নববর্ষের একটা ঘটনা দিয়ে শুরু করি। ঢাকা সেদিন উৎসবের নগর। মহানগরের সব মানুষ যেন নেমে এসেছিল রাজপথে। স্থান করে নিয়েছিল নগরের সর্বত্র ছড়িয়ে থাকা উৎসবস্থলে। বাঁধভাঙা জনস্রোত। এই মহা উৎসবের দিনে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখলাম রাজধানীর শান্তিনগরের কোয়ান্টাম ফাউন্ডেশনে গিয়ে। নিজের প্রয়োজনেই সেখানে যাওয়া। উদ্দেশ্য রক্ত সংগ্রহ।সেখানে মধ্যবয়সী এক নারী মুখ ভার করে বসে আছেন। উৎসবের ছোঁয়া তাঁর বসনেও। কিন্তু মুখখানা মলিন কেন? ‘আপনার মুখ এ রকম মলিন কেন?’‘রক্ত দিতে এসেছি। কিন্তু আমার রক্ত নেবে না।’—বিষণ্ন মনে বললেন তিনি।জানা গেল, এই মুহূর্তে তাঁর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কিছুটা কম। তাই ল্যাবের কর্মীরা তাঁর রক্ত নিচ্ছেন না। আহারে বেচারি, জীবনের প্রথম রক্ত দিতে এসে অকৃতকার্য হওয়ার কারণেই কি মন এত খারাপ? এখানেও চমক! না, তিনি প্রথমবারের মতো রক্ত দিতে আসেননি। তাঁর স্বামী জানালেন, এই ভদ্রমহিলা সেদিন রক্ত দিলে সেটা হতো ২৬তম বারের মতো রক্তদান। আর তিনি নিজে সেদিন দিয়েছেন ২৫তম বার। ল্যাবের সবাই এসে তাঁকে অভিনন্দন জানালেন। রক্তদান যে এতটা আনন্দের তা আগে খেয়াল করা হয়নি কখনো! ২.১১ মে, শুক্রবার, জাতীয় প্রেসক্লাব মিলনায়তন। স্বল্পপরিসর কক্ষটিতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশৃঙ্খলা নেই কোনো কিছুতে। দর্শকসারিতে যাঁরা ছিলেন, তাঁদের সবার চোখে-মুখে আনন্দের ছাপ। একসময় তাঁদের অনেকেই মঞ্চে গেলেন। গুণী ব্যক্তিদের হাত থেকে পদক নিলেন, কেউ নিলেন স্বর্ণপদক, কেউ রৌপ্য। অনুষ্ঠানে কমপক্ষে ১০ বার রক্ত দিয়েছেন এমন ২০০ জন রক্তদাতাকে সিলভার মেডেল, সার্টিফিকেট ও আইডি কার্ড এবং ২৫ বার রক্ত দিয়েছেন এমন ১৭ জনকে গোল্ডেন ক্রেস্ট, সার্টিফিকেট ও বিশেষ আইডি কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। বক্তৃতায় তিনি বলেন, ‘এখন সকালবেলা পত্রিকা খুলে শুধু খারাপ খবর পাই। আজ এই অনুষ্ঠানে এসে মনের মধ্যে প্রশান্তি বোধ করছি।’ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল-বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লোহানী ও অধ্যাপক এম ইউ কবীর চৌধুরী। কামাল লোহানী বলেন, কোয়ান্টাম রক্তদান কার্যক্রম মানুষের আস্থার জায়গায় চলে এসেছে। এই প্রতিষ্ঠানে এসে মানুষ নিরাপদ রক্ত পাওয়ার নিশ্চয়তা পেতে পারে। আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ইউনুস। স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে বক্তব্য দেন আফরোজা বেগম এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্যে থেকে বক্তব্য দেন থ্যালাসেমিয়া রোগী সালমা আক্তার।৩. আবার পয়লা বৈশাখে যাই। সেদিন শান্তিনগরের সেই ল্যাবে ছিলাম প্রায় তিন ঘণ্টা। নিজের প্রয়োজনে। মুগ্ধতা নিয়ে দেখলাম, সেখানে রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত আগমন। এমনকি বিশেষ দিন হিসেবে সেদিন সেখানকার কর্মীরাও ঘটা করে রক্ত দিচ্ছিলেন। অপূর্ব সেই দৃশ্য! আবার দেখলাম, চাহিদাপত্র নিয়ে রক্ত নিতে আসা ব্যক্তিদের আকুতি। আহা, মানুষ কত রকম সমস্যায় আছে! তবে লক্ষ্য করলাম দাতা কিংবা গ্রহীতা কারও মধ্যে বিন্দুমাত্র বিরক্তি নেই। যাঁরা অপেক্ষা করছেন রক্তের জন্য, তাঁদের শলাপরামর্শ দিয়ে মানসিকভাবে শক্তি জোগাচ্ছেন কোয়ান্টামের কর্মীরা। কথা হলো ওয়ারীর জাকির হোসেনের সঙ্গে। জাতীয় রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা জানালেন, একজন নিকটাত্মীয় হাসপাতালে ভর্তি। তাঁকে রক্ত দিতে এসেছেন। ‘হাসাপাতালে আত্মীয় থাকলে কোয়ান্টামে কেন?’ এ প্রশ্নের জবাবে জাকির সাহেব বলেন, ‘এখানে নিরাপদে ও আনন্দের সঙ্গে রক্ত দিতে পারি।’ রক্তদান প্রসঙ্গে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান শহীদ আল বোখারী বলেন, ‘আমরা যখন শুরু করি তখন সন্ধানী ও রেড ক্রিসেন্ট ছিল আমাদের সামনে উদাহরণ। এর মধ্যে সন্ধানীর প্রচুর দাতা ছিল, কিন্তু নিজস্ব ল্যাব ছিল না। অন্যদিকে রেড ক্রিসেন্টের ল্যাব ছিল, কিন্তু দাতা তেমন ছিল না। আমরা ঠিক করেছি দুটোর সমন্বয়ে এগিয়ে যাব।’ ১৯৯৬ সালে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম শুরু হয়। ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় নিজস্ব ল্যাব।২০০৩ সাল থেকে স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে নিয়মিত সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ফাউন্ডেশন ভবিষ্যৎ রক্তদাতা তৈরির লক্ষ্যে স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ কর্মসূচি ‘অজেয় ১৯’ পরিচালনা করছে। এ ছাড়া জন্মদিনে রক্তদানের বিষয়টিকে ফাউন্ডেশন জনপ্রিয় করার প্রচেষ্টা চালিয়ে আসছে। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের রয়েছে দেড় লক্ষাধিক স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ‘ডোনারপুল’ যাদের একটি অংশ প্রায় নিয়মিত ফাউন্ডেশনের আহ্বানে কোয়ান্টামে এসে রক্তদান করে যাচ্ছেন। ৪.আমাদের দেশে প্রতিবছর প্রায় সাড়ে চার লাখ ব্যাগ রক্ত প্রয়োজন। প্রয়োজনীয় রক্তের একটি বড় অংশই আসে পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে। আর পেশাদার রক্ত বিক্রেতাদের অনেকেই সিফিলিস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি বা এইডসে আক্রান্ত। ফলে এই দূষিত রক্ত পরিসঞ্চালিত হয়ে রক্তগ্রহীতাও প্রায়শই আক্রান্ত হন দুরারোগ্য ব্যাধিতে। দূষিত রক্তের অভিশাপ থেকে মুমূর্ষু মানুষকে রক্ষা করার জন্য নিরাপদ ও সুস্থ রক্তের প্রয়োজনীয়তা এখন সচেতন মানুষ বুঝতে পেরেছেন। তাই তাঁরা এগিয়ে এসেছেন স্বেচ্ছা রক্তদানে। আর রক্তদানে এ ধরনের স্বীকৃতি নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে। মোর্শেদা বেগম[email protected]