উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বের করে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ২৫ বছর ধরে নানা সূত্র বের করে যাচ্ছে। একই সঙ্গে তারা আশা করছে, চীনও পিয়ংইয়ংকে মাথানত করতে বাধ্য করবে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বিবৃতি দিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কয়েক বছরের আলোচনা ভেস্তে গেছে। উত্তর কোরিয়ায় মার্কিনদের সামরিক হস্তক্ষেপ এখন আর অকল্পনীয় মনে হচ্ছে না। আবার অনেকে এটাকে অনিবার্য মনে করছেন।
কিন্তু কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সব কার্ড খেলেনি। সামরিক আঘাতের পাশা খেলার আগে তাকে সব কটি কার্ড খেলতে হবে। এই অবস্থায় আমি কিছু কঠিন তাগিদ দিচ্ছি। উত্তর কোরিয়ায় হামলা চালালে যুক্তরাষ্ট্রকে এটা দ্রুত শেষ করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ, কিম জং উনের বোধবুদ্ধি ফিরিয়ে আনা যায় এমন কোনো সহজ উপায় নেই। বরং ব্যাপারটা অনেক কঠিন হবে। অনেক মানুষের রক্ত ঝরবে। আর এ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করাও কঠিন।
ওদিকে দক্ষিণ কোরিয়ার ঘনবসতিপূর্ণ রাজধানী শহর সিউল পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ও বড় কামানের আওতার মধ্যে আছে। এমনকি উত্তর কোরিয়া জাপানের দিকেও গোলা বা ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। পারমাণবিক অস্ত্রধর চীনই–বা কীভাবে সীমান্তে লড়াই করবে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্রের স্থলসেনাদের নামানো হয়? এই ধরনের যুদ্ধ বিশ্ব অর্থনীতি ধ্বংস করে দেবে। কারণ, এতে প্রথম সারির অর্থনৈতিক শক্তিগুলো জড়িয়ে পড়বে, যেমন দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন; যারা আবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে জড়িয়ে আছে।
ব্যাপারটা হয়েছে কি, উত্তর কোরিয়ার সঙ্গে যেহেতু আলোচনা ভেস্তে গেছে, তাই মানুষ ক্রমশই এটা বিশ্বাস করছে, সামরিক হস্তক্ষেপের বিকল্প নেই। এর অর্থ হলো, উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি। এখন পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে দুটি সমস্যা আছে। প্রথমত, এতে খুব সংকীর্ণভাবে নজর দেওয়া হয়েছে। অথবা চীন আধাখেঁচড়াভাবে তা আরোপের চেষ্টা করেছে। দ্বিতীয়ত, উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য যেসব কাজ করেছে, সেগুলোকে কখনোই গুরুত্বের সঙ্গে লক্ষ্যবস্তু করা হয়নি।
পিয়ংইয়ং অবৈধভাবে তহবিল সংগ্রহ করে থাকে, যেমন সে মুদ্রা জাল করা থেকে শুরু করে অবৈধ ওষুধ উৎপাদন ও সাইবার অপরাধ করে থাকে। কিন্তু তার রাজস্ব সংগ্রহের কিছু বৈধ পন্থাও আছে, যেগুলো আমাদের তাক লাগিয়ে দেয়। উত্তর কোরিয়া ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়া, চীন ও আফ্রিকায় এক লাখ শ্রমিককে কাঠ, খনি, পোশাক উৎপাদন ও কোরীয় রেস্তোরাঁ চালানোর জন্য পাঠিয়েছে। ব্যাপারটা অনেকটা সোভিয়েত ইউনিয়নের গুলাগ বন্দীদের কঠোর নিয়ন্ত্রণে বিদেশে কাজ করতে পাঠানোর মতো, যারা ক্রেমলিনের অভিজাতদের জন্য টাকা উপার্জন করে আনবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম গণতান্ত্রিক দেশ, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও তাইওয়ানে উত্তর কোরিয়ার বাণিজ্য কার্যালয়গুলো প্রকাশ্যে বা কিছুটা আড়ালে কাজ করে যাচ্ছে। তথাকথিত কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই কিম ও তাঁর সেঙাতদের জন্য যেভাবে বিলাসবহুল পণ্য পিয়ংইয়ংয়ে যাচ্ছে, তা সত্যিই বিস্ময়কর।
উত্তর কোরিয়ার সরকারের বেশি উপার্জনের দরকার নেই। যে সরকার জনগণকে শ্রমশিবিরে না খাইয়ে রাখতে চায়, তাদের জন্য এক বা বড়জোর দুই শ কোটি ডলারই অনেক। এ ব্যাপারে পৃথিবীর তেমন কিছু করণীয় নেই। এই দেশের সরকার অনেকটা সংগঠিত অপরাধী চক্রের মতো। ফলে এদের সরবরাহ বন্ধ করে দিলেই হয়। ব্যাঙ্কো ডেলটা এশিয়ার ঘটনা স্মরণ করুন। ২০০৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন উত্তর কোরিয়ায় টাকা পাচারে সহযোগিতা করার জন্য ম্যাকাওয়ের ব্যাঙ্কো ডেলটা এশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তো দেখা গেল, এই নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে অন্য যেসব আর্থিক প্রতিষ্ঠান লেনদেন করে, তারাও সম্পর্ক ছেদ করল।
তবে উত্তর কোরিয়া আবার আলোচনার টেবিলে আসবে, এই শর্তে বুশ প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পিয়ংইয়ংকে টাকা ফিরিয়ে দেয়। তা সত্ত্বেও ব্যাঙ্কো ডেলটা এশিয়ার এই ঘটনা থেকে বোঝা যায়, তহবিল বন্ধ করে দেওয়া হলে কী হতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে মার্কিন রাজস্ব বিভাগ অর্থ গোয়েন্দাদের মাঠে নামিয়ে মার্কিন ডলার নেটওয়ার্কের মধ্যে থাকা ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে বলতে পারে।
এরপর উত্তর কোরীয় সরকারের অবৈধ তৎপরতার ওপর বড় হামলা চালানো যেতে পারে। কিন্তু মার্কিন সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো দেশটির অবৈধভাবে টাকা উপার্জনের ব্যাপারে যে উদাসীনতা দেখিয়েছে, তা আমাদের রীতিমতো ধাঁধায় ফেলে দেয়। উত্তর কোরিয়ার যে দূতাবাসগুলো অবৈধভাবে টাকা উপার্জনের সঙ্গে জড়িত, সেগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে। বস্তুত, যে দেশটি নিজেকে খুনি খেমাররুজের কম্বোডিয়ার মতো মনে করে, তারা কী করে সভ্য দেশে দূতাবাস খোলার সুযোগ পায়?
অর্থাৎ উত্তর কোরিয়ার টাকা বানানোর সব তৎপরতার ওপর আঘাত হেনে তা বন্ধ করে দেওয়া উচিত। কারণ, এই টাকা সব পিয়ংইয়ংয়ে গিয়ে জড়ো হয়। ২৫ বছর আশার মরীচিকার পেছনে ছুটে চীন উত্তর কোরিয়ার ব্যাপারে আর সাহায্য করতে যাবে না। কোরীয় উপদ্বীপে যুদ্ধ এড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ, বৈশ্বিক ব্যাপারে তার অন্যান্য সহযোগিতার চেয়ে।
ফলে চীনের যেসব আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানি উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা করে, তাদের সত্যিই চাপের মুখে রাখতে হবে। তাদের বলতে হবে, তারা হয় উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা করবে, অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করবে। কোনো দিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের জন্য উত্তর কোরিয়াকে চাপ দেওয়া দরকারি হতে পারে। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে মার্কিন সরকারের উচিত হবে, উত্তর কোরিয়ার ওপর প্রকৃত অর্থেই নিষেধাজ্ঞা আরোপ করা। অন্তত প্রথমবারের মতো।
অনুবাদ: প্রতীক বর্ধন, এশিয়া টাইমস থেকে নেওয়া।
গ্র্যান্ট নিউশ্যাম: সাবেক মার্কিন মেরিন কর্নেল।