
একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী ও তার এ দেশীয় দোসরেরা বাংলাদেশে যে গণহত্যা, ধর্ষণ ও লুটতরাজ চালায়, তার বিচারের জন্য দুটি আইন করা হয়। প্রথমটি কলাবরেটর বা দালাল আইন প্রণীত হয় ১৯৭২ সালে, যার উদ্দেশ্য ছিল মূলত দেশীয় অপরাধীদের বিচার করা। আর ১৯৭৩ সালে প্রণীত হয় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনীর যেসব সদস্য হত্যা, ধর্ষণ ও লুটতরাজে জড়িত ছিল, তাদের বিচার করা। বাংলাদেশের পক্ষ থেকে ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার তালিকাও তৈরি করা হয়।
এরপর থেকেই পাকিস্তান সরকার এই বিচার বন্ধে নানা তৎপরতা চালায়। এমনকি বাংলাদেশকে রাজি করাতে তারা যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশে তদবির করতে থাকে। তাদের দাবি, পাকিস্তানি সেনারা যুদ্ধবন্দী হিসেবে ভারতে আটক আছে। অতএব বাংলাদেশে বিচার হতে পারে না। পাকিস্তানের এই যুক্তি অসার ও ভিত্তিহীন। পরাজিত পাকিস্তানি সেনারা ভারতীয় নয়, বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে। আর যুদ্ধটি হয়েছিল বাংলাদেশের মাটিতেই।
১৯৭২ সালের দালাল আইনে রাজাকার, আলবদর ও শান্তি কমিটির বহু সদস্যকে বিচারের আওতায় আনা গেলেও অনেকে আত্মগোপনে বা বিদেশে পালিয়ে যান। যাঁদের ধরা হয়েছিল, তাঁদের মধ্যে খুব কমই শাস্তি পেয়েছেন। অনেকে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যান। ১৯৭৩ সালের সাধারণ ক্ষমায় অনেকে জেল থেকে ছাড়া পান। আর ১৯৭৫ সালে ক্ষমতার পালাবদলের পর স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করা হয়।
যুদ্ধাপরাধের বিচারের দ্বিতীয় পর্ব শুরু হয় নব্বইয়ের দশকে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলনের মাধ্যমে। ১৯৯২ সালের ২৪ মার্চ জামায়াতে ইসলামীর নেতা এবং তখনো পাকিস্তানের নাগরিক গোলাম আযমের বিচারের উদ্দেশ্যে গণ-আদালত গঠিত হয়। এরপর থেকেই যুদ্ধাপরাধের বিচারের দাবিটি বেগবান হয় এবং নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে বিচার-প্রক্রিয়া শুরু হয়।
১৯৭২ সালেই বঙ্গবন্ধু ঘোষণা করেন, সেনাবাহিনীর যেসব কর্মকর্তা হত্যা, ধর্ষণ ও লুটতরাজের মতো গুরুতর অপরাধ করেছে, তাদের বিচার করা হবে। অনেক যাচাই-বাছাই করে ১৯৫ জন সেনা কর্মকর্তাকে চিহ্নিত করা হয়। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর মালয়েশিয়া সফরকালে ভুট্টো সেখানে বিশেষ দূত পাঠিয়ে পাকিস্তানি সেনাদের বিচার না করার অনুরোধ জানান। এই বিচার নিয়ে সৃষ্ট বিরোধের কারণেই পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের দেশে ফেরা বিলম্বিত হয়।

১৯৭৩ সালের ৬ জুলাই ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে জাতীয় পরিষদের অনুমোদন নিলেও তা ঠেকিয়ে রাখেন পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত। বন্দী বিনিময় নিয়ে তিনি দর-কষাকষি করতে থাকেন বাংলাদেশ ও ভারতের সঙ্গে। তিয়াত্তরের আগস্টের শেষ দিকে ভুট্টো প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আজিজ আহমদকে দিল্লি পাঠান। ২৮ আগস্ট আজিজ আহমদ ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ প্রতিনিধি পি এন হাকসারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ভিত্তিতেই ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দীর প্রত্যাবাসনের কাজ শুরু হয়। চুক্তিতে পাকিস্তানে আটক বাঙালি এবং বাংলাদেশে আটক অবাঙালিদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠানের কথা বলা হয়। এরপরও বাংলাদেশের প্রধানমন্ত্রী একাধিকবার যুদ্ধাপরাধের দায়ে ১৯৫ জন পাকিস্তানি বন্দীর বিচারের কথা পুনর্ব্যক্ত করেন। ভারত বলেছে, আপাতত এই যুদ্ধাপরাধীরা তাদের হেফাজতে থাকুক। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর ঢাকা ও ইসলামাবাদ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ২৮তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জুলফিকার আলী ভুট্টো বলেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেবেন না। তত দিনে বাংলাদেশের সঙ্গে কনফেডারেশন বা কমনওয়েলথ গঠনের আশা ছেড়ে দিয়েছেন ভুট্টো। তাঁর প্রধান উদ্বেগ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানি সেনাকে নিয়ে।
একটি ফরাসি বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি সতর্ক করে দেন, পাকিস্তানি যুদ্ধবন্দীদের ‘দ্রুত’ ছেড়ে না দেওয়া হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সব প্রক্রিয়া নস্যাৎ হয়ে যাবে। চুয়াত্তরের ৮ এপ্রিল দিল্লিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অবশিষ্ট ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর করেন।
ত্রিপক্ষীয় চুক্তির শর্ত ছিল পাকিস্তানে আটক সব বাঙালিকে পাকিস্তান ১৯৭৪ মার্চের মধ্যে ফেরত দেবে। আর ১৯৫ জন পাকিস্তানি সেনাকে বাংলাদেশ ফেরত দেবে তাদের বিরুদ্ধে আনীত যুদ্ধাপরাধের দলিল-প্রমাণসহ। পাকিস্তান সরকার নিজস্ব আইনে তাদের বিচার করবে। কিন্তু ভুট্টো কথা রাখেননি। এমনকি ১৯৭২ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত হামুদুর রহমান কমিশনের রিপোর্ট প্রকাশ করেননি।
ভুট্টোর বাংলাদেশবিরোধী তৎপরতা সম্পর্কে শেখ মুজিব অবহিত ছিলেন। তাঁর ইসলামি সম্মেলন সংস্থার শীর্ষ বৈঠকে যোগদান কিংবা বাংলাদেশে ভুট্টোকে আমন্ত্রণ করে নিয়ে আসার প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানের কাছে পাওনা আদায় এবং আটকে পড়া বিহারিদের ফেরত পাঠানো। দুটি বিষয়েই ভুট্টো শীতল মনোভাব দেখান। সম্পদের দায়দেনা বুঝিয়ে দিতে বলার প্রত্যুত্তরে তিনি শিষ্টাচারবর্জিত ভাষায় বলেছিলেন, ‘আমি ব্ল্যাংক চেক নিয়ে আসিনি।’
বাংলাদেশ সফরের আগে ভুট্টো একটি অগ্রবর্তী দল পাঠিয়েছিলেন, যারা সাবেক মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিল। পাকিস্তানি প্রতিনিধিদল উপহার হিসেবে বাসমতী চাল নিয়ে এসেছিল।
বাংলাদেশ সরকার ভুট্টোর অপতৎপরতা সম্পর্কে জানত। এর প্রতিক্রিয়াও লক্ষ করা যায় বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ ও সাক্ষাৎকারে। ১৯৭৫ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘ভুট্টো সাহেব বক্তৃতা করেন, বাংলাদেশের অবস্থা কী? ভুট্টো সাহেবকে জিজ্ঞাসা করি, ফ্রন্টিয়ারের অবস্থা কী? অ্যারোপ্লেন দিয়ে গুলি করে মানুষ হত্যা করছেন। সিন্ধুর অবস্থা কী? ঘর সামলান বন্ধু, ঘর সামলান।’ এরপর তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত বন্ধুত্ব হতে পারে না।’ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার আগ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হয়নি।
সাম্প্রতিক কালে বাংলাদেশে যে যুদ্ধাপরাধের বিচার চলছে, তা নিয়েও পাকিস্তান ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছিলেন, বিচারের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে তাঁর দেশ মুখ বুজে থাকতে পারে না। তিনি প্রশ্ন রাখেন, কেন বাংলাদেশ অতীত খুঁড়ে ঝামেলা পাকাচ্ছে।
এমনকি পাকিস্তানের প্রগতিশীল লেখক-সাংবাদিকদের কেউ কেউ বাংলাদেশে ইসলামি দলের নেতাদের বিচার করা হচ্ছে বলে অভিযোগ করছেন। কিন্তু তাঁরা হয়তো জানেন না, ইসলামি দলের নেতা হিসেবে তাঁদের বিচার করা হচ্ছে না। বিচারের তালিকায় আছেন বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাও। আর তাদের বিচার হচ্ছে একাত্তরে সংঘটিত অপরাধের দায়ে, দলের নেতা হিসেবে নয়। কিন্তু পাকিস্তানি নেতারা চুয়াল্লিশ বছর পরও একাত্তরের ‘ঘোর’ কাটাতে পারেননি। কবে পারবেন?
আগামীকাল: সিন্ধ, বালুচ ও পাখতুনদের প্রেরণা মুজিব
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]