যুদ্ধ নারীকে পরিণত করেছে প্রান্তিকজনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইমেন, ওয়ার অ্যান্ড দ্য মেকিং অব বাংলাদেশ : রিমেম্বারিং ১৯৭১
উইমেন, ওয়ার অ্যান্ড দ্য মেকিং অব বাংলাদেশ : রিমেম্বারিং ১৯৭১

১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে বহুমুখী যুদ্ধ সংঘটিত হয়েছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধ এবং বাঙালি ও উর্দুভাষী বিহারিদের মধ্যে তৃতীয় যুদ্ধ হয়েছিল। আর চূড়ান্তভাবে একটি অব্যাহত যুদ্ধ হলো পূর্ব পাকিস্তানের অসহায় নারীদের বিরুদ্ধে।...যুদ্ধ শেষে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তান শাসনে তারা তাদের বৈধতা হারাল। আন্তর্জাতিক যুদ্ধ পাকিস্তানের বিভক্তি অনিবার্য করল। অভ্যুদয় ঘটাল স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশের। জাতিগত যুদ্ধ বিহারিদের নাগরিক থেকে রূপান্তরিত করল রাষ্ট্রহীন উদ্বাস্তুতে এবং নারীর বিরুদ্ধে সহিংসতা সমাজের মৌলিক কাঠামোকে ধ্বংস করল। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যা বহুমুখী প্রান্তিক সম্প্রদায়ের জন্ম দিল।
আজ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ইতিহাসের বইয়ে বহুভাবে একাত্তরের যুদ্ধকে স্মরণ করা হয়। বাংলাদেশে এটা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ হিসেবে উদ্‌যাপিত হয় এবং এটা নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধ পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানিদের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটাল। ভারতীয় ইতিহাসে ১৯৭১ চিহ্নিত হয়ে আছে ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধ হিসেবে। সাতচল্লিশের দেশভাগ এবং পাকিস্তান প্রতিষ্ঠার বিরুদ্ধে শোধ নেওয়ার একটা অপূর্ব মাহেন্দ্রক্ষণ হিসেবে একে দেখা হয় ভারতে।
পাকিস্তানে ১৯৭১ সালের ঘটনাবলিকে ভুলে যেতে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সে কারণে পাকিস্তানে আজ অল্পসংখ্যক মানুষই স্মরণ করতে পারে যে পূর্ব পাকিস্তান একদা অবিভক্ত পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ ছিল। বাঙালিরা সাধারণভাবে এই যুদ্ধকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে গণ্য করে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জাতীয় ইতিহাস লেখার একটি অভিন্ন প্রবণতা হলো পরস্পরকে দোষারোপ করা। প্রায় চার দশক পরে ‘আমাদের’ যুগল স্মৃতি, যেটা ভালো বনাম মন্দকে ঘিরে আবর্তিত হচ্ছে, সেখানে সরলীকরণ
খুবই স্পষ্ট। বিভীষিকাপূর্ণ যুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে কী ধরনের জটিলতা ভূমিকা রেখেছিল এবং নারীর জীবনে সহিংসতা ও সন্ত্রাস কী প্রভাব ফেলেছিল, সেসব খতিয়ে দেখার প্রয়োজনীয়তাকে আজও অগ্রাহ্য করা হয়।
...সহিংসতা কেবলই যুদ্ধের সশস্ত্র অস্ত্রগুলোর মধ্যে সীমিত থাকেনি। সহিংসতা নিরীহ জনগণের ওপর গভীর ক্ষত সৃষ্টি করেছিল। সব বয়সের নিরস্ত্র মানুষ, বিশেষ করে নারী, যাঁরা আগ্রাসনকারীদের কোনো ক্ষতি করেননি, তাঁদের জীবন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তাই চূড়ান্ত বিচারে ১৯৭১ সালে এমন একটি যুদ্ধ হয়নি, যেটা কেবল পুরুষের বিরুদ্ধে পুরুষ করেছে, সেই যুদ্ধ ছিল অসহায় প্রবীণ, নারী ও শিশুর বিরুদ্ধে পরিচালিত একটি অপরাধ।

আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের গবেষণা করতে গিয়ে কথ্য ইতিহাস, প্রামাণ্যচিত্র, আর্কাইভে রাখা উপকরণের সাহায্য নিয়েছি, তবে আমি যুদ্ধের ভেতরের সেসব অবয়ব দেখতে সচেষ্ট হয়েছি, যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি।

নারী নিগ্রহের ইতিহাস অনেকটাই চাপা পড়ে আছে। সেগুলো হারিয়ে যেতে দেওয়া হয়েছে বিস্মৃতির অতল গহ্বরে। রাখা হয়েছে স্মৃতির গোপন কুঠুরিতে। কারণ, নারীরা যুদ্ধে সন্ত্রাস ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। যুদ্ধ তাঁদের প্রান্তিকজনে পরিণত করেছে। তাঁদের গল্পগুলো একটি মানবিক কণ্ঠস্বর সৃষ্টি করেছে। আর সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাঁরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি, তাঁদের অভিজ্ঞতা মূর্ত হয়েছে। সরকারিভাবে লেখা ইতিহাসে নারীর বিরুদ্ধে সহিংসতার যে বিবরণ এসেছে, তা পাঠ করে নারীর প্রতি যে নৃশংসতা ঘটেছে, সেটা উপলব্ধি করা একপ্রকার অসম্ভব। তদুপরি সরকারি ইতিহাসে যেটুকু মিলেমিশে গ্রন্থিত হয়েছে, তা আবার জনগণের সমষ্টিগত স্মৃতি থেকে উবে গেছে এবং হিংসাশ্রয়ী অতীত সম্পর্কে সচেতনতা হারিয়ে গেছে।

একজন দক্ষিণ এশীয় মানুষ হিসেবে আমি নারী নিগ্রহ-বিষয়ক স্মৃতিচারণার বিড়ম্বনা বেশ অনুধাবন করতে পারি। পুরুষেরা বেশ অস্বস্তির মধ্যে পড়ে যান। গোপনীয় ও বিস্মৃত অতীত নিয়ে খোঁড়াখুঁড়ি, নৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং সমাজতাত্ত্বিক জটিলতা সৃষ্টি করে। সুতরাং একদিকে এসবের স্মৃতিচারণার যেমন দরকার রয়েছে, অন্যদিকে যুদ্ধের সহিংসতার অধ্যায় ভুলে যাওয়ার অভিপ্রায়ও রয়েছে। এ বিষয়ে কোনো অনুসন্ধান করতে গেলে আপনাকে ইতিহাস এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে যেতে হবে। এটা আতঙ্কমূলক কারণ অনুসন্ধানের ফলে আমাদের সময় এবং আমাদেরই পিতামাতার উপাখ্যানসমূহ উন্মোচিত হবে। আমরা সমগ্র প্রজন্মকে ‘সংখ্যালঘুর’ অপরাধ এবং তাদের কার্যক্রমের সাক্ষী হতে বলতে পারি না। সম্ভবত আমরা এটা ভেবেও শঙ্কিত যে আমরা আমাদের ভেতরেই একসঙ্গে ভুক্তভোগী এবং দুষ্কৃতকারী খুঁজে পেতে পারি। আমরা তাই একাত্তরের নারীর প্রতি সহিংসতার ঘটনাবলিকে এমনভাবে পেছনে ঠেলছি যে ওটা বুঝি ‘অন্য কারও ইতিহাস’ কিংবা ‘সেসব এমনকি কোনো ইতিহাসই নয়’। আমরা কি এ রকম প্রত্যাখ্যান এবং বর্জনের নীতি অনুসরণ করে বেঁচে থাকতে পারব?

আবার যে কাহিনি সুবিদিত, দালিলিক, মহাফেজখানায় রক্ষিত ‘ইতিহাস’, যা ১৯৭১ সালে কী ঘটেছিল তার সাক্ষ্য দেবে, সেখানে কোনো অলৌকিক সত্যে পৌঁছানো আমার লক্ষ্য নয়। এর পরিবর্তে আমি তাই নির্যাতিত, ভুক্তভোগী নারীর জবানবন্দির ওপর নির্ভর করেছি। এর লক্ষ্য হলো যুদ্ধের মানবিক মূল্য নিরূপণ করা এবং এটা খতিয়ে দেখা যে মানুষ কীভাবে ঘটে যাওয়া সহিংসতার ক্ষতগুলোকে মোকাবিলা করে এবং তা থেকে তারা কী শিক্ষা গ্রহণ করে? আমি নারী-পুরুষের মানবিক কণ্ঠের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছি, বিশেষ করে যাঁরা সহিংসতার ভস্ম থেকে উঠে এসেছেন। যাঁরা আমাদের মানবতার নতুন দীক্ষা দিয়েছেন।

একাত্তরের ভয়ংকর সহিংসতার বিষয়ে বাংলাদেশের নারীর যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা একই সঙ্গে পুরুষের জন্য প্রকাশ্য জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। আবার একই সঙ্গে সেটাই জাতির জন্য ‘লজ্জা’র এবং গোপনীয়। বহুস্তরবিশিষ্ট এই মুহূর্তগুলো, যেমনটা এই নারীরা অনুধাবন করতে পেরেছেন, তাঁরা তার বিবরণ দিয়েছেন। আর তাঁরা তাঁদের সেই ভয়াল অভিজ্ঞতা প্রকাশ করে সমাজে নিজের জন্য একটা শূন্যতাও সৃষ্টি করেছেন। আর সেই শূন্যতায় বসবাস করতে হয় কেবল তাঁকেই।...নারীর স্মৃতিচারণাকে কোনো একটি শ্রেণির মধ্যে অন্তর্ভুক্ত করা চলে না। বিশ্লেষণমূলক কোনো বেষ্টনীতে তাঁকে আটকে রাখা যায় না। আমাদের তাই তাঁদের সম্পৃক্ত করার উপায় উদ্ভাবন করতে হবে, যাতে তাঁরা অতীতের প্রোথিত গল্প (এমবেডেড স্টোরি) খননের কণ্ঠস্বরে পরিণত হওয়ার সামর্থ্য অর্জন করতে পারেন।

... সরকারি ইতিহাস যেখানে আংশিক বা সম্পূর্ণ স্মৃতিবিলোপ ঘটেছে, সেখানে আমি বাংলাদেশি নারীর নীরব জবানবন্দির দিকে নজর দিলাম। তাঁদের স্মৃতি এই আলোচনার সুযোগ সৃষ্টি করেছে যে, একাত্তর আসলে এই উপমহাদেশের জন্য কী অর্থ বয়ে এনেছে। স্মৃতি কীভাবে এই অঞ্চলের উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর অর্থবহ এবং গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একাত্তরের ইতিহাসের নিখোঁজ অংশগুলো জোড়া দিয়ে নারীরা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে তাঁরা পরিবর্তনের এজেন্ট এবং তাঁরাই নতুন করে একটি অধ্যায়ের সূত্রপাত করতে পারেন। তাঁদের এই মানবিক কর্ম, এই বলা, একাত্তরের গণইতিহাস তৈরির পথে প্রথম পদক্ষেপ।

...সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নারীর স্মৃতিচারণা আমাদের গভীরভাবে স্মরণ করিয়ে দেয় যে তাঁরা স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে সক্ষম। তাঁরা অতীত মোকাবিলায় সবল। তাঁরা সামনে এগোতে জানেন। তাঁরাই হতে পারেন একটি নতুন ভবিষ্যতের উদগাতা। নারীরা যে সত্য বলছেন সেটা প্রকারান্তরে আমাদের শাস্তিযোগ্যতার দিকেও অঙ্গুলি নির্দেশ করছে। কারণ, আমরা তাঁদের ওপর এক অমানুষিক নীরবতা চাপিয়ে দিয়েছি। ঔপনেবিশকতা–পরবর্তী দক্ষিণ এশিয়ায় আমাদের নিজেদের জানার প্রয়োজনেও তাঁদের গল্পগুলো আমাদের শোনা দরকার। বিশেষ করে, আমরা যদি এই অঞ্চলের কোনো একটি অংশকেও বদলে দিতে  চাই।   

উইমেন, ওয়ার অ্যান্ড দ্য মেকিং অব বাংলাদেশ: রিমেম্বারিং ১৯৭১, ইয়াসমিন সাইকিয়া, প্রকাশকাল ২০১১, প্রকাশনা সংস্থা, ডিউক ইউনিভার্সিটি প্রেস।