
সৌদি আরব আবারও ইয়েমেনে সেই যুদ্ধ শুরু করেছে। তারা ইতিমধ্যে শত শত মানুষকে হত্যা করেছে। শিক্ষার্থীপূর্ণ একটি স্কুল তারা ধ্বংস করে দিয়েছে। অনেক রোগীসহ হাসপাতাল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। গত দেড় বছর এই নির্বিচার হত্যাকাণ্ড চলেছে। আসুন, আমরা এটাকে যুদ্ধাপরাধ বলি। এতে যুক্তরাষ্ট্রেরও দায় অনেক। এটা এমন নয় যে সৌদি আরব যুদ্ধ শুরু করেছে, আর ওবামা প্রশাসন চুপচাপ বসে আছে। মার্কিন সরকার সৌদি আরবের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে। এমনকি যুক্তরাষ্ট্র বোমারু বিমানগুলোতে রসদ সরবরাহ করছে। সৌদি আরব যেসব লক্ষ্যবস্তুতে হামলা করছে, সেগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য দিচ্ছে।
খুব সাদামাটাভাবে বললে, যুক্তরাষ্ট্র একদম আক্ষরিকভাবে এক মানবিক বিপর্যয়ে রসদ জোগাচ্ছে, যেটা কোনো কোনো বিবেচনায় সিরীয় সংকটের চেয়েও গুরুতর। নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয় বোর্ড লিখেছে, ‘বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন সমর্থন প্রত্যাহার করলে এই জোট মুখ থুবড়ে পড়বে।’ তা সত্ত্বেও আমরা মৃদু আওয়াজ ছাড়া তেমন কিছু শুনিনি।
ওবামা প্রশাসনের শীর্ষ কর্তাদের এই সংকট সম্পর্কে প্রায় কিছুই জিজ্ঞাসা করা হয়নি। সংবাদভিত্তিক কেব্ল টিভি চ্যানেলগুলো প্রায় সবাই খবরটি এড়িয়ে গেছে। ক্লিনটন ও ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এ নিয়ে টুঁ-শব্দটি করেননি, যদিও তাঁরা নিজেদের মধ্যে সব সময় বিতর্ক করে যাচ্ছেন, ‘সন্ত্রাসবাদ থামানোয়’ কে ভালো করতে পারবেন। বেসামরিক নাগরিকদের এ রকম কচুকাটা করার পরও এটা পরিষ্কার যে সৌদি আরবের বোমা হামলার কারণে আরব উপদ্বীপে আল-কায়েদাও উজ্জীবিত হয়েছে। ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে রয়টার্স এটাকে আল-কায়েদার ২০ বছরের ইতিহাসের সবচেয়ে ‘শক্তিশালী ও সমৃদ্ধ’ সময় হিসেবে আখ্যা দিয়েছে।
টেলিভিশন চ্যানেলগুলো যে এই সংবাদ হাওয়া করে দিয়েছে, সিএনএনের পর্দায় তার সমালোচনা করেছেন জেক ট্যাপার। কানেটিকাটের সিনেটর ক্রিস মার্ফি এই সংকট নিয়ে কথা বলছেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে তিনি ছাড়া আর তেমন কেউ এ নিয়ে কথা বলছেন না। তিনি ট্যাপারকে বলেছেন, ‘ব্যাপারটা সভ্যতার পরিপন্থী মনে হয়, কংগ্রেস ইয়েমেনের “অননুমোদিত” যুদ্ধ নিয়ে কথা বলছে না। সৌদি আরব যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এটা করতে পারত না।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো রকম তর্ক-বিতর্ক ছাড়াই সৌদি আরবের শত্রুর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, নিজের শত্রুর বিরুদ্ধে নয়।
ক্রিস মার্ফি বলে চলেন, ‘আপনি যদি ইয়েমেনিদের সঙ্গে কথা বলেন, তাহলে তারা বলবে, এটা সৌদি যুদ্ধ নয়, মার্কিন যুদ্ধ। তারা এমনটিই মনে করে। আমরা আসলে ইয়েমেনি নাগরিকদের মনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি মনোভাব সৃষ্টি করছি। ইয়েমেনের দীর্ঘদিনের সংবাদ প্রতিবেদক আইওনা ক্রেইগও এ দাবির সপক্ষে কথা বলেছেন। তিনি বলেন, ইয়েমেনিরা এই হামলার জন্য সৌদি আরবকে যতটা দোষারোপ করে, ঠিক ততটাই যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে।
যুক্তরাষ্ট্র যে সৌদি আরবকে এভাবে যুদ্ধাপরাধ করতে দিচ্ছে, সেটা অবশ্যই একটা কেলেঙ্কারি হবে। কর্মকর্তাদের এ কারণে পদত্যাগ করা উচিত। কিন্তু তাঁরা মিন মিন করে কিছু উদ্বেগের কথা জানানো ছাড়া আর কিছু করেননি, যদিও দেড় বছর ধরে সেখানে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষমেশ প্রতিবেদকের বাক্যবাণে জর্জরিত হয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ডক্টরস উইদাউট বর্ডারসের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানায়, যে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। কিন্তু তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেনি যে তারা সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করবে কি না।
একই সঙ্গে মার্কিন সরকার কেন এ যুদ্ধে সহায়তা করছে, সেনাবাহিনী সে কথা বলতে পারেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল লয়েড অস্টিন ২০১৫ সালের মার্চ মাসে স্বীকার করেছিলেন, ‘সৌদি অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য আসলে কী, আমি সেটা জানি না। ফলে এর সফলতার সম্ভাবনা কতটা, সেটা মূল্যায়ন করার জন্য আমাকে আগে এর লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে।’ তবে তা সত্ত্বেও মার্কিন সেনাবাহিনী সৌদি আরবকে বেসামরিক নাগরিক হত্যায় মদদ দিয়ে গেছে।
ওদিকে ওয়াশিংটনে বহু পণ্ডিত বছরের পর বছর ধরে বিরক্তিজনকভাবে লিখে যাচ্ছেন, সিরিয়ার মানবিক সংকট বন্ধে ওবামা প্রশাসনের কীভাবে সেখানে বোমাবর্ষণ করা উচিত। যদিও এটা কেউ জানে না, কত বোমা ফেললে সেখানকার পরিস্থিতির উত্তরণ হবে, অবনতি নয়। প্রখ্যাত পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড্যানিয়েল ল্যারিসন বলেছেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা কঠিন হলেও সে অনায়াসে ইয়েমেনের বিপর্যয় রোধে হস্তক্ষেপ করতে পারে। তবু এসব পণ্ডিতের অধিকাংশই বিরক্তিকরভাবে এ ব্যাপারে নীরব রয়েছেন।
ওবামা প্রশাসনের কর্তারা কি কখনো এ ব্যাপারে কাজ করবেন? যে মার্কিন কর্তারা মনে করেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার পর সৌদি আরবকে আশ্বস্ত করা দরকার ছিল, তাদের মেরুদণ্ড আছে বলে মনে হয় না। কিন্তু আমি আশা করব, তারা এ কথা বুঝবে যে ইয়েমেনের যুদ্ধে মদদ দেওয়ার মতো বাজে কাজ করার কারণে ওবামার ভাবমূর্তিতে বহুকাল ধরে কালি লেগে থাকবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
ট্রেভর টিম: দ্য গার্ডিয়ানের যুক্তরাষ্ট্রভিত্তিক কলামিস্ট।