যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার রাজপথে তরুণ প্রজন্মের আপসহীন প্রতিবাদ যখন দেশ-বিদেশে আলোড়ন তুলেছে, তখন স্বভাবতই জনমনে একটা আশা জেগেছে যে জাতি হিসেবে মানবতার প্রশ্নে আমাদের নীতিগত অবস্থানটি হবে সর্বজনীন। মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে যারা, সেই গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠনের শরিক রাজাকার-আলবদর-আলশামস চক্রের দায়মুক্তি এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের বিরুদ্ধে এ এক অভূতপূর্ব গণজাগরণ। এই নব প্রজন্মের চেতনার প্রশংসায় ক্ষমতাসীন জোটের রাজনীতিকেরা যখন মুখর, তখন প্রায় নীরবে আমাদের সরকারের কাছ থেকে কূটনৈতিক সমর্থন আদায় করে গেল সমসাময়িক কালের এমন একটি রাষ্ট্র, যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে খোদ জাতিসংঘ থেকে। কী বিস্ময়কর দ্বিচারিতা!২০০৯ সালে বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহ দমনে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, অন্তত ৪০ হাজার বেসামরিক নাগরিকের হত্যার জন্য অভিযুক্ত যে রাষ্ট্র, সেই শ্রীলঙ্কাকে কমনওয়েলথ জোটের মধ্যে বাংলাদেশ তার সমর্থন জোগানোর কথা জানিয়ে দিয়েছে। তিন দশকের এই সংঘাতে মোট নিহতের সংখ্যা লক্ষাধিক বলে অনুমান করা হয়। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কলম্বো থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার প্রস্তাব বাংলাদেশ সমর্থন করবে না বলে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিসকে আশ্বস্ত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা (প্রথম আলো, ১৫ ফেব্রুয়ারি, ২০১৩)। এই শীর্ষ সম্মেলন সরিয়ে নেওয়ার প্রস্তাব এসেছে বিভিন্ন দিক থেকে। তার কারণ, বিদ্রোহ দমনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে বাস্তুচ্যুত তামিল জনগোষ্ঠীকে পুনর্বাসন এবং আপসরফার জন্য সরকারের কাছে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে—বিশেষ করে মানবাধিকার ও গণতান্ত্রিক বিধিব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে। এসব সুপারিশ তৈরি করেছে শ্রীলঙ্কা সরকারেরই নিযুক্ত এক কমিশন, যা লেসন লার্ন্ট অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন (এলএলসিএল) নামে পরিচিত। এই পটভূমিতে কানাডা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে এই শীর্ষ সম্মেলন স্থানান্তর করা না হলে তারা কলম্বোর সভা বর্জন করবে। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি এই শীর্ষ সম্মেলন বয়কটের আহ্বান জানায়। ফলে তাঁর এই সম্মেলন থেকে দূরে থাকার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে বলে ধারণা করা হয়। কলম্বোতে কমনওয়েলথ সম্মেলনের পূর্বশর্ত হিসেবে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়নের বিষয়ে অগ্রগতি পর্যালোচনার জন্য কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার কলম্বো সফরের সময়েই মি পেইরিস তড়িঘড়ি ঢাকা সফর করলেন। কারণ, কমনওয়েলথ সংস্থার গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত সাধারণত যে ক্ষুদ্র পরিসরে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়ে থাকে, সেই কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপ বা সিম্যাগের সদস্য হলো বাংলাদেশ। সুতরাং, বাংলাদেশের সমর্থন শ্রীলঙ্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমলেশ শর্মার সফরের প্রায় একই সময়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই শ্রীলঙ্কায় জাতীয় আপস প্রক্রিয়া ও জবাবদিহি বিষয়ে তাঁর রিপোর্টে দেশটির সরকারকে তামিল অঞ্চলে ‘বিজয়োল্লাস’-এর জন্য অভিযুক্ত করেছেন। তিনি একই সঙ্গে আবারও যুদ্ধাপরাধের অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার সফরের প্রাক্কালে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামোর বিষয়ে কমনওয়েলথ নীতিমালা শ্রীলঙ্কা অব্যাহতভাবে লঙ্ঘন করে চলেছে উল্লেখ করে নভেম্বরের শীর্ষ সম্মেলন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছে। শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমে অপরাধের দায় এড়ানোর এই সুযোগ দেওয়া হলে তা কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য লজ্জার বিষয় হবে বলেও সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে।মানবাধিকার সংগঠকদের উদ্বেগের আরও একটি বড় কারণ এই যে, শীর্ষ সম্মেলনের মাধ্যমে দেশটি পরবর্তী দুই বছরের জন্য সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব লাভ করবে। অথচ, এই কমনওয়েলথ ১৯৯১ সালের হারারে ঘোষণার আলোকে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা ও মানবাধিকার হরণের জন্য পাকিস্তান এবং ফিজির সদস্যপদ স্থগিত করে দিয়েছিল। শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে সরকারের হস্তক্ষেপ এমন পর্যায়ে পৌঁছেছে যে গণতান্ত্রিক বিশ্বের সব মাপকাঠিতেই তার প্রকট অধঃপতন লক্ষণীয়। সরকারের সঙ্গে ক্ষমতার টানাপোড়েনের পরিণতিতে সম্প্রতি প্রধান বিচারপতিকে অভিশংসন করা হয়েছে। জাতিসংঘের স্বাধীন বিচারব্যবস্থা সম্পর্কিত র্যাপোর্টিয়ার গ্যাব্রিয়েলা কাউল গত ৩১ ডিসেম্বর এ ঘটনাকে বিচার বিভাগের স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করে প্রধান বিচারপতিকে অভিশংসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আদালত ওই অভিশংসনকে বেআইনি ঘোষণা করার পরও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সাবেক এক অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সর্বসাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সরকারি নিয়ন্ত্রণাধীন দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা অন্যতম। গত পাঁচ বছরে দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ২৩ জন সাংবাদিক। শুধু রাজাপক্ষের আমলে নিহত হয়েছেন নয়জন সাংবাদিক এবং যেগুলোর একটিরও বিচার হয়নি।২০০৯ সালে যখন তামিল বিদ্রোহ দমনে শ্রীলঙ্কা কঠোর সামরিক পন্থা অনুসরণ করে তখন আন্তর্জাতিক সম্প্রদায় যে মানবিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, জাতিসংঘ গত নভেম্বরে সে কথা স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসরিকি সে সময় জানান যে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের বিষয়ে জাতিসংঘের ভূমিকার বিষয়ে পরিচালিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে—দেশটিতে জাতিসংঘের যেসব সংস্থা বা কার্যক্রম রয়েছে, সেগুলোর দায়িত্বে নিয়োজিত দল, নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার পরিষদ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। (জাতিসংঘ তথ্যকেন্দ্র, ১৫ নভেম্বর ২০১২) যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলো শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক আলাপ-আলোচনায় একধরনের বোঝাপড়ায় পৌঁছেছিল যে দেশটির সরকার দ্রুত জাতীয় সমঝোতার পদক্ষেপ নেবে এবং যুদ্ধকালীন মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু চার বছর পরও বিশেষ করে যখন রাজাপক্ষের সরকার উল্টোপথে হাঁটছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সরকার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এলএলআরসি সুপারিশমালা বাস্তবায়নে শ্রীলঙ্কার ওপর চাপ প্রয়োগের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছে। ভারতও এই প্রস্তাবের প্রতি তার সমর্থন দিয়েছে, যার ওপর আগামী মার্চ মাসে কাউন্সিলে শুনানি এবং ভোট গ্রহণের কথা রয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট রাজাপক্ষে ভারতে যে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন, সেই সফরের বিষয়ে দিল্লির সরকার এবং রাজনীতিকদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ ইঙ্গিত দেয় যে ভারত তার অবস্থান পাল্টে কঠোর নীতি অনুসরণের দিকেই হাঁটছে। (ইউরেশিয়া রিভিউ, ১৩ ফেব্রুয়ারি, ২০১৩) তিরুপতি এবং গয়ায় তাঁর কথিত ‘তীর্থযাত্রা’র সময় বিক্ষোভের কারণে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করলেও কোনো রাজনীতিক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এগিয়ে যাননি। স্পষ্টতই শ্রীলঙ্কা এখন আন্তর্জাতিক পরিসরে কোণঠাসা হয়ে পড়েছে, যার মূলে রয়েছে নিজ জনগোষ্ঠীর সংখ্যালঘু অংশের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ এবং বিচার এড়িয়ে যাওয়ার চেষ্টা। শ্রীলঙ্কার সাম্প্রতিক আরও কিছু ঘটনা আন্তর্জাতিক পরিসরে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, তামিলপ্রধান অঞ্চলে যেসব গ্রামের তামিল নাম রয়েছে, সেগুলো পর্যন্ত বদলে দিয়ে সিংহলি নাম রাখা হচ্ছে। সীমিত আকারে স্বায়ত্তশাসন দেওয়ার ঘোষণা থেকে সরে এসে ৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট রাজাপক্ষে ঘোষণা করেছেন যে এক রাষ্ট্রের ভেতর জাতিগত ভিত্তিতে একাধিক প্রশাসন চলতে পারে না। সরকারি সেনাদের পোড়ামাটি নীতির কারণে বাস্তুচ্যুত হয়েছিল তিন লাখের বেশি মানুষ। ভারতীয় তামিল রাজনীতিকদের দাবি, সেখানে হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে অন্তত দুই হাজার। যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট রাজাপক্ষের সহোদর প্রতিরক্ষামন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা গোটাবায়া রাজাপক্ষের বিরুদ্ধেই। যুদ্ধাপরাধের গভীর ক্ষতের যন্ত্রণাকে ধারণ করে ৪২ বছর পর বাংলাদেশ যখন নিজেদের সীমানায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অগ্রসর হয়েছে, তখন আন্তর্জাতিক পরিসরে সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের সঙ্গে সখ্যের ব্যাখ্যা কী? বাণিজ্যিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়েই শ্রীলঙ্কার ওপর বাংলাদেশের তো এমন কোনো নির্ভরশীলতার বিষয় নেই, যার দরুন মানবিকতার প্রশ্নে আপস করে জাতিগত নিষ্পেষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জাতীয় চেতনাকে জলাঞ্জলি দিতে হবে? কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।