বাংলাদেশের সরকারব্যবস্থা, গণতন্ত্র, রাজনীতি, রাজনৈতিক দল ইত্যকার বিষয়ে প্রবল বিতর্ক হতে পারে। কেউ বলতে পারেন, বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নেই। কারও দাবি, এখানে এমন মহান গণতন্ত্র আছে, যার দৃষ্টান্ত মেলা ভার। এসব হলো তর্ক-বিতর্ক ও আলোচনার বিষয়।কিন্তু একাত্তরের যুদ্ধাপরাধ তথা মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয়। কেননা, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে যে মুক্তিকামী ও নিরীহ মানুষের ওপর গণহত্যা চালানো হয়েছে, তা সর্বৈব সত্য। দ্বিতীয়ত, যারা এসব জঘন্য অপরাধ ঘটিয়েছে, তাদের চিহ্নিত ও বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানের দোহাই দিয়ে বিচার-প্রক্রিয়াকে বানচাল করতে চাইছেন।জামায়াতে ইসলামীর মতো দল, যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা ছিল পাকিস্তানিদের দোসর, তারা এর বিরোধিতা করবে—সেটা অস্বাভাবিক নয়। কিন্তু বিএনপির মতো ‘মডারেট’ রাজনৈতিক দলটি কেন এই আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত হলো, তার ব্যাখ্যা মেলে না। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের হাজারটা অভিযোগ থাকতে পারে, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপির নেতারা নিশ্চয়ই কথা বলবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে আটকে রাখার জন্য সরকার একটার পর একটা মামলা দায়ের করছে। তার প্রতিবাদে বিএনপি যত পারে আন্দোলন করুক। আমরা সমর্থন দেব।কিন্তু সরকারের এসব অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সঙ্গে যুদ্ধাপরাধের বিচারকে গুলিয়ে ফেলা চলবে না। অথচ সেই কাজটিই করে চলেছে বিএনপি। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সাবেক নেতা ও বাচ্চু রাজাকার নামের কুখ্যাত আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টিসহ বাম দলগুলো এবং দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা রায়কে স্বাগত জানিয়েছেন। কিন্তু ব্যতিক্রম দেখা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়ায়। জামায়াতে ইসলামী সরাসরি এই রায় প্রত্যাখ্যান করেছে। আর বিএনপির নেতা তরিকুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের দল হিসেবে বিএনপি যুদ্ধাপরাধের বিচার পরিপূর্ণভাবে সমর্থন করে। তবে এই বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মান রক্ষা করে। ...বিএনপি চায়, মানবতাবিরোধী অপরাধ আগে যারা করেছে, এখন করছে, সবার বিচার হোক।’ (প্রথম আলো, ২২ জানুয়ারি, ২০১৩)প্রসঙ্গক্রমে বিএনপির নেতা এ-ও বলেছেন, স্বাধীনতার পর ৪০ হাজার প্রগতিশীল মুক্তিযোদ্ধা ও সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে, বিএনপি তারও বিচার চায়। বিচার চাওয়া ও পাওয়া মৌলিক মানবাধিকারের অংশ। সাবেক বামপন্থী তরিকুল ইসলাম বলতে চাইছেন, ‘যুদ্ধাপরাধ অতীতে হয়েছে, এখনো হচ্ছে। অতীতের যুদ্ধাপরাধের বিচার করতে হলে বর্তমানেরটাও করতে হবে।’ এটি কি যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই নয়? সাবেক বামপন্থীর চারিত্রিক স্খলন কোন পর্যায়ে পৌঁছালে একাত্তরের যুদ্ধাপরাধকে সাধারণ অপরাধের সঙ্গে মিলিয়ে নিতে পারেন? বিএনপির নেতা ৪০ হাজার মুক্তিযোদ্ধা ও সিরাজ শিকদার হত্যার বিচারের কথা বলেছেন। কিন্তু পঁচাত্তরের পর বিএনপি তিন দফায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। এত দিনে সেই সব হত্যার বিচার করেনি। যুদ্ধাপরাধের বিচার না হলে হয়তো তাঁরা সেই সব হত্যার কথা এখনো তুলতেন না। তরিকুল ইসলাম আরেকটি কথা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের নামে বিএনপি ‘দলীয় এজেন্ডা’ বাস্তবায়নের বিরোধী। বিএনপির নেতা যদি এই বিচার-প্রক্রিয়ার প্রতি সমর্থন জানাতেন, তাহলে তো বিষয়টি সরকারদলীয় এজেন্ডা হতে পারত না। যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা বিএনপির আত্মঘাতী রাজনৈতিক দর্শন। ‘মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলটিকে তরিকুল ইসলামেরা রাজাকারের দোসরে পরিণত করেছেন। দুই.স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে এ পর্যন্ত মৌলিক বিষয়ে রাজনীতিক তথা রাষ্ট্রের পরিচালকেরা একমত হতে পারেননি। যাঁরা ক্ষমতায় আছেন কিংবা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী, তাঁরা কখনোই পরস্পরকে আস্থায় নেননি; বরং শত্রু ভেবেছেন। কোনো স্বাধীন দেশে এটি কাম্য হতে পারে না। এখানে বসবাসকারী সব নাগরিকের কর্তব্য হলো দেশের সংবিধান, আইন ও মানবাধিকারের প্রতি অবিচল আস্থা জ্ঞাপন। একটি দেশের শক্তি ও সাহস জাগ্রত হয় তার বাসিন্দাদের মৌলিক অধিকার প্রাপ্তি এবং জাতীয় ঐকমত্যের ওপর। কতিপয় গাদ্দার ছাড়া একাত্তরে আপামর জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছিল বলেই আমরা দখলদারদের দেশ থেকে তাড়াতে পেরেছি, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু তার পরই বিভাজনের রেখা ক্রমশ বড় হতে থাকে। স্বাধীনতাবিরোধী শক্তি দেশের কল্যাণ চাইবে না, দেশের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র করবে—সেটা স্বাভাবিক। স্বাধীনতাকামী নাগরিকদের কর্তব্য সেই চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করা।দুর্ভাগ্যজনক হচ্ছে, যুদ্ধাপরাধের বিচারের মতো মৌলিক বিষয়েও আমরা এক হতে পারছি না। যুদ্ধের সময় নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা, নারী ধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এটি হতে পারে দুই দেশের মধ্যকার যুদ্ধে, আবার এক দেশে দুই সশস্ত্র পক্ষের মধ্যেও। একাত্তরে দেশে যে যুদ্ধাপরাধ তথা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে নিশ্চয়ই কারও সন্দেহ নেই। হত্যার মতো যুদ্ধাপরাধও তামাদি হয়ে যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে এখনো নাৎসি বাহিনীর সদস্যদের বিচার হচ্ছে। বিচার হচ্ছে কম্বোডিয়া, নিকারাগুয়া ও দক্ষিণ আফ্রিকায় সংঘটিত যুদ্ধাপরাধের। সে ক্ষেত্রে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হতে পারবে না কেন? অথচ বিএনপির নেতারা এত দিন ঢাক গুড়গুড় করলেও এখন জামায়াতে ইসলামীর দাবির প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছেন। বিচার-প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার দাবি করে বিএনপি প্রচ্ছন্নভাবে যুদ্ধাপরাধীদেরই পক্ষ নিয়েছে।মনে রাখতে হবে, আলবদর ও আলশামস বাহিনীতে অনিচ্ছায় কেউ যায়নি। পাকিস্তানের ‘আদর্শিক’ ও ‘পরীক্ষিত’ কর্মী ছাড়া কাউকে এই বাহিনীতে নেওয়া হয়নি। এই ‘আদর্শিক’ তরুণদের একটি বড় অংশ যে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রসংঘের সদস্য ছিল, সে কথাও কেউ অস্বীকার করবে না। বিশেষ করে বিজয়ের প্রাক্কালে দখলদার বাহিনীর নীলনকশা অনুযায়ী আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা দেশের লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী ও চিকিৎসকদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। ঘাতকদের নৃশংসতা ও বর্বরতার চিহ্ন এখনো ধারণ করে আছে দেশের অসংখ্য বধ্যভূমি ও গণকবর। মানবতা ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থেই ঘাতকদের বিচার হওয়া প্রয়োজন।কেবল বাংলাদেশ নয়, যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে নাইজেরিয়া, পানামা, সিয়েরা লিওন, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, পেরু, বসনিয়া, সার্বিয়া ও বুরুন্ডিতেও। যে বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে, তা থামিয়ে দেওয়া যাবে না কোনো অজুহাতে। যুদ্ধাপরাধের বিচার কোনো দলের বিষয় নয়, সমগ্র জাতির দাবি। স্বাধীনতার পর দালাল আইনে অনেক যুদ্ধাপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেও বিচার-প্রক্রিয়া শেষ করা যায়নি। পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তনের পর সামরিক ফরমানবলে দালাল আইন বাতিল করা হয়। এরপর আশির দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করলেও তা বেগবান হয় ১৯৯২ সালে পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে জামায়াতে ইসলামীর আমির করার পর। একজন পাকিস্তানি নাগরিককে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে মেনে নিতে পারেনি দেশের মানুষ। তরিকুল ইসলামরা তখন এটিকেও দলীয় এজেন্ডা বলে আখ্যায়িত করেছিলেন। ১৯৯২ সালের ২৬ মার্চ গোলাম আযমের বিরুদ্ধে গণ-আদালত প্রতিষ্ঠার দায়ে তৎকালীন বিএনপি সরকার ২৪ জন বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছিল। আজ বিএনপি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় নেমেছে।তিন.একাত্তরে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা যে একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে গণহত্যা চালিয়েছিল, সে ব্যাপারে সংশয় নেই। পাকিস্তানের কট্টরপন্থী কয়েকজন সেনা কর্মকর্তা ও রাজনীতিক ছাড়া সবাই স্বীকার করেছেন, এখানে গণহত্যা হয়েছে। যুদ্ধ ও গণহত্যা এক নয়। যুদ্ধ হলো দুটি সশস্ত্র পক্ষের সম্মুখসমরে অবতীর্ণ হওয়া। আর গণহত্যা হলো যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন নিরীহ, নিরপরাধ ও নিরস্ত্র জনগোষ্ঠীর ওপর অস্ত্র চালানো। রণক্ষেত্রের কেউ হতাহত হলে তার বিচার হয় না। কিন্তু পাকিস্তানি বাহিনী শুধু রণক্ষেত্রেই তাদের সশস্ত্র তৎপরতা সীমিত রাখেনি। তারা নির্বিচারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, নিরস্ত্র বেসামরিক নারী-পুরুষ ও শিশু হত্যা করেছে।যুদ্ধাপরাধের বিচারে অভিযুক্ত ব্যক্তিদের বর্তমান পরিচয় মুখ্য নয়, মুখ্য হলো একাত্তরে তারা কী করেছে? তাদের মধ্যে কারা স্বেচ্ছায় ও সোৎসাহে দখলদারদের সহায়তা করেছে, কারা সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত নৃশংসতায় সক্রিয় অংশ নিয়েছে। সরকার পরিবর্তন কিংবা নির্বাচনের সময় ঘনিয়ে এলেই যেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি থমকে না যায়। যুদ্ধাপরাধীদের বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, দলমত-নির্বিশেষে তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী আছে। তাদের বিচার করতে হবে। খুবই হক কথা। তাহলে তাঁরা আওয়ামী লীগের সেই যুদ্ধাপরাধীদের পক্ষে তথ্য-প্রমাণ হাজির করছেন না কেন? বিএনপির নেতাদের এই দাবির পরিপ্রেক্ষিতে বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বললেন, ‘ধরুন, পাড়ার পাঁচ বাড়িতে চুরি হয়েছে। এর মধ্যে চার বাড়ির চোর ধরা পড়েছে। তখন নিশ্চয়ই আমরা এক বাড়ির চোর ধরা পড়েনি বলে অন্য চার বাড়ির চোরদের ছেড়ে দেব না। যেসব যুদ্ধাপরাধীকে আমরা ধরতে পেরেছি, আগে তাঁদের বিচার হোক। তারপর না হয় অন্যান্য যুদ্ধাপরাধীকে খুঁজে বের করা যাবে।’ বিএনপির নেতারা কী বলবেন?সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]