যুদ্ধ জিইয়ে রাখতেই 'শান্তি সংলাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠগড়ায় নিক্সন-কিসিঞ্জার
রিচার্ড নিক্সন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ১৯৬৯ সালের ২০ জানুয়ারি থেকে ১৯৭৪ সালের ৯ আগস্ট পর্যন্ত। তাঁর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঞ্জার। তাঁরা বিশ্বকে কীভাবে দেখেছেন, সমসাময়িক বিশ্ব তাঁদের কীভাবে মূল্যায়ন করেছে, সেই সব উঠে এসেছে টিম ওয়েনারের ওয়ান ম্যান অ্যাগেইনস্ট দ্য ওয়ার্ল্ড: ট্র্যাজেডি অব রিচার্ড নিক্সন বইয়ে।
হো চি মিন
হো চি মিন

প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৬৯ সালের ১৪ মে ভিয়েতনাম যুদ্ধের ওপর প্রথম টেলিভিশন ভাষণে বলেন, ‘আমি এই যুদ্ধের অবসান চাই।’ তবে সেটি আমেরিকার ছদ্মবেশী পরাজয়ের মাধ্যমে হলে তিনি মানবেন না অথবা যুদ্ধক্ষেত্রে খাঁটি সামরিক সমাধানও চাপিয়ে দেবেন না।
কিন্তু নিক্সন যে দর্শক তথা আমেরিকান জনগণের উদ্দেশে এই ভাষণ দিয়েছেন, তাঁরা কিছুই পাননি। ছয় দিন পর সিনেটর এডওয়ার্ড কেনেডি, যাঁর ভাই সাবেক প্রেসিডেন্ট এফ কেনেডি আততায়ীর হাতে জীবন দিয়েছেন, এই ভাষণকে অনুভূতিহীন ও দায়িত্বহীন বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমরা পর্বত দখলের জন্য আমাদের তরুণদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, যার সঙ্গে সামরিক সমাধানের কোনো সম্পর্ক নেই।’ এর কদিন আগেই এক পর্বত দখল করতে গিয়ে আমেরিকার ১০৫ জন সেনা নিহত হন।
পরদিন নিক্সন তাঁর মন্ত্রিসভা ও জাতীয় নিরাপত্তা পরিষদের যৌথ সভায় তাঁর অবস্থান জানিয়ে দেন যে উত্তর ভিয়েতনাম জয়ী হবে; সেটি তিনি কখনো হতে দেবেন না। তিনি বলেন, ‘আমরা এমন এক শত্রুর সঙ্গে আলোচনা করছি, যার প্রথম লক্ষ্য শান্তি নয়। আমাদের প্রয়োজন তাদের এ কথা জানিয়ে দেওয়া যে যদি তারা আলোচনা না করে, তাহলে তাদের দুর্ভোগ পোহাতে হবে।’
১৯৬৯ সালের জুনে নিক্সন যখন দক্ষিণ ভিয়েতনামে পুতুল প্রেসিডেন্ট নগুয়েন ভ্যান থিউর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সায়গন যান; তখন কিসিঞ্জার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রে মার্কিন রাষ্ট্রদূত ডবরিনিলের সঙ্গে বৈঠক করেন। তিনি বোঝাতে চান যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সমঝোতায় আসতে চায়।

রাষ্ট্রদূত জানতে চান, তিনি কী বার্তা দিতে পারেন তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? জবাবে কিসিঞ্জার বলেন, সবকিছুই ভিয়েতনাম যুদ্ধের ওপর নির্ভর করছে। যদি যুদ্ধ শেষ হয় তাহলে পারমাণবিক বোমা নিয়ে দুই দশক ধরে চলমান উত্তেজনাসহ সবকিছু নিয়ে সমঝোতা হতে পারে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী আন্দোলন বেগবান হয়; নিক্সন যাদের উত্তর ভিয়েতনামের যোদ্ধাদের মতোই বিপজ্জনক মনে করেন। আন্দোলনকারীদের শান্ত করতে নিক্সন প্রশাসন ভিয়েতনাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। নিক্সনের সায়গন সফরের উদ্দেশ্য হলো, পুতুল সরকারকে আশ্বস্ত করা যে ভিয়েতনাম থেকে ২৫ হাজার সেনা প্রত্যাহার করা হলেও সেটি যুদ্ধক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। কেননা, এই সংখ্যা ভিয়েতনামে মোতায়েনকৃত মার্কিন সেনাদের ২ শতাংশেরও কম।
এ সময়ে নিক্সন-কিসিঞ্জার জুটি দুটো কৌশল নিয়ে এগোতে থাকে। এক. আমেরিকার জনগণকে এবং বহির্বিশ্বকে দেখানো যে তাঁরা যুদ্ধের বিপক্ষে এবং সে কারণেই ২৫ হাজার সেনা প্রত্যাহার করা হচ্ছে। দুই. গোপনে যুদ্ধের প্রস্তুতি ও সীমা বাড়ানোর কাজও চলতে থাকে।

হেনরি কিসিঞ্জার
হেনরি কিসিঞ্জার

যুদ্ধের সীমা বাড়াতে উত্তর ভিয়েতনাম ও লাওসের পর তারা কম্বোডিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি নেন। ১৯৭০ সালের ১৬ মার্চ কিসিঞ্জার প্যারিসে ফিরে আসেন তাঁর প্রতিপক্ষ লি ডাক থোর সঙ্গে কথা বলতে।
কৌশলের অংশ হিসেবেই ভিয়েতনামের দুই মিত্র সোভিয়েত ইউনিয়ন ও চীনকেও শান্তি আলোচনায় সম্পৃক্ত করতে আগ্রহ দেখায় ওয়াশিংটন। কেননা, এই দুটি দেশের মধ্যে মতাদর্শিক বিরোধ যত তীব্রই হোক না কেন তারা উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট শাসকদের মিত্র। তাদের অস্ত্রের চালানও আসে চীন ও সোভিয়েত ইউনিয়ন থেকে। এ অবস্থায় ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে যোগাযোগের জন্য প্রথমে রোমানিয়ার প্রেসিডেন্ট চসেস্কুর কথা ভাবলেও পরে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেয়। ১৯৭০ সালে নিক্সন যখন পাকিস্তান সফর করেন, তখনই বিষয়টি ইয়াহিয়া খানকে জানানো হয়। ইয়াহিয়া খান বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তা ওয়াশিংটনকেও জানিয়ে দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জুন মাসে হেনরি কিসিঞ্জার প্রথমে দিল্লি যান, সেখান থেকে ইসলামাবাদ। সেখান থেকে বেইজিং গিয়ে চীনা নেতাদের সঙ্গে বৈঠক করলেও বিষয়টি গোপন রাখা হয়।
ভিয়েতনাম যুদ্ধের মধ্যেও শান্তি আলোচনা চলছিল; যা শুরু হয়েছিল লিন্ডা বি জনসনের সময়ে। ভিয়েতনামের পক্ষে প্রথমে এই আলোচনায় নেতৃত্ব দিতেন কমিউনিস্ট নেতা হো চি মিন। ১৯৭০ সালে প্যারিসে কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের নেতাদের মধ্যে আলোচনা হয়, যাতে উত্তর ভিয়েতনামের একজন পলিটব্যুরো সদস্য আমেরিকার প্রস্তাব মেনে নিতে সম্মত হন। এই বৈঠক সম্পর্কে সিআইএ-প্রধান, প্রতিরক্ষা বা পররাষ্ট্রমন্ত্রী কিছু জানতেন না।

হো চি মিনের মৃত্যুর পর এই আলোচনায় ভিয়েতনামিদের পক্ষে নেতৃত্ব দেন ৫৯ বছর বয়সী লি ডাস হো, যিনি ছিলেন একজন সেনা, রাজনীতিক ও কূটনীতিক। ২১ ফেব্রুয়ারি তিনি কিসিঞ্জারকে সরাসরি বলেন, ‘এই যুদ্ধে আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। কিন্তু আমরা যুদ্ধে জিতব এবং তোমরা পরাজিত হবে।’
‘কী’—কিসিঞ্জার ব্যথিত হয়ে জিজ্ঞাসা করলেন। ডাস হো জবাব দিলেন, ‘যুদ্ধে আমরাই জিতব। তোমাদের ইতিহাসের দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধে তোমরা হারবে। এটি নিছক আমাদের ধারণা নয়, আমেরিকানরাও সেটি ভাবে।’ তিনি আরও যোগ করলেন, ‘তোমরা যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী করো, আমরা লড়াই চালিয়ে যেতে থাকব। যদি তোমরা দক্ষিণ ভিয়েতনামে যুদ্ধ জোরদার করো, যদি উত্তর ভিয়েতনামে বোমাবর্ষণ পুনরায় শুরু করো, আমরা প্রস্তুত আছি। আমরা প্রতীজ্ঞাবদ্ধ। আমরা ২৫ বছর ধরে ফ্রান্সের ও তোমাদের বিরুদ্ধে লড়াই করেছি। তোমরা আমাদের বহুবার হুমকি দিয়েছ।...প্রেসিডেন্ট নিক্সনও আমাদের হুমকি দিয়েছেন। তুমি শান্তির কথা বলছ, প্রেসিডেন্ট নিক্সন শান্তির কথা বলছেন; কিন্তু তোমরা যুদ্ধ করেছ।’
১৯৭০ এর ১৮ ফেব্রুয়ারি কিসিঞ্জারকে নিক্সন লিখেন, ‘আমরা যুদ্ধে হারতে যাচ্ছি না। আমরা হারতে পারি না। আমরা নির্বাচনে হারতে পারি; কিন্তু আমরা যুদ্ধে হারতে পারি না। হেনরি...উত্তর ভিয়েতনাম কখনোই দক্ষিণ ভিয়েতনামকে ঘায়েল করতে পারবে না। কখনোই না।’
১৯৬৮ সালের অক্টোবরে শান্তি আলোচনার অংশ হিসেবে লিন্ডা বি জনসন, উত্তর ভিয়েতনামে সেনা হামলা বন্ধ করার যে নির্দেশ দিয়েছিলেন, নিক্সন তা ফের লঙ্ঘন করলেন। কিন্তু তাঁর যুদ্ধ জয়ের আশা অপূর্ণই থেকে যায়। যুদ্ধে আমেরিকা হেরেছে লজ্জাজনকভাবে।
ভিয়েতনামের মাইলাই হত্যাযজ্ঞের হোতা লে. উইলিয়াম কেলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই হত্যাযজ্ঞে ৫০০ নারী-পুরুষ ও শিশু নিহত হয়। তিন বছর পর অবশ্য তাঁকে মুক্তি দেওয়া হয়। এসবই ছিল নিক্সনের স্ববিরোধী ও দ্বৈতনীতির ফল।
রোববার: মস্কো ও বেইজিংয়ে নিক্সনের নিষ্ফল সফর
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]