
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। সরকার বিষয়টি খোলাসা করে বললে সেগুলো অর্জিত হয়েছে কি না, তার একটা মূল্যায়ন করা যেত। তবে যতটুকু অনুমান করা যায়, তাতে এই পুলিশি তল্লাশি শুধু যে ব্যর্থ হয়েছে, তা নয় বরং এতে সরকার এবং ক্ষমতাসীন দলের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য কর্তৃপক্ষের কারও যদি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সংসদের বাইরে থাকা বিরোধী দলকে উসকানি দেওয়াই লক্ষ্য হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা। সে রকমটি হয়ে থাকলে মানতেই হবে তাঁরা কিছুটা সফল হয়েছেন।
পুলিশি অভিযানের লক্ষ্য সব সময়ই হওয়া উচিত আইনের শাসন প্রতিষ্ঠা। সুতরাং বেআইনি বা অপরাধমূলক কিছু ঘটে থাকলে সে ক্ষেত্রে ঘটনাস্থল যেখানেই হোক না কেন, সেখানে পুলিশি অভিযানকে নিঃশর্তে সমর্থন করতে হয়। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে অপরাধীকে আটক এবং অপরাধের আলামত উদ্ধারের উদ্দেশ্যে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশ খালেদা জিয়ার কার্যালয়ে গিয়েছিল নাশকতামূলক কাজের ক্ষতিকর জিনিসপত্র উদ্ধারের জন্য। কিন্তু আড়াই ঘণ্টার অভিযানের ফলাফল তাদের তল্লাশি প্রতিবেদনের কথায় ‘শূন্য’।
অভিযান পরিচালনাকারী পুলিশ বলেছে, তাদের কাছে গোপন তথ্য ছিল যে ওই ঠিকানায় ক্ষতিকর প্রচারসামগ্রী মজুত করা হয়েছে।
তারা অভিযান পরিচালনার জন্য আদালতের ওয়ারেন্ট বা আদেশ নিয়ে সেখানে তল্লাশি চালাতে গেছে। তল্লাশি শেষ হওয়ার পর পুলিশ বিএনপির ওই দপ্তরের প্রতিনিধিদের কাছে যে লিখিত চিঠি ও কাগজপত্রের কপি দিয়ে এসেছে, তাতে দেখা যায় গুলশান থানার একটি সাধারণ ডায়েরির ওপর ভিত্তি করে আদালতের অনুমোদন নেওয়া হয়েছে। তবে গুলশান থানায় ডায়েরি করেছেন কে, তাঁর নাম-ঠিকানা ওই সব কাগজপত্রে নেই। পুলিশের এসব কাগজপত্র ও বক্তব্যে মোটামুটিভাবে যে তথ্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে তা হচ্ছে, তারা সবকিছুই করেছে আইনমাফিক।
এসব বিবরণ কয়েকটি খুব সাধারণ প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রশ্নগুলো এ রকম:
১. সাধারণ ডায়েরি করলেন কে? নাম-পরিচয়হীন কারও পক্ষে এ ধরনের ডায়েরি করার সুযোগ আছে কি? ধর্ষণের শিকার দুই ছাত্রীর বনানী থানায় মামলা নেওয়ায় পুলিশের গাফিলতির বহুল আলোচিত ঘটনা স্মরণ করলে এ কথা বিশ্বাস করা কঠিন যে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে অজ্ঞাতনামা কেউ চাইলেই সাধারণ ডায়েরি করতে পারেন।
২. এই সাধারণ ডায়েরিকারী কি আসলে সরকারের কোনো গোয়েন্দা সংস্থার সদস্য, যাঁর পরিচয় গোপন রাখার প্রয়োজনে অজ্ঞাতনামা হিসেবে তা নথিবদ্ধ করা হয়েছে? অবশ্য একটি খবরে বলা হচ্ছে যে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি নোট লিখেছিলেন এবং সেই নোটটিকেই পরে সাধারণ ডায়েরিতে রূপান্তরিত করা হয় (দৈনিক যুগান্তর)। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই এ ক্ষেত্রে অভিযোগকারী, অন্য কেউ নয়?
৩. শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সাধারণত ম্যাজিস্ট্রেট আদালত কাজ করেন বিশেষ প্রয়োজনে। যার মানে হচ্ছে সরকারি কাজের দিন (বৃহস্পতিবার) পর্যন্ত পুলিশের কাছে এ ধরনের কোনো গোয়েন্দা তথ্য ছিল না। সম্ভবত শুক্রবার দিনের বেলায়ও তাদের হাতে এ ধরনের কিছু আসেনি। শুক্রবার রাতের সাধারণ ডায়েরি ধরে শনিবার খুব সকালে তাই বিশেষ ব্যবস্থায় আদালত বসিয়ে এই তল্লাশির অনুমতি নেওয়া হয়। পুলিশের কাছে তাহলে কী এমন গুরুতর তথ্য ছিল যে বিশেষ ব্যবস্থায় এই আদালত বসাতে হয়েছিল?
৪. বিএনপির একাধিক নেতার নামে অনেক সংখ্যায় মামলা থাকার কথা সর্বজনবিদিত। সেসব মামলায় কেউ গরহাজির থাকলে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ কখনো ওই কার্যালয়ে গেছে, এ রকম কোনো রেকর্ডের কথা আমাদের জানা নেই। তাহলে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, এ রকম একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত কে বা কারা নিলেন?
৫. এটি কি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নাকি কোনো একটি গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ?
তল্লাশির ফল যেহেতু শূন্য, সেহেতু বলা যায় যে পুলিশের পাওয়া কিংবা সাধারণ ডায়েরির তথ্য ছিল খুবই ঠুনকো। সরকার যে ঠুনকো অজুহাতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ কখনোই নেয় না, তা নয়। তবে এ ধরনের হয়রানিমূলক ঘটনা ঘটানোর সিদ্ধান্ত সাধারণত যেসব উদ্দেশ্যে নেওয়া হয়, তার একটি হচ্ছে নাজুক অবস্থায় থাকা প্রতিপক্ষকে ভয় দেখানো ও চাপের মধ্যে রাখা। অন্য আরেকটি উদ্দেশ্যেও এ ধরনের উসকানিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যাতে করে অন্য কোনো স্পর্শকাতর বিষয় থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়া যায়। শনিবার বিএনপির চেয়ারপারসনের দপ্তরে পরিচালিত তল্লাশির ক্ষেত্রে এর কোনটি ঘটেছে, তা মোটেও স্পষ্ট নয়।
বিএনপিকে ভয় দেখানোই যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে সেটা খুব একটা সুচিন্তিত পদক্ষেপ হয়েছে বলে মনে হয় না। দলটির ভয়ের জায়গা অন্যখানে। ২০১৪ সালের পর থেকে এ বিষয়ে তাদের যথেষ্ট শিক্ষা হয়েছে বলেই আমাদের ধারণা। পুলিশি ধরপাকড়, মামলা, গুম, খুন ইত্যাদির কারণে ভয়ে এখনো অনেকেই এলাকাছাড়া। মামলার হাজিরা দিতে দিতে খালেদা জিয়া নিজেও যেমন হয়রান, তাতে আর অন্যদের কথা আলোচনায় না আনলেও চলে। এই তিক্ত অভিজ্ঞতার কারণেই এখন তাঁরা আর অনুমতি ছাড়া রাস্তায় নামেন না। তাঁদের চেষ্টা এখন আইন মেনে যতটা রাজনীতি করা যায়।
তাহলে কি সরকার নিজের কোনো দুর্বলতা আড়াল করতে চাইছে? বিএনপির ওপর নতুন ঝামেলা চাপানো গেলে ও রাজনীতির আলোচনা ভিন্নখাতে মোড় নিলে সরকার কি বিশেষ কোনো সুবিধা পেতে পারে? এই দুই সম্ভাবনার বাইরে আরও একটি কারণ থাকতে পারে।
কিছুদিন আগে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল যে একটি মানহানির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ওই মামলায় সমনের জবাব না দেওয়ায় আদালত পরোয়ানাটি জারি করেন। আমরা স্মরণ করতে পারি, ২০১৫ সালে সংসদে প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে নাশকতার মামলায় আদালতের ওয়ারেন্ট থানায় পৌঁছালেই তাঁকে গ্রেপ্তার করা হবে। গত বছর আবারও খবর প্রকাশিত হয়, খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরোয়ানা গুলশান থানায় পৌঁছেছে এবং তাঁকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে (কালের কণ্ঠ, ৪ এপ্রিল ২০১৬)। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, এখন তাঁর বিরুদ্ধে মোট ৩৫টি মামলা আছে। এর মধ্যে অধিকাংশই নাশকতা ও মানহানির মামলা। দুর্নীতির মামলা পাঁচটি। এখন কোনো একটি মামলায় কোনো একদিন আদালতে হাজির না হওয়ার কারণে পরোয়ানা জারি হওয়া অস্বাভাবিক কিছু নয়। সে রকম ক্ষেত্রে যেহেতু খালেদা জিয়া গুলশান থানার বাসিন্দা, সেহেতু ধরে নেওয়া যায় পরোয়ানাটি তামিলের দায়িত্বও পড়বে গুলশান থানার ওপর। সুতরাং খালেদা জিয়াকে গ্রেপ্তারের একটি মহড়া হিসেবে তাঁর কার্যালয়ে তল্লাশি চালানোর সম্ভাবনাও নাকচ করে দেওয়া যায় না। হতে পারে মহড়াটির মধ্য দিয়ে পুলিশ সম্ভাব্য গ্রেপ্তারের ক্ষেত্রে কী ধরনের বাধার মুখে পড়তে পারে, তা যাচাই করে দেখল।
২.
খারাপ খবর চাপা দেওয়ার জন্য নানা ধরনের ফন্দি-ফিকির খোঁজা মানুষের স্বভাবজাত একটি প্রবণতা। রাজনৈতিক দল-সরকার-বেসরকারি প্রতিষ্ঠান কেউ এর ব্যতিক্রম নয়। বিশ্বের উন্নত দেশগুলোতেও দেখা যায় বিব্রতকর তথ্য চেপে রাখা অথবা যখন মানুষ অন্য কিছুতে মগ্ন থাকবে, সে রকম সময়ে প্রকাশ করার কৌশল অনুসরণ করা হয়ে থাকে। এই কৌশল রপ্ত করার বিষয়টি রীতিমতো একটি শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে এবং জনসংযোগ বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে বেশ ভালোই পেশাদারি লাভ করেছেন।
কিছুদিন ধরেই আমরা দেখছি যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন। মূলত রাশিয়ার সঙ্গে তাঁর কী ধরনের সম্পর্ক ছিল বা আছে, তা-ই এই বিতর্কের বিষয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বেকায়দায় পড়ায় তিনি এখন তাঁর ভাবমূর্তি উদ্ধারে বিদেশ সফরে বেরিয়েছেন। তা–ও একটি বা দুটি নয়, একসঙ্গে ছয়টি দেশে। চরম ইসলামবিদ্বেষী বক্তব্য ও নীতির (ছয়টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা) জন্য বিশ্বজুড়ে সমালোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম গন্তব্যই বেছে নিয়েছেন ইসলামের পবিত্রতম স্থান যে দেশে, সেই সৌদি আরবকে। সেখানে তিনি মিত্র হিসেবে পেয়েছেন সৌদি বাদশাহকে। সৌদি বাদশাহ আবার সেখানে আমন্ত্রণ জানিয়ে সমবেত করেছেন ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের।
ট্রাম্প এরপর যাবেন ইহুদি রাষ্ট্র ইসরায়েলে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে তিনি নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ইমেজ গড়ে তুলতে সেখান থেকে যাবেন পশ্চিম তীরে ফিলিস্তিন এলাকায়। এরপর যাবেন ইউরোপে। খ্রিষ্টধর্মের আধ্যাত্মিক গুরু পোপের সঙ্গে দেখা করবেন ভ্যাটিকানে। ফলে একযাত্রায় তিনটি ধর্মের অনুসারীদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করার এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের এরপর যাওয়ার কথা ব্রাসেলসে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর সদর দপ্তর এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে। অথচ নির্বাচনের আগে তিনি ন্যাটোকে একটি সেকেলে (obsolete) জোট বলে অভিহিত করেছিলেন। একইভাবে, ইউরোপীয় ইউনিয়ন যাতে ভেঙে যায় সে জন্য তিনি ব্রেক্সিটের যেমন প্রশংসা করেছেন, তেমনি সমর্থন জানিয়েছিলেন ফ্রান্সের ইউরোপবিরোধী কট্টর জাতীয়তাবাদী মারি লো পেনকে।
কিন্তু নিউইয়র্ক টাইমস শনিবার তার পাঠকদের স্মরণ করিয়ে দিয়েছে যে প্রেসিডেন্ট নিক্সন যখন দেশের ভেতরে ওয়াটারগেট কেলেঙ্কারিতে বিপর্যস্ত, তখন ভাবমূর্তি উদ্ধারে ঠিক একই ধরনের বিদেশ সফরে গিয়েছিলেন। কিন্তু তাঁর শেষরক্ষা হয়নি।
৩.
বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীদের প্রতিশোধপরায়ণতা নতুন কিছু নয়। রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশি অভিযানের দৃষ্টান্ত অতীতেও রয়েছে। বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে এর আগে একাধিকবার পুলিশি অভিযান হয়েছে। ওই কার্যালয়টি মাসের পর মাস পুলিশ সিলগালা করেও রেখেছিল। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সে সময়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের ছবিও পাঠকদের অনেকেরই মনে থাকার কথা। কিন্তু রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশি অভিযান কখনোই কাজে আসেনি। বিএনপির প্রধানের কার্যালয়ে শনিবারের নাটকীয় অভিযানের ফলাফল পুলিশের খাতায় শূন্য লেখা থাকলেও সরকারের জন্য কিন্তু তা নেতিবাচক হয়েই থাকবে।
কামাল আহমেদ: সাংবাদিক।