প্রতিভাবান মানুষ আছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠান ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ফেডারেল সরকার বিশেষজ্ঞ বৈজ্ঞানিকদের বারোটা বাজিয়ে দিচ্ছে, গবেষকেরা চলে যাচ্ছেন বা তাঁদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সংস্থার বাজেট ব্যাপক হারে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অভিজ্ঞ কূটনীতিকেরা পররাষ্ট্র বিভাগ ছেড়ে চলে যাচ্ছেন। আর লবিস্টরা দলবাজ ও দাসানুদাসদের সরকারে বসাচ্ছেন।
এই হট্টগোলের মধ্যে আবার যুদ্ধের দামামা শোনা যাচ্ছে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ। এটা কি শুধু লোক দেখানো, নাকি সত্যি সত্যি? সেটা আমরা কেউ জানি না। ট্রাম্প এখন সাতসকালে টুইট করে পররাষ্ট্র ও সামরিক নীতি ঘোষণা করছেন, অথচ হোয়াইট হাউসের কর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সম্পর্কে জানেনও না। পরিস্থিতি বিপজ্জনক ও ক্রমাবনতিশীল।
আমি তিনটি তাৎক্ষণিক পদক্ষেপ ও একটি দীর্ঘমেয়াদি পদক্ষেপের পরামর্শ দিতে চাই।
প্রথমত, ট্রাম্পকে টুইটার থেকে সরে আসতে হবে। পৃথিবীসহ মার্কিন যুক্তরাষ্ট্র পরামর্শ ও আলোচনার ভিত্তিতে নীতি প্রণয়ন করতে চায়। বিপুলসংখ্যক মার্কিন নাগরিক এ ব্যাপারে একমত, ট্রাম্পের টুইটে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
দ্বিতীয়ত, কংগ্রেস নেতাদের দ্বিদলীয় ভিত্তিতে ট্রাম্পের যুদ্ধংদেহী প্রবণতার রাশ টেনে ধরতে ঐকমত্যে আসতে হবে। মার্কিন কংগ্রেসের ১ নম্বর ধারার ৮ নম্বর অনুচ্ছেদে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের ওপর ন্যস্ত করা হয়েছে। কংগ্রেসকে এখন সেই ক্ষমতা আবারও দৃঢ়ভাবে ঘোষণা করতে হবে, পাছে বেশি দেরি হয়ে যায়।
তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র এবং চীন ও রাশিয়াকে এটা পরিষ্কার করতে হবে যে ইরান ও উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র এককভাবে হামলা চালালে তা শান্তির অবৈধ ও গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। আর যুদ্ধ ও শান্তির ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ঐকমত্য হতে হবে। যুক্তরাষ্ট্র যদি সাম্প্রতিক অতীতে নিরাপত্তা পরিষদের প্রজ্ঞার গুরুত্ব দিত, তাহলে সে বেশ কটি চলমান বিপর্যয় এড়াতে পারত: ইরাকের বিশৃঙ্খলা, লিবিয়া ও সিরিয়ার যুদ্ধ প্রভৃতি। এতে তাদের বিপুল টাকাও বেঁচে যেত।
চতুর্থ পদক্ষেপটা দীর্ঘমেয়াদি হবে, আগেই বলেছিলাম। সেটা হলো, যুক্তরাষ্ট্রকে এই নিয়ত পরিবর্তনশীল প্রেসিডেনশিয়াল ব্যবস্থা থেকে সরে এসে সংসদীয় ব্যবস্থায় যেতে হবে, ফ্রান্সের মতো। কারণ, প্রেসিডেন্টের হাতে ক্ষমতা অত্যন্ত বেশি।
যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক বৈধতা ফিরিয়ে আনতে আরও অনেক কিছু করতে হবে, যেমন নির্বাচনী ব্যয় ও লবিংয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। তবে প্রথমে যেটা করতে হবে তা হলো, শান্তি বজায় রেখে বিপজ্জনক ট্রাম্পের জমানা পার করতে হবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট। অনুবাদ: প্রতীক বর্ধন।
জেফরি ডি স্যাকস: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।